বিশ্বের শক্তিশালী এমআরআই মেশিনে মস্তিষ্কের প্রথম চিত্র প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : আবিষ্কৃত হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার, ইসেলট। মানব মস্তিষ্কের স্ফটিকের মতো স্বচ্ছ ছবি তুলেছে এই স্ক্যানার। সম্পূর্ণ নির্ভুল সেই ছবি। এই ছবি দেখে মস্তিষ্কের গোপনীয়তা ও রোগ সম্পর্কে আরও তথ্য পাওয়ার আশা করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

ফ্রান্সের অ্যাটমিক এনার্জি কমিশনের (সিইএ) গবেষকরা ২০২১ সালে কুমড়ো স্ক্যান করার জন্য এই মেশিনটি প্রথম ব্যবহার করেছিলেন। তিন বছর পর দাঁড়িয়ে স্বাস্থ্য কর্মকর্তারা মানুষের মস্তিষ্কের ছবির পাশাপাশি তার পুরো শরীরের ছবি তোলার জন্য এই মেশিনটিতেই সবুজ সংকেত দিয়েছেন।

গত কয়েক মাসে প্রায় ২০ জন সুস্থ মানুষের এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) স্ক্যান করা হয়েছে এই মেশিন দিয়েই। এই প্রকল্পে কাজ করা বিজ্ঞানী আলেকজান্ডার ভিগনাউড বলেছেন, আমরা এটিতে এমন এক লেভেলের নির্ভুলতা দেখেছি যা আগে কখনও দেখা যায়নি।

প্যারিসের দক্ষিণে মালভূমি দে স্যাক্লে এলাকায় এই গবেষণা কেন্দ্রটি অবস্থিত। নতুন যন্ত্রটির মাধ্যমে প্রচলিত এমআরআই মেশিনের তুলনায় ১০ গুণ বেশি স্বচ্ছ ছবি পাওয়া যায়।

আলেকজান্ডার ভিগনাউড বলেন, হাসপাতালগুলোতে ব্যবহৃত মেশিনগুলি সাধারণত তিনটি টেসলার বেশি হয় না। বিজ্ঞানীরা এই শক্তিশালী স্ক্যানারটির সঙ্গে একটি কম্পিউটার স্ক্রিনে তোলা ছবিগুলোকে একটি সাধারণ এমআরআই দ্বারা তোলা ছবির সঙ্গে তুলনা করেছেন। এই মেশিনের সাহায্যে সেরিব্রাল কর্টেক্সকে পুষ্ট করে এমন ক্ষুদ্র সেরিবেলামের বিবরণ দেখতে পাওয়া যায়। যা এতদিন অসম্ভব ছিল।

ফ্রান্সের গবেষণা মন্ত্রী ও পদার্থবিদ সিলভি রিটেইলিউ, নিজে একজন পদার্থবিদ। তিনি বলেন “নির্ভুলতা খুব বিশ্বাসযোগ্য। এটি বিশ্বে প্রথম মস্তিষ্কের প্যাথলজিগুলির জন্য আরও ভাল সনাক্তকরণ এবং চিকিৎসার সুযোগ দেবে। ’

শুধু ফ্রান্স নয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াও এমন শক্তিশালী এমআরআই যন্ত্র তৈরিতে কাজ করছে। কিন্তু এসব যন্ত্রে এখনো রোগীকে স্ক্যান করা শুরু হয়নি।




২৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘রুচিশীল’ নাম দিল সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক : শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ প্রকাশ করে এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, খুলনার কয়রার খাসিটানা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গার দামুড়হুদা পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে ছায়াবিথী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জের সিরাজদীখান চোরমর্দ্দন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম জ্ঞানপ্রদীপ চোরমর্দ্দন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চোরমর্দ্দন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম জমিদারবাড়ি চোরমর্দ্দন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাটোরের লালপুর উপজেলার গোদাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মাতৃছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার চুলধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এখানে শ্রুতিকটু ও নেতিবাচক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

এর আগে, গত বছরের ১৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ জারি করে মন্ত্রণালয়।

ওই সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সম্বলিত। যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার অন্তরায়। এজন্য মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সঙ্গে মানানসই নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে দেশব্যাপী এরকম নেতিবাচক ভাবার্থ সম্বলিত নাম পরিবর্তন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। এগুলোয় শিক্ষার্থীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৯১ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।




জনগণের স্বার্থে আমি ও রেহানা সব সম্পত্তি ট্রাস্টে দান করেছি: প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি ও আমার বোন শেখ রেহানা জনগণের স্বার্থে আমাদের সমস্ত সম্পত্তি ট্রাস্টকে দান করে দিয়েছি। আমাদের কেউ নেই এবং আমরা জনগণের কল্যাণে আমাদের সম্পত্তি দান করেছি।’

বুধবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের ব্যবস্থাপনা টিম সৌজন্য সাক্ষাত করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধাগুলো নিশ্চিত করার জন্য আমরা সারাদেশে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছি। এর ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে।’

কেপিজে হেলথকেয়ার বেরহাদ সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক চিন কিট চুয়ান দলের নেতৃত্ব দেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো.নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে যাতে এলাকার শ্রমিক ও মানুষ সহজে মেডিকেয়ার সুবিধা পেতে পারে।

এক সময় বাংলাদেশের মানুষ দরিদ্র এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল বলেও তিনি স্মরণ করে তিনি বলেন, আমরা দারিদ্র্যের হার কমাতে সক্ষম হয়েছি।

২৫০ শয্যার হাসপাতালটি কেপিজে হেলথকেয়ার বেরহাদ দ্বারা পরিচালিত হয়, যেটি মালয়েশিয়ার একটি বিখ্যাত বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থা। কেপিজে হেলথকেয়ার বেরহাদ এর বর্তমানে মালয়েশিয়ায় ২৯টি হাসপাতালের একটি চেইন রয়েছে।

বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামে নামকরণ করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাশিমপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত ২৫০ শয্যার বিশ্বমানের এই হাসপাতালটি ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে মানুষের সেবা করে আসছে।

এটি বাংলাদেশে প্রথম ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) প্রত্যায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে পরিণত হয়েছে, যা রোগীদের জন্য স্বাস্থ্যসেবা লাভের আস্থা সৃষ্টি  করেছে। আন্তর্জাতিক সংস্থা ব্যুরো ভেরিটাস ২০১৭ সালে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অবদানের জন্য এটিকে পুরস্কৃত করে।




সিপিপির সেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর  কলাপাড়া উপজেলা সিপিপির সেচ্ছাসেবকদের দুইদিন ব্যাপি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার(০৩ এপ্রিল) বেলা১১টায় উপজেলা পরিষদ হলরুমে সিপিপির সেচ্ছাসেবকদের দুইদিন ব্যাপি এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : বাউফলে স্থানীয় সাংসদের সাথে মতবিনিময় সভা 

সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খাঁন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিমলীডার সিপিপি কলাপাড়া উপজেলা মো.মোতালেব হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিপিবি সদস্যরা উপস্থিত ছিলে।




গলাচিপায় ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের তত্ত্বাবধানে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন।

প্রশিক্ষণ ও মহড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক (কনসালটেন্ট) ডা. মো. আল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে ১৩ বছরের শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

এসময় আগুন নিভানো যন্ত্রের ব্যবহারবিধি ও প্রকারভেদ, যন্ত্র ব্যবহারে সতর্কতা, আগুন নিভানোর জন্য বিভিন্ন ধাপে করণীয়, সর্বোপরি অগ্নিকাণ্ডরোধে নানান পদক্ষেপ বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে মাঠে আগুন জ্বালিয়ে সেই আগুন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে নিভানোর পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়। একই সাথে হাতের কাছে থাকা ভেজা কম্বল বা বস্তা, ছোট বালতি দিয়ে কীভাবে সহজে আগুন নিভানো যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ ও মহড়ায় উপস্থিত ছিলেন রিস্ক অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট লিমিটেডের ইলেকট্রিক্যাল সেইফটি এসোসর ইমতিয়াজ মাহমুদ। এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনতলা নতুন ভবনটিকে বৈদ্যুতিক ও অগ্নি উচ্চঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন।




হামাস নেতা হানিয়াহের বোনকে আটক করেছে ইসরাইল

চন্দ্রদ্বীপ ডেস্ক : দক্ষিণ ইসরাইলে এক অভিযানে হামাস নেতা ইসমাইল হানিয়াহের বোনকে ইসরাইলি পুলিশ আটক করেছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম দ্যা টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়াহের এক বোনকে উগ্র গোষ্ঠীর অপারেটিভদের সাথে যোগাযোগ এবং সন্ত্রাসী কাজে সমর্থন করার সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

ইসরাইল পুলিশ একটি বিবৃতিতে বলেছে যে- তারা শিন বেটের সাথে যৌথ অভিযানে ৫৭ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে যিনি ‘হামাসের একজন সিনিয়র সদস্যের আত্মীয়’ যেটিকে ‘আর্লি ডন’ বলা হয়েছিল।

বিবৃতিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়নি, শুধু বলা হয়েছে যে- তিনি দক্ষিণাঞ্চলীয় তেল শেভা শহরের বাসিন্দা, যেখানে অভিযান চালানো হয়েছিল।

দেশটির প্রতিরক্ষা সূত্র নাম প্রকাশ না করার শর্তে কথা বলে নিশ্চিত করেছে যে- ওই নারী হানিয়াহের বোনদের একজন।

চ্যানেল-১২ জানিয়েছে, পুলিশ পরে সন্দেহভাজন ব্যক্তিকে সাবাহ আবাদ আল-সালাম হানিয়েহ বলে শনাক্ত করেছে।
সূত্র : দ্যা টাইমস অফ ইসরাইল




সারাহর কিডনি গ্রহীতা দ্বিতীয় নারীও মারা গেল

চন্দ্রদ্বীপ ডেস্ক : সারাহ ইসলামের কিডনিগ্রহীতা অপর নারীও মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীমা আক্তার (৩৪) নামে ওই নারীর মৃত্যু হয়।

ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল শামীমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সারাহর কিডনি নেওয়া প্রথমজন ফুসফুসের সংক্রমণে মারা গেছেন। এবার দ্বিতীয়জনও চলে গেলেন। এটি আমাদের জন্য খুবই কষ্টের।

এর আগে গত বছরের অক্টোবরে সারহার কিনডি নেওয়া হাসিনা আক্তারের মৃত্যু হয়।

গত বছরের জানুয়ারিতে সারাহ ইসলামের অঙ্গদানের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘ব্রেইন ডেড’ মানুষের কিডনি নিয়ে অন্য রোগীর দেহে প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু হয়, যা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করেছিল।

অধ্যাপক হাবিবুর রহমান বলেন, শামীমা শেষ ৬ মাস আমাদের তত্ত্বাবধায়নের বাইরে ছিল। সম্প্রতি তার ভাই জানায়, শামীমার ক্রিটিনিন বেড়েছে, একেবারে শুকিয়ে গেছে। ৩ সপ্তাহ আগে তাকে ফের বিএসএমএমইউতে ভর্তি করানো হয় তাকে। শুরুর দিকে অবস্থার কিছুটা উন্নতি হলেও ক্রিটিনিন ফের বাড়ায় তাকে ওয়ার্ড থেকে কেবিনে আনা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় ৪ দিন আগে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

শামীমার মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, তার সি ভাইরাস ও বিরল নিউমোনিয়া ধরা পড়েছিল। সে অনুযায়ী ডায়ালাইসিসও শুরু করেছিলাম আমরা। একদিন বাইরের হাসপাতালেও নেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ রাত ৯টার দিকে শামীমা মারা যায়।

কিডনি ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক হারুন অর রশিদ জানান, সারাহর কিডনি নেওয়া হাসিনা আক্তার অক্টোবর কিডনি ফাউন্ডেশনে মারা যায়। তার সংক্রমণ দেখা দিয়েছিল।

এদিকে দ্বিতীয়বারের মতো যে দুজনের শরীরে ‘ব্রেইন ডেড’ মানুষের কিডনি প্রতিস্থাপন (ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট) করা হয়েছিল, তাদের একজন মারা গেছেন। ৭ বছর ধরে কিডনি সমস্যায় ভোগা এক ব্যক্তির শরীরে চলতি বছরের ২৫ জানুয়ারি ওই কিডনি প্রতিস্থাপন করা হয়। গত ৪ ফেব্রুয়ারি ৪৪ বছর বয়সী ওই রোগী মারা যান। অপর রোগী এখনও সুস্থ আছেন।




সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে ২ কোটি টাকা লুট

চন্দ্রদীপ ডেস্ক : বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে ২ কোটি টাকা লুট করেছে অস্ত্রধারীরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে ব্যাংকে থাকা আনসারের ৪টি অস্ত্রও লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর থেকে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনার সঙ্গে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) জড়িত থাকতে পারে বলে সন্দেহ স্থানীয় জনপ্রতিনিধিদের। ঘটনার পর থেকে সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় নিরাপত্তা জোরদার রেখেছে।

ব্যাংকের শাখা সংশ্লিষ্টরা জানান, ওই সময় ব্যাংকের ভল্টে আনুমানিক ২ কোটি টাকা ছিল। অস্ত্রধারীরা পুরো টাকাই লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইফতারের কিছুক্ষণ পরে নামাজ পড়তে যান সোনালী ব্যাংকের রুমা উপজেলা শাখার কর্মচারীরা। এ সময় আনসারের ৪ সদস্য ব্যাংকের পাহারায় ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে প্রায় ৬০-৭০ জন অস্ত্রধারী ব্যাংকে আক্রমণ করে। প্রথমে তারা ব্যাংকের পাহারায় থাকা আনসার সদস্যদের অস্ত্র কেড়ে নিয়ে বেঁধে রাখে। এরপর তারা ব্যাংকের ভেতরে ঢুকে লকার ভেঙে টাকা লুট করে।




আজ থেকে বাস ভাড়া কমছে কিলোমিটারে ৩ পয়সা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ডিজেলের দাম কমার পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি তিন পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আজ মঙ্গলবার থেকে এটা কার্যকর হচ্ছে।

এর আগে সোমবার (১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো: মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৪৫ পয়সার জায়গায় ২ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হলো।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা আগের মতো বহাল থাকবে।

এ ভাড়ার হার গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এতদ্বারা রহিত করা হলো। এ ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙ্গিয়ে রাখতে হবে।




পায়রা বন্দরে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর পায়রা বন্দরে বারেক আঁকন (৩৫) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

গতকাল দুপুরে লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া এলাকার প্রথম টার্মিনাল সংলগ্ন নির্মাণাধীন ব্রিজ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বারেক পার্শ্ববর্তী তালতলী উপজেলার পূর্ব ঝারাখালী এলাকার সত্তার আঁকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে বারেক তার বাড়ি থেকে ওই প্রকল্প এলাকায় শ্রমিকের কাজ করতে আসে। সেখানে নদীতে কাজ করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় বন্দর কর্তৃপক্ষ পুলিশকে অবহিত না করেই লাশ বাড়িতে পাঠিয়ে দেয়। পরে স্বজনরা তার বুকে আঘাতের চিহ্ন দেখে পুলিশে অবহিত করলে আজ সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে অটোরিকশা উদ্ধার, চোর চক্রের হোতা আটক

মৃত বারক আঁকনের বড় ভাই আ: খালেক আঁকন জানান,আমার ভাইকে হত্যা করা হয়েছে। কারন তারা তাড়াহুড়ো করে লাশ বাড়িতে নিয়ে এসেছে। আমরা তার বুকে আঘাতের চিহ্ন না দেখলে বুকতেই পারতাম না। তারা লাশ থানায় না নিয়ে তাড়াহুড়ো করে বাড়িতে নিয়ে আসলো কেন? আমরা তাই এ হত্যার সুষ্ঠু বিচার চাই।

তার ভাগিনা সোহাগ জানান, আমার মৃত মামার ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে, এখন তার পরিবার অসহায়।

পায়রা বন্দরের ওই প্রকল্প এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মোহিমিনুল চৌধুরী জানান, ওই শ্রমিকের লাশ বাড়ি পাঠানোর পর আমরা বিষয়টি জানতে পেরেছি। যার কারনে আর পুলিশে অবহিত করা হয়নি।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, ওনারা আমাদের না জানিয়ে লাশ তালতলী বাড়ী পাঠিয়ে দেয়,আবার না জানিয়েই লাশ থানায় নিয়ে আসে। আজ সোমবার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।