পটুয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন এলাকার মসজিদ-ই-নূর জামে মসজিদ মাঠে এ নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়। এর আগে দীর্ঘক্ষণ ধরে মসজিদে দোয়া-দরুদ পাঠ করেন নামাজে অংশ নেন মুসুল্লিরা।

আরো পড়ুন : পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

বিশেষ নামাজের মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস।

মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে।’

তিনি আরও বলেন, ‘এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয়, এজন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা যাতে আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন এ জন্য দোয়া ইউনুস পড়েছি।’




সেনা ইউনিটের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সেনাবাহিনীর ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে, তার দেশ তা প্রত্যাখ্যান করবে। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি সেনা ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সহায়তা কমানোর পরিকল্পনা করছে- এমন খবর প্রকাশের পর দেওয়া প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এ কথা জানান।

রোববার তিনি বলেন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ সাইট তাদের প্রকাশিত একটি সংবাদে জানায়, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর নেৎজা ইয়েহুদার ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।




ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ

চন্দ্রদীপ ডেস্ক: ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের গোষণা দিয়েছেন তিনি।

সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন।’’

বিবৃতিতে আরও বলা হয়েছে, চিফ অব জেনারেল স্টাফের সাথে আলোচনায় মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার আহ্বান জানিয়েছেন। গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসেবে ৭ অক্টোবরের হামাসের হামলার ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে এই আহ্বান জানান তিনি।

‘‘মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম ও পেশাদারিত্বের প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ করা হবে।’’

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ব্যর্থতা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

পদত্যাগ পত্রে জেনারেল আহারন হালিভা লিখেছেন, ‘‘গোয়েন্দা অধিদপ্তর আমার নেতৃত্বাধীন কমান্ডের ওপর যে দায়িত্ব অর্পণ করেছিল তা সঠিকভাবে পালন করতে পারেনি। সেই কালো দিনের ব্যর্থতার দায় আমি নিচ্ছি। আমি চিরদিন এই যুদ্ধের ভয়ংকর যন্ত্রণা বহন করব।’’

সূত্র: এপি, রয়টার্স।




দশমিনায় জেলেদের মাঝে চাল বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: দশমিনা উপজেলায় তেতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর তীরবর্তী এলাকার জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় ০৪ নং দশমিনা ইউনিয়নে ১৮ শত ৩৬ জন জেলেদের মাঝে দুই মাসের ৮০ কেজি করে এ চাল বিতরন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন।

আরো পড়ুন : পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মামুন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হেলাল উদ্দিন ,ইউপি সদস্য মোঃ শাজাহান, মোঃ দেলোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য  মোসাঃ লাইজু বেগমসহ উপকারভোগী সামুদ্রিক জেলেরা।




পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় তাপদাহের কারণে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুধু এপ্রিলেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৬ জন। আর আউটডোরে চিকিৎসা নিয়েছেন কয়েক হাজার মানুষ।

আরো পড়ুন : পটুয়াখালীতে প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মানবন্ধন

রোববার রাতে ডায়রিয়া আক্রান্ত হয়ে সত্তার ফরাজী (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন।

কলাপাড়া হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জে এইচ খান লেলিন জানান,  এ বছরের শুধু এপ্রিল মাসেই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৬ জন। এছাড়াও আক্রান্ত আরও কয়েক হাজার মানুষ আউটডোরে চিকিৎসা নিয়েছে।

তিনি আর জানান, কলাপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি হওয়ার পর থেকে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলাপাড়া হাসপাতালের বাইরেও উপজেলার মহিপুর ও কুয়াকাটা হাসপাতালেও পাঁচ শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন : কুয়াকাটায় বাতিল হচ্ছে হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং

উপকূলে বিশুদ্ধ পানি সংকট ও তাপদাহের কারণে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়লেও হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ঔষধ সরবরাহ রয়েছে বলে জানান এই চিকিৎসক।




পটুয়াখালীতে প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মানবন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: ‘প্ল্যানেট বনাম প্লাস্টিক’ প্লাস্টিক দূষণ বন্ধ করার দাবীতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী, কুয়াকাটা ট্যুর গাইড, কুয়াকাটা তরুণ ক্লাব ও কুয়াকাটা বয়েস ক্লাব এর আয়োজনে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চর চাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহম্মেদ বলেন, প্লাস্টিক ও পলিথিনের অতি ব্যবহারের কারণে মানুষ ক্যানসারসহ প্রাণঘাতী নানা রোগে আক্রান্ত হচ্ছে। তেমনি নদীনালা ভরাট হয়ে জলাবদ্ধতাসহ পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই পলিথিন নিষিদ্ধ আইনের কঠোর বাস্তবায়ন করার দাবি করেন।

আরো পড়ুন : কুয়াকাটায় বাতিল হচ্ছে হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং

ধোলাই মার্কেট মৎস জেলে সমিতির সভাপতি ওবায়দুল বলেন, এক বছরে সাগরে ফেলা হয় ২২ কোটি পাউন্ড প্লাস্টিক বর্জ্য। দূষণের ক্ষেত্রে প্লাস্টিক বর্জ্য এমনিতেই ভয়াবহ। সমুদ্র দূষণের ক্ষেত্রে একক দূষক বস্তু হিসেবে এটি সবার ওপরে। এর কারনে মাছের আকাল পড়েছে।

ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি কামাল হাসান রনি বলেন, নির্বিচারে বৃক্ষ নিধন, বনভূমির ধ্বংস, কলকারখানা বৃদ্ধি, গ্রিনহাউজ গ্যাসসহ অন্যান্য ক্ষতিকারক গ্যাসের নিঃসরণ, ক্ষতিকারক কেমিক্যালের ব্যবহারের কারনে আজকের মাটি,পানি,বায়ু দূষণ, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া,জীববৈচিত্র্য বিলীন হচ্ছে, পাশাপাশি জীবন সংকটে রয়েছে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিপিপি টিম লিডার জসিম উদ্দিন খলিফা, সমাজসেবক লুৎফুল হাসান রানা সহ প্রমুখ।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থী-সুধীজনরা, বিভিন্ন পেশার মানুষ বনাঞ্চলে সেই আগের মতো সবুজ বনানী আর নির্মল পরিবেশ ফিরিয়ে আনতে যার যার অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




কুয়াকাটায় বাতিল হচ্ছে হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং

পটুয়াখালী প্রতিনিধি :: অতিরিক্ত তাপমাত্রায় পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটকরা হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং বাতিল করছেন। কেউ কেউ দুই-তিনদিন থাকার জন্য এসে গরমে একদিন থেকে ফিরে যাচ্ছেন। এতে কাঙ্ক্ষিত পর্যটক পাচ্ছেন না পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কুয়াকাটার বেশ কয়েকটি হোটেল মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ পরবর্তী লম্বা একটি সময় কুয়াকাটায় পর্যটকদের আগমনে সরগরম থাকে। তবে প্রতি বছরের চেয়ে এ ঈদের পর অসংখ্য পর্যটকদের আগমন থাকলেও হঠাৎ ভাটা পড়ে। অতিরিক্ত দাবদাহের কারণে আগত পর্যটকরা দ্রুত চলে যাচ্ছেন।

আরো পড়ুন : তাপদাহে অসহনীয় পটুয়াখালীর জনজীবন

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, অগ্রিম বুকিং করা পর্যটকরা পরিবারের শিশু-বৃদ্ধদের চিন্তা করে সেটি বাতিল করছেন। প্রতিটি ঈদের পর আমরা প্রথম সপ্তাহ পুরোপুরি বুকিং পাই, দ্বিতীয় সপ্তাহে ৫০-৭০ শতাংশ বুকিং থাকে। এভাবে কমপক্ষে ২৫ দিন আমরা পর্যটকদের সরগরমে ব্যস্ত থাকি। তবে এ ঈদের পরে হঠাৎ পর্যটকদের অবস্থা ২০-৩০ শতাংশে চলে এসেছে।

বরিশাল থেকে বেড়াতে আসা পর্যটক মো. শাহ আলম জানান, তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় এসেছি। ২-৩ দিন থাকতে চেয়েছি কিন্তু একদিন থাকার পরে মনে হচ্ছে এখানে আর থাকা সম্ভব নয়।

হোটেল সমুদ্র বাড়ি রিসোর্টের পরিচালক নজরুল ইসলাম সজিব জানান, আমাদের হোটেলে ঈদের পরে বেশ ভালো অগ্রিম বুকিং পেয়ে থাকি।
তবে প্রতি বছর ঈদ পরবর্তী এমন সময়ে হোটেলের প্রায় ৫০-৬০ শতাংশ কক্ষ বুকিং থাকে। কিন্তু এ বছর মাত্র ১০ শতাংশ বুকিং রয়েছে। দুদিন আগে বুকিং দেওয়া চারটি রুম দুটি পরিবার আজকে বাতিল করেছে। তারা বলছে অতিরিক্ত গরমের কারণে শিশু ও পরিবারের লোকজন নিয়ে নিরাপদ মনে না করায় এ বুকিং বাতিল করা হয়েছে।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম জানান, ঈদ পরবর্তী সময়কে আমরা পর্যটক মৌসুমের একটি বড় সময় ধরে থাকি। এ বছর মৌসুমে পর্যটক আসা শুরু করলেও অতিরিক্ত তাপমাত্রা সবকিছু এলোমেলো করে দিয়েছে।

আরো পড়ুন : দশমিনায় নদীতে ভেসে আসা যুবকের পরিচয় সনাক্ত

কুয়াকাটায় প্রায় ২০০ আবাসিক হোটেল-রিসোর্ট রয়েছে তার মধ্যে ৪০-৫০ শতাংশ হোটেলে কক্ষে এসি থাকে। সব পর্যটকরা তো আবার এসিতেও থাকে না। সব মিলিয়ে এ পর্যটক কমে যাওয়া ব্যবসায়ীদের জন্য একটি বড় ক্ষতির কারণ।

কলাপাড়া উপজেলা সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মো. জিল্লুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েকদিন ধরে এর আশপাশে অবস্থান করছে তাপমাত্রা। আগামীতে আরও এক সপ্তাহ এ অবস্থা অপরিবর্তিত থাকতে পারে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পর্যটকদের বারবার মাইকিং করে সাবধানে থাকতে বলা হচ্ছে। এছাড়াও আমাদের সদস্য বাড়তি নজরদারি রাখছে যাতে কোনো পর্যটক অসুস্থ হলেও দ্রুত চিকিৎসা দেওয়া যায়।




তাপদাহে অসহনীয় পটুয়াখালীর জনজীবন

পটুয়াখালী প্রতিনিধি :: বৈশাখের তপ্ত তাপদাহে দক্ষিণের জনপদের মাঠঘাট ফেটে চৌচির। শুকিয়ে গেছে পুকুর জলাশয়। প্রচণ্ড গরম ও পানির সংকটে অসহনীয় হয়ে উঠেছে মানুষ ও পশুপাখির জীবন। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সেচের অভাবে ব্যাহত হচ্ছে আউশ ও বোরো আবাদ। দিশেহারা পটুয়াখালীসহ দক্ষিণ জনপদের কৃষক।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত জেলায় ৪৫ দশমিক ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ৮ মিলিমিটার, ফেব্রুয়ারিতে ১৬ মিলিমিটার, মার্চে ১০ দশমিক ৮ মিলিমিটার এবং ২১ এপ্রিল পর্যন্ত ১১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। ২০২৩ সালে জানুয়ারি-এপ্রিল জেলায় ৯৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। গতকাল রোববার পটুয়াখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন : দশমিনায় নদীতে ভেসে আসা যুবকের পরিচয় সনাক্ত

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ৭২ ঘণ্টা আবহাওয়ার এ পরিস্থিতি অব্যাহত থাকবে। সামান্য বৃষ্টিপাত হলেও তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানান এ কর্মকর্তা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছয়টি ইউনিয়নে সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ভূগর্ভস্থ পানির স্তর ২৮ থেকে ৩৪ ফুট নিচে নেমে গেছে। এর মধ্যে বদরপুরে ৩৪ ফুট, ইটবাড়িয়ায় ৩০ ফুট, কালিকাপুরে ২৯ দশমিক ৬ ফুট, মাদারবুনিয়ায় ২৯ ফুট, জৈনকাঠিতে ২৮ দশমিক ৭ ফুট এবং লাউকাঠিতে ২৮ ফুট নিচে রয়েছে পানির স্তর। একই অবস্থা জেলার অন্যান্য ইউনিয়নেরও। এ অবস্থায় পটুয়াখালীসহ পুরো দক্ষিণ জনপদের অনেক গভীর নলকূপে পানি উঠছে না । এসব এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

পটুয়াখালীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক ভাবে নিচে নেমে যাওয়ায় অনেক নলকূপে পানি উঠছে না। সাধারণত ৬ নম্বর হ্যান্ডপাম্পযুক্ত গভীর নলকূপ বসানোর জন্য পানির সর্বোচ্চ স্থিতিতল হয় ২০ থেকে ২৫ ফুট। কিন্তু সদর উপজেলায় পানির স্তর আরও নিচে নেমে গেছে। এতে নলকূপগুলোর হাতল শক্ত হয়ে পানির ডিসচার্জ কমে যায়। কিছু কিছু নলকূপ অকেজো হয়ে পড়েছে। পানির সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প বরাদ্দ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

আরো পড়ুন : পায়রা বন্দরের প্রথম টার্মিনালে একসঙ্গে ভিড়বে তিন জাহাজ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৬১০ হেক্টর। এর মধ্যে স্থানীয় জাতের ২৪১ হেক্টর, উফশী জাতের ১৫ হাজার ৫৫৯ হেক্টর এবং হাইব্রিড জাতের ৪ হাজার ৮১০ হেক্টর জমিতে আবাদ করা হয়। কিন্তু অনাবৃষ্টি ও সেচের অভাবে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। ফলে বোরো আবাদে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষকদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া প্রচণ্ড তাপদাহে মাঠঘাট ফেটে চৌচির হওয়ায় আবাদ করা মুগ ডাল, তিল, চিনাবাদাম, কাঁচামরিচ, সূর্যমুখী, ভুট্টাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খরা ও অনাবৃষ্টিতে রবিশস্যের তেমন ক্ষতি না হলেও বোরো আবাদে ক্ষতির শঙ্কা প্রবল। কৃষকরা জমিতে দুই থেকে তিন দিন পানি ধরে রাখতে পারলে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। ফসল রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।




ভারতে রেড অ্যালার্ট : মরুভূমির চেয়ে তাপমাত্রা বেশি কলকাতায়

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারতের চার রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। এর মধ্যে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ।

এই চার রাজ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। এদিকে রোববার পশ্চিমবঙ্গ উড়িষ্যার বেশ কয়েকটি জেলায় রেকর্ড তাপমাত্রা ৪৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়াও ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, গুজরাট এবং মহারাষ্ট্রেও তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি রেকর্ড করা হয়েছে।

এদিকে রাজস্থানের মরুভূমি জয়সলমেরের চেয়েও তাপমাত্রার পারদ বেশি পশ্চিমবঙ্গে। জয়সলমেরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। সেখানে কলকাতার তাপমাত্রার পারদ ছিল ৪১ দশমিক ২ ডিগ্রিতে। সবচেয়ে বেশি গরম ছিল পানাগড়ে। পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী ৩ থেকে ৪ দিন একইরকম পরিস্থিতি থাকবে। সবমিলিয়ে বুধবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে ভারতে তাপপ্রবাহের পাশাপাশি ২৬টি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, গোয়া, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা।




দশমিনায় নদীতে ভেসে আসা যুবকের পরিচয় সনাক্ত

পটুয়াখালী প্রতিনিধি :: দশমিনায় তেতুলিয়া নদীর তীরে ভেসে আসা সেই অজ্ঞাত যুবকের পরিচয় জেলার সিআইডি কতৃক ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লাশের সানক্ত করা হয়েছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে  লাশ  সনাক্ত করেছেন মামা সবুজ হোসেন।

যুবকের নাম আল আমিন (৩৪) তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আনন্দবাজার এলাকার জি এম রহমান মঞ্জু ছেলে। মৃত্যু আল আমিন বর্তমানে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার পঞ্চবটি এলাকায় বসবাস করতেন, সে পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।

অজ্ঞাত লাশের সনাক্তকারি মামা সবুজ হোসেন জানান, আমি দীর্ঘ ১৫ বছর ঢাকার নারায়নগঞ্জ ফতুল্লা পঞ্চবটি থাকি। আল-আমিন আমার ভাইগনা ওর মা,বাবা, ভাই-বোন কোহই নাই সেই থেকে এখানে আমার সাথে থেকে বিভিন্ন সময় গাড়ি চালাইতো। আমি বিগত ৪-৫ মাস আগে একটি ট্রাক ক্রয় করি( ঢাকা মেট্রো ট -০৫১৩৯), সেই থেকে ভাইগাই ট্রাক চালায়।

আরো পড়ুন : বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গত ১৭ এপ্রিল রাতে আমার সাথে কথা হয় ১৩ টন রড নিয়ে বরিশাল যাই। তার পর ১৮ এপ্রিল রাত ১১ টায় কথা হয় বলে আমি বরিশাল কালিশুরি আছি। তার পর আর কথা হয়নি। পরে ফোন বন্ধ পাই অনেক জায়গায় খোজ করে  গতকাল  আামকে একজন লাাশের ছবি দেখায়। আমি দশমিনা নৌ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করি। ২১ এপ্রিল সকালে পটুয়াখালী মর্গে এসে দেখি ওই লাশ আমার ভাইগনা আল-আমিন এর। আমার ভাইগনার সাথে একজন হাসান নামের হেলপার ছিলো ওর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার হবে। হাসানকে প্রধান আসামি করে দশমিনা থানায় একটি হত্যা মামলা দাখিল করি।

এর আগে দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামের তেঁতুলিয়া নদীর তীর থেকে (২০ এপ্রিল) শনিবার সকাল সাড়ে ৭ টায় হাত গামছা দিয়ে বাঁধা অজ্ঞাত ওই যুবকের  লাশ উদ্ধার করেছে পুলিশ।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার  জানান, অজ্ঞাত পরিচয়ের লাশের সঠিক পরিচয় পটুয়াখালী সিআইডি টিম ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে সনাক্ত করা হয়েছে। সোস্যালমিডিয়ার মাধ্যমে দেখে আজ সকালে পটুয়াখালী মর্গে এসে তার মামা মোঃ সবুজ লাশের সনাক্ত করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া হাউওয়ে থেকে। আল-আমিনের মামা মোঃ সবুজ বাদী হয়ে দশমিনা থানায় একজনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন। হেলপার হাসানের পরিচয় সনাক্ত করন ও গ্রেফতারের চেষ্টা চলছে।