বাউফলে রাতের আধাঁরে জমি দখলের অভিযোগ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে রাতের আধারে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক এওয়াজ বদলকৃত জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে ওই ঘটনা ঘটে।

আভিযোগ সূত্রে, উপজেলাধীন কলতা মৌজার এস.এ ৯৯নং খতিয়ান ও ঝিলনা মৌজার এস.এ ৯৬নং খতিয়ানে চাঁনভানু বিবি এবং একই মৌজার এস.এ ১১০/১৯১/১৩৩ নং খতিয়ানে পৈত্রিক ওয়ারিশ সূত্রে ও নিজ রেকর্ড সূত্রে মালিক জেন্নাত আলী খাঁন। উভয়ের ভোগ দখলের সুবিধার্থে পারস্পারিক সম্মতিতে ১৯৯৩ সালে বাউফল সাব-রেজিন্ট্রী অফিসে এওয়াজ বদল/ বিনিময়পত্র রেজিষ্ট্রী করেন। উভয় পক্ষের ওয়ারিশগণ এওয়াজ বদলকৃত জমি ভোগ দখল করে।

চান ভানুর পূত্র মৃত. মো. শামসুদ্দীন সিকদার, মৃত. মো. মাহতাব উদ্দীন সিকদার ও দুই কণ্যা মাহমুদা ও কহিনুর বেগমের ওয়ারিশগণ উক্ত কৃষি জমির উন্নয়ন করে গাছপালা লাগিয়ে বসতযোগ্য গড়ে তোলেন অপর পক্ষ কৃষি জমি হিসাবে ভোগ করে।

এওয়াজ বদল মিথ্যা দাবী করে প্রায় ২৩ বছর পর জেন্নাত আলী খাঁনের ওয়ারিশ মজিবর, মালেক ও খসরু গণেরা সম্প্রীতি জোর পূর্বক ক্ষমতার প্রভাব ঘাটিয়ে চাঁন ভানুর ওয়ারিশ মাহবুব সিকদার, জামাল সিকদার গণের ভোগদখলকৃত জমি দখল করে ঘর নির্মাণ করে এবং গাছপালা বিক্রি করে টাকা আত্মসাৎ করে।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় যুবলীগ নেতা খসরু খাঁন বলেন, আমরা কোর্ট থেকে রায় আনছি।

রায়ের প্রসঙ্গে মাহবুব সিকদার বলেন, তারা ৯৩ সাল এওয়াজ বদলকৃত জমি ভোগ দখলে আসছেন। তারপরও আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আমরা আপিল করায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালত কমিশন রিপোর্টের জন্য ইউএনও মহদোয়কে নির্দেশ দিয়েছে।

এব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল জেলার ‘আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ এর ৬৪ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকল বৈরীতাকে জয় করে মানব মনের সুকুমার বৃত্তিসমূহকে কুসুমিত করার মহতি প্রয়াসে ঐতিহ্যের ধারাবাহিকতায় গত রোববার থেকে তিন দিনব্যপী এই অনুষ্ঠান শেষে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা ও ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাতি সাবেক প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ। বিজয়ীদেও হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি আহ্বায়ক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বান্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ছেলে বরিশাল জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য সেননিয়াবাত আশিক আব্দুল্লাহ্।

এ সময় তান সাথে ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার,মলিনা রানী রায়, গৈলা ইউনিয়র পরিষদ চেয়াম্যান মো. শফিকুল হোসেন টিটু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহীদ তালুকদার, যুবলীগনেতা ফাইজুল সেরনিয়াবাত, সাগর সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন পাইক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হারুনর রশীদ, বিদ্যালয় ম্যানেজিং সদস্য সরদার হারুন রানা, শিক্ষক সুশান্ত মজুদ্দার, হান্নান মোল্লা, সাংবাদিক এসএম ওমর আলী সানি,শিক্ষক আবদুল জলিল, দেবতোষ সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।




বরিশালে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল অফিস : শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও প্রভাবশালী মহল কর্তৃক শিক্ষকদের উপর হামলা,   মারধর সহ মানসিক নির্যাতন, ঘুষ দূর্নীতি ও চাকুরিচ্যুতি হুমকির বিরুদ্ধে বরিশালের জেলায় বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ  এক প্রতিবাদি মানববন্ধন কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (৬) ফেব্রয়ারি) সকালে নগরীর অশ্বিনী কুমরি টাউন হল   সদররোডে এ প্রতিবাদি মানববন্ধন কর্মসূচি পালন করেন  তারা ।

বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরন হালদারের সভাপতিত্বে প্রতিবাদি সমাবেশে বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সাবেক সভাপতি প্রবিন শিক্ষক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর ও দাশ গুপ্ত অশিষ কুমার।

এ সময় অঅরো বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সঞ্চয় কুমার খান,সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম,যুগ্ম সাধারন সম্পাদক আসাদুল আলম আসাদ, বরিশাল সদর উপজেলা সম্পাদক মোঃ অঅব্দুর রসিদ হাওলাদার,বাবুগঞ্জ উপজেলা সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, আগৈলঝাড়া উপজেলা সভাপতি সুনীল কুমার বাড়ৈ, গৌরনদী উপজেলা সভাপতি মজিবুর রহমান,উজিরপুর উপজেলা সভাপতি মোঃ শাহাদৎ হোসেন, হিজলা উপজেলা সভাপতি মোঃ আলী,বাখেরগঞ্জ উপ, সভাপতি আবুবক্কর সিদ্দীক,বানারীপাড়া উপ সভাপতি আলী আজিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 




বরিশালে শতবর্ষী স্কুলে দুই দিনব্যাপী অনুষ্ঠান

 

বরিশাল অফিস :: জেলার গৌরনদী উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধণ
করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুল হক।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী। একইদিন (মঙ্গলবার) সকালে বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনের দুই দিনব্যাপী ক্রীড়া ও
সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধণ করেছেন ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির

সভাপতি দেলোয়ার হোসেন দিলু হাওলাদার। এসময় ইনষ্টিটিউশনের প্রধানশিক্ষক অসীম কুমার ওঝা, ইউপি সদস্য মান্নান হাওলাদার, কমিটির সদস্য রিপন রাঢ়ী উপস্থিত ছিলেন।

 




বরিশালে গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার

বরিশাল অফিস :: দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা ইদ্রিস হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

মঙ্গলবার সকালে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, সোমবার বিকেলে গৌরনদী উপজেলার মাগুরা নতুন বাজার এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইদ্রিস ওই এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




বরিশালে কম্বিং অপারেশনে ২৫ লাখ টাকার জাল জব্দ

বরিশাল অফিস :: জাটকাসহ সবধরনের দেশীয় প্রজাতের ছোট মাছ রক্ষায় এবং অবৈধ জাল নির্মূলে জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর। এসময় থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলার তিনটি নদীতে অভিযান চালিয়ে ১০টি অবৈধ মশারী জাল, ৫০টি চরঘেরা জাল, এক লাখ মিটার কারেন্ট জাল, ৩০টি চায়না দুয়ারী জালসহ প্রায় ২৫ লাখ টাকার অবৈধ জাল ও বিভিন্ন ধরণের মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, বাবুগঞ্জ থানার এসআই মিজানুর রহমান, আনসার ব্যাটালিয়নের হাবিলদার মোতালেব হোসেন, ফিল্ড এসিস্ট্যান্ট নজরুল ইসলাম, মাঠ সহায়ক সাইফুল ইসলাম আতিক উপস্থিত ছিলেন।

জাটকাসহ সবধরনের দেশীয় প্রজাতের ছোট মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।




বিয়ের একদিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর মহিপুরে বিয়ের একদিন পরই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল নয়টায় মহিপর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজন সহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পায়।

মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে।আসল রহস্য উদঘাটনের জন্য বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ সুরাতলের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।




বরিশালে ৫ দফা দাবিতে গণসংহতির বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

বরিশাল অফিস :: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা, এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্থ সহ পাঁচ দফা দাবিতে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।

আজ মঙ্গলবার (৬) সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডে বিক্ষোভ সমাবেশ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করে তারা।এর পূর্বে অশ্বিনীকুমার হল চত্বরের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী জননেতা দেওয়ান আবদুর রশিদ নিলু। এসময় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় সভাপতি জননেতা বাচ্চু ভূঁইয়া, জেলা কমিটির সদস্য ইয়াসমিন সুলতানা, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলার সদস্য আব্দুল মান্নান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন

বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব ও জেলা কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশের সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলন সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা বাচ্চু ভূইয়া বলেন, অবিলম্বে সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্য প্রয়েজনীয় দ্রব্যমূল্য নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।




প্রধানমন্ত্রীকে দেখতে আসা প্রতিবন্ধী রাকিব পেল সরকারি সহায়তা

বরিশাল অফিস :: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে দেখতে বরিশালের নির্বাচনী জনসভাস্থলে যাওয়া শারীরিক প্রতিবন্ধী যুবক রাকিব হাওলাদারকে নতুন একটি ট্রাইসাইকেল ও ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।সরকারিভাবে তাকে এ সহায়তা করা হয়। সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া

সেল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে জেলা প্রশাসক শহিদুল ইসলাম তার (রাকিব) হাতে সরকারি এ সহায়তা তুলে দিয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য গত ডিসেম্বর মাসে বরিশালের নির্বাচনী জনসভায় হুইল চেয়ারে করে গিয়েছিলেন রাকিব। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যার ধারাবাহিকতায় তাকে
সহায়তা করা হলো।

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধী রাকিবের হুইল চেয়ারটি জরাজীর্ণ ছিল। সেটি নিয়েই তিনি প্রধানমন্ত্রীকে দেখার জন্য জনসভায় উপস্থিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য সুরক্ষামূলক কাজ করছেন। সেই ধারাবাহিকতায় সরকারিভাবে রাকিবকে একটি ট্রাইসাইকেল দেওয়া হয়েছে। তাছাড়া তার জীবিকার সমস্যার বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা সহায়তা করা হয়েছে।




পটুয়াখালীর উপকূলে বিষমুক্ত শুঁটকির কদর বাড়ছে

বরিশাল অফিস :: পটুয়াখালীর সূর্যোদয়-সূর্যাস্তের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত প্রাকৃতিকভাবে দর্শনার্থীদের কাছে বিখ্যাত হলেও বেশকয়েক বছর ধরে আগন্তুকদের কাছে সুনাম কুড়াচ্ছে এই পর্যটন নগরীর বিষমুক্ত শুঁটকি। যা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কুয়াকাটায় বেড়াতে আসা প্রকৃতিপ্রেমীদের কাছে কুয়াকাটার শুঁটকি এখন অন্যতম।

ক্ষতিকারক কোনো মিশ্রন ছাড়াই শুধুমাত্র লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয় বিষমুক্ত শুঁটকি। সমুদ্রতীরে খোলা আকাশের নিচে কেবল রোদের আলো এবং বাতাসের সাহায্যে কাঁচা মাছ শুকিয়ে বিক্রি করা হয় দেশি-বিদেশি ক্রেতাদের কাছে। শুঁটকিপ্রেমীরা উন্মুক্ত পরিবেশে প্রাকৃতিকভাবে শুকানো শুঁটকি কিনতে ছুটে আসছেন দূর-দুরান্ত থেকে। কাঁচা মাছ শুকিয়ে শুঁটকি উৎপাদনে নির্দিষ্ট স্থান না থাকায় ক্রেতাদের চাহিদানুযায়ী সরবরাহ করতে পারছেন না দোকানিরা। তাই কুয়াকাটার শুঁটকির এই ঐতিহ্য টিকিয়ে রাখতে স্থায়ী শুঁটকিপল্লী নির্মাণের দাবি উৎপাদনকারীসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

শুঁটকি উৎপাদনে সরকারি কিংবা বেসরকারিভাবে নির্দিষ্ট কোনো পল্লী না থাকায় গত কয়েক বছর ধরে শীত মৌসুমে কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্ট অস্থায়ীভাবে প্রক্রিয়াজাত করছেন উৎপাদনকারীরা। চলতি মৌসুমেও ভ্রাম্যমাণ অবস্থায় লেবুর বনসহ সৈকতের কয়েকটি পয়েন্টে শুকানেরা হচ্ছে শুঁটকি। তবে কোনো ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই শুধুমাত্র লবণ মেখে সৈকতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হচ্ছে পর্যটকদের পছন্দের শুঁটকি মাছ। আর এ পল্লীতে দেখা মেলে পোয়া শুঁটকি, সোনাপাতা, মধুফাইস্যা, রূপচাঁদা, শাপলাপাতা, চাপিলা, ফাইস্যা, লইট্রা, চিংড়ি, ছুড়ি, হাঙ্গর, ভোল ও কোড়ালসহ অন্তত ৫০ প্রজাতির সুস্বাধু শুকানো মাছের। ফলে প্রতিনিয়ত শুঁটকি পল্লীতে পছন্দের শুঁটকি সংগ্রহে ভিড় জমান পর্যটকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা।

খুলনা থেকে ঘুরতে আসা পর্যটক শাহাদত হোসেন জানান, আমরা শুঁটকি প্রেমী মানুষ, দেশের বিভিন্ন এলাকার শুঁটকি খেয়েছি। কিন্তু কুয়াকাটার শুঁটকির কথা শুনে এখানে এসেছি। ভ্রমণ শেষে বেশকিছু শুঁটকি নিয়েছি। এক কথায় অসাধারণ শুঁটকি, কারণ মেডিসিন ছাড়াই রোদে শুকানো হয়। এমনকি তেমন কোনো গন্ধও নেই।

ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি মিম-সামি বলেন, বহুদিন ধরে অফিস কলিগদের কাছে কুয়াকাটার শুঁটকির কথা শুনে শুনে কুয়াকাটায় এসেছি। এসে দেখলাম আসলেই প্রাকৃতিকভাবে শুঁটকি প্রক্রিয়াজাত করা হচ্ছে। তাই লইটট্টাসহ কয়েক ধরনের শুঁটকি কিনেছি। পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজনদের গিফট করবো।

লেম্বুর বন এলাকার শুঁটকি উৎপাদনকারী হানিফ মিয়া জানায়, সৈকতে প্রায় ৩০ বছর ধরে শুঁটকি মাছের ব্যবসা করছেন তিনি। প্রতিবছর বিভিন্ন কারণে স্থান পরিবর্তন করতে হচ্ছে তাদের। এর ফলে তাদের অনেক সময় লোকসান গুনতে হয়। এমনকি দোকানিদের চাহিদানুযায়ী মাছ শুকাতে পারছেন না। আর দোকানিরাও ক্রেতাদের চাহিদা মেটাতে পারে না।

কুয়াকাটার একাধিক শুঁটকি দোকানিরাও একই কথা জানান। যারা শুঁটকি তৈরি করে তাদের বার বার স্থানান্তরিত করা হয়। ফলে দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক চাহিদা থাকলেও অনেক সময়ই পছন্দের শুঁটকির অভাবে ক্রেতাদের দেওয়া যায় না। তাই দ্রুত সময়ের মধ্যে শুঁটকি প্রক্রিয়াজাত করণের লক্ষ্যে একটি স্থায়ী পল্লী নির্ধারণের দাবি সংশ্লিষ্ট সবার।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, স্থায়ী শুঁটকি পল্লী নির্মাণের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে শুঁটকি ব্যবসায়ীদে সমস্যা সমাধান হয়ে যাবে।