জোর করে ভারতে নেওয়া হচ্ছিল তরুণীকে, সীমান্তে হলো ভালোবাসার জয়

চন্দ্রদ্বীপ নিউজ :: প্রেম না মানে ধর্ম।প্রায় দেড় বছর আগে ঘুরতে গিয়ে কলেজ ক্যাম্পাসে দেখা থেকেই ভালোলাগা। ধর্ম ভিন্ন হলেও একে অপরকে ভালোবেসে ফেলেন তারা। ভালোবাসার জন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তনুশ্রী দাস থেকে হয়ে যান সিদরাতুল মুনতাহা। ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন প্রেমিক কবির হোসেনকে। কিন্তু কিছু দিন সংসার হলেও এক সঙ্গে থাকা হয়নি তাদের।

জানা যায়, হিন্দুধর্মাবলম্বীর মেয়ে হওয়ায় মুসলিম ছেলেকে বিয়ের বিষয়টি মানতে পারেননি তনুশ্রীর বাবা-মা। ছেলের বাড়িতে গিয়ে দুজনকে তুলে নিয়ে আটকে রাখেন বাড়িতে। এরপর ধর্ষণ ও অপহরণ মামলার আসামি করে তুলে দেন পুলিশের হাতে। এ মামলায় একদিন কারাগারে থাকলেও আদালতে স্ত্রীর জবানবন্দিতে ছাড়া পান কবীর। এরপর থেকে স্ত্রীর সঙ্গে দেখার সুযোগ মিলছিল না তার। নানা নাটকীয়তার পর মেয়েকে মুসলিম ছেলের হাতে তুলে না দিতে কৌশলে ভারতে নিয়ে যাচ্ছিলেন ওই তরুণীর বাবা। কিন্তু সীমান্তে গিয়ে বাধা হয়ে দাঁড়ালেন স্বামী কবির হোসেন।

গতকাল রবিবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আইসিপি চেকপোস্টে অভিযোগ নিয়ে হাজির হন কবির হোসেন। এসময় নব মুসলিম তরুণী সিদরাতুল মুনতাহা (তনুশ্রী দাস) পরিবারের কাছ থেকে রক্ষা পেতে বিজিবির কাছে নিজের বিয়ের তথ্য ও কবির যে তার স্বামী তার প্রমাণ দিতে বিয়ের প্রয়োজনীয় ডকুমেন্ট (নথি) উপস্থাপন করেন। পরে বিকেলে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় স্বামীর বাড়ি রংপুরে ফিরেছেন সিদরাতুল মুনতাহা। অবশেষে দীর্ঘ ১৫ মাস পর সীমান্তে ভালোবাসার জয় হলো এই দম্পতির।

আরও জানা যায়, গত বছর ঘুরতে গিয়ে রংপুর কারমাইকেল কলেজের মাঠে রংপুর জেলার দর্শনা এলাকার কবির হোসেনের সঙ্গে দেখা হয় ঠাকুরগাঁও জেলার চন্ডিপুর এলাকার তরুণী তনুশ্রী দাসের। দেখা থেকেই ভালোলাগা। এক পর্যায়ে ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়। এভাবেই শুরু হয় দুজনের প্রেম। ৯ মাস প্রেমের সম্পর্কের পর তনুশ্রী ২০২৩ সালে বছরের ৫ জুন পরিবারের অমতে হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে কবির হোসেনকে বিয়ে করেন। ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে নাম রাখেন সিদরাতুল মুনতাহা। কয়েকদিন সংসারও করেন তারা। তবে বিয়ের কয়েকদিন পরই জেনে যায় তরুণীর পরিবার। মুসলমান ছেলের সঙ্গে বিয়ে মেনে নেননি তারা।

বিয়ের কয়েকদিন পর রংপুর থেকে তাদের ঠাকুরগাঁওয়ে তুলে নিয়ে আসে তরুণীর পরিবার। পরে স্বামী কবিরকে আটক করে তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করলে সে মামলায় একদিন কারাবাসও করেন কবির। আদালতে তরুণীর জবানবন্দিতে মুক্তি পান তিনি। তবে আদালত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তরুণীকে তার পরিবার মাইক্রোবাসে করে বাড়িতে নিয়ে আটকে রাখেন।

এদিকে কবির জামিনে মুক্তি পাওয়ার পর থেকে অনেক খোঁজাখুজি করে পাচ্ছিলেন না স্ত্রীকে। পাগলের মতো স্ত্রীকে খুঁজেছেন দেশের বিভিন্ন স্থানে। অবশেষে শনিবার গোপন সংবাদে জানতে পারেন তার স্ত্রীকে তার বাবা-মা বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে নিয়ে যাবেন। এমন খবর পেয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশনে ছুটে যান স্বামী কবির হোসেন। বিষয়টি তিনি সেনাবাহিনী, পুলিশ বিজিবিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে অবহিত করে বিজিবি চেকপোস্টে বিয়ের যাবতীয় ডকুমেন্টস দেখান।

এ সময় তরুণী বিজিবিকে তারা একে অপরকে ভালোবেসে বিয়ের করেছেন এমন জবানবন্দি দেন। তরুণী সিদরাতুল মুনতাহা স্বামী কবির হোসেনের সঙ্গে সংসার করার ইচ্ছে প্রকাশ করেন। পরে বিজিবি তরুণীর বাবা-মায়ের সামনেই কবিরের কাছে তার স্ত্রীকে তুলে দেন। দীর্ঘ ১৫ মাস পর সিদরাতুল মুনতাহা ও কবির হোসেন এক হতে পেরে ধন্যবাদ জানান বিজিবিসহ সংশ্লিষ্টদের। সবার কাছে দোয়া চেয়ে বিকেলে মাইক্রোবাসে বাসে করে স্বামী কবির হোসেন তার স্ত্রীকে তার বাড়ি রংপুরে নিয়ে যান।

তরুণী সিদরাতুল মুনতাহা বলেন, ‘আমার পরিবার পুলিশের মাধ্যমে আমাদের ঠাকুরগাঁও নিয়ে আসে। এরপর অনেক কিছু হয়ে যায়। ১ বছর ৩ মাস পর আমাদের আবার দেখা।’

কবির হোসেন বলেন, ‘আমার স্ত্রী ভারতে যেতে চান না। সে আমার সঙ্গে সংসার করতে চান। বিজিবি সদস্যদের সহযোগিতায় স্ত্রীকে ফিরে পেয়েছি। সবার কাছে দোয়া চাই আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি।’

কবিরের সঙ্গে আসা প্রতিবেশী মারুফ হাসান বলেন, ‘তারা দুজন ভালোবেসে ঘর বেঁধেছিল। কিন্তু মাঝে অনেক ঘটনা ঘটেছে। জীবনে অনেক ভালোবাসা দেখেছি কিন্তু এদের মতো ভালোবাসা দেখিনি।’

তবে ওই সময় তরুণীর বাবা-মায়ের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা কথা বলতে চাননি। শুধু বলেছেন, ‘মেয়ের ভালো চেয়েছিলাম। এ সময় তার মা ও বোনকেও কাঁদতে দেখা গেছে।




নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী সুজন

চন্দ্রদ্বীপ নিউজ :: আইসিসির ভবিষ্যৎ সূচী অনুযায়ী, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশে। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। তবে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভ্রমণ সতর্কতা দিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো। সেক্ষেত্রে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ আয়োজন করতে পারবে কি না, সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভারতও টুর্নামেন্টটি আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প দেশ হিসেবে ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তালিকায় আছে শ্রীলংকা আর জিম্বাবুয়েও। তবে টুর্নামেন্টটি আয়োজনে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আত্মবিশ্বাসের কথা দেখিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আজ সোমবার সাংবাদিকদের সুজন বলেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, সঠিক সময়ের মধ্যে আমরা করতে পারব। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করছে সরকার, সহায়তা নিয়ে পাশে আছে সেনাবাহিনী, তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কাজ করছেন। এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। দুটি বিষয়ই আইসিসিকে আমরা অবহিত করেছি। প্রস্তুতি নিয়ে আমরা খুশি।’

এর আগে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দুই দফায় আশাবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে, একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; রাষ্ট্রীয় বিষয়।’

আসিফ মাহমুদ আরও যোগ করেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যার আছেন, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সবার সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে আইসিসির সঙ্গে আমাদের আলোচনা চলমান আছে। আশা করি, দ্রুতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত জানাতে পারব।’




সুনামগঞ্জের একটি গ্রামে ‘গান-বাজনা নিষিদ্ধ’, যা জানা গেল

চন্দ্রদ্বীপ নিউজ :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি গ্রামে বিয়ে-জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়নি।নিষিদ্ধ করা হয়েছে সাউন্ড বক্সে গান বাজনা বাজানো। সাউন্ড বক্সে উচ্চ শব্দ উৎপন্ন করে শব্দ দূষণ করা আইনীভাবেও নিষিদ্ধ।

জানা গেছে, গত শনিবার রাতে উপজেলা সদরের চিকসা গ্রামের মানুষ মাতব্বরদের নিয়ে এ নিয়ম চালু করেন। পরবর্তীকালে এ বিষয়টি গান বাজনা নিষিদ্ধ বলে প্রচার হতে থাকে।

বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গানবাজনা করার কারণে রোগী, বৃদ্ধ ও শিশুদের শারীরিক সমস্যা হয়। সারারাত ধরে গান বাজানোর কারণে ঘুমাতে পারেন না প্রতিবেশীরা। তাই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ ক্ষেত্রেও হিন্দু বা অন্য ধর্মালম্বীদের উন্মুক্ত রাখা হয়েছে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

চিকসা গ্রামের মেম্বার শফিকুল হক বলেন, ‘বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজিয়ে যে পরিবেশের সৃষ্টি করা হয় তা অগ্রহণযোগ্য। এতে আশপাশের মানুষ ক্ষতিগ্রস্ত হন। তাই সাউন্ড বক্সে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। যারা এটাকে অন্যভাবে উপস্থাপন করছেন তারা না বুঝে করছেন। আমাদের গ্রামে শুধুমাত্র সাউন্ড বক্সে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তাও শুধু মুসলমান ধর্মের মানুষের অনুষ্ঠানে। হিন্দু বা অন্যান্য যারা আছে তারা তাদের ইচ্ছে অনুযায়ী যা খুশী তা করতে পারবেন। এই নিষেধাজ্ঞা তাদের জন্য না।’

একই কথা বলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী। তিনি বলেন, ‘মুসলমান বিয়ে- জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজনা করা হয়। এতে যারা রোগী, বয়স্ক কিংবা শিশুরা আছে তারা ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের সর্বসাধারণের দাবি ছিল এটা। তাই ওই গ্রামের সবাই মিলে বড় বড় সাউন্ড বক্স নিষিদ্ধ করেছে। তবে হিন্দুদের রীতি নীতিতে গান বাজনা চলে আসতেছে তাই তারা গান বাজনা করবে এটাই স্বাভাবিক। তাদের জন্য কোনো বিধি নিষেধ নেই।’




১৭ দিনে রেমিট্যান্স এল ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা

চন্দ্রদ্বীপ নিউজ :: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে বেড়েছে বৈধপথে রেমিট্যান্স আসার পরিমাণ। এরই ধারাবাহিকতায় আগস্টের প্রথম ১৭ দিনে এসেছে ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের প্রথম ৩ দিন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশে ব্যাংক আরও বলছে, আগস্টের প্রথম ১৭ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) যার পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকার বেশি।

এ সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৯ লাখ ডলার, বিশেষায়িত ২ ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে প্রায় ৩ কোটি ৭৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ডলারের বেশি আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাড়ে ২১ লাখ ডলার।

আলোচিত সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা মোট ১০টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক। বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

প্রসঙ্গত, সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি। তবে সরকার পতনের পর সেই চিত্র পাল্টেছে। রেমিট্যান্সের পালে লেগেছে হাওয়া, বৈধপথেই আসছে হু হু করে।




শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও ২ হত্যা মামলা

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরও দুইটি হত্যা মামলা হয়েছে।

যার মধ্যে রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লিটন হাসান লালু ওরফে হাসান গুলিতে নিহত হওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জন আসামি।

আজ সোমবার নিহত হাসানের ভাই মিলন এ মামলা দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বাদীর জবানবন্দি গ্রহণের পর মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী মামলার বিষয় নিশ্চিত করেন।

এ মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য মাইনুল হোসেন খান (নিখিল), ইলিয়াস মোল্লা, কামাল আহমেদ মজুমদার, আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি হারুন-অর-রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য সচিব এস এম মান্নান (কচি)।

মামলায় অভিযোগ করা হয়, দেশে মুক্তিকামী ছাত্র-জনতার ন্যায্য ও যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে হাসান ৪ আগস্ট মিছিলে অংশগ্রহণ করেন। দুপুর ২টার দিকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, হারুন-অর-রশীদ, আসাদণজ্জামান খান কামাল, বিপ্লব কুমার ও হাবিবুর রহমানের নির্দেশে অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জন ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে। অজ্ঞাত আসামির ছোঁড়া বুলেটে হাসান গুলিবিদ্ধ হয়। আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট হাসান মারা যান।

অপর মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত কাঠমিস্ত্রী তারিক (১৮) নিহত হওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ১৩ জন আসামি।

আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নিহতের মা ফিদুশী খাতুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা বাদীনির জবানবন্দী গ্রহণ করে আদেশ অপেক্ষ্যমান রেখেছেন। বাদিপক্ষের আইনজীবী লিটন মিয়া মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক প্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব সরকার ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকালে শেরেবাংলা নগর থানার সামনে রাস্তায় গুলিবিদ্ধ হন তারিক। তার পেটে, হাতে ৪টি গুলি লাগে। গুলি লাগার পর সে রাস্তায় লুটিয়ে পড়লে দ্রুত পার্শ্ববর্তী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট তিনি মারা যান।




সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

চন্দ্রদ্বীপ নিউজ :: বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা।

সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট আদালতে আবেদন করা হয়। আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

গণমাধ্যমের খবর অনুসারে, গত শনিবার (১০ আগস্ট) গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

পরে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভিসহ বেশ কয়েকটি মিডিয়া কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাময়িক সময়ের জন্য সময় টিভি বন্ধ হয়ে যায়। পরে অবশ্য আবারও সম্প্রচারে আসে সময় টেলিভিশন। এরপরই সামনে আসে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব। শেষ পর্যন্ত তা আদালতে গড়ায়।




পটুয়াখালীতে মাটির গর্ত খুড়ে এক নারীর মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রাম থেকে মাটির গর্ত খুঁড়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা উদ্ধার করেছে আয়েশা বেগম নামের ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ।

সোমবার সকাল ১১ টার দিকে দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মো. ইউনুস মিয়ার বাড়ির পাশের মাটির গর্ত খুড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আয়েশা একই গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পরে সে বাজারে মাছ ও তরকারি টোকানোর কাজ করতো।

কলাপাড়ার বড় বালিয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল মিয়া জানান, গত শনিবার রাতে আয়েশাকে একই এলাকার ইউনুস মিয়া বাজার থেকে ডেকে নেয়। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা ইউনুসের বাড়িতে গেলে মাটির গর্ত দেখে সন্দেহ হয়। বিষয়টি তাকেসহ পুলিশকে জানালে ইউনুস টের পেয়ে পালিয়ে যায়। পড়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা এসে মাটি খুঁড়ে আয়েশার মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা ইউনুসের কাছে আয়েশা কিছু টাকা পেতো। এ টাকা চাওয়ায় তাকে হত্যা করা হতে পারে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নিহত গৃহবধুর শরীরে পঁচন ধরেছে। দুই -তিন দিন আগে তাকে মেরে মাটি চাপা দেয়া হয়েছে বলে ধারণা করছেন। তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।




‘মাঙ্কিপক্স’র প্রকোপ বাড়ছে, কোন লক্ষণ দেখলে সাবধান হবেন?

চন্দ্রদ্বীপ লাইফস্টাইল :: কোভিডের মর্মান্তিক স্মৃতি এখনও কারও মন থেকেই মুছে যায়নি, তার মধ্যে নতুন করে মাঙ্কিপক্সের চিন্তা। এই নিয়ে দু’বছরে দুইবার মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থার ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়েছে ১৭ হাজারের বেশি। এই পরিস্থিতিতে কী দেখলে বুঝবেন আপনি মাঙ্কিপক্স আক্রান্ত।

আসুন জেনে নিই কি কি উপসর্গ দেখা দিতে পারে:

> প্রবল জ্বর হতে পারে। মাঙ্কিপক্সের ফলে শরীরে ব্যথাও হতে পারে। ত্বকে র‌্যাশ দেখা যেতে পারে। সেই র‌্যাশ আবার সময়ের সঙ্গে সঙ্গে লাল ফোঁড়ার মতো আকার ধারণ করতে পারে। হাত, পা, পায়ের পাতা, মুখ এবং শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে এই র‌্যাশ।

> কোভিডের মতোই ছোঁয়াছে এই রোগ। পশু থেকে মানুষে বা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে সংক্রমণ। আক্রান্তের ক্ষত বা দেহ তরলের সংস্পর্শে আসা জামাকাপড় থেকেও কিন্তু ছড়াতে পারে এই মাঙ্কিপক্স।

এই রোগের উপসর্গ দেখলে যা করবেন:

> প্রথমেই এই রোগের উপসর্গ দেখলে পরীক্ষা করাতে হবে। জ্বর, ক্লান্তি, গা ব্যথা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ও ত্বকে ক্ষত তৈরির মতো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।

> মাঙ্কিপক্সের উপসর্গ সাধারণত সংক্রমণের দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যায়। যদি এই ভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে আসেন, তবে আগে থেকেই আলাদা থাকা ভালো। তাতে বাকিদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমবে।

> আলাদা থাকার সঙ্গেই গোসলের গামছা, তোয়ালে আলাদা করতে হবে। যতক্ষণ না পরীক্ষার ফল হাতে আসছে, ততক্ষণ সতর্ক থাকতে হবে।




আহতদের পাশে দাঁড়াতে কনসার্টের আহ্বান জানালেন আসিফ

চন্দ্রদ্বীপ বিনোদন :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেক শিক্ষার্থী। আহত হয়ে হাসপাতালের বিছানায় এখনও কাতরাচ্ছেন অনেকেই। সামর্থ্যের অভাবে অনেকেই আবার সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই আহ্বান জানিয়েছেন বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আর গায়ক আসিফ আকবর আহ্বান জানালেন শিল্পীদের।

আসিফের মতে, এই সময় শিল্পীরা কনসার্টের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারে। আর সেই উদ্যোগ খুব দ্রুত নেওয়ার দরকার।

গায়কের কথায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের সঠিক তালিকা এখনো পাওয়া যায়নি। বুলেটবিদ্ধ আহত ছাত্র-জনতা কাতরাচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এ বিষয়ে কাজ করছে। অনেকেই আছেন যাদের চিকিৎসার সামর্থ্য নেই, অথচ সুচিকিৎসা প্রয়োজন। বাংলাদেশের সমৃদ্ধ ব্যান্ডগুলো এরই মধ্যে একটা পেশাদারত্বের ছকে আছে। তারা জানে কনসার্ট থেকে কীভাবে উপার্জন করতে হয়। আমরা সলো আর্টিস্টরাও পারব, কনসার্টের মাধ্যমে ফান্ড রাইজ করতে।’

আসিফ আরও বলেন, ‘প্রয়োজন প্রোপার ম্যানেজমেন্ট। দেশের মানুষকে কনসার্টের মাধ্যমে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সম্পৃক্ত করা যায়, তারা স্বতঃস্ফূর্তভাবেই অংশ নেবে। জালিমের বিদায়ের পর দেশ আবারও মুখরিত হবে তারুণ্যের উচ্ছ্বাসে।’

প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর কথা স্মরণ করে তিনি জানান, আইয়ুব বাচ্চু বেঁচে থাকলে অবশ্যই এই উদ্যোগ নিতেন। সারা দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে তার মতো কনসার্ট কেউ করেননি।




এইচএসসি পাসেই লাজ ফার্মায় চাকরির সুযোগ

চন্দ্রদ্বীপ চাকরি :: জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লাজ ফার্মা লিমিটেড। ‘ক্যাশিয়ার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা লিমিটেড

পদের নাম: ক্যাশিয়ার

পদের সংখ্যা: ০৫টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা: ক্যাশ কাউন্টার পরিচালনায় দক্ষতা।

অভিজ্ঞতা: পজ মেশিন পরিচালনা ও সেটেলমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (মগবাজার)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ওভার টাইম সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

✪ আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, আবেদন অনলাইনে

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্ট, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।