২৯ এপ্রিলের ভয়াল সেই স্মৃতি আজও ভুলতে পারেনি উপকূলবাসী

পটুয়াখালী প্রতিনিধি :: ভয়াল ২৯ এপ্রিল আজ। স্বজন হারাদের আঁতকে ওঠার দিন। এখনও স্বজনরা ডুকরে ডুকরে কাঁদে প্রিয়জনের স্মরণে। গণহারে কবর হয়েছিল, লাখে লাখে মরেছে মানুষ। মানুষের লাশ আর লাশ ভেসে এসেছে সেদিন।

১৯৯১ সালের এদিনে দিনগত মধ্যরাতে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনাসহ দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ১২ থেকে ২০ ফুট উচ্চতায় জ্বলোচ্ছাসে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘হারিকেন’। লাশের পরে লাশ ছড়িয়ে-ছিটিয়ে ছিল চারদিকে। নদী-নালা, ডোবায়, খাল-বিল, সমুদ্রে ভেসেছিল মানুষের লাশ আর লাশ। গরু, মহিষ, ভেড়ার মরদেহের স্তুপ যেন ভয়াল এক হৃদয়বিদারক দৃশ্য।

আরো পড়ুন : ভাইরাল ভিডিও নিয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সংবাদ সম্মেলন

বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস্তূপে পরিণত হয়েছিল। দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে সেদিন প্রত্যক্ষ করেছিল প্রকৃতির করুণ এই আঘাতের নিদারুণ দৃশ্য। প্রাকৃতিক দুর্যোগের এতবড় অভিজ্ঞতার মুখোমুখী এদেশের মানুষ এর আগে আর কখনো সম্মুখীন হয়নি।

পরদিন বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছিল সেই ধ্বংসলীলা দেখে। নির্বাক হয়ে তাকিয়ে ছিল জাতি। স্বজনহারানোর অস্থিরতায় বোবা কান্নায় ডুকরে ডুকরে কেঁদেছিল সমগ্র দেশ।

বাংলাদেশে আঘাত হানা ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বিচারে পৃথিবীর ভয়াবহতম ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম। ঘূর্ণিঝড় এবং তার প্রভাবে সৃষ্ট ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে আনুমানিক ১ লক্ষ ৩৮ হাজার মানুষ নিহত এবং প্রায় এক কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিল। তবে বেসরকারি হিসাবে এর সংখ্যা আরও বেশি। মারা যায় ২০ লাখ গবাদিপশু। ক্ষতি হয়েছিল ৫ হাজার কোটি টাকারও বেশি সম্পদ।

ঘূর্ণিঝড়ের তীব্রতা ক্ষয়ক্ষতির কারণ সম্পর্কে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছিল আগে থেকেই। বিভিন্ন গণমাধ্যমে সতর্কবার্তা প্রচার হয়েছিল। সেসময় অনেকেই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা বুঝতে পারে নি বলে সাইক্লোন সেন্টারে যায় নি। বার বার মাইকিং করা সত্ত্বেও বাড়ি ঘর ছেড়ে যেতে চায় নি’। এটাও ঠিক যে তখন সাইক্লোন সেন্টারও যথেষ্ট ছিল না। যাবেই বা কোথায়? পরিবারে বৃদ্ধ মা-বাবাকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। শেষ সময়ে অনেকে ঘর ছাড়তে বাধ্য হয়ে যাবার সময় বৃদ্ধ মা-বাবাকে নারিকেল গাছের সাথে বেঁধে গেছেন। বাতাসের তীব্র গতিতে গাছের সাথে দুলতে দুলতে কেউ কেউ বেঁচেও গিয়েছিলেন, আবার ভেসেও গেছেন এমন দুঃখের কথাও আমরা শুনেছি রাঙ্গাবালী, গলাচিপা, কুয়াকাটা, কলাপাড়ার মানুষের কাছে।

কুয়াকাটার বাসিন্দা জয়নাল মৃর্ধা বলেন, ঘূর্ণিঝড়ের পরে তখন আমরা যা দেখেছি পুরো উপকূল মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। এলাকায় ফিরে গিয়ে দেখি তখন এক কবরে একাধিক নারী পুরুষ শিশুকে কাফন ছাড়া দাফন করা হচ্ছে। হাটে ঘাটে নালা নর্দমা পুকুরে লাশের সারি। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের আগে নারীরা বলেছিলেন আমরা গরু-ছাগল হাঁস-মুরগি রেখে যাই কেমন করে? এটা নিয়ে অনেকে হেসেছিলেন, কিন্তু ওদের কথায় এটা পরিষ্কার ছিল যে পরিবার বলতে ওদের কাছে শুধু মানুষ নয়, ঘরের পশুপাখিও তাদের পরিবারের অংশ। তাদের ফেলে যাবেন এমন স্বার্থপর তারা নন। সাইক্লোন শেল্টারগুলোতে গবাদিপশু রাখার ব্যবস্থা তখন ছিল না, এখনও নেই। শুধু মানুষ বাঁচানোর চেষ্টা। আবার এই মানুষ যখন অন্য প্রাণীর জন্যে আকুল হয় তখন তাদের সচেতনতার অভাবের কথা বলা হয়।

আরো পড়ুন : পটুয়াখালী তীব্র তাপদাহে ফসলের উৎপাদন ব্যাহতের শঙ্কা

উপকূলবাসী আজও ভুলতে পারেনি সেই রাতের দুঃসহ স্মৃতি। প্রলয়ঙ্করী এই ধ্বংসযজ্ঞের ৩৩ বছর পার হতে চলেছে। এখনও স্বজনহারাদের আর্তনাদ থামেনি। গৃহহারা অনেক মানুষ এখনও মাথা গোঁজার ঠাঁই করে নিতে পারেনি।

রাঙ্গাবালী দ্বীপের বাসিন্দা আলম মিয়া ওই রাতের স্মৃতি উল্লেখ করে বলেন, সে ভয়াল রাতের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে। সেই রাতের কথা কোনো ভাবেই ভুলে যাওয়ার নয়। সেই উপকূল এখনো অরক্ষিত।




ভাইরাল ভিডিও নিয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রলীগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তে সংবাদ সম্মেলন করা হয়।

এসময় ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু ও মো. বায়জিদ বলেন, “আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দেহ ব্যবসা ও মাদক ব্যবসার বিষয় যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে আমরা সত্যি বিস্মিত”।

প্রকাশিত ভিডিও’র অভিযোগ অস্বীকার করে তাঁরা আরো বলেন, এগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) দ্বারা মিথ্যা বানোয়াট ভিডিও তৈরী করা হয়েছে যা কুয়াকাটা পৌর ছাত্রলীগকে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল এমন কাজ করেছে।

এসময় সাংবাদিকদের বিনীত অনুরোধ করে বলেন, আপনারা উক্ত ঘটনার সঠিকভাবে যাচাই-বাছাই করলেই আসল ঘটনা বের হবে। এবং ষড়যন্ত্রকারীদের পরিচয় আরও স্পষ্ট হবে বলে আমরা মনে করি।

আরো পড়ুন : পটুয়াখালী তীব্র তাপদাহে ফসলের উৎপাদন ব্যাহতের শঙ্কা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌউস মৃধা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেনসহ কুয়াকাটা পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২৭ এপ্রিল উৎপল দাস নামক ফেসবুক আইডি থেকে কুয়াকাটা পৌর ছাত্রলীগের শিবলু ও বাইজিদসহ বেশ কয়েকজনের মাদক সেবন ও আবাসিক হোটেল থেকে চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।




পটুয়াখালীতে ভেসে এসেছে টর্পেডো সাদৃশ্য বস্তু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভেসে এসেছে একটি টর্পোডে সাদৃশ্য বস্তু। এটির দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট ও প্রস্থ ৩ ফুট। রবিবার দুপুরে বঙ্গোপসাগর থেকে উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খালে এ টর্পেডোটি ভেসে আসে। অচেনা এ বস্তুটি দেখে স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে এই টর্পেডোটি ভাঙ্গার খালে প্রবেশ করতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোষ্টগার্ডের সদস্যরা ছবি দেখে এটি প্রাথমিকভাবে টর্পেডো বলে জানিয়েছেন।
টর্পেডো হচ্ছে এক ধরনের স্ব-চালিত অস্ত্র। এটি জলের নিচে বা উপরে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষবস্তুর কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে।

আরো পড়ুন : মুখ ঢেকে জাল ভোট দিতে গিয়ে ছয় মাসের কারাদণ্ড



যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক : লোহিত সাগরে যুক্তরাজ্যের একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথি।

শনিবার সকালে (স্থানীয় সময়) গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইয়েমেনের উপকূলে যুক্তরাজ্যের ‘অ্যান্ড্রোমিডা স্টার’ নামের একটি তেলবাহী জাহাজে এ হামলা চালিয়েছে। ঘটনাটি ইয়েমেনের মোচা শহরের প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ঘটেছে। জাহাজটিতে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হুথি গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টেলিভিশন ভাষণে বলেছেন, অ্যান্ড্রোমিডা স্টার নামক একটি ব্রিটিশ জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যোদ্ধারা এটিতে সরাসরি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, পানামার পতাকাবাহী জাহাজটিতে দু’বার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইউকেএমটিওর তথ্য অনুসারে, প্রথম ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে একটি বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় হামলায় দুটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে আঘাত হানে বলে ধারণা করা হচ্ছে। ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা আমব্রে বলেছে, ইয়েমেনের

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) হামলার বিষয়টি নিশ্চিত করে বলছে, হামলায় অ্যান্ড্রোমিডা স্টার জাহাজটি ছোটখাটো ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে সমুদ্রযাত্রা অব্যাহত রয়েছে।

উল্লেখ, ৭ অক্টোবর গাজায় ইসরাইলের আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন জানিয়ে দুই মাস ধরে লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। এতে লোহিত সাগর রুটে চলাচল বন্ধ করে দিয়েছে ম্যার্স্ক, সিএমএ সিজিএমসহ বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো। এরপরই হুথিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এ সমুদ্র পথকে নিরাপদ রাখতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডাসহ ১০টি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র।

চলতি বছরের ১২ জানুয়ারি থেকে হুথিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে বেশ কয়েক দফায় সরাসরি বিমান হামলা চালিয়েছে ব্রিটিশ ও মার্কিন বাহিনীও। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের হামলা বন্ধ না হলে তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে।




পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গুচ্ছভুক্ত ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ‘এ’ ইউনিট বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পবিপ্রবি কেন্দ্রে সর্বমোট ৮৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুপুর ১২ টা ১০মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত হলসমূহ পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, ভর্তি পরীক্ষার আহ্বায়ক প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস এবং জনসংযোগ বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এমরান হোসেন। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার চিফ প্রফেসর চিন্ময় বেপারী উপস্থিতির হার ৯২ শতাংশ নিশ্চিত করেন।

আরো পড়ুন : কাল পটুয়াখালীর দুই ইউনিয়নে ভোট, কেন্দ্রে কঠোর নিরাপত্তা

হলসমূহ পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, সারাদেশে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পবিপ্রবি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী,পবিপ্রবি সাংবাদিক সমিতি, পবিপ্রবি রোভার স্কাউটস, পবিপ্রবি বিএনসিসি, মেডিকেল টিম,আইন-শৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যসহ সকলের সহযোগিতায় সুষ্ঠু ভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।




কাল পটুয়াখালীর দুই ইউনিয়নে ভোট, কেন্দ্রে কঠোর নিরাপত্তা

পটুয়াখালী প্রতিনিধি :: আগামীকাল পটুয়াখালী সদর উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকল প্রস্তুতি সম্পন্ন করে ভোটগ্রহণের সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে গেছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী মালামাল বিতরণ করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসার সারমিন সুলতানা।

এর আগে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

আরো পড়ুন : কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল – দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি

দুই ইউনিয়নে ১৮ কেন্দ্রে প্রায় ২৮ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদসহ মোট ৭৫ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল মাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।




কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল – দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি

পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল, বন্ধ দেশের দ্বিতীয় কুয়াকাটা সাবমেরিন ক্যাবল, দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি।

সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া অভিমুখের জলসীমায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল। তাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে গত এক সপ্তাহ ধরে দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি পাচ্ছে গ্রাহকরা। এ বিচ্ছিন্ন সংযোগ ঠিক করতে এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিএসসিপিএলসি।

আরো পড়ুন : গলাচিপার সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে

কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উপ-মহা ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা সাবমেরিন ক্যাবলের বিচ্ছিন্ন সংযোগ ঠিক করতে কাজ করছে বিএসসিপিএলসি। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে কক্সবাজার সাবমেরিন ক্যাবল সিমিউই-৪ এর ব্যান্ডউইথের পরিমাণ বাড়িয়ে ঘাটতি পূরণের চেষ্টা চলছে।




বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন দশমিনার মানুষ

পটুয়াখালী প্রতিনিধি :: দশমিনায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮ টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়েে মাঠে প্রচন্ড রোদে দাঁড়িয়ে ইসতিসকার বৃষ্টির জন্য নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

ধর্মপ্রাণ মুসলিমদের আয়োজনে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে দুহাত তুলে মহান সৃষ্টিকর্তার কাছে চোখের পানি ফেলে মহান আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করে তীব্র তাপদাহ থেকে মুক্তি,ফসল রক্ষা ও বৃষ্টির জন্য দোয়া করেন।

আরো পড়ুন : বৃষ্টি চেয়ে বাউফলে ইসতিসকার সালাত, অংশ নিলেন এমপি আসম ফিরোজ

ইমামতি ও দোয়া পরিচালনা করেন দশমিনা সরকারি মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ রেজাউল করিম।

এসময় নামাজ পরিচালনায় সার্বিক সহযোগিতা ছিলেন চরহোসনাবাদ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন কবির,নলখোলা বাজার জামে মসজিদের ইমাম ও খতি মাওলানা কবির হোসেন।

দশমিনা বাজার বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হক বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই কষ্টে আছে। তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

এর আগে নামাজের শুরুতেই ইমাম সাহেব ইসতিসকারের নামাজ সম্পর্কে আলোচনা করে।




বৃষ্টি চেয়ে বাউফলে ইসতিসকার সালাত, অংশ নিলেন এমপি আসম ফিরোজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় বৃষ্টির জন্য ইসতিসকার সালাত অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক মুসুল্লির সঙ্গে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি ইসতিসকার সালাত আদায় করেন।

এ সময় সমবেত মুসুল্লিরা তওবা করে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন।

সালাতে ইমামতি করেন শাহী মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান।

আরো পড়ুন : দুমকিতে বৃষ্টি কামনায় ইস্তিকার নামাজ আদায়

খুতবা পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব অধ্যক্ষ ড. মো. হাবিবউল্লাহ এবং মোনাজাত পরিচালনা করেন বাউফল সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. শাহজাহান।

মুসুল্লিরা জানান, কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকূল। শুক্রবার ডিজিটাল ডিভাইসে বাউফলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। তাপদাহে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সূর্যের তাপের কারণে মুগডালসহ রবিশস্য তুলতে পারছেন না কৃষকরা।

গরমের কারণে ডায়রিয়াসহ নানা রোগবালাই বেড়ে চলছে।




দুমকিতে বৃষ্টি কামনায় ইস্তিকার নামাজ আদায়

পটুয়াখালী প্রতিনিধি :: তীব্র তাপদাহে পুড়ছে সমগ্র বাংলাদেশ। এই তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির কামনায় পটুয়াখালীর দুমকির পাংগাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ও পাংগাসিয়া দরবার শরীফের উদ্যোগ বিশেষ ইস্তিকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার (২৭এপ্রিল) সকাল সাড়ে ৬টায় এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। পাংগাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার মাঠে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজের ইমামতি করেন হযরত মাওলানা মুফতি মোঃ ইউসুফ আলী প্রধান মুহাদ্দিস,পাঙ্গাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা।

আরো পড়ুন : গলাচিপার সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। রোদের আলোয় কেউ বের হতে পারছে না ঘর থেকে।

দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষরা পরেছে চরম ভোগান্তিতে। চলমান মৌসুমে চাষাবাদ করতে পারছে না কেউ। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে বলে জানান তারা।