সৎ, শিক্ষিত ও তরুণ নেতৃত্ব নির্বাচিত করে কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে স্মার্ট, উন্নত ও মানবিক দুমকি বিনির্মানে সহযোগীতা চাইলেন মেহেদী হাসান মিজান

বরিশাল অফিস : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দুমকি উপজেলায় এবার তরুণ ভোটারের সংখ্যা ৬০ শতাংশ। যারা নির্বাচনে জয়-পরাজয়ে মূখ্য ভূমিকা পালন করবে। এই তারণ্যকে প্রাধান্য দিয়েই নতুন নতুন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে স্মার্ট, উন্নত ও মানবিক দুমকি বিনির্মানের লক্ষ্যে নির্বাচনী মাঠে নেমেছেন চেয়ারম্যান পদ-প্রার্থী এডভোকেট মেহেদী হাসান মিজান।

গতকাল বিকেলে লেবুখালীর পাগলার মোড় সংলগ্ন পায়রা পয়েন্টে এডভোকেট মেহেদী হাসান মিজানের প্রধান নির্বাচনী অফিসের উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

এ্যাডভোকেট মেহেদী হাসান মিজানের সভাপতিত্বে দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সুলতান আহমেদ মোল্লা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী, মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন চাকলাদার প্রমূখ এ সময় বক্তব্য রাখেন।

হাজার হাজার কর্মী সমর্থকদের মুর্হমুহু শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

দুমকি উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা নিউ ভিশন গ্রুপের এমডি মো. তরিকুল ইসলাম মনির বলেন, মেহেদী হাসান মিজানকে চিনি স্টুডেন্ট লাইফ থেকে। সে একজন সৎ এবং যোগ্য নেতৃত্ব। জনগণের উন্নয়ন ও সেবা দেওয়ার জন্যই সে নির্বাচনে এসেছে। সে নির্বাচিত হলে কর্মসংস্থানের মাধ্যমে তরুনদের বেকারত্ব দূরীকরণে কাজ করবে। এ লক্ষে ইতিমধ্যে আমরা এখানে একটি ইন্ডাস্ট্রি করেছি এ ছাড়াও প্রতিটা ইউনিয়নে ফ্রি স্বাস্থ্য সেবা সহ আরো কিছু প্রকল্প হাতে নিয়েছি। সে নির্বাচিত হলে দুমকির আমুল পরিবর্তন হবে।

তরিকুল ইসলাম মনির বলেন, স্মার্ট, উন্নত ও মানবিক, এই তিনটি ধারণাকে সামনে রেখে অচিরেই আমরা একটি কর্ম পরিকল্পনা বা ইশতেহার জনগণের সামনে উপস্থাপনা করব। এসময় তিনি সাময়িক বিষয় নিয়ে প্রলুদ্ধ না হয়ে একজন যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে তরুনদের প্রতি আহবান জানান। যিনি তরুনদের ভাষা বোঝেন। তরুনদের জন্য কাজ করবেন।

তরিকুল ইসলাম মনির প্রতিশ্রুতি দিয়ে বলেন, পদ্মা সেতু হওয়ার পরপরই এখানে পায়রাপোর্ট ও বিদ্যুৎ কেন্দ্র সহ কুয়াকাটা ট্যুরিজম কেন্দ্রিক আমাদের যে জনশক্তি দরকার হবে তা তৈরিতে এবং শিক্ষিত ছেলেমেয়েদের এই বিষয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণসহ প্রয়োজনীয় উদ্যোগ আমরা নেবো।

তিনি বলেন, মেহেদী হাসান মিজানের স্বপ্ন দুমকির যত বেকার ছেলেরা আছে, যারা পড়ালেখা করছে, তাদের ভবিষ্যৎ যাতে তারা গড়তে পারে সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করা। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান দুমকিতে এনে কর্মসংস্থান বৃদ্ধি করা। পাশাপাশি দুমকির রাস্তাঘাটসহ আধুনিক ও উন্নত সড়ক নেটওয়ার্ক তৈরি। এক্ষেত্রে তিনি পায়রা পয়েন্ট স্থাপনের মাধ্যমে পাগলার দৃশ্যমান উন্নয়নের উদাহরণ দেন ।

চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মেহেদী হাসান মিজান বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে দুমকিকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। খেটে খাওয়া মানুষদের জন্য কর্মসংস্থান এবং বেকার সমস্যা নিরসনে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তরুণ উদ্যোক্তা হিসাবে তরুণ প্রজন্মের জন্য কাজ করতে চাই বিশেষ করে ঝরে পড়া শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। ইতোমধ্যেই আমি দুমকীতে ২টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছি। একটি অটো ব্রিকস করেছি যেখানে তিন থেকে সাড়ে তিন শত মানুষের কর্মসংস্থান হয়েছে। নির্বাচিত হলে আরো বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করে বেকার সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পায়রা সিরামিক ইন্ডাজট্রিজ লিঃ এর চেয়ারম্যান ও পায়রা শপিং পয়েন্ট কমপ্লেক্সের ম্যানেজিং পার্টনার বিশিষ্ট ব্যবসায়ী এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে আলোড়ন সৃষ্টিকারী এ্যাডভোকেট মেহেদী হাসান মিজান।

এসময় তিনি “সৎ শিক্ষিত তরুণ প্রার্থীকে নির্বাচিত করুন” এ শ্লোগানে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।

মিজানুর রহমান নামের এক বক্তা বলেন, বিগত ১৫ বছর দুমকি উপজেলা নির্বাচন দেখেছি। বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তাদের কর্ম আমরা বাস্তবে দেখেছি। আমরা এখন সৎ শিক্ষিত তরুণ প্রার্থীকেই নির্বাচিত করতে চাই। মেহেদী মিজানের এখানে নেওয়ার মতো কিছু নেই। তিনি এসেছেন দিতে। মেহেদী মিজান এই দুমকি উপজেলাকে একটি মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত উপজেলা হিসেবে নির্মাণ করার যে উন্নয়ন কর্মকান্ড হাতে নিয়েছেন সে লক্ষ্যে তিনি তার সর্মর্থন ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।




কমে আসবে তাপমাত্রা, মিলবে স্বস্তির বৃষ্টি

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলমান দাবদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি আনতে পারে বৃষ্টি।  এমন প্রেক্ষাপটে সকলের অপেক্ষা বৃষ্টির। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাষ অনুযায়ী আর বেশিদিন বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে না।

আজ আবহাওয়াবিদ আব্দুর রহমান খান অধিদপ্তরে এক ব্রিফিংয়ে বলেন, ‘বৃহস্পতিবার থেকে অনেক জায়গার তাপমাত্রা কমে আসার সম্ভাবনা আছে৷  ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার৷  তবে দেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা শুক্রবার পর্যন্ত আগের মতই থাকবে।




পটুয়াখালীতে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বজ্রপাতে এক কৃষকের তিনটি গরু মারা গেছে। মঙ্গলবার (৩০ মে) রাত ২টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তীব্র গরমের কারণে গরুগুলো রাতে মাঠেই বেঁধে রাখা হয়েছিল। এ সময় বজ্রপাতে দরিদ্র কৃষক মো. আব্দুর রাজ্জাক হাওলাদারের (রাজা মিয়া) তিনটি গরু এক সঙ্গে মারা যায়।

চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, যার গরু মারা গেছে তিনি গরিব কৃষক। মারা যাওয়া গরুগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকার বেশি। ক্ষতিগ্রস্ত ওই কৃষককে সহায়তা দেওয়া হবে।




কুয়াকাটা খালের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে নকশা কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি :: উপকূলীয় এলাকার শহর উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা ও জলবায়ু প্রতিরোধ (সিটিসিআরপি) প্রকল্পের আওতায় সমন্বিত এবং বাসযোগ্য শহর গড়ে তুলতে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা খালের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রায় দুইশ কোটি টাকা প্রকল্পের আওতায় এশিয়া উন্নয়ন ব্যাংক— এডিবির অর্থায়নে এলজিইডি বিভাগ এ কাজ বাস্তবায়ন করবে।

এ লক্ষ্যে জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের অংশগ্রহণে সুষ্ঠুভাবে ও সৌন্দর্যের সঙ্গে প্রকল্প বাস্তবায়নে নকশ প্রণয়ন কর্মশালা করেছে এডিবি। প্রকল্প বাস্তবায়ন হলে কুয়াকাটায় পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে ‘কুয়াকাটা খালের’ দুই পাড়ের সৌন্দর্যবর্ধন ও পরিকল্পনা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন : বিদেশি প্রকৌশলী নির্ভরতা কমাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ

এ সময় পৌরসভার প্যানেল মেয়র মো. মনির শরীফের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক মো. মাহফুজ রহমান, প্যানেল মেয়র-২ মো. শহিদ দেওয়ান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, পর্যটন উদ্যোক্তা হাসানুল ইকবাল, কাউন্সিলর তৈয়বুর রহমান, ফজলুল হক খান, আবুল হোসেন ফরাজী, মো. মজিবর রহমান, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বারী আজাদ প্রমুখ।

এছাড়াও পৌর এলার প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশত মানুষ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রকল্প বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আরবান ডিজাইনার ও এডিবির কনসালট্যান্ট মোহাম্মদ শামসুজ্জামান।

কর্মশালায় প্রকল্পের ধারণাগত নকশা প্রণয়ন এবং এর বাস্তবায়ন নিয়ে খোলামেলা মতামত গ্রহণ করা হয়। পর্যটকদের বিনোদনে এবং একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে এডিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিসহ সকল শ্রেনী পেশার মানুষ।

আরো পড়ুন : এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষে সফল পটুয়াখালীর মিলন

কুয়াকাটা খালের সৌন্দর্যবর্ধন করা হলে পর্যটকসহ স্থানীয়দের বিনোদনে নতুন মাত্রা যোগ হবে এমনটাই জানায় কুয়াকাটা পৌর কতৃপক্ষ।

খালের দুই পাড়ের এক্সেস রোড, ফুটব্রিজ, র‌্যাম্প, ওয়াকওয়ে, বোর্ডওয়াক, ৩টি ঘাট, বসার শেড, বোট রাইডিং, মাছ ধরার পয়েন্ট, ফ্লোটিং গার্ডেন, মার্কেট, রেস্তোরাঁ, আলোকসজ্জা, পাবলিক টয়লেট, পানীয় জলের ব্যবস্থা, মানচিত্র, নিরাপত্তা ক্যামেরা, বৃক্ষরোপণ, ঝর্ণা, ফুটব্রিজ, খাল খননসহ বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে প্রস্তাবিত এই নকশায়।

জলবায়ু সহনশীল সবুজ অবকাঠামো এবং প্রকৃতিভিত্তিক পর্যটন নগরী গড়ে তুলতে এমন প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।




ঝালকাঠিতে মডেল মসজিদের ভিত্তি স্থাপন করলেন আমির হোসেন আমু

বরিশাল অফিস :: ঝালকাঠি সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়েছে। গত রোববার বিকেলে ঝালকাঠির কীর্ত্তিপাশা মোড় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এ মসজিদের ভিত্তি স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠি গণপূর্ত বিভাগ মডেল মসজিদটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

আরো পড়ুন : পিরোজপুরে যুবলীগের সম্মেলন – এক যুগ পর নতুন নেতৃত্বের আশা

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মশিউর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির। এ ছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।




বরিশালে সরকারি দুই হাসপাতাল থেকে ২৫ দালাল আটক

বরিশাল অফিস :: রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা, অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) অভিযান চালিয়েছে বরিশাল র‌্যাব ৮ এর সদস্যরা। এ সময় ১০ নারীসহ দালাল চক্রের ২৫ সদস্যকে আটক করা হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে হাসপাতালের প্রধান গেটে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব- ৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।

তিনি বলেন, বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতালটিতে রোগীরা চিকিৎসা নিতে এলেও নানা হয়রানির শিকার হতে হয় বলে আমাদের কাছে অভিযোগ ছিল। গোপনে সংবাদ নিয়ে (মঙ্গলবার) সকাল থেকে র‌্যাবের সদস্যরা হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন : আজ মহান মে দিবস

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটকদের মধ্যে বেশিরভাগ হাসপাতালের পুরাতন স্টাফ। যারা কোনো না কোনো সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন। আবার দুয়েক’জন বর্তমান স্টাফের সম্পৃক্ততাও পাওয়া গেছে, যারা এই চক্রের সাথে জড়িত। আমরা চাই সাধারণ মানুষের শতভাগ চিকিৎসা যেন নিশ্চিত হয়।

র‌্যাব আরো জানায়, তারা বরিশাল জেনালে (সদর) হাসপাতালেও অভিযান চালিয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা থাকবে বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।
তিনি বলেন, গোটা বরিশালে আমরা দালাল মুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। এ চক্রের খপ্পরে পড়ে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে। এদের সাথে আমাদের কোনো স্টাফ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




তীব্র গরমে হাতপাখা বিক্রির হিড়িক

পটুয়াখালী প্রতিনিধি :: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। তার ওপর আবার ঘন ঘন লোডশেডিং। ফলে গরমে হাঁসফাঁস অবস্থায় কলাপাড়া উপজেলার কর্মব্যস্ত মানুষ। অতিষ্ঠ গরম থেকে রক্ষা পেতে শহরে হাত পাখা কেনার ধুম পড়েছে।

শহরের অলিগলিতে বিভিন্ন সিজনাল ব্যবসায়ীদের ঘুরে ঘুরে হাত পাখা বিক্রি করতে দেখা যায়। প্রতি হাত পাখা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন তারা। যদিও গত বছর এই পাখা ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হতো।

জানা গেছে, কেওয়া পাতা দিয়ে এক বিশেষ পদ্ধতিতে তৈরি এই হাতপাখা গ্রামীণ জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সুদীর্ঘকাল থেকে বৈদ্যুতিক পাখার বিকল্প হিসেবে তালপাখার জুড়ি নেই। কেওয়াপাতা কেটে রোদে শুকিয়ে বাঁশের শলা ও সুতা দিয়ে এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই হাতপাখা।

পাখা বিক্রেতা আবদুল কাদের বলেন, ‘আমি কাজের ফাঁকে গরমের সিজনে তিন বছর ধরে হাতপাখা বিক্রি করছি। গত কয়েক বছরের চেয়ে এই বছর অনেক বেশি পাখা বিক্রি হয়েছে। এতে আর্থিক বেশ লাভ হয়েছে।’

আরো পড়ুন : এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষে সফল পটুয়াখালীর মিলন

নতুন বাজারের বাসিন্দা আহাল উল্লাহ মাওলানা জানান, দিন কিংবা রাতের বেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে আমরা ছেলে-মেয়ে নিয়ে ঘরের ভেতরে থাকতে পারি না। তাই ফ্যানের বিকল্প হিসেবে আমরা নিরুপায় হয়ে হাতপাখা কিনছি।

ব্যবসায়ী বাসুদেব জানান, বৈদ্যুতিক পাখার বিকল্প হিসেবে হাতপাখা ব্যবহার করেন তারা। পাশাপাশি ২০ টাকার পাখা ৪০ টাকায় বিক্রি হওয়ায় সুলভ মূল্যে পাখা কেনা অনেক কঠিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।

খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক আবু ইউসুফ বলেন, লোডশেডিংয়ের এই বিরূপ পরিবেশ শীতল করতে হাতপাখার জুড়ি নেই। তাই এই গরমে হতদরিদ্র ও ছিন্নমূল শিশু, রোগাক্রান্ত ব্যক্তিদের স্বস্তি দিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনকে সুলভ বা বিনামূল্যে জনপ্রতি একটি করে হাতপাখা ও খাবার স্যালাইন দেওয়ার আহ্বান জানাই।




এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষে সফল পটুয়াখালীর মিলন

পটুয়াখালী প্রতিনিধি :: এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন। শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের। কিন্তু চার বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা। আড়াই হাজার স্কয়ার ফিটের জায়গায় এখন তিনটি শেড। বাজারজাত করছেন মাশরুমের আচার, স্যুপ পাউডার, টুথ পাউডারসহ নানান পণ্য। চার লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা আসছে অন্তত ৯০ হাজার টাকা।

বিনিয়োগের তুলনায় লাভ বেশি হওয়ায় মাশরুম চাষে ঝুঁকছেন পটুয়াখালীর উদ্যোক্তারা। তবে দরকার যথাযথ প্রশিক্ষণ আর ব্যাংক ঋণ।

প্রযুক্তির সহযোগিতায় বছর জুড়েই চাষাবাদ হয় মাসরুমের। কাঠের গুড়া, গমের ভুষি, ধানের কুড়া ও খড় দিয়ে চাষাবাদও সহজ। মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগেই শুরু করা যায় চাষাবাদ। লাভও মেলে ৬০ শতাংশ পর্যন্ত। তাই আগ্রহ বাড়ছে তরুণদের।

আরো পড়ুন : খালে পাওয়া ‘টর্পেডো’ উদ্ধার করল নৌবাহিনী

পুষ্টিগুণের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক চাহিদা, রপ্তানি হতে পারে দেশের বাইরেও। নানামুখি চ্যালেঞ্জে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার পুরোটা। যদিও চাষিদের প্রশিক্ষণসহ সরকারি নানা উদ্যোগের কথা জানান পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.নজরুল ইসলাম।

জেলায় আগের চেয়ে বাড়ছে মাশরুম চাষ। যেখান থেকে পাওয়া যাচ্ছে প্রতি মাসে অন্তত ১৫ টন মাশরুম।




খালে পাওয়া ‘টর্পেডো’ উদ্ধার করল নৌবাহিনী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীর খালে ভেসে আসা টর্পেডো সরিয়ে নিয়েছে নৌ-বাহিনী।

সোমবার (২৯ এপ্রিল) সকালে শেরে-বাংলা নৌ-ঘাটির সদস্যরা বেশ সর্তকতার সাথে এটি খাল থেকে সরিয়ে নিয়ে যায়।

এ সময় কোস্ট গার্ড আন্ধারমানিক জোনের সদস্যরা উপস্থিত ছিল। তবে এটি টর্পেডো কিনা, টর্পেডো হলে এটি কোন দেশের, কিভাবে এখানে ভেসে এল এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি উদ্ধারকারী নৌ-বাহিনীর সদস্যরা।

আরো পড়ুন : পটুয়াখালী‌তে ক্লাস চলাকালীন ২ শিক্ষার্থী অসুস্থ

প্রায় ২৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের টর্পেডোটি রবিবার দুপুরে বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে রাঙ্গাবালীর মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খালে ভেসে আসে। অচেনা এ বস্তুটি দেখে স্থানীয়দের মাঝে কৌতুহলসহ আতংক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কোষ্টগার্ডের সদস্যরা ছবি দেখে এটি প্রাথমিকভাবে টর্পেডো বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন।

কোস্টগার্ড জানায়, টর্পেডো হচ্ছে এক ধরনের স্ব-চালিত অস্ত্র। এটি জলের নিচে বা উপরে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে। সাবমেরিন কিংবা যুদ্ধ জাহাজ ধ্বংসে এটি ব্যবহার করে থাকে নৌ-বাহিনী।




পটুয়াখালী‌তে ক্লাস চলাকালীন ২ শিক্ষার্থী অসুস্থ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী‌তে তীব্র তাপদা‌হের ম‌ধ্যে ক্লাস চলাকালীন সম‌য়ে হঠাৎ বিদ্যুৎ চ‌লে গে‌লে দুইজন শিক্ষার্থী অসুস্থ হ‌য়ে পড়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দি‌কে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ‌্যাল‌য়ের ষষ্ঠ শ্রেণির ক‌ক্ষে এ ঘটনা ঘ‌টে।

অসুস্থ শিক্ষার্থীরা হ‌লেন- মোছা. কারীমা বেগম ও মো. ইমান ইসা।

আরো পড়ুন : ভাইরাল ভিডিও নিয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সংবাদ সম্মেলন

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান জানান, আহত‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা ক‌রি‌য়ে তা‌দের নিজ নিজ বাড়ি‌তে পৌঁ‌ছে দেয়া হ‌য়ে‌ছে। বর্তমা‌নে তারা মোটা‌মুটি সুস্থ র‌য়ে‌ছে। ত‌বে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের ম‌ধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

তি‌নি জানান, অনেক দিন পর স্কুল খুল‌লে শিক্ষার্থীরা হাসিখুশি ম‌নেই ক্লাস কর‌ছিল। কিন্তু বাই‌রে তাপদা‌হের মধ্যে ক্লাস শুরু হ‌লে হঠাৎ বিদ‌্যুৎ চ‌লে যায়। এসময় ওই দুই শিক্ষার্থী অসুস্থ হ‌য়ে প‌রে। এ অবস্থা দে‌খে যতক্ষণ পর্যন্ত বিদ‌্যুৎ না ছিল ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থী‌দের নিরাপদে রাখার চেষ্টা ক‌রে‌ছি।