বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা – গয়না নিয়ে পালালো প্রেমিক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে বিয়ের দাবিতে প্রেমিক সাইফুল মোল্লা (২৫) নামের এক যুবকের বাড়িতে অনশন করছে এক কিশোরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই কিশোরী সাইফুলের বাড়িতে অনশন শুরু করে। এদিকে অভিযুক্ত প্রেমিক সাইফুল কিশোরীর গয়না নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সাইফুল মোল্লা উপজেলার কালাইয়া ইউনিয়নের সৌলা গ্রামের তারের পোল সংলগ্ন মোল্লা বাড়ির আহম্মেদ মোল্লার ছেলে।

ভুক্তভোগী কিশোরী বলে, সাইফুল মোল্লার সঙ্গে দীর্ঘদিন আমার প্রেমের সম্পর্ক। বিষয়টা জানাজানি হলে আমার মামা সাইফুলকে মারধর করে। পরে সে আমাকে কিছু টাকা ম্যানেজ করতে বলে এবং পালিয়ে বিয়ে করার আশ্বাস দেয়। কিছুদিন আগে আমি মায়ের শেষ সম্বল সামান্য গয়না সাইফুলের হাতে তুলে দেই এবং শুক্রবার দুপুরে আমরা পালিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল করে রওনা দেই। পথে মামার হাতে ধরা পড়ি। এর মধ্যে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে যায়। পরবর্তীতে লোকলজ্জার ভয়ে সাইফুলের নানা আমাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানায়। তখন স্থানীয় ইউপি সদস্য আমাকে চৌকিদারের বাসায় রাখতে বলেন।

কিশোরী আরও বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার মধ্যে বিষয়টা সমাধানের কথা ছিল। কিন্তু দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আমি চৌকিদারের বাড়িতে থাকলেও কোনো সমাধান হয়নি। রাত বেশি হওয়ায় পরে চৌকিদার আর আমাকে ঘরে রাখতে চায় না। সাইফুলের নানা আমাকে ঘরে তুলবে না, তাই আমি ওর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছি। ঘরের মধ্যে তারা কেউ নেই। আমার মায়ের গয়না তার কাছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার যাওয়ারও কোনো জায়গা নেই।

এ বিষয়ে চৌকিদার বাবুল বলেন, মেম্বার (জালাল মোল্লা) তাকে বলেছেন কিশোরীকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাসায় রাখতে, এর মধ্যে সে সমাধানের ব্যবস্থা করবে। ৭টার পরে মেম্বার আমাকে বলেন, ইউএনও স্যার তাকে পরামর্শ দিছেন, মেয়েকে পরিবারের কাছে পৌঁছে দিতে। কারণ মেয়ে প্রাপ্তবয়স্ক না। আমি মেয়েকে নেওয়ার জন্য তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। ছেলের পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য জালাল মোল্লা বলেন, সাইফুল আমার ভাতিজা হলেও তার পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই। মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়নি এখানে তাই প্রশাসনকে না জানিয়ে বিয়ে দেওয়া অসম্ভব। আমরা চেয়েছিলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসে প্রাথমিক সমাধান করে, প্রাপ্তবয়স্ক হলে বিয়ের ব্যবস্থা নিশ্চিত করতে। কিন্তু বসার জন্য ছেলেসহ তার পরিবারের কাউকেই খুঁজে পাচ্ছি না। গ্রামের কেউ দায়িত্ব নিচ্ছে না, আমি কিভাবে সমাধান করব।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




লেবাননে ইসরাইলি হামলায় ১৯৭৪ জন নিহত

চন্দ্রদ্বীপ নিউজ :: গত অক্টোবরে হিজবুল্লাহ-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ১২৭ শিশু ও ২৬১ নারীসহ মোট এক হাজার ৯৭৪ জন নিহত এবং নয় হাজার ৩৮৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীর তথ্যানুযায়ী, ইসরাইলি হামলায় বেশ কয়েকটি মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় ৯৭ জন চিকিৎসা ও জরুরি পরিষেবাকর্মী নিহত হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, অনেক হাসপাতাল সরাসরি (ইসরায়েলি) লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাগুলো লেবাননের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়িয়ে তুলেছে যা ইতোমধ্যে একাধিক সঙ্কটের কারণে প্রচণ্ড চাপে রয়েছে।

মন্ত্রী হাসপাতালে অস্ত্র থাকার বিষয়ে ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

উল্লেখ্য, ২০২৩ সালে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সাথে এ লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।




আবু সাঈদ হত্যা : ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক : রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পুলিশ কর্মকর্তাসহ এজাহারনামীয় ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান, শামীম আল-মামুন ও রায়হান কবির।

এতে জানানো হয়েছে, গত ১৮ জুলাই আবু সাঈদের বড় ভাই রমজান আলীর দায়ের করা মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়। এদের মধ্যে রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এসএসআই) আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন এবং অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাকি ১৪ জন আসামি এখনো গ্রেফতার হননি।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা আসামিরা হলেন পুলিশের রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো: মনিরুজ্জামান, সহকারী কমিশনার আরিফুজ্জামান ও আল ইমরান হোসেন, উপকমিশনার আবু মারুফ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রাফিউর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্দির রহমান, আসাদুজ্জামান মণ্ডল, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, এসআই বিভূতিভূষণ, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পোমেল বড়ুয়া, ছাত্রলীগের কর্মী টগর, বাবুল হোসেন ও শামীম মাহফুজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে গত ৩০ সেপ্টেম্বর রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) রংপুরের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে বিচারক আসাদুজ্জামান ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।




দুমকিতে ১১ মন্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহুর্তের প্রস্তুতি

পটুয়াখালী প্রতিনিধি :: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার ১১টি পূজা মন্ডপে শেষ সময়ের প্রতিমায় রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

সরেজমিন ঘুরে দেখা যায়, সব পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ দ্রম্নত গতিতে এগিয়ে এলে এখন শেষের পথে। মাটির কাজ শেষ হয়েছে অনেক আগেই। এখন চলছে রং-তুলির শেষ পর্যায়ের কাজ। এছাড়াও তোরণ নির্মাণ, প্যান্ডেল তৈরি, সাউন্ড ও আলোকসজ্জার কাজ চলছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুমকিতে মোট ১১টি সার্বজনীন পূজা মন্দির থাকলেও এ বছর ৯টি মন্দিরে শারদীয় দুর্গা পূজার আয়োজন করেছে। বাকি দুটি অর্থের অভাবে স্থগিত রয়েছে। এ বছর মুরাদিয়া ইউনিয়নে সর্বাধিক পাঁচটি মন্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এগুলো হলো- উত্তর মুরাদিয়া বোর্ড অফিস বাজার সার্বজনীন দুর্গা মন্দির, মুরাদিয়া বটতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, মধ্য মুরাদিয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির, দক্ষিণ মুরাদিয়া শ্রী শ্রী নবজাগরণ দুর্গামন্দির ও মুরাদিয়া পাইন বাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির।

এছাড়া শ্রীরামপুর ইউনিয়নের দুমকি নতুন বাজার সার্বজনীন শ্রী শ্রী হরি কেন্দ্রীয় মন্দির, পশ্চিম আঙ্গারিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ জলিশা সার্বজনীন দুর্গা মন্দির, লেবুখালী শ্রী শ্রী হরি মন্দির, দক্ষিণ পাঙ্গাশিয়া শ্রী শ্রী জয় গুরু মন্দিরে চলছে শেষ সময়ে প্রতিমায় রং-তুলি ও সাজসজ্জার কাজ।

প্রতিমার কারিগর পঙ্কজ পাল জানান, এ বছর পাঁচটি মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছেন। চলমান পরিস্থিতিতে বাজার মন্দার কারণে প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির পারিশ্রমিক হিসেবে ৪৫-৫৫ হাজার টাকা নিচ্ছেন।

আরেক কারিগর শিশির পাল বলেন, এ বছর প্রতিমা তৈরির মালামালের মূল্য বৃদ্ধি ও শ্রমিক সংকটের কারণে আগের চেয়ে মজুরিও বেশি। তারপরও প্রায় ৮০-৮৫ হাজার টাকা মজুরির বিনিময়ে কাজ করছেন।

দুর্গোৎসবের প্রস্তুতির বিষয়ে উত্তর মুরাদিয়া বোর্ড অফিস বাজার দাস বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি আনন্দ মোহন দাস বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালিত হবে। দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে প্রশাসনিক আশ্বাস আছে।

দুমকি ইউএনও শাহীন মাহমুদ বলেন, পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্টদের নিয়ে গত সপ্তাহে প্রস্তুতিমূলক সভা করেছি। এ বছর পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গ্রাম পুলিশ, আনসারের পাশাপাশি পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও ম্যাজিস্ট্রেট ও কোস্টগার্ডের টহল দায়িত্বে থাকবে।




ববিতে প্রথমবর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬,৭ ও ৮ অক্টোবরের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল গণ্য হবে। এ ছাড়া প্রথমবর্ষের পাঠদান শুরু হবে আগামী ২১ অক্টোবর। ববি ভর্তি কমিটির সদস্য সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথমে তার জিএসটি ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসংবলিত মূল প্রবেশপত্র লাগবে। এরই মধ্যে (১ম ও ২য় প্রাথমিক তালিকায়) প্রাথমিকভাবে ভর্তিকৃতদের বিশ্ববিদ্যালয়ে মূল ট্রান্সক্রিপ্ট জমা দানের রশিদ দেখাতে হবে। যারা তৃতীয় ও চতুর্থ প্রাথমিক তালিকায় প্রাথমিকভাবে ভর্তি হয়েছে কিন্তু মূল ট্রান্সক্রিপ্ট কোন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে জমা দেননি তারা মূল ট্রান্সক্রিপ্ট প্রদর্শন করে ডিন অফিস থেকে ভর্তি ফরম ও পে-স্লিপ সংগ্রহ করবে।

পরে ভর্তি ফরম ও পে-স্লিপ যথাযথভাবে পূরণ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিন্ট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি এবং চয়েস ফরমের প্রিন্ট আউটের মূল কপিসহ ফরমের যথাস্থানে এক কপি সাম্প্রতিক তোলা রঙিন ছবি লাগিয়ে নিতে হবে। আরেক কপি রঙিন ছবি স্ট্যাপলারের মাধ্যমে সংযুক্ত করে ভর্তি ফরম ও পে- স্লিপ সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে। ব্যাংকে ভর্তি ফি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিন অফিসে ভর্তি ফরম জমা দেওয়ার পরে শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের মূলকপি ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিন্ট অথবা GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মূল ট্রান্সক্রিপ্ট জমাদানের মূল রশিদসহ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের কাছে উপস্থিত হতে হবে।




বরিশালের জনপ্রিয় শরবত মলিদা

চন্দ্রদ্বীপ নিউজ :: বরিশাল অঞ্চলের একটি জনপ্রিয় পানীয় হলো মলিদা। বিভিন্ন উৎসব পার্বণে এই অঞ্চলে মলিদা খাওয়ার চল অনেক পুরোনো। তবে বর্তমান প্রজন্মের অনেকে এই মলিদার সঙ্গে পরিচিত নন। এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জনপ্রিয় পানীয় মলিদার নামটি সর্বাঙ্গে জড়িয়ে। যদিও আধুনিকতার ছোঁয়ায় বড় কোনো উৎসব ছাড়া মলিদার আয়োজন এখন আর দেখা যায় না। তবে কেউ কেউ এখনও সংস্কৃতি বা ঐতিহ্য ধরে রাখতে ছোট পরিসরে মলিদা খাওয়ানোর আয়োজন করেন। চলুন জেনে নেওয়া যাক মলিদা তৈরির রেসিপি।

রেসিপি-
উপকরণ: নতুন পোলাওয়ের চাল, নারিকেল, আদা, লবণ, খাঁটি আঁখের গুড়, খই/মুড়ির প্রয়োজন হয়। পরিমাণের হিসাব কষলে বড় এক কাপ বাটা পোলাওয়ের চালের সঙ্গে, কিছুটা মুড়ি/খই বাটা, বড় টেবিল চামচ নারিকেল বাটা, চা চামচ আদা বাটার সাথে পরিমাণ মতো আঁখের গুড়, লবণ মিশিয়ে ৩-৪ কাপ পানির সাথে মিশ্রণ করতে হবে।

প্রণালি: একটি পাত্রে প্রথমে পরিমাণ মতো পোলাওয়ের চাল বাটা, মুড়ি বা খই বাটা, নারিকেল বাটা ও খাঁটি আঁখের গুড় মিশিয়ে হাত দিয়ে কচলে নিন যেন সবগুলো উপাদান একসঙ্গে মিশে যায়। আরেকটি পাত্রে পানি দিয়ে তাতে আগের মিশ্রণগুলো অল্প অল্প করে মিশিয়ে নাড়তে থাকুন, তবে এ মিশ্রণে পানির পাশাপাশি তরল দুধ বা ডাবের পানিও ব্যবহার করেন অনেকে। এবারে সবগুলো মিশ্রণ ঢালার পর পরিমাণ মতো লবণ ও আদা বাটা দিয়ে ভালো করে নাড়ুন। মিশ্রণ হয়ে গেলে পছন্দমতো গ্লাসে ঢেলে তার ওপর মুড়ি বা খই ছিটিয়ে অল্প নারিকেল বাটা ছিটিয়ে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু মলিদা।

মলিদাকে আরও সুস্বাদু করতে অনেক জায়গাতে চিড়াও মিশানো হয়। আগে মিশ্রণ ও বাটার কাজ শীলপাটা ও ঘুঁটনি দিয়ে করা হতো, তবে এখন চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করে নিতে পারেন। যদিও চাল বাটার কাজটি শীলপাটায় করলে স্বাদটা অনেক ভালো হবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।




পটুয়াখালীতে স্বেচ্ছায় এক লাখ তালের চারা রোপণের উদ্যোগ

পটুয়াখালী প্রতিনিধি :: বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ লাখ তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন এক কৃষক। বিভিন্ন সড়ক মহাসড়কের পাশে পতিত জমিতে স্বেচ্ছায় তিনি এসব চারা রোপণ করছেন। তার এ কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল হোসেন। তালগাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজেই চারা রোপণে আগ্রহী হন। পরে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তিন মাস আগে শুরু করেন তালের চারা রোপণ। ইতিমধ্যে আলীপুর বাজার থেকে চাপলি ব্রিজ পর্যন্ত সড়কের পাশে পতিত জমিতে রোপণ করেছেন প্রায় ৩৫ হাজার তালের বীজ। এসব বীজ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রোপণ করছেন তিনি।

চাপলী এলাকার বাসিন্দা মানিক বলেন, তালগাছ আমাদের ব্যাপক উপকারে আসে। এর পাতা ডাল সব কিছুই আমরা ব্যবহার করি। কৃষক কামাল হোসেন সড়কের পাশে এই তালের বীজ রোপণ করছেন। এটা আসলেই খুব ভালো কাজ হচ্ছে।

একই এলাকার অপর বাসিন্দা ওমর আলী বলেন, ৪ থেকে ৫ দিন পর্যন্ত দেখছি কৃষক কামাল হোসেন ৪-৫ মানুষ নিয়ে আমাদের এলাকার রাস্তার পাশে তালের বীজ লাগাচ্ছে। নিজ উদ্যোগে তিনি এসব বীজ বপন করায় তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কৃষক কামাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এছাড়াও ভূমিক্ষয়, ভূমিধ্বস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইতিমধ্যে ৩৫ হাজার বীজ রোপণ করা হয়েছে। বাকি বীজগুলো আমার বাড়িতে সংরক্ষণ করা আছে। সকল বীজ আমি পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় রোপণ করবো।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, উপকূলবর্তী এলাকায় পরিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালের মতো আরও সমাজসেবীকে এসব গাছ রোপণে এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি।




লেবাননে ৮ ইসরাইলি সেনা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এ সময় আরো সাতজন সৈন্য আহত হওয়ার খবরও দিচ্ছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যে সব সৈন্য মারা গেছে, তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের।

লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরাইলি সৈন্য মৃত্যুর ঘটনা এই প্রথম।

লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরাইলি সেনাদের প্রতিহত করার দাবি করছে হিজবুল্লাহ। বুধবার দু’বার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানায় তারা। সংগঠনটির বক্তব্য, এগুলো যুদ্ধের প্রথম পর্যায়। সূত্র : বিবিসি




বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৩০ কেজির একটি পাখি মাছ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবুল কাশেম (৫২) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজী ওজনের ১টি পাখি মাছ।

বুধবার (২ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় এ মাছটি এক নজর দেখছে উৎসুক জনতা ভীড় জমায়।

জানা গেছে, বাজারে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সোহেল নামের এক মাছ ব্যবসায়ী মাছটি সাড়ে ৩ হাজার টাকায় কিনে নেন। গত শনিবার আবুল কাশেম মাঝি ২১ জেলেসহ মায়ের দোয়া নামের একটি ট্রলার নিয়ে চট্রগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছটি ধরা পড়ে।

আবুল কাশেম বলেন, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ কিছুটা কমে গেছে। আগে এ বেশি ধরা পড়ত।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। পরিবেশ ও ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো তীরে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।




আশুলিয়ায় শ্রমিকদের টানা ৪৮ ঘণ্টা ধরে অবরোধ

চন্দ্রদ্বীপ নিউজ :: সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ভাতাসহ পাওনাদি পরিশোধের দাবিতে প্রায় ৪৮ ঘণ্টা ধরে সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে বার্ডস গ্রুপের চারটি কারখানার শ্রমিকরা।

এছাড়া শিল্পাঞ্চলে আজ অধিকাংশ কারখানা চালু রয়েছে। সকাল থেকেই খোলা কারখানাগুলোতে শ্রমিকদের যথাসময়ে কাজে যোগ দিতে দেখা যায়।

বুধবার (২ অক্টোবর) সকাল ৯টায় সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

এর আগে, গত সোমবার সকাল থেকে বাইপাইলের বুড়িরবাজার এলাকার লে অফ থাকা বার্ডস গ্রুপের চারটি কারখানার শ্রমিকরা তাদের প্রাপ্য পাওনাদির দাবিতে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। তৈরি হয়েছে তীব্র যানজট।

শ্রমিকরা জানান, গেল ২৮ আগস্ট আশুলিয়ার বার্ডস গ্রুপের চারটি কারখানা লে-অফ ঘোষণা করা হয়। গতকাল শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা ছিল। তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন, কারখানা ফটকে পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

জানা যায়, বার্ডস গ্রুপের ৪টি কারখানা বার্ডস আর এন আর ফ্যাশন্স লিমিটেড, বার্ডস গার্মেন্টস, বার্ডস ফেডরেক্স, বার্ডস এ এন্ড জেড লিমিটেড পাওনাদি পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেয়ার পর এসব কারখানার বিক্ষুদ্ধ শ্রমিক সড়ক অবরোধ করে।

তবে এছাড়া শিল্পাঞ্চলে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে।

ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির বলেন, গত ৪৮ ঘণ্টা ধরে সড়ক তারা আটকে রেখেছে। এর কারণে ঢাকা থেকে যেসব গাড়ি উত্তরবঙ্গ ও খুলনার দিকে যায় সব রাস্তাই বন্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চন্দ্রা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। ধামরাই রোডেও যানজট, নবীনগর বাইপাইল বন্ধ। মোটকথা এ অঞ্চলের সব সড়কে স্থবিরতা নেমে এসেছে। এভাবে মূল সড়ক তারা বন্ধ রাখতে পারে না। তাদের কাউন্সিলিং করা হয়েছে, কিন্তু তারা মানেনি।

তিনি বলেন, আমরা সমাধানের অনেক চেষ্টা করেছি। মালিকের সঙ্গে কথা বলেছি। মালিক বলেছে, তার কাছে কোনো টাকা পয়সা নাই। কারখানা বিক্রি করে টাকা দেবে। তিনি কারখানা বিক্রি করে টাকা দেবেন। শ্রমিকদেরও কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। তবে আর সব কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে।