স্মার্টফোনের কনফিগারেশন ভালো না হলেও দুর্দান্ত ছবি তোলা সম্ভব, জেনে নিন কৌশল

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রতিনিয়ত উন্নত হচ্ছে প্রযুক্তি। এর ফলে বর্তমানে স্মার্টফোন হাতে হাতে, অনেকেই পছন্দ অনুযায়ী সাধ্যের বাইরে গিয়েও স্মার্টফোন কিনছেন। কনফিগারেশনের জন্য নয়, বরং কেউ ভিডিও গেমসের জন্য, আবার কেউ ভালো ছবি তোলার জন্য ক্যামেরার দিকে বেশি মনোযোগ দেন। তবে ক্যামেরা বা কনফিগারেশন ভালো হলেই যে ছবি ভালো হবে তা নয়। ছবি তোলা একটি শিল্প, যা শিল্পীর কল্পনা এবং প্রযুক্তিগত দক্ষতার উপরে নির্ভর করে। তাই শখের জন্য বা পেশাগতভাবে ছবি তুলতে কিছু প্রাথমিক কৌশল জানা থাকলে ভালো ছবি তোলা সম্ভব।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে স্মার্টফোনগুলো অবিশ্বাস্যভাবে উন্নত হচ্ছে। বিভিন্ন কোম্পানি ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ক্যামেরার কনফিগারেশন নিয়ে স্মার্টফোন বাজারে এনেছে। ভালো ছবি তুলতে হলে কিছু প্রাথমিক কৌশল জানা দরকার। চলুন জেনে নেই সেই কৌশলগুলো:
1. ক্যামেরার লেন্স: ভালো ছবি তোলার জন্য স্মার্টফোনের ক্যামেরার লেন্স পরিষ্কার রাখা জরুরি। তা না হলে ছবি ঘোলা হবে। তাই লেন্সে ধুলাবালি না পড়ার দিকে নজর রাখতে হবে। শুতি কাপড় বা নরম টিস্যু দিয়ে নিয়মিত লেন্স পরিষ্কার করুন।
2. আলোর বিষয়ে নজর দেয়া: ফটোগ্রাফির জন্য আলোর প্রয়োজন। কোন আলোতে ছবি ভালো হবে, তা বুঝতে হবে। বেশি আলোতে ছবি ঝলসে যেতে পারে, তাই ক্যামেরার সেটিংস ঠিক করে আলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখুন।
3. বিষয়বস্তু: ভালো ছবি তোলার জন্য বিষয়বস্তু ও ফ্রেম গুরুত্বপূর্ণ। বিষয়বস্তু ঠিক করে ফ্রেম এঙ্গেল ঠিক করা জরুরি। গ্রিড লাইনের সাহায্যে উপযুক্ত ফ্রেম নির্বাচন করুন।
4. ফোকাস এবং এক্সপোজার: বিষয়বস্তু ও ফ্রেম ঠিক থাকলে ফোকাস সঠিক রাখতে হবে। ফোকাস পয়েন্ট ঠিক করতে স্ক্রিনে আলতোভাবে চাপুন এবং এক্সপোজার সামঞ্জস্য করুন।
5. বিভিন্ন মোড সেটিংস: আধুনিক স্মার্টফোনে পোর্ট্রেট, নাইট, এবং প্রো মোডের মতো একাধিক মোড থাকে। বিষয়বস্তু অনুযায়ী মুড ব্যবহার করুন।
6. ইউনিক বিষয় চিন্তা করুন: ইউনিক বিষয় চিন্তা করে ফ্রেম ঠিক করুন। এতে ছবিটি অন্যদের সঙ্গে আলাদা হবে।
7. ছবি সম্পাদন: ছবি তোলার পর বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ছবির রেজুলেশন ঠিক রেখে বাড়তি অংশ কেটে ফেলুন। কালার গ্রেডিং ব্যবহার করে ছবিটি আরও সুন্দর করে তুলুন, তবে এডিটিংয়ে অতিরিক্ত কালার গ্রেড ব্যবহার করবেন না।
এই কৌশলগুলো মেনে চললে, আপনার স্মার্টফোন দিয়ে দুর্দান্ত ছবি তোলা সম্ভব হবে।








