অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার, ১৪ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি :: বাউফলের তেঁতুলিয়া নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশের একটি টিম। আটককৃত জেলেদের মধ্যে ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ১১ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী।

শনিবার (৩০ মার্চ) ভোররাতে কালাইয়া নৌ পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন জেলেকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের তেঁতুলিয়া নদীর রিজির মায়ের ভাড়ানি এলাকায় দীর্ঘদিন থেকে অর্ধশতাধিক নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। ভোলা ও বাউফলের কতিপয় দাদন ব্যবসায়ীর শেল্টারে অসাধু জেলেরা বেপরোয়া ভাবে বেহুন্দি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছের রেনু শিকার করছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেনী‌তে পড়ুয়া শিশু

আটককৃতরা হলেন– শামিম (২৫), বজলুর রহমান (২১), আলমগীর (৪২), রাকিব (২১), আলমগীর (৪৮), সুজন (২১), মাসুদ মিয়া (৩২), রায়হান (১৯), আল আমিন (৩২), নাহিদ (১৭), আবুল কাশেম (৬০), আমিন (৪৫),  ছবু (৪০)ও রহিম (৩২) এর বাড়ি ভোলার লালমোহন এলাকায়। আটককৃতদের মধ্যে রাকিব ও সুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর নাহিদ কিশোর হওয়ায় তার মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। বাকী প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন : ৭ম শ্রেণির শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ



দুমকিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে খালের পানিতে পড়ে জারামনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৬ মাস বয়সী ওই শিশু উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘরামী বাড়ীর সুলতান ঘরামীর নাতি কাশেম ঘরামীর মেয়ে।

আরো পড়ুন : পটুয়াখালীতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেনী‌তে পড়ুয়া শিশু

শিশুটির মা জানান, শনিবার সকাল ১০টার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলার ফাঁকে পাশের ডাকাতিয়া খালে পড়ে যায়। তিনি খালের ঘাটে পানি আনতে গিয়ে তাকে ভাসমান দেখে তুলে এনে দুমকি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : ৭ম শ্রেণির শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

শনিবার (৩০ মার্চ) দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




পটুয়াখালীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে কয়েকজন ইউপি সদস্যদের টিসিবি পন্য বিতরনে অনিয়ম ও আত্মসাত করার প্রতিবাদে শত শত টিসিবি কার্ডধারী মৎস্যজীবী জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ১২ নং বড়বিঘাই ইউনিয়নে তিতকাটা ক্যাম্প বাজারে বড়বিঘাই ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বর মোঃ মাঈনুল হাসান জিয়া, ৫ নং ওয়ার্ডের মেম্বর মোঃ কাওসার আকন, ৮ নং ওয়ার্ডের মেম্বর মোঃ মিজানুর রহমান ও  ৯ নং ওয়ার্ডের মেম্বর মোঃ জামাল হাওলাদার, সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর বিউটি ও ৫,৬,৭ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মনিরা আক্তার এলাকার কার্ডধারী জেলেদের টিসিবি পন্য চাল বিতরনে অনিয়ম ও আত্মসাত করা এবং অত্র বড়বিঘাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে  মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী জেলেসহ এলাকাবাসী।

আরো পড়ুন : পটুয়াখালীতে ৫ কেজি গাঁজাসহ নারী আটক

এ সময় বক্তব্য রাখেন দক্ষিন বিঘাই মৎস্যজীবী গ্রাম সমিতির সভাপতি আবুল কালাম, জেলে আঃ রব ফরাজী, জেলে আব্দুস সোবাহান, জেলে জেসমিন, জেলে মোঃ খলিল, জেলে মো: ফোরকান, জেলে রাহাত শরীফ প্রমুখ।

জেলে নেতা আবুল কালাম জানান, উল্লেখিত মেম্বররা টিসিবি কার্ডধারী জেলেদের দুই মাসে ৮০ কেজি করে চাল বিতরন না করে ৬০ কেজি করে চাল বিতরনের উদ্যোগ নিলে ইউপি চেয়ারম্যান আবু জাফর হাওলাদার এতে বাধা দেয় এবং ২৫ মার্চ  খাটাশিয়া বাজারে পটুয়াখালী সদর উপজেলা সমাজসেবা অফিসারের উপস্থিতিতে ইউনিয়নের পাঁচ শতাধিক কার্ডধারী জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরন করেন।

এতে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত মেম্বররা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করে তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছেন।

জেলে জেসমিন জানান, আমি টিসিবি কার্ডধারী জেলে, আমাকে বাদ দিয়ে জেলে না তাকে রিসিভের মাধ্যমে চাল দেয়ার চেষ্টা করছিল, চেয়ারম্যান জানতে পেরে তা বন্ধ করে দেয়। তাই ওরা চেয়ারম্যানের বিরুদ্ধ মিথ্যা কথা বলে।

আরো পড়ুন : ভ্যাপসা গরমে হাঁসফাঁস পটুয়াখালীর জনজীবন

এ রকম অভিযোগ করেন মানবন্ধনে অংশগ্রহনকারী জেলেরা। পরে বাজারে বিক্ষোভ মিছিল করেন জেলেরাসহ এলাকাবাসী।

ইউপি চেয়ারম্যান আবু জাফর জানান, সব মেম্বারদেরকে বলেছি জেলেদের দুইমাসে প্রাপ্য ৮০ কেজি করে চালের ১ কেজি চালও কম দেয়া যাবেনা। আমি উপজেলা সমাজসেবা অফিসারকে উপস্থিত রেখে কার্ডধারী প্রতি জেলেকে ৮০ কেজি করে চাল দিয়েছি। এতে ৫/৭ জন মেম্বর আমার বিরুদ্ধে লেগেছে।




পটুয়াখালীতে গাঁজাসহ যুবক আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী গোয়েন্দা পুলিশ এক কেজি গাঁজাসহ মোঃ কবির হোসেন গাজী (৪৭) নামে একজনকে আটক করেছে।

আটককৃত কবির পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হাফিজ গাজীর ছেলে। শুক্রবার ২৯ মার্চ দুপুর ১ টায় কবিরকে পৌরসভার জৈনকাঠী থেকে আটক করা হয়।

আরো পড়ুন : কোনো কালেই আমার কপালে সুখ জুটলো না’ 

ডিবির অফিস ইনচার্জ একেএম আজমল হুদা জানান গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সঞ্জীব কুমার সরকার এর নেতৃত্বে পটুয়াখালী পৌর শহরের জৈনকাঠী থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তীর দেহ তল্লাশি করে  নীল রংয়ের পলিথিন পাওয়া যায়।  যার মধ্যে বাদামী রংয়ের কস্টেপ প্যাচানো একটি প্যাকেট থেকে এক কেজি পরিমান গাঁজা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা।

ধৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।




দুই বউ মুখোমুখি, স্বামী দিলেন ডোবায় ঝাঁপ

চন্দ্রদীপ ডেস্ক : পাঁচ বছর আগের বউ রেখে সাত মাস আগে ফের বিয়ে করেছিলেন রাজু। দুই বউ মুখোমুখি হতেই শুরু হয় ঝগড়া। আর এমন পরিস্থিতিতে পালিয়ে পার্শ্ববর্তী একটি ডোবায় ঝাঁপিয়ে পড়েন তিনি। অনেক খুঁজেও সন্ধান না মেলায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তাদের উপস্থিতি টের পেয়ে নিজেই ডোবা থেকে উঠে পালান রাজু।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলের দিকে সাভারের হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টার পরপর ঝাঁপিয়ে পড়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি উঠে পড়েন।  রাজু চলন্তিকা হাউজিং এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

ওই ব্যক্তির স্ত্রী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক মাস ধরে স্ত্রী শিমুকে নিয়ে চলন্তিকা হাউজিং এলাকায় বসবাস করে আসছিলেন রাজু। শুক্রবার বিকেল ৫টার দিকে শরীফা নামে আরেক নারী এসে দাবি করেন, তার সঙ্গে রাজুর পাঁচ বছর আগে বিয়ে হয়েছে। এক পর্যায়ে তিনজনের মধ্যে ঝগড়া বেধে যায়। এরই জেরে রাজু দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী একটি ডোবায় ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে তাদের উপস্থিতি টের পেয়ে রাজু একাই উঠে পালিয়ে যান।

রাজুর দ্বিতীয় স্ত্রী শিমু বলেন, আমি ওয়াশরুমে ছিলাম। বের হয়ে দেখি এক মহিলা আমার স্বামীর হাত ধরে টানাটানি করছে। তার দাবি সে আমার স্বামীর স্ত্রী। আমি আমার স্বামীকে ছাড়াতে গেলে সে সেখান থেকে দৌড়ে কচুরিপানা ভর্তি ডোবায় ঝাঁপিয়ে পড়ে। এরপর ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিস ডাকা হলে সে নাকি উঠে চলে যায়। তবে বাসায় আসেনি।




মিরসরাইয়ে লাউয়ের জোড়া ৮ টাকা!

চন্দ্রদ্বীপ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষকেরা প্রতি পিস লাউ ৪ টাকার বেশি বিক্রি করতে পারছেন না। একজোড়া লাউ মাত্র ৮ টাকায় বিক্রি হচ্ছে। তাই ক্ষোভে অনেক কৃষক লাউ গাছ কেটে ফেলেছে। বাজারে নিয়ে বিক্রি করতে না পেরে বাজারে ফেলে যাচ্ছেন অনেকে। চরম বিপাকে পড়েছেন উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকেরা।

মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার প্রায় ৩০০ একর জমিতে লাউ চাষ করা হয়। গ্রীষ্মকালীন সময়ে অনেক কৃষক লাউ চাষ করে বেশ লাভবান হলেও এবার রমজান মাস শুরু হওয়ায় লাউয়ের চাহিদা কমে যায়। এতে করে ভোক্তারা আগের মতো লাউ ক্রয় না করায় চরম বিপাকে পড়তে হয়েছে চাষিদের।

জানা গেছে, লাউ চাষ করতে সার, বীজ, সেচ, শ্রমিক, মাচা তৈরিসহ অনেকটা টাকা খরচ করতে হয়। প্রথম দিকে প্রতিপিস দেড়-দুই কেজি ওজনের একটি লাউ বিক্রি করেছেন ৪০-৪৫ টাকায়। মাঝামাঝি সময়ে বিক্রি করেছেন ২৫-৩৫ টাকা প্রতি পিস। শেষ সময়ে রমজান শুরুর সময় থেকে প্রতিপিস লাউ ৩-৫ টাকা বিক্রি করেছেন।

খৈয়াছড়া এলাকার কৃষক আকতার হোসেন, গত মঙ্গলবার জমি থেকে ১৫৫ পিস লাউ তুলেছিলেন। লাউ তুলতে শ্রমিক খরচ হয় ৩৫০ টাকা। বাড়ি থেকে বড়তাকিয়া বাজারে নিতে ভ্যানভাড়া খরচ হয়েছে ১৫০ টাকা। বাজারের হাসিল দিয়েছেন ৭০ টাকা। তার মোট খরচ হয়েছে ৫৭০ টাকা। আকতার বলেন, লাউয়ের মাচায় এখনো ৩০০ পিস লাউ ঝুলে আছে। এগুলো তুলে বিক্রি না করলে মাচা ভেঙে ক্ষতির মুখে পড়ব। গত পাঁচ বছরের মধ্যে এত কম দামে লাউ বিক্রি হয়নি। এবার পাইকার ও খুচরা ব্যবসায়ী কেউ লাউ কিনছে না। ফলে পানির দরে লাউ বিক্রি করতে হচ্ছে।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, এবার উপজেলায় ৩০০ একর জমিতে লাউ চাষ হয়েছে। মৌসুমে শুরুতে লাউয়ের দাম ভালো ছিল। শীত কমে যাওয়ার কারণে লাউয়ের চাহিদা কমে গেছে। চলতি মৌসুমে উপজেলায় প্রচুর পরিমাণে লাউয়ের উৎপাদন হয়েছে। তবে অন্যান্য জিনিসপত্রের যে দাম কৃষক সে তুলনায় এখন লাউয়ের একেবারে দাম পাচ্ছে না।




ইসরাইলে ২০০০ বোমা, ২৫টি এফ-৩৫ বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদীপ ডেস্ক : গাজায় ইসরাইলের হামলার মধ্যে ইসরাইলের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের বোমা ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি যখন রাফায় সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে, তখনো ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকেনি বাইডেন প্রশাসন।

পেন্টাগন ও পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আমেরিকার একটি পত্রিকা জানিয়েছে, নতুন অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে ১,৮০০ এমকে-৮৪ ২,০০০ পাউন্ড বোমা, ৫০০ এমকে-৮২ ৫০০ পাউন্ড বোমা, ২৫টি এফ-৩৫এস যুদ্ধবিমান। এসব অস্ত্র ও বোমা ২০০৮ সালে কংগ্রেসে পাস হওয়া বৃহত্তর প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। ইসরাইল গত জুলাই মাসে তৃতীয় স্কয়াড্রোনে ২৫টি এফ-৩৫এস যুদ্ধবিমান চেয়েছে। এগুলো সরবরাহ করা হলে বহরে এই বিমানের মোট সংখ্যা হবে ৭৫।

ওয়াশিংটন তার দীর্ঘ দিনের মিত্র ইসরাইলকে বছরে ৩.৮ বিলিয়ন ডলার সামারিক সহায়তা দিয়ে আসছে। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলকে আরো বেশি করে প্রতিরক্ষা সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র সরবরাহ করছে। তবে কিছু ডেমোক্র্যাট এবং আরব আমেরিকান গ্রুপ ইসরাইলের প্রতি অবিচল সমর্থন প্রদানের জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করছে এবং এই সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানাচ্ছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রতি আমাদের অব্যাহত সমর্থন রয়েছে। শর্তসাপেক্ষ সহায়তা আমাদের নীতি নয়।’

সূত্র : টাইমস অব ইসরাইল




৭০ হাজার সরকারি কর্মীকে ছাঁটাই করছে আর্জেন্টিনা

চন্দ্রদীপ ডেস্ক : রেকর্ড মূল্যস্ফীতিতে টালমাটাল অর্থনীতির গতি ফেরাতে ৭০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই । সেই সঙ্গে সরকারের চলমান সমাজকল্যাণমূলক কর্মসূচি থেকে ২০ হাজার কর্মসূচি শিগগির বন্ধ হবে বলেও জানিয়েছেন তিনি। খবর ব্লুমবার্গের।

চাকরি ছাঁটাই ও সমাজকল্যাণমূলক কর্মসূচি বন্ধের পক্ষে যুক্তি হাজির করে তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে আর্জেন্টিনার অর্থনীতির ন্যূনতম ভারসাম্য ফেরানোর লক্ষ্য নিয়েছে সরকার। সেই লক্ষ্যের অংশ হিসেবে এই ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া হচ্ছে। এছাড়া সরকারি সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির বেশির ভাগই বর্তমানে ‘চরম দুর্নীতিগ্রস্ত’ বলেও উল্লেখ করেছেন তিনি।

আমেরিকা মহাদেশভুক্ত দেশগুলোর অর্থনৈতিক জোট ইন্টরন্যাশনাল ইকোনমিক ফোরাম অব আমেরিকাসের (আইইএফএ) লাতিন বিভাগের সম্মেলন শুরু হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে। বুধবার সেই সম্মেলনের উদ্বোধনী ভাষণে এসব তথ্য জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় করোনা মহামারির পর থেকে মূল্যস্ফীতি বাড়ছে আর্জেন্টিনায়। কয়েক মাস আগে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন এই দেশের ইতিহাসে প্রথম বারের মতো মূল্যস্ফীতি ছুঁয়েছে ১০০-এর কোঠায়। ফলে খাদ্য-ওষুধ-জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের লাগামহীন আকাশছোঁয়া মূল্যে নাভিশ্বাস উঠছে দেশটির সাধারণ জনগণের।




বইয়ের বাঁধাই থেকে মানুষের চামড়া সরিয়ে ফেললো হার্ভার্ড লাইব্রেরি

চন্দ্রদীপ ডেস্ক : গ্রন্থাগার থেকে ৯০ বছরেরও বেশি সময় ধরে রাখা একটি বইয়ের বাঁধন থেকে মানুষের চামড়া অপসারন করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। খবর এএফপি’র।

ডেস্টিনিজ অব দ্য সোল’ নামের ঊনবিংশ শতকের বইটি নিয়ে গবেষণা হয়। ২০১৪ সালে জানা যায়, এক নারীর চামড়া দিয়ে বাঁধাই করা এই বই।

হার্ভার্ড বলেছে, বইটির বাঁধাই অপসারন করা হয়েছে এবং উল্লেখ করেছে ‘বইটির তদারককারীদের অতীতের ব্যর্থতা যা মানুষের মর্যাদাকে আরও আপত্তিকর এবং যার দেহাবশেষ বাঁধাইয়ের জন্য ব্যবহৃত হয়েছিল তাকে হেয় করেছে।’

বিশ্ববিদ্যালয় বলেছে, তারা ‘এই মানব দেহাবশেষের একটি চূড়ান্ত সম্মানজনক অবস্থান নির্ধারণ করতে ফরাসি কর্তৃপক্ষের সাথে পরামর্শ করছে।’

যুক্তরাষ্ট্রের প্রাচীনতম কলেজ হিসাবে বিবেচিত হার্ভার্ড ‘এই বিষাদগ্রস্থ গল্পের বইটির প্রতি আগ্রহ জাগিয়েছিল, ২০১৪ সালের আবিষ্কারটিকে ‘নৃতাত্ত্বিক গ্রন্থপঞ্জি, গ্রন্থ সংগ্রাহক এবং নরখাদকদের অনুরাগীদের মধ্যে উদ্দীপক হিসেবে অভিহিত করেছিল।’

হার্ভার্ড ২০১৪ সালের একটি ব্লগ পোস্টে বলেছিল, নৃতাত্ত্বিক গ্রন্থপঞ্জিতে মানুষের ত্বকে বই বাঁধাই করার অভ্যাস একসময় তুলনামূলকভাবে সাধারণ অভ্যাসে পরিণত হয়েছিল।

ইউনিভার্সিটি বলেছে, ফরাসি লেখক আর্সেন হাউসেয়ের লেখা বইটির প্রথম মালিক বই সংগ্রাহক,চিকিৎসক লুডোভিক বোল্যান্ড সেই সময়ে মানসিকভাবে অসুস্থ এক মহিলার শরীর থেকে চামড়া নিয়েছিলেন, যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সেখানে তিনি কাজ করতেন।

বোল্যান্ড একটি নোটে হাউসেয়েকে বলেছিলেন: ‘মানুষের আত্মা সম্পর্কে একটি বই মানুষের ত্বকের আবরণ পাওয়ার যোগ্য।’

বুধবার হার্ভার্ড বিবৃতিতে বলেছে, ‘বইটির সাথে সম্পর্কিত বোল্যান্ডের স্টুয়ার্ডশিপ অনুশীলনগুলো ‘নৈতিক মানগুলোর স্তর পূরণ করতে ব্যর্থ হয়েছে।’

এতে বলা হয়, বইটি মানুষের ত্বকে আবদ্ধ ছিল তা নিশ্চিত করার বৈজ্ঞানিক বিশ্লেষণের পরে লাইব্রেরি ব্লক পোস্টে বইটি সম্পর্কে ‘একটি চাঞ্চল্যকর, বিষাদগ্রস্ত এবং হাস্যকর টোন ব্যবহার করেছে যা অনুরূপ আন্তর্জাতিক মিডিয়া কভারেজকে উৎসাহিত করে।’

২০২২ সালে হার্ভার্ড একটি প্রতিবেদন প্রকাশ করেছে, এতে বলা হয় বিশ্ববিদ্যলয়টির বিভিন্ন সংগ্রহে ২০,০০০ টিরও বেশি বইয়ে বাঁধাইয়ে মানুষের দেহাবশেষ শনাক্ত করেছে, এতে কঙ্কাল থেকে দাঁত, চুল এবং হাড়ের টুকরো পর্যন্ত রয়েছে।




চৈত্রেও নাতিশীতোষ্ণ আবহাওয়া : কাল থেকে দেশব্যাপী দাবদাহ শুরুর সম্ভাবনা

চন্দ্রদীপ ডেস্ক : মাঝ চৈত্র পেরুলেও প্রকৃতিতে তাপদগ্ধ নিদাঘের রুদ্ররূপ প্রকট হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশের ষড়্ঋতুর চক্র এলোমেলো করে দিচ্ছে। কাঠফাটা তাতানো রোদ্দুরে মাঠ-ঘাট ফেটে চৌচির হওয়ার বদলে এখন মেঘলা আবহাওয়া, বৃষ্টিবাদল, সকালে কুয়াশা, দিনে গরম, রাতে ঠান্ডা। শীতার্ত আমেজ ঘিরে আছে এখনো। এবছর আবহাওয়ার খেয়ালি আচরণে চৈত্র যেন পেয়েছে নতুন রূপ। সারা দেশে তাপমাত্রা ১৫ থেকে ৩২-এর মধ্যে ওঠানামা করছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিরূপ আবহাওয়ার কবলে পড়েছে দেশ। গত কিছু দিন যাবত্ রাজধানী ঢাকার তাপমাত্রা কমছে। রাতের শেষ দিকে গায়ে জড়াতে হচ্ছে কাঁথা। আবার ভোর পেরিয়ে সকাল হতেই বেশ গরম অনুভূত হচ্ছে। দুপুরের দিকে তাপমাত্রা বেশ উষ্ণ থাকছে, আবার বিকাল থেকে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাচ্ছে। রাজধানীর বাইরের পঞ্চগড়ে বর্তমানে ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাত্ এখনো সেখানে শীতকালীন আবহাওয়া বিরাজ করছে। যদিও ঐ এলাকায়  এখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩২-৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আরো দুই দিন ঝড়-বৃষ্টি চলার পর গরম বাড়বে। আজ শনিবার রাতের তাপমাত্রা বাড়তে পারে। আর কাল রবিবার থেকে বাড়তে পারে দিন ও রাতের দুই সময়েই তাপমাত্রা। রবিবার থেকে তাপমাত্রা বেড়ে দেশের দুই-এক জায়গায় দাবদাহ হতে পারে। তবে এখনই তীব্র তাপের অসহনীয় অবস্থা হবে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, চৈত্র মাসের শেষের দিকে তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। প্রতি বছরই সবসময় এটাই দেখা যায়। এখন সেই অবস্থার বদল দেখা যাচ্ছে। তাপমাত্রা বেশ কম। তিনি বলেন, গত কয়েক দিন উত্তরাঞ্চলের আবহাওয়া ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে। এপ্রিল মাসের ৫ থেকে ৭ তারিখের দিকে দাবদাহ বাড়বে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামীকাল রবিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।