হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১১টায় কলাপাড়া ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রাহমন।

এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হলুদ সাংবাদিকতা থেকে উত্তরণের বিষয় ও সাংবাদিকতার নানান প্রতিবন্ধকতা নিয়ে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এর নিকট তুলে ধরেন।

 




ফেসবুক ডাউন: উপহাস করলেন ইলন মাস্ক

চন্দ্রদীপ ডেস্ক : মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক ঘণ্টার ওপরে নিষ্ক্রিয় ছিল। বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার পর থেকে সাড়ে ১০টার পর্যন্ত নিষ্ক্রিয় ছিল সামাজিক মাধ্যমটি। এতে করে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক নিজের আইডি ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

এ অবস্থায় ব্যবহারকারীদের আশ্বস্ত করতে এক্সে একটি পোস্ট করেন মেটার কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্ডি স্টোন। তিনি লেখেন, ‘আমাদের পরিষেবা ব্যবহার করতে মানুষের সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়ে আমরা অবগত। আমরা এ নিয়ে কাজ করছি।

কিছু সময় পর তার পোস্টের স্ক্রিনশট নিয়ে মেটাকে খোঁচা দিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন এক্সের মালিক ইলন মাস্ক। মাস্কের পোস্ট করা ছবিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস মাথায় হাত দিয়ে থাকতে দেখা যায়। আর ফুরফুরে মেজাজে দেখা যায় এক্সকে।

ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরপর রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা এও জানতে চাচ্ছেন— কী হয়েছে সামজিক মাধ্যমটির? কেনই বা লগইন করা যাচ্ছে না? কখন ঠিক হবে?




ফেসবুক-ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

চন্দ্রদীপ ডেস্ক : মেটা আওতাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের সার্ভার ডাউন হতে দেখা গেছে। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগ-আউট হয়ে পড়েন। সেশন এক্সপায়ড মে‌সেজ দেখা‌চ্ছে। এরপর লগইন করার চেষ্টা করলেও তা সম্ভব হয় না। কিন্তু কী কার‌ণে এমনটা হ‌য়ে‌ছে, তা এখ‌নো জানা যায়‌নি। বাংলা‌দেশসহ পৃ‌থিবীর অ‌নেক দে‌শের ব্যবহারকারীরাই এই সমস্যায় প‌ড়ে‌ছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।

ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা জানান, ফেসবুকের মতো অ্যাকাউন্ট লগ আউট না হলেও ফিড রিফ্রেশ হচ্ছে না এবং লোড নিচ্ছে না।

অন্যদিকে, থ্রেডসও সম্পূর্ণ ডাউন বলে মনে হচ্ছে। অ্যাপটি খোলার পর একটি ত্রুটি বার্তা প্রদর্শন করে যেখানে লেখা আছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আবার চেষ্টা কর।’

তবে মেটার মালিকানাধীন একমাত্র হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন।

এই ঘটনায় বিপা‌কে প‌ড়ে‌ছেন বি‌শ্বের ক‌য়েকশ কোটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এ নি‌য়ে দুনিয়াজুড়ে হইচই, সমস্যা কোথায় স্পষ্ট নয় এখনও। এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।




পটুয়াখালী স্বাচিপের নতুন সভাপতি শফিক, সম্পাদক শামিম

পটুয়াখালী প্রতিনিধি :

 আওয়ামী লীগ সমর্থিত দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের বৃহৎ সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পটুয়াখালী জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার ওয়াহিদ শামিম।

সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডাক্তার মো. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুত পূর্ণাঙ্গ কমিটির করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেন।

এদিকে নতুন কমিটির নাম ঘোষণায় বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও পেশাজীবী এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।




ক্লাশে ঢুকে মেডিকেল ছাত্রকে গুলি করা সেই শিক্ষক আটক

চন্দ্রদীপ ডেস্ক : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় তাকে কলেজ থেকে সদর থানায় নেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলেই সেটা এজাহার হিসেবে নিয়ে মামলা দায়ের করা হবে। মামলা হলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন বলেন, আহত শিক্ষার্থীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সে এখন শঙ্কামুক্ত। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৪ মার্চ) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলস্থ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন আইটেম ক্লাশ চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডা.রায়হান শরিফ বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসতো। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কলেজ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। এমনিক ডা. রায়হান শরিফ কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়ার স্বত্তেও তার নিজস্ব ক্ষমতা দেখিয়ে ফরেনসিক বিভাগে তিনি ক্লাস নিয়ে থাকেন। ক্লাস চলাকালীন সময় ছাড়াও প্রায় সময়ই তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন। আজ বিকেলে ভাইভা চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দেশীয় পিস্তল নিয়ে হঠাৎ করে ক্লাসে প্রবেশ করে শিক্ষক রায়হান শরীফ ৩য় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করে। তার চিৎকারের সবাই এগিয়ে এসে ডা. রায়হান শরিফকে তালাবদ্ধ করে রাখেন এবং গুরুতর আহত অবস্থায় তমালকে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে ওই শিক্ষকের বিচার চেয়ে আন্দোলন শুরু করে মেডিকেলের ছাত্র-ছাত্রীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা বাহিনী।




বিপন্ন উপকূলের বন্যপ্রাণী

বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ
পটুয়াখালী প্রতিনিধি :

আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। জাতিসংঘভুক্ত দেশগুলো প্রতি বছর ৩ মার্চ এ দিবসটি পালন করে থাকে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। বাংলাদেশে কয়েক দশক ধরে আশঙ্কাজনকভাবে কমছে বন্যপ্রাণী। বনভূমি উজাড় হওয়ার ফলে এসব প্রাণী লোকালয়ে প্রবেশ করায় পিটুনিতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ ছাড়া নানা প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে উপকূলের বন্যপ্রাণীও।

২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে এই দিনটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০১৪ সালে প্রথম এ দিবসটি পালন করা হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুলের প্রতি গণসচেতনতা বাড়ানো দিবসের মূল লক্ষ্য।

একটা সময় অহরহ বন্যপ্রাণীর দেখা মিললেও এখন আর মেলে না। শোনা যায় না বসন্তে কোকিলের কুহু ধ্বনি। পচা আর মরা কোনো প্রাণী খেতে শকুন কিংবা কাক আসে না। এমনকি এসব বন্যপ্রাণী এখন বিলুপ্তির পথে।

ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে প্রায় তিনশ প্রজাতির বন্যপ্রাণী। বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে আরও শখানেক। প্রকৃতির প্রতি মানুষের নৃশংসতা, পরিবেশদূষণ ও পরিবর্তিত জলবায়ুর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন প্রাণী বিশেষজ্ঞরা।

তাদের মতে, সময়ের সঙ্গে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে আরও ৩০ থেকে ৪০ শতাংশ প্রাণী বিলুপ্ত হতে পারে।

ওয়াইল্ড লাইফ ট্রাস্ট বাংলাদেশ (ডব্লিউটিবি) ও দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন (আইইউসিএন) বাংলাদেশ শাখার এক জরিপে দেখা গেছে, ইতোমধ্যে দেশের প্রায় দেড়শ প্রজাতির বন্যপ্রাণী, মেরুদণ্ডী প্রাণীর ১৩টি, ৪৭ প্রজাতির দেশি পাখি, ৮ প্রজাতির উভচর ও ৬৩ প্রজাতির সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণীর ১০টি মিলিয়ে প্রায় তিনশ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এ ছাড়া বিপন্ন ৪৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। একইভাবে বিপন্ন অবস্থায় রয়েছে ১০৬ প্রজাতির নলবাহী উদ্ভিদ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বন্যপ্রাণীর ব্যাপক বিনাশ চলছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বন্যপ্রাণী শিকার, বাসস্থান দখল করে হোটেল, মোটেল এবং রিসোর্ট নির্মাণ, খাদ্যাভাবসহ নানা কারণেই বন্যপ্রাণীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে।

পরিবেশবাদী সংগঠনের কর্মীরা বলছেন, খাদ্য আর বাসস্থানের সংকট প্রকট হওয়ায় বন্যপ্রাণীর এমন সংকট দেখা দিয়েছে। তারা আরও জানিয়েছেন, নিষ্ঠুরভাবে বন উজাড়, নদীর নাব্য হ্রাস, অপরিকল্পিত নগরায়ণ এবং পাখি শিকারিদের ফাঁদে উপকূল থেকে বন্যপ্রাণীর আশঙ্কাজনকভাবে বিলুপ্তি ঘটছে।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার সদস্য মিরাজ মিজু বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। এ ছাড়া নানা স্থাপনা নির্মাণ, বন কর্মকর্তাদের উদাসীনতায় বন উজাড় হওয়াও বন্যপ্রাণী কমে যাওয়ার অন্যতম কারণ।

কলাপাড়া উপজেলার মহিপুর রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম বলেন, উপকূল থেকে প্রতি বছরই কমছে বন্যপ্রাণী। তবে আমরা সচেতন হলে বিলুপ্তর পরিমাণ কমে আসবে।

বিভাগীয় বন কর্মকর্তা (উপকূলীয় বন বিভাগ) মো. শফিকুল ইসলাম বলেন, আধুনিক নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কাজনকভাবে বন্যপ্রাণীর উপস্থিতি কমছে, আমরা বন উজাড় থেকে বিরত রাখার চেষ্টা করছি সব সময়।




বেইলি রোডে আগুন: দুই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, একজন বরিশালের

বরিশাল অফিস :: রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলেন- নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম।

নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। আর লামিসা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের বাড়ি বরিশালে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫৬ মিনিটে। পরে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিতের পর রাজারবাগ পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন বলে জানা গেছে।

 




বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বাতিল করছে অ্যাপল

চন্দ্রদীপ ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বৈদ্যুতিক গাড়ি তৈরির এক দশকের দীর্ঘ প্রচেষ্টা থেকে সরে এসেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, মঙ্গলবার অ্যাপলের অভ্যন্তরীণভাবে দেওয়া এই ঘোষণা প্রকল্পে কর্মরত প্রায় দুই হাজার কর্মীকে বিস্মিত করেছে। চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামস এবং ভাইস প্রেসিডেন্ট কেভিন লিঞ্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তারা কর্মীদের বলেছিলেন যে প্রকল্পটি পর্যায়ক্রমে শুরু হবে এবং তাদের অনেককে কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে স্থানান্তরিত করা হবে।

অবশ্য অ্যাপল এবং এর সিইও টিম কুক কখনই প্রকাশ্যে বৈদ্যুতিক গাড়ি প্রকল্পটির বিষয় স্বীকার করেননি।




ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল

চন্দ্রদীপ নিউজ : ভর্তির ক্ষেত্রে বয়সের নীতিমালা না মানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মাউশি। এসব শিক্ষার্থীদের সবাই ২০২৪ সালে ভর্তি হয়েছিল।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ১ জানুয়ারি ২০১৭ সালের আগে জন্ম গ্রহণকারী ১৬৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।




তিন দেশের মানুষ দিনকে রাত দেখবে ৮ এপ্রিল

চন্দ্রদীপ ডেস্ক : ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রসহ তিন দেশের মানুষ দিনকে রাতের মতো দেখবেন। বিরল এক সূর্যগ্রহণের কারণে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষ দেখবেন এমন দৃশ্য। ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এ পূর্ণ সূর্যগ্রহণ। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের সূর্যগ্রহণ খবুই বিরল। পূর্ণ সূর্যগ্রহণের দিন সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে। মূলত, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে এটি। এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। ফলে আকাশ হালকা অন্ধকার হয়ে যায়। সে সময়কে ভোর বা সন্ধ্যার মতো মনে হয়।

প্রতি ১৮ মাস পর পর পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে চাঁদ। সে সময় সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় এ উপগ্রহ। এর পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুসারে, ৩৭৫ দিন পরপর পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে সময়টা আরও বেশি হতে পারে। সবশেষ ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকায়। ৮ এপ্রিল আবার এ দৃশ্যের দেখা মিলবে। এরপর ২০৭৮ সালে এ ঘটনার সাক্ষী হবেন আমেরিকানরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। উত্তর আমেরিকা মহাদেশের দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে। তবে সব সূর্যগ্রহণের মতো একইসঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না।