ওএসডি হলেন শেবাচিম পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম

বরিশাল অফিস :: অবশেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলামকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করে ওএসডি হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ এর সিনিয়র সহকারী সচিব মোঃ আবু রায়হান দোলন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি অবিলম্বে তার দায়িত্ব উপ-পরিচালকের নিকট হস্তান্তর করে দুই কর্মদিবসের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তৃতীয় দিন থেকে তিনি স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসাবে গণ্য হবেন।

ছাত্রদের আন্দোলনের পর পদত্যাগের আবেদন গত সপ্তাহে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম ছাত্রদের আন্দোলনের মুখে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। ছাত্রদের আন্দোলন মূলত হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা নিয়ে ছিল, যার প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন। পদত্যাগের আবেদন করার পর তিনি ছুটির জন্যও আবেদন করেন এবংউপ-পরিচালকের কাছে হাসপাতালের দায়িত্ব হস্তান্তর করেন। তবে গতকাল পর্যন্ত পরিচালক পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি, ফলে হাসপাতালের পরিচালনার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে ছিল।

শেবাচিমের বর্তমান অবস্থায় ডাঃ সাইফুল ইসলামের পদত্যাগের পর শেবাচিম হাসপাতালের ব্যবস্থাপনায় কিছুটা শূন্যতা সৃষ্টি হয়েছে। ছাত্র আন্দোলনের কারণে হাসপাতালের কার্যক্রম কিছুটা বিঘ্নিত হয়েছে, যা মিটমাটের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই ওএসডি করার সিদ্ধান্ত ডাঃ সাইফুল ইসলামের পদত্যাগ এবং চলমান পরিস্থিতির সাথে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।




শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বরিশাল অফিস :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের (৬০) বিরুদ্ধে রাষ্টদ্রোহ মামলা হয়েছে।

মঙ্গলবারর (৮ অক্টোবর) বরগুনা সদর থানার পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ বাদী হয়ে এই মামলা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুর হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর কবির জেল হাজতে থাকায় এ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

মামলার এজাহারে বাদী মো. শামীম আহম্মেদ অভিযোগ করেন, শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের অডিওটি যড়যন্ত্রের অংশ। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ১০ আগস্ট বরগুনা শহরে বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিল–সমাবেশ থেকে নেতা–কর্মীরা জাহাঙ্গীর কবিরের বাসায় যান। পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত করার হুমকি দেন প্রকাশ্যে। সেই যড়যন্ত্রের অংশ হিসেবে গত ১২ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের কথা হয়। এই ঘটনা বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে রাষ্ট্রদ্রোহের অপরাধ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, জাহাঙ্গীর কবির পৃথক দুটি চাঁদাবাজি মামলায় বরগুনা জেলা কারাগারে আছেন। এ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর তার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের অডিও গত ১২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঢাকা থেকে আসা পুলিশের একটি দল, বরগুনা সদর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে আটক করে।




কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না: মাহফুজ আলম

চন্দ্রদ্বীপ নিউজ :: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, ‘দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।’

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সরকারি সিদ্ধান্তের কথা জানান। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবার সঙ্গে আছে।’

এছাড়া বৌদ্ধ সম্প্রদায় যেন কঠিন চীবর দান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাহফুজ আলম।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সঙ্গে মত বিনিময় হয়েছে।

উল্লেখ্য, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রবিবার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।




পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ প্রকল্প – দ্বিতীয় দফায় ব্যয় বাড়ছে ১৫৫৫ কোটি টাকা

পটুয়াখালী প্রতিনিধি :: দ্বিতীয় দফায় ১৫৫৫ কোটি ১১ লাখ টাকা ব্যয় বাড়ছে ‘পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পে। এটি মোট ব্যয়ের ৩৪ দশমিক ৪৩ শতাংশ বেশি। এক্ষেত্রে চুক্তির ফাঁকফোকর দিয়ে দাম সমন্বয়ের নামে অতিরিক্ত ৪২১ কোটি টাকা দাবি করেছেন ঠিকাদাররা।

তবে এজন্য করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম এবং পণ্যমূল্য বৃদ্ধির অজুহাত দেওয়া হয়েছে। তাই প্রকল্পটি দ্বিতীয়বার সংশোধন করতে হচ্ছে। সেই সঙ্গে মেয়াদও বাড়ছে দেড় বছর। অর্থাৎ প্রকল্পের কাজ চলবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রস্তাবটি নিয়ে পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) সভা করেছে পরিকল্পনা কমিশন। সেখানে বিভিন্ন বিষয়ে সুপারিশ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ বলেন, চুক্তিতে প্রাইস অ্যাডজাস্টমেন্টের সুযোগ দেওয়া থাকলে কিছু করার নেই। তবে ঠিকাদার যে বিল দাখিল করেছে এবং ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় যে বর্ধিত ব্যয় ধরা হয়েছে সেগুলো পায়রাবন্দর কর্তৃপক্ষ যাচাই করবে। এছাড়া যাচাইয়ের দায়িত্ব রয়েছে পরিকল্পনা কমিশনেরও। এক্ষেত্রে চুক্তি মূল্যবৃদ্ধির প্রস্তাব বিশ্লেষণ ও যাচাই করতে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) একটি টিম গঠন করে দিতে পারেন। কারণ দেড় হাজার কোটি টাকা বৃদ্ধি তো একবারেই সাধারণ কোনো বিষয় নয়। এক্ষেত্রে ব্যয়বৃদ্ধির বিষয়টি বিশ্লেষণ ও যাচাই করতে সব পক্ষের সিরিয়াসনেস দরকার।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রকল্পটির মূল ব্যয় ছিল ৩ হাজার ৯৮২ কোটি ১০ লাখ টাকা। পরে প্রথম সংশোধনীর মাধ্যমে বাড়িয়ে করা হয় ৪ হাজার ৫১৬ কোটি ৭৫ লাখ টাকা। এখন দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে ১ হাজার ৫৫৫ কোটি ১১ লাখ টাকা বাড়িয়ে মোট ৬ হাজার ৭১ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে। এদিকে প্রকল্পটির মেয়াদ ছিল ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর দুই দফায় মেয়াদ বাড়িয়ে করা হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। এখন আবার নতুন করে দেড় বছর বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়ন করছে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের আওতায় পায়রা বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পটি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় জেটি নির্মাণের জন্য ঠিকাদার সিআরসিসি হারবার-সিসিইসিসি (জেভি) এর সঙ্গে ২০২০ সালের ২৭ জুলাই চুক্তি স্বাক্ষর হয়। এতে চুক্তি মূল্য ছিল ৯১৬ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকা। এ সময় করোনা মহামারি এবং লকডাউন ছিল। পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। ঠিকাদারের সঙ্গে চুক্তির মেয়াদ ১৮ মাসের বেশি হলে নিয়ম অনুযায়ী চুক্তিতে প্রাইস অ্যাডজাস্টমেন্টের সংস্থান রাখা হয়। ঠিকাদার প্রাইস অ্যাডজাস্টমেন্টের বিল বাবদ ১৫৫ কোটি ৪৩ লাখ ১২ হাজার এবং ডলারের মূল্য বাড়ায় ১৬১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকাসহ মোট দিয়েছে ৩১৬ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার টাকা। এসব মিলিয়ে আগের এবং নতুন বিল মিলে ঠিকাদারের মোট চুক্তি মূল্য দাঁড়াচ্ছে ১ হাজার ২৩৩ কোটি ৫৯ লাখ ২৩ হাজার টাকা। ঠিকাদারের দেওয়া বিল পরামর্শক প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হয়েছে।

এছাড়া ইয়ার্ড নির্মাণ অংশের ২০২০ সালের ২৯ জুন চুক্তি করা হয় সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে। চুক্তি মূল্য ছিল ১ হাজার ৩৪ কোটি টাকা। এখানেও চুক্তির মেয়াদ ১৮ মাসের বেশি হলে প্রাইস অ্যাডজাস্টমেন্টের সুযোগ রাখা হয়। দ্রব্যমূল্য বাড়ায় ঠিকাদার প্রাইস অ্যাডজাস্টমেন্ট বাবদ বিল দিয়েছে ১৭১ কোটি ৮ লাখ ৫ হাজার টাকা। এর সঙ্গে ডলারের দাম বাড়ায় ঠিকাদারের বিল পরিশোধ করতে অতিরিক্ত ৩৭ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা প্রয়োজন। এই দুটি মিলে ২০৮ কোটি ৫৫ লাখ ৯১ হাজার টাকা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে ঠিকাদারের মোট চুক্তি মূল্য দাঁড়াবে ১ হাজার ২৪২ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার টাকা।

আরও জানা যায়, প্রকল্পের আওতায় আন্ধারমানিক নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজ ডিপোজিটরি ওয়ার্ক হিসাবে সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে করার পরিকল্পনা ছিল। সড়ক ও জনপথ বিভাগ দুই বছরের বেশি সময়েও ঠিকাদার নিয়োগে ব্যর্থ হয়। এজন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করে। ব্রিজটি তৈরির জন্য সিআরবিজি-সিসিইসিসি (জেভি) এর সঙ্গে চুক্তি হয়। মোট চুক্তি মূল্য ছিল ৯৪৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার টাকা। চুক্তি মেয়াদ ১৮ মাসের বেশি হলে প্রাইস অ্যাডজাস্টমেন্টের বিধান রাখা হয়। ফলে এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট বাবদ বাড়বে ৯৪ কোটি ৩৫ লাখ টাকা এবং ডলারের মূল্য বৃদ্ধির জন্য ১১৯ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার টাকা। দুটি মিলে মোট বাড়বে ২১৪ কোটি ২০ লাখ ৪৭ হাজার টাকা। ফলে আগের চুক্তি মূল্য ও নতুন অতিরিক্ত অর্থ মিলে ঠিকাদারের মোট চুক্তি মূল্য হবে ১ হাজার ১৫৭ কোটি ৮৪ লাখ টাকা। ইকুইপমেন্ট কেনাকাটায় দরপত্রদাতাদের দর প্রাক্কলিত মূল্যের চেয়ে বেশি হয়। সেই সঙ্গে মামলাজনিত কারণে দরপত্র প্রক্রিয়া শেষ করা যায়নি। পরে করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে পণ্যমূল্য অনেক বেড়ে যায়। এছাড়া ডলারের মূল্য বেড়ে যাওয়ায় প্রকল্প প্রস্তাবে যে দাম ধরা হয়েছিল তা বেড়ে এই খাতে ব্যয় দাঁড়াবে ৫৪৪ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ১৪৭ টাকা। পাশাপাশি পরামর্শকের মেয়াদ বৃদ্ধির কারণে ব্যয় বাড়বে ৩০ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার টাকা। এছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ার কারণে বেশ কিছু খাতে ব্যয় বেড়ে যাবে। সব মিলে ব্যয় বৃদ্ধির পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়াবে।




বরিশালে আমন উৎপাদনে আবাদ অতি বর্ষণে চরম দুঃশ্চিন্তায় কৃষকরা

বরিশাল অফিস :: প্রায় ২৪ লাখ টন চাল পাবার লক্ষ্য অর্জনে বরিশাল কৃষি অঞ্চলে ৮ লাখ ৮৫ হাজার হেক্টরে আবাদ লক্ষ্য অর্জনের কাছে পৌছলে বর্ষা মৌসুমের অনাবৃষ্টির পরে শেষ শরতের অতিবৃষ্টি কৃষি যোদ্ধাদের চরম দুঃশ্চিন্তায় ফেলছে। প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশাল কৃষি অঞ্চলে চলতি খরিফ-২ মৌসুমের শুরুতে স্বাভাবিক বৃষ্টিপাতের অভাবে আমন বীজতলা ছিল হুমকির মুখে।

এরপরেও লক্ষ্যমাত্রার প্রায় ১০৪% বীজতলা তৈরী হলেও গত মে মাসের ঘূর্ণিঝড় ‘রিমাল’এ ভর করে প্রবল বর্ষনে এ অঞ্চলের বিপুল পরিমাণ জমির বীজতলা বিনষ্ট হয়েছে । ফলে বীজ সংকটে আমনের রোপন নিয়েও সংশয় ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই’র দায়িত্বশীল মহলে।

তবে বীজ বিনিময় সহ নানা উপয়ে মৌসুমের শেষ প্রান্তে এসে রোপা আমনের লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে বরিশালের কৃষি-যোদ্ধা গন। ডিএই’র হিসেব মতে গত বুধবার পর্যন্ত বরিশাল অঞ্চলে রোপা আমনের লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ ভাগ অর্জিত হয়েছে। দায়িত্বশীল মহলের মতে আজকালের মধ্যেই আমন আবাদের শতভাগ অর্জিত হবে।

সুতরাং এতদিন বরিশাল অঞ্চলের প্রধান ‘দানাদার খাদ্য ফসল’ অমনের আবাদ নিয়ে যে দুশ্চিন্তা কাজ করছিল তার উত্তরণ ঘটছে। কিন্তু বৃষ্টির খামখেয়ালিপনায় কৃষকদের মাঝে দুশ্চিন্তা কাজ করছে। সাথে গত প্রায় ১৫ দিন ধরে সাগর কিছুটা ফুসে থাকার সাথে উজানের ঢলে বরিশাল অঞ্চলের অনেকগুলো নদ-নদী প্রায় বিপদ সীমার কাছে প্রবাহিত হচ্ছে। ফলে বর্ষণের সাথে নদ-নদীর প্রবাহ নিয়েও কিছুটা দুশ্চিন্তা তাড়া করছে কৃষি-যোদ্ধাদের।

চলতি খরিপ-২ মৌসুমে দেশে ৫৭ লাখ ১৮ হাজার ৩শ হেক্টরে পৌনে ২ কোটি টনেরও বেশী আমন চাল পাবার লক্ষ্য স্থির করেছে কৃষি মন্ত্রণালয়। ডিএই’র মতে, এরমধ্যে বরিশাল অঞ্চলে ৮ লাখ ৮২ হাজার ৩১০ হেক্টরে আবাদের মাধ্যমে ২৩ লাখ ৮০ হাজার ৫৫৮ টন চাল পাবার লক্ষ্য স্থির করেছে মন্ত্রণালয়। গত বছর দেশে আমনের উৎপাদন ছিল প্রায় ১ কোটি ৭৩ লাখ টন। যারমধ্যে বরিশাল অঞ্চলের অবদান ছিল প্রায় ২৩ লাখ টনের কাছে।

এবার মূলত বৈরী আবহাওয়াই আইশের পরে আমনের আবাদকে অনেকটা অনিশ্চিত করে তুলেছিল। সদ্য-সমাপ্ত খরিফ-১ মৌমুসে দেশের প্রায় এক তৃতীয়াংশ আউশ উৎপাদন এলাকা বরিশালে আবাদ লক্ষ্যমাত্রার ৫০ ভাগও অর্জিত হয়নি বৃষ্টির অভাবের সাথে গত ২২মে’র ঘূর্ণিঝড় ‘রিমাল’এর কারনে।

আবহাওয়া বিভাগের মতে, চলতি বছরের শুরু থেকে লাগাতর অনাবৃষ্টির পরে ঘূর্ণিঝড় রিমাল’এ ভর করে বরিশালে স্বাভাবিকের প্রায় ৫০ ভাগ বেশী বৃষ্টি হলেও জুন ও জুলাই মাসেও ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গেছে। অপরদিকে ভাদ্রের পূর্ণিমায় ভর করে লাগাতার প্রবল বর্ষণে আগস্ট মাসে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকে ৬২% বেশী। এমনকি সদ্য-সমাপ্ত সেপ্টেম্বরে আবহাওয়া বিভাগ থেকে ২৮৫ থেকে সাড়ে ৩শ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হলেও মাসের প্রথম ২০ দিনেই প্রায় ৪৪০ মিলিমিটার বৃষ্টি হবার পরে মাস শেষের যোগফলে বরিশালে স্বাভাবিকের প্রায় ৫৩% বেশী বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। এমনকি চলতি অক্টোবরে ১৭০-২০০ মিলি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হলেও মাসের প্রথম ৪ দিনেই প্রায় দেড়শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । দক্ষিণ-পশ্চিম মৌসুম বায়ু উত্তর বঙ্গোপসাগরে পবর অবস্থায় রয়েছে।

অপরদিকে বৃষ্টিপাতের স্বাভাবিক স্তর অতিক্রম করলেও ইতোমধ্যে তাপমাত্রার পারদও স্বাভাবিকের ৩-৫ ডিগ্রী পর্যন্ত ওপরে।

এমনকি শনিবারের মধ্যেই বরিশাল অঞ্চল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরো একটি লঘুচাপ সৃষ্টির কথা জানিয়ে রোববারের পরবর্তী ৫দিনও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। কৃষিবিদদের মতে বর্তমান শরতের শেষ সময়ে স্বাভাবিক বর্ষণ রোপা ও বোনা আমনের জন্য কোন বিরূপ পরিস্থিতি তৈরী করার কথা নয়। কিন্তু বর্তমানে অতি বৃষ্টি সংকট তৈরী করতে পারে।দীর্ঘ অনাবৃষ্টির পরে গত দুটি মাসই অতি বর্ষন আউশের মত আমনের ভাগ্যে কোন বিপর্যয় তৈরী করে তা নিয়ে দুশ্চিন্তা তাড়া করছে কৃষি যোদ্ধাদের।

এধরনের যেকোনো বিপর্যয়ই কৃষি নির্ভর বরিশাল অঞ্চলের কৃষি অর্থনীতিতে চরম সংকট তৈরী করতে পারে বলে শঙ্কিত মাঠ পর্যায়ের কৃষিবীদগনও। শনিবার সকাল ৬টা পূর্ববর্তী ২৪ ঘনটায় ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে । ঘনকালো মেঘে ঢাকা ছিল বরিশাল সহ পুরো উপকূলীয় অঞ্চলে । ব্যাপক গর্জনের সাথে বৃষ্টিপাতে জনজীবন ছিল বিপর্যস্ত।




মিস বাংলাদেশ’ মুকুট জিতলেন বরিশালের মেয়ে ইচ্ছা

চন্দ্রদ্বীপ বিনোদন :: মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ এর শিরোপা জিতেছেন বরিশালের মেয়ে ফেরদৌসী তানভীর ইচ্ছা। ফিলিপিন্সে অনুষ্ঠেয় ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতায় বিজয়ের মুকুট জয় করেন ইচ্ছা। প্রতিযোগিতায় ১ম রানার আপ হয়েছেন কাজী তারানা এবং দ্বিতীয় রানারআপ হ‌য়ে‌ছেন মাহবুবা রহমান লাবণ্য।

আগামী ৯ নভেম্বর ফিলিপিন্সে অনুষ্ঠেয় ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস বাংলাদেশ’ খেতাবজয়ী ফেরদৌসী তানভীর ইচ্ছা।
 
এছাড়া ১ম রানার আপ কাজী তারানা ক‍্যাম্বোডিয়ায় ‘মিস গ্লোবাল’ এবং ২য় রানার-আপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রে ‘রয়েল ইন্টারন্যাশনাল মিস’ আয়োজনে অংশ নেবেন।
প্রতিভা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের এই মহা উৎসবে শুধুমাত্র তিনজন নয়, মোট ১০ জন প্রতিযোগিকে মুকুট পরিয়ে সম্মানিত করা হয়েছে, যারা বিশ্বের ছয়টি মহাদেশের ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
 
এই আয়োজনের শীর্ষ ১০-এর বাকি ৭ জন থাইল্যান্ডের ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’, ভারতের ‘মিস এশিয়া’, ‘মিস এশিয়া গ্লোবাল’, ‘মিস গ্ল্যাম ওয়ার্ল্ড’, ফিলিপিন্সের ‘মিস ইন্টারগ্লোবাল’, দক্ষিণ আফ্রিকার ‘মিস কালচার গ্লোবাল’ এবং কসোভো ও আলবেনিয়ায় ‘মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশকে পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডিং করতে প্রতিশ্রুতিবদ্ধ এই নারীরা পরিবর্তনের দূত হিসেবে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন বলে প্রত্যাশা মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলমের।
 
‘মিস বাংলাদেশ’ কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা নয়। ব্যক্তিত্ব, শিল্পমূল্য, নারীত্ব এবং মার্জিত অনুভবের প্রতিফলনের সমন্বয়ে বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় বাছাই করা হয়েছে সেরা নারীদের; যারা আন্তর্জাতিকভাবে প্রমাণ করবেন বাংলাদেশী নারীরাও বিশ্বের অন্য নারীদের মতোই যোগ্য।



বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল অফিস :: ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাবুগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে গণ সমাবেশ।

শনিবার (৫ অক্টোবর) বিকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ শামসুল হকের সঞ্চালনায় গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নির্মান শ্রমিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে- ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনের বরিশাল জেলা এ্যাসিন্ট্যান্ট সেক্রেটারী মাওলানা কাওছারুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার মাওলানা সিরাজুল ইসলাম ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মাদ ওসমান গনি ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এম এম সালাউদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার এবং অপরাধী সংগঠনগুলোকে রাজনীতিতে অযোগ্য ঘোষণার দাবী করেন। লাগামহীন জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করে বলেন, এ সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য ক্রয় করায় ক্ষমতার মধ্যে আনাতে হবে। চলমান সংস্কার কাজ দ্রুত শেষ করে সংখানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আহ্বান জানান।

বিগত সরকারগুলোর সমালোচনা করে বক্তারা বলেন, অতীতের সকল সরকারই দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পীর সাহেব চরমোনাইর হাতকে শক্তিশালী করে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।




সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এখন তিনি ডিবি কার্যালয়ে।

রোববার (৬ অক্টোবর) রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আমরাও শুনেছি সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার হয়েছেন। তবে আমাদের এখনও ফরমালি জানানো হয়নি। ডিবি থেকে জানালে আমরা জানাবো।




‘ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না’

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে আর কোন আয়নাঘর থাকবে না। ভাতের হোটেল থাকবে না। সেলেব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল হবে না।

শনিবার রাজধানীর মিন্টুরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবিকে জনবান্ধন হিসেবে গড়ে তোলা হচ্ছে। জনসাধারণের ভরসাস্থল হবে ডিবি।’

তিনি বলেন, ‘ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। কেউ গ্রেপ্তার হলে লুকোচুরি নয়, সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হবে। একইসঙ্গে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না।’

এছাড়া ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

রেজাউল করিম মল্লিক আরও বলেন, ‘দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেন নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হয়।’

এ সময় ডিবির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন রেজাউল করিম মল্লিক।




রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

চন্দ্রদ্বীপ নিউজ :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার সকালে বঙ্গভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাৎকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাপ্রধান জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে।