রাজনৈতিক আশ্রয় নয় ভিসার মাধ্যমে ভারতেই থাকবেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন। তবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন।

শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এর সহযোগী সংস্থা নিউজ-১৮ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউজ-১৮ এ ব্যাপারে বলেছে, “শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি— মনে রাখবেন এটি সিএনএন নিউজ-১৮ এর এক্সক্লুসিভ— বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।”

সংবাদমাধ্যমটি আরও বলেছে, “হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন। কারণ আমাদের (ভারতের) কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই।”

নিউজ-১৮ এর সাংবাদিক জানিয়েছেন, “যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যত পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।”

সরকারি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে ৪০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান।

 




ড. ইউনূসকে উষ্ণ শুভেচ্ছা বন্ধু শ্যারন স্টোনের

চন্দ্রদ্বীপ নিউজ :: সরকার পতনের তিন দিনের মাথায় নতুন সরকার পেল বাংলাদেশ। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্বের সকল দেশই নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। চীনও সমর্থন দিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এখন যে খবরটি জানবেন সেটি বিনোদনপ্রেমী মানুষের কাছে দারুণ ব্যাপার। কারণ বাংলাদেশের নতুন সরকার প্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন হলিউডের অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী শ্যারন স্টোন।

গতকাল (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। এর কিছু সময় পরই নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম আইডিতে শুভেচ্ছা জানান শ্যারন স্টোন। তিনি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চমৎকার একটি ছবি পোস্ট করেছেন। তা দেখেই বোঝা যায় দুজনের সম্পর্ক কতোটা অমায়িক।

শ্যারন ক্যাপশনে লিখেছেন, ‘কনগ্রাচুলেশন্স বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী (প্রধান উপদেষ্টাকে তিনি প্রধানমন্ত্রী বলেই সম্বোধন করেছেন) আমার বেস্ট ফ্রেন্ড ফরেভার ড. মুহাম্মাদ ইউনূস।’ কমেন্ট বক্সে শ্যারনের বিভিন্ন দেশের ভক্ত-অনুসারিরাও শুভেচ্ছা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসকে। যার মধ্যে রয়েছেন বাংলাদেশর অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে বাঁধনও সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন শ্যারন স্টোনের সঙ্গে।

প্রসঙ্গত, ড. মুহাম্মাদ ইউনূস আর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বন্ধুত্বের বিষয়টি বহুল জনপ্রিয়।

তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ড. মুহাম্মাদ ইউনূস কতোটা সমাদৃত সে কথা তো তার নোবেল পুরস্কার জয়ই বলে দেয়। তিনি বিশে্রব বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ আয়োজনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আসছেন বহু বছর ধরে। সেই সব মুহূর্তের কিছু ভিডিও ক্লিপিংস সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার মধ্যে একটি ছিলো ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বার্সেলোনা ক্লাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই ফুটবলার মেসি ও পিকের ভিডিও।

কিন্তু হলিউডের কিংবদন্তি অভিনেত্রীও যে তার বন্ধুর তালিকায় রয়েছেন সে কথা শ্যারনের পোস্ট না দেখলে জানা যেতো না।




সাদেক আবদুল্লাহ বাড়িতে আগুনে পোড়ার চারদিন পর আওয়ামী লীগ নেতার মরদেহ শনাক্ত

বরিশাল অফিস :: অগ্নিকাণ্ডে নিহত হওয়ার চারদিন পর বরিশাল জেলার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটুর মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা।

শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে থাকা অগ্নিদগ্ধ দেহটি শনাক্ত করা হয়।

গত ৫ আগস্ট মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব‌রিশাল সি‌টি কর্পো‌রেশ‌নের সা‌বেক মেয়র সেরনিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর কাল‌ীবা‌ড়ি রোডস্থ পৈত্রিক বাসভব‌নে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিন রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এক‌টি কক্ষ থে‌কে পু‌ড়ে যাওয়া তিন‌টি লাশ উদ্ধার করেন। সেদিন দুটো লাশের পরিচয় মিললেও একটি লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, যা আজ শনাক্ত হলো।

ব‌রিশাল সি‌টি কর্পো‌রেশ‌নের সা‌বেক প‌্যা‌নেল মেয়র ও ১৯নং ওয়া‌র্ডের পাঁচবারের নির্বা‌চিত কাউ‌ন্সিলর এবং মহানগর আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ছিলেন শিক্ষক গাজী নঈমুল হো‌সেন লিটু।

নিহতের বড় ভাই গাজী মঞ্জুরুল হো‌সেন বরুন ও লিটুর স্ত্রী বেগম নাজমা মরদেহ শনাক্তের সময় হাসপাতালে ছিলেন।




কর্মচাঞ্চল্য ফিরছে পটুয়াখালীতে – স্বাভাবিক হচ্ছে জনজীবন

পটুয়াখালী প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে ও শেখ হাসিনার পদ এবং দেশত্যাগ পরবর্তী সহিংস ঘটনার পর স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে পটুয়াখালী । স্বাভাবিক হচ্ছে জনজীবন। প্রয়োজনে মানুষ ঘরের বাইরে যাচ্ছেন। রাস্তায় মানুষ ও যানবাহনের ভিড় দেখা যাচ্ছে। ফুটপাতের দোকানগুলোও খুলে গেছে। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকতে দেখা গেছে। গ্রাম-গঞ্জের মানুষ প্রয়োজনে শহরে আসছেন। স্বাভাবিকভাবে নিজেদের কাজ করতে পারছেন সবাই।

তবে সড়কের মোড়ে নেই চিরচেনা ট্রাফিক পুলিশ, নেই পুলিশের টহল গাড়ি। শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে আন্দোলনকারী শিক্ষার্থীরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। সকাল থেকে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাদের।

এদিকে, সচল রয়েছে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম। বর্হিনঙ্গর ও অভ্যন্তরীণ জেটিতে চলেছে পণ্য খালাস কার্যক্রম। বন্দরের নিরাপত্তায় ৪৮ জন নিজস্ব নিরাপত্তাকর্মী, ৫০ জন আনসার সদস্য, ৪২ জন নৌ-বাহিনীর সদস্য কাজ করছে।

পায়রা বন্দরের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, আজ (গতকাল) বন্দরে ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এন্টি গনি ফোর্স নামে একটি জাহাজ ভিড়বে। জুলাই মাসে পায়রা বন্দরে এসেছে ১২টি জাহাজ।




বরিশালে কাজে ফিরছে পুলিশ

বরিশাল অফিস :: পুলিশের মনে যে আতঙ্ক তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। যোগ দিতে শুরু করেছে থানায়। তবে দায়িত্বরত পুলিশের সংখ্যা কম দেখা গেছে। থানায় ও বাহিরে সেনাবাহিনীর সহায়তায় মাঠে নামার কথা জানিয়েছেন তারা।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি জানান।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। যে কোন বিষয়ে জনগণকে সহায়তা করা হচ্ছে। নাগরিকরা তার যেকোন অভিযোগ থানায় এসে দিতে পারে। সবার সম্মিলিত সহায়তায় চলমান সংকট দ্রুতই কেটে যাবে আশা পুলিশের।

আন্দোলনরত পুলিশ সদস্যরা জানায়, তারা আগেও কাজে ছিলেন, এখনো আছেন। ধীরে ধীরে আরও বাড়বে।




বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য আইএসআই দায়ী: জয়

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) দায়ী বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে মদদ দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।

শুক্রবার (৯ আগস্ট) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘পারিপার্শ্বিক প্রমাণ দেখে আমি মোটামুটি নিশ্চিত; পাক আইএসআই-এর জড়িত থাকার সন্দেহ করছি। হামলা ও বিক্ষোভ ছিল অত্যন্ত সমন্বিত, সুপরিকল্পিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার উদ্দেশ্যপ্রণোদিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যাই করুক না কেন, তারা পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা অব্যাহত রেখেছে।’

জয় দাবি করেন দেশে যে পুলিশের ওপর হামলা, থানা পুড়িয়ে দেয়া, সংখ্যালঘুদের ওপর আক্রমণ এসবই সন্ত্রাসী সংগঠন ও বিদেশি শক্তির পক্ষ থেকে উস্কানি দেয়ার ফলাফল। একইসাথে এসব জঙ্গী সংগঠন ও বিদেশি শক্তিগুলো অস্ত্র সরবরাহের মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এ সময় জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার হলেই শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। তবে সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবেন না। এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকেও ছেড়ে যাবেন না।’

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর দুদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১৬ উপদেষ্টাকে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে।

 




যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

চন্দ্রদ্বীপ নিউজ :: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদের মো: মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছে।

আসিফ মাহমুদ ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি। ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে দলটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সামাজিকমাধ্যমে বেশ সরব দেখা গেছে আসিফ মাহমুদকে। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র সমন্বয়ক থেকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা’ হয়েছেন তিনি।

আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার পিতার নাম মো. বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 




২৭ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে। সড়ক ও সেতু মন্ত্রণালয়সহ ২৭ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়গুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম, ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।




শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ নিউজ :: কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটের দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ড. ইউনূস। সকাল ১০টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো সময় উপস্থিত ছিলেন- অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.), হাসান আরিফ, সৈয়দা রেজওয়ান হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।




নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা ব্যাহত

বরিশাল অফিস :: চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সার্জারি চিকিৎসক না থাকায় দীর্ঘদিন বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। আধুনিক যন্ত্রপাতিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।

১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনগণের স্বাস্থ্যসেবায় প্রধান ভরসা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু চিকিৎসক সংকটে হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সিজারসহ অন্যান্য অপারেশনের জন্য রোগীদের ছুটতে হচ্ছে ব্যয়বহুল খরচে প্রাইভেট ক্লিনিক, ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে দূর-দূরান্ত থেকে আসা এসব রোগীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন।

নলছিটি উপজেলার এটি ৫০ শয্যার হাসপাতাল। এ উপজেলা থেকে জেলা সদরে আসতে নৌপথ ব্যবহার করতে হয়। দিনে ভোগান্তি নিয়ে রোগী আনা-নেওয়া করা হলেও রাতে জেলা সদরে আসার কোনো ব্যবস্থা নেই। নলছিটি থেকে বরিশালের দূরত্ব বেশি হওয়ায় সেখানে যেতেও অনেক খরচ ও সময় লেগে যায়।

হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী ও স্বজনরা জানান, চিকিৎসক না থাকায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে। ক্লিনিক বা বরিশাল হাসপাতালে ছুটতে হয়। এতে খরচ হচ্ছে বাড়তি অর্থ। এছাড়া হাসপাতালে দীর্ঘদিন ধরে অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা দ্রুত এর সমাধান চাই।

এ বিষয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলি পারভীন বলেন, হাসপাতালে সব ধরনের ভালো সেবা আছে। এসব ধরে রাখতে পর্যাপ্ত চিকিৎসক দরকার। আর সবচেয়ে বড় সমস্যা হলো সার্জারি চিকিৎসক না থাকায় অপারেশন কার্যক্রম বন্ধ। মাত্র চারজন চিকিৎসক দিয়ে এতগুলো বিভাগ চালানো কষ্টকর। এ থেকেও তিনজন চলে যাবেন, তাহলে খুব সমস্যায় পড়তে হবে। আশা করি দ্রুত এর সমাধান হবে।