গলাচিপায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোঃ মঈন উদ্দিন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ইং উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈন উদ্দিন।

বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটির তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন। তাকে মঙ্গলবার সকাল ১০ টায় নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।

উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাচিত প্রধান শিক্ষক মোঃ মঈন উদ্দিন জেলা পর্যায়ে প্রতিদ্বন্দিদ্বতা করবেন। তিনি জেলা পর্যায়ে নির্বাচিত হলে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন। তার এই সাফল্যে জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান, গলাচিপা প্রেসক্লাব সভাপতি, কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক সাঈমুন রহমান এলিট, মু. জিল্লুর রহমান জুয়েল, বেসরকারি টেলিভিশন আনন্দ টিভি‍‍`র গলাচিপা প্রতিনিধি মোঃ সোহেল আরমান, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন বাবুল, মোঃ জহিরুল ইসলাম চয়ন, শিশির রঞ্জন হাওলাদার, মোঃ তালাল মাহমুদ সহ বিভিন্ন গণমাধ্যম বৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।




পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: ঢাকার শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মৃনাল কান্তি বড়াল, সিনিয়র শিক্ষক মো. শওকত হোসেন, সিনিয়র শিক্ষক মুর্শিদাই রাইহান, মো. জাহাঙ্গীর আলম সবুজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক বাবুল আক্তার প্রমুখ।

বক্তব্যে শিক্ষকরা বলেন, ২০১৫ সালের পূর্বের সকল শিক্ষকদের বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অবিলম্বে প্রদান করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের শূন্য পদে নীতিমালা অনুসারে শীঘ্রই পদোন্নতি প্রদান করতে হবে। সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক/প্রধান শিক্ষক শূন্য পদোন্নতি ত্বরান্বিত করতে হবে এবং চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে গেজেট প্রকাশ করতে হবে। চাকরি স্থায়ীকরণসহ ২০১০ ও ১১ ব্যাচের শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে শিগগিরই পদন্নোতি দিতে হবে। মাধ্যমিকের সকল প্রশাসনিক পদে শিক্ষকদের নিয়োগ দিতে হবে। অশিক্ষিত কিংবা প্রকল্পের কোন লোক শিক্ষক সমাজ মেনে নিবেনা।

মানববন্ধনে শিক্ষক বক্তারা আরো বলেন, ১৭ সেপ্টেম্বর ঢাকাস্থ শিক্ষা ভবনে শিক্ষকদের ওপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মবিরতির হুমকি দেন শিক্ষকরা।




‘এদিকের গাড়ি ওদিকে চিনায় না, ওদিকের গাড়ি এদিকে চিনায় না’

পটুয়াখালী প্রতিনিধি :: ‘ব্যানারের কারণে রাস্তায় চলাচল করতে সমস্যার কোনো শেষ নাই, কয়েকদিন ভ্যাবাচ্যাকা খাইছি। কারণ রাস্তার এদিকের গাড়ি ওদিকে চিনায় না, ওদিকের গাড়ি এদিকে চিনায় না। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’ এভাবেই সড়কে থাকা অবৈধ ব্যানার নিয়ে ভোগান্তির কথা বলছিলেন রিমন পরিবহনের সুপারভাইজার মো. সাইফুল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী শহর ঘুরে দেখা যায়, চৌরাস্তা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছেয়ে গেছে অবৈধভাবে টানানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন। এটি শহরের সৌন্দর্যকে নষ্ট করার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন শহরবাসী।

এছাড়া যানবাহনের চালকরা অভিযোগ করছেন, এসব পোস্টার-ব্যানার রাস্তায় দৃশ্যমানতা কমিয়ে দিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের চৌরাস্তা মোড়টি ঢাকা-কুয়াকাটা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু পোস্টার ও ব্যানার দিয়ে গোলচত্বরটি প্রায় পুরোপুরি ঢাকা পড়ায় চালকরা সঠিকভাবে রাস্তা ও ট্র্যাফিক সিগন্যাল দেখতে পাচ্ছেন না। এর ফলে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

রিমন পরিবহনের বাস চালক ইব্রাহিম অভিযোগ করেন, সমস্যা হলো, চৌরাস্তার এক পাশ থেকে অন্য পাশ চিনা যায় না। পৌরসভার উচিত পোস্টারগুলো দ্রুত সরিয়ে ফেলা।

রিকশাচালক আবুল কালাম জানান, রাস্তার দুই পাশ ব্যানার আর পোস্টার দিয়ে ঢেকে ফেলেছে। অনেক সময় রাস্তা পরিষ্কার দেখা যায় না। হঠাৎ সামনে কোনো গাড়ি আসলে বিপদের মুখে পড়তে হয়।

চৌরাস্তা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলিম খান বলেন, ব্যানার ফেস্টুনের কারণে দুর্ঘটনা ঝুঁকি বাড়ার পাশাপাশি শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের উচিত অতিদ্রুত এই পোস্টারগুলো অপসারণ করা। এতে শহরের সৌন্দর্য পুনরায় দৃশ্যমান হবে।

এ বিষয়ে পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা বলেন, বিষয়টি আমার চোখে এসেছে। বিশেষ করে আমাদের চৌরাস্তায় বিভিন্ন পোস্টার-ব্যানারের কারণে সত্যিকার অর্থেই ড্রাইভারদের অসুবিধা হচ্ছে। আর কোনো কালক্ষেপণ না করে খুবই দ্রুত পৌর বিধিমালা অনুযায়ী এসব অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হবে। এছাড়া পটুয়াখালী পৌরসভা এলাকার সৌন্দর্য বাড়াতেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।




ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের দাম কমাল বিমান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া যাত্রীদের টিকিটপ্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) উন্মুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমানো হয়েছে। একইসঙ্গে টিকিটপ্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে।

এর আগে ওমরাহ’র জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো। সকল বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরাহ যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যেকোনো আরবিডিতে ওমরাহ টিকিট কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল ওমরাহ যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তাঁরা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। আর যে সকল যাত্রী ওমরাহ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হবে।




বাউফলে ১০ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে নিলয় ব্যাপারী (১০) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ওলিপুরা গ্রামে নিজ ঘরের দোতলার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু উপজেলার সদর ইউনিয়নের ওলিপুরা গ্রামের তাপস ব্যাপারির একমাত্র সন্তান। তাপস ব্যাপারি স্ত্রীকে নিয়ে রাজধানী ঢাকায় থাকেন। নিহত শিশু দাদা-দাদীর সঙ্গে গ্রামে বসবাস করতো।

পুলিশ জানায়, দুপুরে বাড়ির অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে কাদামাটি মাখামাখি করে ঘরে ফেরে শিশু নিলয়। এ কারণে তার দাদী তাকে বকাঝকা করেন। এরপর শিশুটিকে দোচালা টিনের ঘরের দোতলার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শিশুটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনীত কুমার গায়েন বলেন, খবর পেয়ে সন্ধ্যায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।




যাত্রাবাড়ী থানার সাবেক ওসি টেকনাফে গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কলেজছাত্র ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। হত্যা মামলাটিতে যাত্রাবাড়ী থানার আরেক পরিদর্শক জাকির হোসেনকেও খুঁজছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ থানার ওসি আব্দুল্লাহ আল মামুনও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় টেকনাফ এপিবিএনে কর্মরত আবুল হাসানকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকা মহানগর পুলিশে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজছাত্র ইমাম হাসান তাইম। তিনি নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় তার মা মোছা. পারভীন আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হোসেন ও পরিদর্শক জাকির হোসেন।

হত্যা মামলাটিতে আজ শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ আলীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক : একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। সোমবার রাতে বনানীর বাসা থেকে আটক করেছে বনানী থানা পুলিশ।




দ্রুত নির্বাচনের দাবি ‘সরকারের ভেতর থেকে নতুন দল তৈরির কথা বললে জনগণ কীভাবে বুঝবে তাঁরা নিরপেক্ষ?’

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্র-জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার, আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায়, সেভাবে নিয়ে আসার। সেটা কি নস্যাৎ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে? যাঁরা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাঁদের দায়িত্ব দিয়েছে, তাঁদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। যদি বলেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে জনগণ কী করে বুঝবে যে তাঁরা নিরপেক্ষভাবে কাজ করছেন?’

আজ সোমবার ‘দ্বিকক্ষ পার্লামেন্ট: উচ্চকক্ষের গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

বিএনপির মহাসচিব বলেন, বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালে জন্য রাখা হোক। সমস্ত সংস্কার তারাই করুক। যেকোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। সে জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।

বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনকে সহায়তাকারীরা এখনো প্রশাসনে রয়ে গেছেন, তাঁদের অপসারণ করতে হবে। সেই সঙ্গে আন্দোলনে নিহত-আহত ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, নির্বাচন অবশ্যই করতে হবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে তাতে কোনো লাভ হবে না। সংবিধান সংস্কার ও শাসনব্যবস্থা মেরামত করতে হবে। যারা হত্যা করেছে, তাদের ক্ষমা করা যাবে না। বিচার করতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, কোন কোন বিষয়ে সংস্কার করতে হবে, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। কোনটা আগে শুরু করা হবে, সেটা কীভাবে বাস্তবায়ন করা হবে এবং তা কীভাবে টেকসই যায়, তা ভাবতে হবে। কারণ, অর্জন করলেও তা টিকিয়ে রাখা যায় না। যে সংস্কার না করলে এই আন্দোলন ব্যর্থ হতে পারে, সেটা নিয়ে আলোচনার করা দরকার।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব সমর্থন করেন না বলে জানান এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বাংলাদেশে এটা নিরাপত্তার জন্য উদ্বেগের। এখানে আইন পাস করা কঠিন হয়ে যাবে। তাই এটা পুনর্বিবেচনা করা দরকার।

এ সময় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব আবু ইউসুফ সেলিম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া ও কে এম জাবির।




পটুয়াখালীতে বাঁশ আর সিমেন্টের বস্তা দিয়ে তৈরি ঝুপড়ি ঘরে ৭ সদস্যের বসবাস

পটুয়াখালী প্রতিনিধি :: কবরস্থান থেকে বিনামূল্যে বাঁশ সংগ্রহ করে সেটার ওপর সিমেন্টের বস্তা দিয়ে তৈরি ঝুপড়ি ঘর। আর সেখানেই বসবাস করেন আব্দুল মান্নান (৬০) ও তার পরিবারের ছয় সদস্য।

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ৫নং ওয়ার্ড টেলিখালী গ্রামে আব্দুল মান্নানের নিজ বাড়িতে গেলে তাদের মানবেতর জীবনযাপনের দৃশ্য দেখা যায়।

এই পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল মান্নান পেশায় একজন রিকশাচালক। একটি সড়ক দুর্ঘটনা পর তার এক পা ভেঙে গেলে সংসারে শুরু হয় অভাব। উপার্জন না থাকায় বাধ্য হন শহরের ভাড়া বাসাটি ছেড়ে দিতে। আশ্রয়ের শেষ ঠিকানা হয় এই ঝুপড়ি ঘর।

আব্দুল মান্নান বলেন, আগে ভালোই ছিলাম, পটুয়াখালী শহরের আরামবাগ এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতাম। একটা সড়ক দুর্ঘটনার পর আমার একটা পা ভেঙে যায়। চিকিৎসার খরচ মেটাতে ৪ লাখ টাকা ঋণ নিয়েছি। বর্তমানে আমার তেমন উপার্জন নেই, ভারী কাজ করতে পারি না। তাই গ্রামে আইসা এই ঘর উঠাইছি।

তিনি আরও বলেন, গোরস্তান থেকে চাইয়া বাঁশ আনছি, কেজি হিসাবে সিমেন্টের বস্তা এবং রশি কিনছি। বাঁশের ওপর চাল ও বেড়া হিসেবে সিমেন্টের বস্তা ব্যবহার করছি।

আব্দুল মান্নানের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ঝড়-বন্যায় সন্তানদের নিয়ে আতঙ্কে দিন পার করি। মনে হয় এই বুঝি বাতাসের বেগে আমাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও উড়ে যাবে। সরকার যদি একটু সাহায্য করতো তাহলে শান্তিতে থাকতে পারতাম।

মান্নানের মা আম্বিয়া বেগম বলেন, আমার বড় পুতে অনেক কষ্টে আছে স্যার। একটা ঘর নাই, ছাপ্রা দিয়ে থাকে। ওর কষ্টের কোনো শেষ নাই! বইন্যা ছাড়লে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কোম্মে যাইবে, কি হরবে, কোনহানে থাকবে? বইন্যা ছাড়লেই কয় আমার ঘর উরাইয়া লইয়া যাইবে। যদি সরকার একটু সাহায্য করত তাইলে আমি মইরাও শান্তি পাইতাম যে আমার পুতে শান্তিতে আছে।

আব্দুল মান্নানের এমন দূরাবস্থার কথা শুনে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত আরা জাহান উর্মি দুঃখ প্রকাশ করে বলেন, আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। আমরা তার সঙ্গে যোগাযোগ করব। আলোচনা সাপেক্ষে সরকারের পক্ষ থেকে উপজেলা পরিষদের যতটুকু সাহায্য সহযোগিতা করা সম্ভব হবে আমরা সেটা নিশ্চিত করব।




সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হবে।

মাহবুব আলী হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের টিকিটে ২০১৪ সাল থেকে টানা দুইবারের সংসদ সদস্য ছিলেন। তবে ২০২৪ সালের নির্বাচনে নৌকা নিয়েও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) কাছে হেরে যান মাহবুব আলী।