বরিশালে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে এএসআই ক্লোজড

বরিশাল অফিস :: মাদকসহ দুজনকে আটকের পর একজনকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠার পর বরিশালের আগৈলঝাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সালেহকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রয়ারি) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহেমেদ- পিপিএম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একটি অভিযোগের বিষয় তদন্ত করা হচ্ছে। আর তদন্তের স্বার্থেই প্রশাসনিক কারণে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সালেহকে আগৈলঝাড়া থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্স এ সংযুক্ত করা
হয়েছে।

এ বিষয়ে গৈলা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, মাদকসহ দুজনকে আটকের পরে একজনকে ছেড়ে দেওয়ার কথা শুনেছি। মাদক বহন ও সেবন একই অপরাধ। মাদকের বিরুদ্ধে কেউ সুপারিশ করলে তাকেও আইনের আওতায় আনা প্রয়োজন।

বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি জানান, এএসআই আবু সালেহ যদি মাদকসহ আটক করে কাউকে ছেড়ে দিয়ে থাকেন, তবে তথ্য
প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে অবশ্যই নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে ফাল্গুনী হাওয়ায় শিমুল গাছে আগুনের ফুলকি

এস এল টি তুহিন, বরিশাল :: বাংলার প্রকৃতিতে শুরু হয়েছে বসন্ত। ফাগুনের আগুন মানেই যেন শিমুল ফুল। দখিনের গ্রামীন জনপদ ও মাঠ-ঘাট জুড়েই শিমুল ফুল তার লাল পাপড়ি মেলে সৌন্দর্য ছড়াচ্ছে।

বরিশালের বিভিন্ন গ্রামের আঞ্চলিক মহাসড়কের দু’পাশে সারিবদ্ধ গাছের দিকে দূর থেকে হঠাৎ তাকালে মনে হবে কেউ যেন লাল গালিচা বিছিয়ে রেখেছেন। নিঃসঙ্গ পথের পাশে শিমুলের গাছ যেন অনন্য সৌন্দর্য। গাছজুড়ে টকটকে লাল শিমুল ফুল।

যেন প্রতিটি গাছের ডগায় ডগায় আগুনের ফুলকি জ¦লছে। শিমুলের সুবাস না থাকলেও সৌন্দর্যে অবশ্যই প্রকৃতিপ্রেমীদের নজর কাড়বে। পাখপাখালি আর মৌমাছিদের আনাগোনা চোখে পড়ার মত দৃশ্য। আর যেকোনো পথচারীকে দাঁড়িয়ে দেখতে বাধ্য করবেই।

তবে কালের বির্বতনে অপরূপ সাজ সজ্জিত শিমুল গাছ ও ফুল প্রায় বিলুপ্তির পথে। ফাল্গুনের শুরুতেই গাছে গাছে সীমিত আকারে ফুল ফুটছে। প্রকৃতির রূপ লাবণ্যে শিমুল ফুল সব গাছে এখনো ফোটেনি। প্রাকৃতিকভাবে জন্মানো শিমুল গাছ থেকে প্রাপ্ত তুলা দিয়ে লেপ-তোষক ও বালিশ বানানো হয়। এগুলো ব্যবহার যেমন আরামদায়ক তেমন স্বাস্থ্যসম্মত। শিমুল গাছ সংরক্ষণে সরকারিভাবে কোনো কার্যক্রম নেই। জনসচেতনতার অভাবে ক্রমেই হারিয়েই যাচ্ছে শিমুল গাছ।

স্থানীয় পথচারিরা বলেন হঠাৎ করে যদি দ‚র থেকে শিমুল গাছের দিকে তাকানো যায়, মনে হবে লাল গালিচা বিছানো। ওই দৃশ্য চোখে পড়লে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। গ্রামের
আনাচে-কানাচে রাস্তার পাশে শত বছরের অসংখ্য শিমুল গাছ চোখে পড়তো। আর ফাল্গুন মাসে এসব শিমুল গাছে গাছে শিমুল ফুলের সমারোহ জানান দিতো, যে বসন্তকাল
এসে গেছে এখন শিমুল গাছ চোখে পড়ে না। কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ এই ঐতিহ্য।

বরিশালের পরিবেশবিদ ব্যাক্তিরা বলেন, ‘ছোট বেলা দেখতাম অমর ২১ শে ফেব্রæয়ারি এলে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য শিশু-কিশোরদের ফুলের সংকট দেখা যেতো। ফুল না পেয়ে শৈশবে অনেকেই লাল টকটকল শিমুল ফুল দিয়ে ফুলের তোড়া বানিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতো। আজকাল শিশুরা শিমুল গাছ ও ফুলটি চেনে না। একদিকে শিমুল গাছ বিলুপ্তির কারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে স্বাস্থ্যসম্মত তুলা থেকে। শিমুলগাছ সংরক্ষণে দেশের কৃষিবিভাগ কর্মস‚চি নেওয়া উচিত বলে মনে করেন তারা।

এদিকে নির্বিচারে শিমুলগাছ নিধন ও চারা রোপণ না করার কারণে এ অঞ্চল থেকে শিমুল গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে মনে করছেন কৃষি বিশ্লেষকরা। এ ব্যাপারে সরকারি নজরদারি বাড়ানো আহ্বান জানান তারা।




ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা

চন্দ্রদীপ ডেস্ক: ঘড়ির কাঁটায় বাকি তখন মাত্র ২২ মিনিট। গত ৭৮ মিনিট ব্রাজিল যেভাবে রক্ষণ ধরে রেখে খেলেছে, তেমন থাকলে অলিম্পিকে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে তারা। ওদিকে আর্জেন্টিনার শিবিরে তখন গভীর উদ্বেগ। অলিম্পিকে বাছাই করলে লিওনেল মেসি এবং অ্যানহেল ডি মারিয়াকে দলে নেওয়ার চেষ্টা করবে তারা। কিন্তু ব্রাজিলের বিপক্ষে জয় না পেলে হবে না কিছুই।

এমন এক সময়েই ডিবক্সের অনেকটা বাইরে থেকে নিরীহদর্শন এক মাপা ক্রস করলেন ব্রাইটনে খেলা আর্জেন্টাইন তরুণ ভ্যালেন্টিন বার্কো। অনেকটা দৌড়ে এসে তাতে মাথা ছোঁয়ালেন দীর্ঘদেহী ফরোয়ার্ড লুসিয়ানো গুন্দো। তাতেই ভাঙলো ব্রাজিলের রক্ষণ। ৭৮ মিনিটের গোলটাই আর্জেন্টিনাকে এনে দেয় প্যারিস অলিম্পিকের টিকিট। আর দারুণ শুরুর পরেও বাদ যায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের প্রায় পুরোটা সময়েই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইন তরুণরা। ১৫ মিনিটেই গোল পেতে পারত তারা। অধিনায়ক থিয়াগো আলমাদার দুর্দান্ত ফ্রি-কিক গোলবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। এর আগ পর্যন্ত কোনো সুযোগই করা হয়নি ব্রাজিলের। ১৮ মিনিটে তারা প্রথম শট নেয় গোলমুখে। যদিও সেটা ছিল না টার্গেটে।

ব্রাজিল ম্যাচের সেরা সুযোগ পেয়েছে ৬০ এবং ৬২ মিনিটে। প্রথম গ্যাব্রিয়েল পেককে হতাশ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক ব্রেই। দুর্দান্ত সেভে সুরক্ষিত রাখেন আর্জেন্টিনার অলিম্পিক খেলার স্বপ্ন। মিনিট দুয়েক পরেই জন কেনেডিকেও হতাশ করেন তিনি।

তবে ম্যাচে আধিপত্য ছিল আর্জেন্টিনারই। হ্যাভিয়ের মাশ্চেরানোর আর্জেন্টিনা বল দখলে রাখে ৬১ শতাংশ এবং শট নেয় ১৪টি। ধারাবাহিকতার সুবাদেই ৭৮ মিনিটে পেয়ে যায় মহামূল্যবান সেই গোল। তাতেই বাদ পড়েছে অলিম্পিকের বর্তমান স্বর্ণপদক পাওয়া দলটি। ২০১৬ ও ২০২০ অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল।




বরিশালে শতবর্ষী ‘করিম উদ্দিনের মেলা’

বরিশাল অফিস : বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামসর গ্রামে জমে উঠেছে ১৫০ বছর আগের পুরোনো ঐতিবাহী ‘করিম উদ্দিনের মেলা’ এ মেলার নেই আগাম প্রচার প্রচারনা। এরপরও বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসায়ীরা সমবেত হোন উপজেলার করিম উদ্দিনের মেলায়। দেড়শ বছর আগ থেকে চলে আসা এই মেলা যেন এ অঞ্চলের মানুষের প্রানের স্পন্দন। এ মেলাটি একটি গ্রামে বসলেও এর উৎসবের আমেজ থাকে আশেপাশের কয়েকটি উপজেলাজুড়ে।

উজিরপুর উপজেলার উত্তর-পূর্বে বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামে বসে করিম উদ্দিনের মেলা।স্থানীয় লোকজন জানান, ‘করিম উদ্দিনের মেলা শত বছর ধরে বসে আসছে। অনেকের বাপ-দাদারাও ছোটবেলা থেকে এই মেলা দেখে বড় হয়েছেন। তাদের বাপ-দাদারাও পূর্বপুরুষের কাছ থেকে একই কথা শুনেছেন। মাঘ মাসের শেষ দিকে বসে মেলাটি, চলে ফাল্গুন মাসের ১৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত।’

মেলায় ঘুরতে আসা কয়েকজন বয়োজ্যেষ্ঠ বলেন, ‘বাপ-দাদার মুখ থেকে শুনে ধারণা করা হয়, করিম উদ্দিনের মেলাটি প্রায় ১৫০ বছর আগের পুরোনো। আগে এই মেলায় ঘোড়দৌড় অনুষ্ঠিত হত। এই মেলার আগাম কোনো প্রচারণা থাকে না। শত বছর ধরে মাঘ মাসের শেষ দিনে পূর্ব ধামসর গ্রামের ব্যবসায়ীরা পণ্য নিয়ে এখানে পসরা সাজান।’

আর মেলাটি শুধু মেলা প্রাঙ্গণেই সীমিত নয়, বছরের পর বছর ধরে এ উপলক্ষে জামাতা ও আত্মীয়স্বজনকে আমন্ত্রণ করে আপ্যায়ন করার প্রথাও চালু আছে। গ্রামের বাড়িতে বাড়িতে বানানো হয়েছে খই, মুড়কি, নারকেলের ও চালের নাড়ু। মেলা থেকে দই-মিষ্টি কিনে নিয়ে মুড়কি দিয়ে খাওয়ার প্রথাটিও আছে এখনও।

সরেজমিনে করিম উদ্দিনের মেলায় দেখা গেছে, হরেক পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা। মিষ্টান্ন, খেলনা, চুড়ি, ফিতা, আলতা থেকে গৃহস্থালির জিনিসপত্র। জিলাপি ভাজা হচ্ছে বিক্রি হচ্ছে। মেলায় ঘোরা শেষে জিলাপি কিনে বাড়ি ফেরেন না এমন মানুষ নেই। আরো আছে ‘ঝুড়ি মেলার’ ঐতিহ্য।

মেলায় আগত অনেকেই জানালেন গ্রাম বাংলার প্রানের ঐতিহ্য ধরে রেখেছে এই করিম উদ্দিনের মেলা। এখানে এলে সব ধরনের জিনিস পাওয়া যায়। প্রতি বছরই আসা হয়। মেলার ঐতিহ্যবাহী গুড়ের জিলাপি তাদের খুব পছন্দের।’

করিম উদ্দিনের মেলা কমিটির সাধারণ সম্পাদক মো: এনায়েত হোসেন বলেন, ‘১৫ দিনব্যাপীর এই মেলা গত বুধবার শুরু হয়েছে। তবে লেপ-তোষক ফার্নিচারের দোকানপাট মাসব্যাপী থাকবে। মেলা থেকে উপার্জিত আয় গ্রামের শিক্ষা-প্রতিষ্ঠানের কল্যাণে, গ্রামের মানুষের কর পরিশোধে ও সেবামূলক কাজে ব্যয় করা হয়।’




স্ত্রীকে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন সাবেক ডাচ প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী দ্রিস ভ্যান অ্যাগট তার স্ত্রী ইগুইনকে সঙ্গে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। গত সোমবার (৫ ফেব্রুয়ারি) তাদের মৃত্যু হয়। স্বামী-স্ত্রী উভয়েরই বয়স হয়েছিল ৯৩ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, অ্যাগট ও তার স্ত্রীর এই স্বেচ্ছামৃত্যু নেদারল্যান্ডসে দম্পতি বা যুগলদের স্বেচ্ছায় মৃত্যুবরণের যে ট্রেন্ড শুরু হয়েছে, তারই উদাহরণ।

দ্রিস ভ্যানের প্রতিষ্ঠিত একটি অধিকার সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির পরিচালক জেরার্ড জোনকম্যান সংবাদমাধ্যম এনওএসকে বলেছেন, গত সপ্তাহে তারা হাতে হাত রেখে দুনিয়া ত্যাগ করেছেন।

জেরার্ড জোনকম্যান আরও জানান, ২০১৯ সালে দ্রিস ভ্যানের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অসুস্থই ছিলেন কিন্তু তিনি তার স্ত্রীকে রেখে আগে চলে যেতে চাইছিলেন না। পরবর্তী সময়ে তারা একসঙ্গে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, দ্রিস ভ্যান ১৯৭৭ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি খ্রিস্টান ডেমোক্র্যাটিক আপিল পার্টির নেতা ছিলেন। ব্যক্তি জীবনে ক্যাথলিক খ্রিস্টান হলেও, তিনি সবসময় নিজের মতো করেই চলেছেন।

২০২০ সালে ২৬ নেদারল্যান্ডসে কোনো দম্পতিকে প্রথমবারের মতো একসঙ্গে মৃত্যুবরণের অনুমতি দেওয়া হয়েছিল। পরের বছরেই ৩২ জন যুগল এমনভাবে মৃত্যুবরণ করেন। আর ২০২৩ সালে দেশটিতে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন ৫৮টি যুগল।

নেদারল্যান্ডসে ২০০২ সাল থেকে স্বেচ্ছায় মৃত্যুবরণ বা সাহায্য নিয়ে আত্মহত্যার অনুমতি রয়েছে। তবে এক্ষেত্রে ছয়টি শর্ত রয়েছে। যার মধ্যে অন্যতম হলো- আগ্রহী ব্যক্তিদের অসহ্য যন্ত্রণার মধ্যে কিংবা নিরাময় হবে না এমন কোনো কঠিন রোগে আক্রান্ত থাকতে হবে। সার্কিব পরিস্থিতি যাচাই-বাছাইয়ের পর আগ্রহী ব্যক্তিকে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি দেওয়া হবে ও তাতে সহযোগিতা করবেন পারিবারিক চিকিৎসক।

সূত্র: দ্য গার্ডিয়ান




মির্জাগঞ্জে সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল অফিস :: পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মালিবাড়ি খালের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। অবৈধভাবে দখলে রাখা ২ জনের মালিকানায় থাকা ২টি স্থাপনা ভাঙা হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল রহমান। এ সময় মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে মালিবাড়ি খালের সরকারি জমির ওপর অবৈধভাবে নির্মাণ করা হয় স্থায়ী-অস্থায়ী স্থাপনা। অবৈধভাবে খাল ভরাট করে এসব স্থাপনা নির্মাণকারীদের বারবার নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল রহমান বলেন, সরকারি খালে স্থাপনা নির্মাণের ফলে এলাকার পানি নিষ্কাশন বন্ধ হওয়াসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। সে জন্য আজ সকাল থেকেই অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।




পাকিস্তানের ‘নায়ক’ ইমরান হলে ‘খলনায়ক’ আাসিফ মুনির

চন্দ্রদীপ ডেস্ক : পাকিস্তানের নির্বাচন পরবর্তী সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে ইমরান খানকে যদি নায়ক বলা যায় তাহলে নিশ্চিত খলনায়ক হবেন সেনাপ্রধান আসিফ মুনির। কেননা ইমরান খান এবং তার দলের পরাজয় নিশ্চিত করার জন্য সামর্থ্যের সবটুকু করেছেন এই সেনা প্রধান।  কিন্তু  ব্যালটের কাছে বরাবরের মতো পরাজিত হয়েছে বুলেট।

সকল ষড়যন্ত্রের ছক ছিন্ন করে এগিয়ে আছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এমতাবস্থায় সামরিক বিবৃতি দিয়েছেন সেনাপ্রধান আসিফ মুনির।

যাতে তিনি বলেন, পাকিস্তানকে নির্বাচন পরবর্তী ‘নৈরাজ্য ও মেরুকরণ’ থেকে সরে আসতে হবে।

তিনি বলেন, সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলের সঙ্গে সঙ্গে পাকিস্তানকে নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি বাদ দিয়ে এগিয়ে যেতে হবে।

আসিম মুনির বলেন, জাতির নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি থেকে এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল হাত এবং একটি নিরাময় স্পর্শ প্রয়োজন।

জানা গেছে, পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের। ২৬৬ আসনের একটিতে স্বতন্ত্র প্রার্থী গুলিতে নিহত হওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণ হয়েছে ২৬৫ আসনে।




পিরোজপুরে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :: নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মো. নাদিম (২৪) ও মো. এমাম (২০) নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ শিকার করতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের স্পর্শে তাঁরা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার সকালে উড়িবুনিয়া গ্রাম থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাদিম ও এমাম উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, নাদিম ও এমাম দুজন আপন ভাই। গতকাল শুক্রবার রাতে কোচ দিয়ে খালের পাড়ে মাছ মারতে বের হন তাঁরা। উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে এক চাষি ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। ধারণা করা হচ্ছে নাদিম ও এমাম না জেনে জমির পাড়ে যাওয়ামাত্র বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে মারা গেছেন। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেন।

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘ঘটনা সত্য। চাষি তাঁর জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। নাদিম ও এমাম দুই ভাই। তাঁরা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হবে। আমরা ঘটনাস্থলে রয়েছি।’

 




দুমকিতে অধ্যক্ষসহ দুই শিক্ষকের বেতন-ভাতা স্থগিত

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে বিধিবহির্ভূত নিয়োগ, স্বেচ্ছাচারিতা, সহকর্মী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কার্যকলাপসহ নানা অপরাধে জড়িত থাকায় দুমকি উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসানুল হক ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এবাদুল হকের বেতন-ভাতা স্থগিত করেছে শিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক গত জানুয়ারি মাসের এমপিওতে কলেজটির সব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা ছাড় করলেও অধ্যক্ষ আহসানুল হক ও প্রভাষক এবাদুল হকের বেতন-ভাতা স্থগিত করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ওই কলেজের অধ্যক্ষ আহসানুল হকের নিয়োগে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি ও নারী কেলেংকারির অভিযোগের প্রমাণ মেলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তার বেতন-ভাতা স্থগিত করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অধিভুক্ত কলেজগুলোর পরিদর্শক সমন্বয়ে গঠিত দুই সদস্যের তদন্ত টিম সরেজমিন পরিদর্শন করে।
তদন্তকালে অধ্যক্ষ আহসানুল হকের নিয়োগ সংক্রান্ত নথিপত্র, কলেজের গভর্নিং বডি গঠন কার্যক্রমের নথি পর্যালোচনা, অভিযোগকারী অভিভাবক সদস্য, সাময়িক বরখাস্তের শিক্ষকসহ সংশ্লিষ্টদের লিখিত বক্তব্যে অভিযোগের প্রমাণ পেয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত টিম।

একই সঙ্গে ওই প্রতিবেদনে কলেজটির ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এবাদুল হকের নিয়োগের বৈধতা না থাকায় তার বেতন-ভাতা বন্ধেরও সুপারিশ করা হয়।




ভোলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ

বরিশাল অফিস :: ভোলার লালমোহন উপজেলা দুই হাজার অসহায় শীতার্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের আবাসন এলাকার মানুষের মাঝে এসব কম্বল তুলে দেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরি শাওন।

স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুল্লাহ মেলকার উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরি শাওন একই ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা ১৬৯৫ জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।