গলাচিপার ডাকুয়ায় জেলেদের মাঝে শান্তিপূর্ণভাবে চাল বিতরণ.

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় শান্তিপূর্ণভাবে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪৪২ জন জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপসহকারী কৃষি অফিসার ও ট্যাগ অফিসার মো. নাহিদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সায়েম মিয়া, মো. উজ্জল, মহিলা ইউপি সদস্য মোসা. সালমা প্রমুখ।

আরো পড়ুন : গলাচিপায় ছাত্র আন্দোলনে নিহত ৬ জনের পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত

ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন, শান্তিপূর্ণভাবেই ৪৪২ জন জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তা ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রকৃত জেলেদের মাঝে এসব চাল বিতরণ করা হয়।




কুয়াকাটায় ৫০ হাজার তালের আঁটি রোপণ কর্মসূচি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাত থেকে রক্ষায় ৫০ হাজার তালের আঁটি রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়াকাটা টিম ও স্থানীয় সচেতন নাগরিকরা।

গত রোববার এ কর্মসূচি শুরু করে দুদিনে প্রায় ২০ হাজার আঁটি রোপণ করেন তারা। পর্যায়ক্রমে বাকি ৩০ হাজার আঁটি রোপণ করা হবে বলে জানিয়েছেন তারা।

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে শুরু করে গঙ্গামতি পর্যন্ত সমুদ্র রক্ষা বেড়িবাঁধের দুপাশে এই আঁটি রোপণ করা হয়। উপকূলীয় দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে তাদের এই আয়োজন বলে জানান আয়োজকরা।

কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়াকাটা সমন্বয়ক মোহাম্মদ মহিম আকন, জামায়াতে ইসলামীর কুয়াকাটার আমির মাওলানা মঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন আমিরসহ সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, প্রতিবছর বজ্রপাতে অসংখ্য মানুষ ও পশুপাখি মারা যায়। অন্যদিকে বজ্রপাতনিরোধক তালগাছের সংখ্যা দিন দিন কমছে। তালগাছের সংখ্যা বাড়াতে আমাদের এ আয়োজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়াকাটার সমন্বয়ক মোহাম্মদ মহিম আকন বলেন, আমরা দেশকে সবুজায়নের পদক্ষেপ নিয়েছি। কুয়াকাটা থেকে এটা শুরু করেছি। আশা করি সারা দেশব্যাপী এটা চলমান থাকবে।




বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ নিউজ  :: যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্র সরকারের এমন মনোভাবের কথা তুলে ধরেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

সাক্ষাৎকালে হেলেন লাফেভ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। আগামীতে দিনগুলোতে ঢাকা ও ওয়াশিংটন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস চলতি সপ্তাহে কনস্যুলার সেবা পুনরায় চালু করবে। চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।

স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, আইনের শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সহায়তা করবে বলে উল্লেখ করেন হেলেন লাফেভ।
তিনি বলেন, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসন ইতোমধ্যে শুরু করেছে এবং তিনি আশা প্রকাশ করেন এই প্রক্রিয়া আরও দ্রুততর হবে।

রোহিঙ্গাদের মানবিক সহায়তার ক্ষেত্রে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র উল্লেখ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, এ বছর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা বাড়ানোর ফলে রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি রোহিঙ্গাদের জীবিকার সুযোগ তৈরি করার আহ্বান জানান।

বাংলাদেশের সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সহায়তার ক্ষেত্রে কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গাদের আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করার মত।

অন্তর্বর্তী সরকার আমূল সংস্কার কার্যক্রম সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের এই কূটনীতিককে বলেন, ‘একটি যৌক্তিক সময় পরে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দাতাগোষ্ঠীকে একটি ‘কমন প্ল্যাটফর্ম’ গঠন এবং সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বাংলাদেশের শ্রম পরিস্থিতি এবং সংখ্যালঘুদের বিষয় নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিক ‘সংবিধান দ্বারা সুরক্ষিত’ এবং অন্তর্বর্তী সরকার সকল নাগরিকের মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’

সাক্ষাৎকালে মানবাধিকার ইস্যু, সাইবার সিকিউরিটি আইন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে তার সরকার বাংলাদেশে একটি প্রসিকিউটোরিয়াল সার্ভিস স্থাপনে সহায়তা করার চেষ্টা করছে।




যেভাবে পরিচালিত হবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান

চন্দ্রদ্বীপ ডেস্ক : দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। মঙ্গলবারই শেষ হতে যাচ্ছে সব ধরনের অস্ত্র জমা দেয়ার সময়সীমা।

এর মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে বৈধ অস্ত্রও।

গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবারের মধ্যে গোলাবারুদসহ এসব আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

শেখ হাসিনার পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় হামলা করে লুটপাট করা হয়। লুণ্ঠিত ওই সমস্ত অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার শেষ সময়ও মঙ্গলবার।

রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ঘোষণা দেন।

তবে থানাগুলো থেকে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে বিষয়ে পরিসংখ্যান মঙ্গলবারের পর জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রশ্ন হলো কাদের কাছে রয়েছে এসব অবৈধ অস্ত্র? কিভাবে এই অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী?

কেন এই অভিযান?
আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে বিভিন্ন সময়েই বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার দেখা গেছে।

বিরোধীপক্ষকে শায়েস্তা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের প্রদর্শন করতেও দেখা গেছে। এসব ক্ষেত্রে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সে সময় ছড়িয়ে পড়ে।এসব ভিডিওতে তাদেরকে কখনো পুলিশের সামনে আবার কখনো নিজেরা সংঘবদ্ধ হয়ে আন্দোলনকারীদের দমাতে অস্ত্র হাতে দেখা গিয়েছে।

এ আন্দোলনের শেষ পর্যায়ে তিন দিন রাজধানীসহ দেশজুড়ে প্রায় ৫০০ থানায় হামলা হয়। লুটপাট করা হয় অস্ত্র ও গোলাবারুদ।

পুড়িয়ে দেয়া হয় থানা ও পুলিশের যানবাহন। এসব ঘটনায় পুলিশের প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে সব থানার কার্যক্রম শুরু হয়। তবে পুলিশ এখনো পুরোপুরি কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে।

দেশের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, দেশে বৈধ অস্ত্রের সংখ্যা কমবেশি ৫০ হাজার।

রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে ১০ হাজারের বেশি অস্ত্র রয়েছে। এদের বড় অংশই আওয়ামী লীগের নেতাকর্মী।

২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের সময়ে এদের অনেকেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।

গত ২৫ আগস্ট গত সরকারের শাসনামলে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়।

পরে গত ২৭ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার সময়ও বেধে দেয় পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতর কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ থাকলে মঙ্গলবারের মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার নির্দেশ দেয়। এ সময়ের মধ্যে কেউ এসব লুণ্ঠিত অস্ত্র জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানানো হয়।

হবে।

সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, র‍্যাব ও আনসারের যৌথ সমন্বয়ে অপারেশন টিম গঠন করে অভিযান পরিচালনা করা হবে।

মহানগর এলাকায় অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার। সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় কমিশনার এ অভিযান পরিচালনা করবেন।

জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা পর্যালোচনার ভিত্তিতে অভিযান পরিচালিত হবে। এই কমিটিতে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন।

এছাড়া অবৈধ অস্ত্র সংরক্ষণ বা হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থাগ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিস প্রচার করবে।

সূত্র : বিবিসি




ওবায়দুল কাদেরের ২ ভাইয়ের নামে চুরির মামলা

চন্দ্রদ্বীপ নিউজ :: নোয়াখালীতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই ভাইয়ের নামে চাঁদাবাজি ও চুরির মামলা করা হয়েছে। আজ সোমবার জেলার বিচারিক ম্যাজিস্ট্রেটের ২ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন বসুরহাট বাজারের মেসার্স হুমায়ুন টিম্বার অ্যান্ড স মিল এবং ফিরোজ অ্যান্ড ব্রাদার্সের মালিক ফিরোজ আলম মিলন।

মামলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাই শাহাদাত হোসেনসহ ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা দুজনই ওবায়দুল কাদেরের আপন ভাই।

বিচারক মো. ইকবাল হোসেন বাদীর অভিযোগ আমলে নিয়ে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবদুর রহিম সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, কাদের মির্জা দাবিকৃত চাঁদা না পেয়ে তার সহযোগীদের দিয়ে বাদী ফিরোজ আলম মিলনের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চুরিসহ লুটপাট ভাঙচুর করে ২০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি করেছেন। এ ঘটনার বিচার চেয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

মমালার অভিযোগে জানা গেছে, সাবেক মেয়র আবদুল কাদের মির্জা ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বাদীর বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মেসার্স হুমায়ুন টিম্বার অ্যান্ড স মিল এবং মেসার্স ফিরোজ অ্যান্ড ব্রাদার্সে লুটপাট করেন। এতে নগদ ২৮ লাখ ৭০ হাজার টাকাসহ ১৫ কোটি টাকার মালামাল গাড়িতে তুলে নিয়ে যান তারা।

মামলার বিষয়ে জানতে আবদুল কাদের মির্জার মোবাইল ফোন নেম্বরে বারবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।




চিকিৎসকদের ওপর হামলা গাইবান্ধা থেকে গ্রেপ্তার সঞ্জয় পাল জয়

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 সোমবার গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রবিবার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানা একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।

এদিকে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সোমবার সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গনে দেখা যাচ্ছে চিকিৎসক ও রোগীদের আনাগোনা।

হাসপাতালের জরুরি বিভাগেও দেওয়া হচ্ছে সেবা। তবে অ্যাটেন্ডেন্ট পাস কার্ড ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই। মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি ও সেনা সদস্য। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।




৬ ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতবিরোধী জনতাকে উসকে দেয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি। তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তালিকায় আছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

হাসনাত আবদুল্লাহর চিকেন নেক নিয়ে বক্তব্য ও নুসরাত তাবাসসুমের সেভেন সিস্টার নিয়ে ফেসবুকের স্টাটাসকে আমলে নেয়া হয়েছে ভিসা নিষেধাজ্ঞায়।

মূলত, সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি। মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগেই এই নোটটি পাঠানো হয়। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানতে পারেনি দ্য মিরর এশিয়া।




একাত্তরের প্রশ্নের সমাধান করতে চায় পাকিস্তান

চন্দ্রদ্বীপ ডেস্ক : ‘একাত্তরের প্রশ্নটির’ সমাধান চায় পাকিস্তান। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগোযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে আলোচনার প্রস্তাবও দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

রবিবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনায় এ প্রস্তাব দেন পাকিস্তানের হাইকমিশনার।

উপদেষ্টা নাহিদ ইসলামকে পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ বলেন, ‘আমরা ১৯৭১-এর প্রশ্নটির সমাধান করতে চাই। কিন্তু গত সরকার (আওয়ামী লীগ) আমাদের আলোচনার কোনো সুযোগ দেয়নি এবং ইচ্ছা করেই ৭১ ইস্যুটাকে জিইয়ে রাখতো। চাইলে বহু আগেই এটির সমাধান করা যেতো। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী।’

জবাবে উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‌‌‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭১ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের আদর্শে ১৯৭১ ছিল ইতিহাসের শেষ অধ্যায়। কিন্তু আমরা মনে করি, এটি ইতিহাসের ধারাবাহিকতা। ১৯৪৭ বা পাকিস্তান আন্দোলন ছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না। আমরা পাকিস্তানের সঙ্গে ৭১-এর প্রশ্নটির সমাধান করতে চাই।’

এ উপদেষ্টা আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়ার জন্য আমাদের পরস্পরের সঙ্গে সম্পর্ক মজবুত করা প্রয়োজন। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী।’

বাংলাদেশে পাকিস্তানি চ্যানেল চালুর অনুরোধ
বাংলাদেশে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল দেখা যায় না জানিয়ে বিষয়টি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে অবগত করেন পাকিস্তানের হাইকমিশনার। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন তিনি।

এছাড়া পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য সহযোগিতার প্রস্তাব দেন। জবাবে উপদেষ্টা নাহিদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে জানানো হবে।’

পাকিস্তানের হাইকমিশনার আরও বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক কারণে ১৫ বছর পাকিস্তানিদের নানানভাবে হয়রানি করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে আসার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে এবং বিমানবন্দরে পাকিস্তানিরা হয়রানির শিকার হয়েছেন।’ এ সমস্যা সমাধানে তিনি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

সৈয়দ আহমদ মারুফ বলেন, ‘পাকিস্তান সাম্প্রতিক গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে। তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশ‌ই খুব ভালো করছে। তাই এক্ষেত্রে উভয় দেশ যৌথভাবে কাজ করতে পারে।’

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘উপনিবেশবিরোধী লড়াই থেকে শুরু করে পাকিস্তান আন্দোলন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের জনগণের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে।’

তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার প্রয়োজন। মুসলিমপ্রধান দেশ হিসেবেও পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের গভীর বন্ধন রয়েছে। যদিও বাংলা ভাষা ও সংস্কৃতি বাংলাদেশকে বিশেষত্ব দিয়েছে।




নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, পরীক্ষাসহ ফিরছে যত নিয়ম

চন্দ্রদ্বীপ ডেস্ক : সমালোচনা ও বিতর্কের মুখেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আপত্তিকে পাত্তাই দেওয়া হয়নি। শিক্ষাক্রমের বিরোধিতা করায় অনেক অভিভাবক, শিক্ষককে ‘কালো আইন’ হিসেবে পরিচিত সাইবার সিকিউরিটি আইনে মামলা দেওয়া হয়। গ্রেফতারও হন বেশ কয়েকজন। ফলে বাধ্য হয়ে অনেকে সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করান।

আওয়ামী লীগ সরকারের কাছে ‘বাইবেল’ বলে গণ্য হওয়া সেই শিক্ষাক্রম ‘বাস্তবায়নযোগ্য নয়’ বলে আখ্যা দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার পরিপত্রে সই করেন।

এতে বলা হয়েছে, ‘জাতীয় শিক্ষাক্রম-২০২২ এর (নতুন শিক্ষাক্রম) বিষয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এ শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় ওই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান।’

এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক শিক্ষাস্তরে প্রাক-প্রাথমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পাঠ্যবইয়ের সঙ্গে ধারাবাহিকতা রেখে এরই মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবইগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর মতো হবে।

বই সংশোধন আগামী বছর
পরিপত্রে জানানো হয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে চলমান পাঠ্যবইগুলো ২০২৪ সালের পুরোটা সময় বহাল থাকবে। ২০২৫ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে।

২০২৬ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাসে
২০২৫ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠিতব্য) নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো (অর্থাৎ ২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক) শিক্ষার্থীদের সরবরাহ করা হবে।

জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে প্রণীত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এ পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। যেন শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে পরিচালিত হবে।

এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২৫ সালে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তাদের জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত) প্রদান করা হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণি মিলিয়ে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ষষ্ঠ থেকে নবমে এ বছরই বার্ষিক পরীক্ষা
নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নেই। বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন করা হয়। ফলে নতুন শিক্ষাক্রম বাতিল না হওয়া পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে না বলে যে তথ্য ছড়িয়েছিল, তা সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বরং চলতি বছরের ডিসেম্বরে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।

মন্ত্রণালয় বলছে, সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে নতুন শিক্ষাক্রমের বইয়ের ওপরই মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আয়োজন ও মূল্যায়ন করা হবে। সংশোধিত ও মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগির শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।

পরিপত্রে এ বিষয়ে বলা হয়, ২০২৪ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত এবং পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে।

এতে আরও বলা হয়, শ্রেণি কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রতিটির ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে, সেগুলো আর হবে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে চলতি বছরের ডিসেম্বরে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগির স্কুলে স্কুলে পাঠানো হবে।

পরিমার্জিত চূড়ান্ত শিক্ষাক্রম ২০২৬ সালে
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে। যা ২০২৬ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে।




সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ