শীত ও কুয়াশা নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার পড়তে পারে। এর কারণে দৃষ্টিসীমা ৭০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভোর ৫টা থেকে ২-৪ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৭০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। তাই এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সতর্কসংকেত দেখাতে হবে না।

অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




নিজেই নিজের ক্ষতি করার পাঁচটি কারণ ও করণীয়

নিজের জীবনকে উন্নত করার বদলে অনেক সময় আমরা নিজেদের জন্যই ক্ষতিকর অভ্যাস তৈরি করি। এগুলো ধীরে ধীরে আমাদের সুখ, মানসিক স্বাস্থ্য এবং সম্পর্ককে নষ্ট করতে পারে। এমন কিছু অভ্যাস আছে যা আমরা না বুঝেই প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক, কোন কাজগুলো আমাদের ক্ষতির কারণ এবং এগুলো থেকে মুক্তির উপায়।

জীবনকে প্রতিযোগিতা মনে করা

অন্যদের সঙ্গে নিজের জীবনকে তুলনা করা বা সবকিছুতেই প্রতিযোগিতায় জড়ানো এক বিপর্যয়কর অভ্যাস। জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটি হলো পারস্পরিক সহযোগিতা এবং সম্মানের জায়গা। পরিবর্তে নিজের শক্তি এবং দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।

ঝকঝকে জীবনের মোহ

উচ্চ বেতন, সামাজিক স্বীকৃতি, বা বিলাসবহুল জীবনধারাকে সুখের একমাত্র মানদণ্ড বানানো মানে নিজেকে চাপের মধ্যে ফেলা। বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তৈরি করে, জীবনের ছোট খুশিগুলোকে উপভোগ করার চেষ্টা করুন।

অতীতের ক্ষত আঁকড়ে ধরা

অতীতের অভিযোগ বা ভুলগুলোকে ধরে রাখা মানে বর্তমানকে নষ্ট করা। এগুলো আপনাকে সামনের দিকে এগোতে বাধা দেবে। পুরনো আক্ষেপ ভুলে নতুন সূচনা করার মানসিকতা গড়ে তুলুন।

সব ভাবনাকে সঠিক মনে করা

নিজের প্রতিটি ভাবনা বা বিশ্বাসকে সঠিক ধরে নেওয়া আত্মসমালোচনা এবং শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজের চিন্তাগুলোকে বিশ্লেষণ করুন এবং প্রয়োজনে অন্যের মতামত গ্রহণ করুন।

দায়িত্ব এড়িয়ে চলা

নিজের সমস্যার জন্য সবসময় পরিবেশ বা অন্যদের দোষারোপ করা আত্মোন্নতির পথে বড় বাধা। নিজের অবস্থার উন্নতি করতে দায়বদ্ধ হোন এবং সমস্যার সমাধানে পদক্ষেপ নিন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



৬ বছর পর আইয়ুব বাচ্চুর নতুন গান “ইনবক্স” প্রকাশ পাচ্ছে

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জীবনযাত্রা শেষ হয়েছে ছয় বছর আগে, কিন্তু তার অসংখ্য গানে এখনও শ্রোতারা একাত্ম হয়ে আছেন। নতুন কোনো গান শোনা যাবে না, এমন ধারণা করেও আইয়ুব বাচ্চুর ভক্তরা অবশেষে আশার আলো দেখলেন। সম্প্রতি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা ঘোষণা দিয়েছেন যে, তার স্বামীর নতুন গান “ইনবক্স” শিরোনামে ১ ডিসেম্বর প্রকাশিত হবে।

১ ডিসেম্বর দিনটি বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে কারণ এটি “বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে” হিসেবে পালিত হয়। এক দশক আগে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে ও চ্যানেল আইয়ের উদ্যোগে এই দিনে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। সেই দিনকে স্মরণীয় করে রাখতে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

এলআরবি সদস্যদের কাছ থেকে জানা গেছে, আইয়ুব বাচ্চুর রেকর্ডিং স্টুডিও ‘এবি কিচেন’-এ অনেক অপ্রকাশিত গান রয়েছে। আইয়ুব বাচ্চু কখনো নির্দিষ্টসংখ্যক গান তৈরি না করে অনেক গান তৈরি করতেন, যার মধ্যে কিছু গান বাছাই করে অ্যালবামে স্থান পেত এবং বাকি গানগুলো থেকে যেত হার্ডডিস্কে। এবি ফাউন্ডেশন এখন সেই গানগুলো প্রকাশের উদ্যোগ নিয়েছে, আর এর প্রথম গান হিসেবে আসছে “ইনবক্স”।

গানের কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু নিজেই। কোলাহল কমিউনিকেশনের ব্যানারে এই গানের ভিডিও পরিচালনা করেছেন তানভীর তারেক।

এলআরবি সদস্য আবদুল্লাহ আল মাসুদ জানান, ১ ডিসেম্বর গানটি প্রকাশের জন্য দিনটি নির্বাচন করা হয়েছে কারণ এটি ব্যান্ড সংগীতের বিশেষ দিন হিসেবে চিহ্নিত, এবং ব্যান্ড ফেস্টের সঙ্গে সম্পর্কিত।

ফেরদৌস আক্তার চন্দনা আরও জানান, আইয়ুব বাচ্চুর আরও অনেক গান অপ্রকাশিত রয়েছে এবং ধীরে ধীরে সেগুলো প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন সুবিধা

বর্তমানে, বেশ কিছু অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করলেই ব্যবহারকারীর অবস্থান, আদান-প্রদান করা বার্তা এবং ফোন কলের তথ্য গোপনে সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেয়। এসব অ্যাপ সাধারণত স্টকারওয়্যার নামে পরিচিত, এবং এগুলোর কারণে ব্যক্তি তথ্য চুরি হওয়ার পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিও বৃদ্ধি পায়। এ ধরনের সমস্যার মোকাবিলায় অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কি তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে ‘হু ইজ স্পাইয়িং অন মি’ নামে একটি নতুন সুবিধা যুক্ত করেছে।

নতুন এই সুবিধাটি একটি স্টকারওয়্যার স্ক্যানারের মাধ্যমে কাজ করে, যা গোপনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা অ্যাপগুলো শনাক্ত করতে সক্ষম। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোনে থাকা যে কোন সন্দেহজনক অ্যাপ এবং ১০০ মিটার এর মধ্যে থাকা তথ্য সংগ্রহকারী যন্ত্রগুলো সম্পর্কে সতর্কতা পেতে পারবেন। এছাড়া, এটি ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণের সুযোগও দেয়।

ক্যাসপারস্কির কনজ্যুমার প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মারিনা টিটোভা জানিয়েছেন, “ক্যাসপারস্কি স্টকারওয়্যারের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং আমরা প্রথম যারা ব্যবহারকারীদের এই ধরনের থার্ড-পার্টি ট্র্যাকিং সম্পর্কে সতর্ক করেছি। আমরা আমাদের পণ্যগুলো ক্রমাগত উন্নত করছি, যাতে ব্যবহারকারীদের ডিজিটাল ও অফলাইন স্টকিং থেকেও সুরক্ষা প্রদান করা যায়।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শরীরের ডিটক্সে দিন শুরু করার ৫ উপায়

সকালের ডিটক্স রুটিন শরীর ও মনের জন্য আশ্চর্যজনক উপকার নিয়ে আসে। এটি শুধু বিষাক্ত পদার্থ দূর করে না, বরং শক্তি বাড়ায়, হজমশক্তি উন্নত করে এবং মানসিক স্বচ্ছতা বজায় রাখে। নিচে এমন ৫টি উপায় দেওয়া হলো, যা সকাল ৯টার আগে আপনার ডিটক্স রুটিনে যোগ করতে পারেন।

১. নারিকেল তেল ব্যবহার:
প্রাচীন একটি পদ্ধতি হিসেবে নারিকেল তেল মুখ ও শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। সকালে এক টেবিল চামচ নারিকেল তেল মুখে ঘষলে মুখের টক্সিন দূর হয়, মুখগহ্বরের স্বাস্থ্য ভালো থাকে এবং প্রদাহ কমে। এটি দাত ও মুখ পরিষ্কার রাখতে কার্যকর ভূমিকা পালন করে।

২. গভীর শ্বাস নেওয়া:
ভোরে গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ফুসফুস পরিষ্কার করে এবং মানসিক চাপ কমায়। সহজ একটি পদ্ধতি হলো: ৪ সেকেন্ড শ্বাস নেওয়া, ৭ সেকেন্ড ধরে রাখা, এবং ৮ সেকেন্ডে ধীরে শ্বাস ছাড়া। এটি রক্তকে অক্সিজেন সমৃদ্ধ করে এবং শরীরকে দিন শুরু করার জন্য প্রস্তুত করে।

৩. আদা-লেবু-পানিতে চুমুক:
হালকা গরম পানিতে লেবু এবং আদা মিশিয়ে পান করলে এটি প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে। লেবু শরীরের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং আদা হজমে সহায়তা করে। প্রতিদিন সকালে এই পানীয় আপনাকে দিনভর সতেজ রাখবে।

৪. হালকা গরম পানিতে গোসল:
সকালের হালকা গরম পানির গোসল ঘামের মাধ্যমে টক্সিন বের করে দেয়। এতে প্রয়োজনীয় তেল যোগ করলে ডিটক্স প্রক্রিয়া আরও কার্যকর হয়। ১০-১৫ মিনিটের এই গোসল মানসিক চাপ কমিয়ে আপনাকে তরতাজা রাখবে।

৫. হাঁটা এবং যোগব্যায়াম:
সকালে হাঁটাহাঁটি এবং যোগব্যায়াম রক্ত ​​সঞ্চালন বাড়ায় এবং শরীরের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়া উন্নত করে। প্রাকৃতিক আলো ভিটামিন ডি সরবরাহ করে এবং সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণে সাহায্য করে।

সকালে এই ছোট ছোট অভ্যাসগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে আপনি শরীর ও মনের সুস্থতা উপভোগ করতে পারবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



চিন্ময় দাশকে গ্রেফতারের কারণ জানালেন উপদেষ্টা আসিফ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের কারণ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের পাওটানা কলেজ মাঠে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় এবং অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে জানিয়ে আসিফ আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জসহ দুই একটি জেলার উন্নয়ন করা হয়েছে। বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোন বৈষম্যর শিকার হবে না।

এর আগে শহীদ পরিবারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে অসহায়-দুস্থ পরিবারের মাঝে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এসময় ২৪ এর গণঅভুথ‍্যানে শহীদের পরিবারের সদস্য রাজমিস্ত্রি শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস কর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।




চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি।

এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে। এমনকী বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময়কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছে।




ঢাকার আন্দোলন-বিক্ষোভ নিয়ে মেহের আফরোজ শাওনের ব্যঙ্গাত্মক মন্তব্য

প্রতিদিন ঢাকার কোনো না কোনো স্থানে আন্দোলন-বিক্ষোভ সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। সড়ক অবরোধ, ভাঙচুর, কিংবা লাঠি মিছিল—এসব ঘটনার কারণে নগরজীবন প্রায়শই অচল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, “আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নাই? ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না!”

শাওন আন্দোলন-আপডেটের একটি অ্যাপ তৈরির দাবিও জানিয়েছেন। তিনি বলেন, “ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটি অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।”

তার পোস্টে একজন মন্তব্য করে আন্দোলনের সারা দিনের পরিস্থিতি মজার ছলে তুলে ধরেন। এতে উঠে আসে, মাহবুবুর রহমান কলেজে ভাঙচুর, আগারগাঁওয়ে অটোরিকশাচালকদের দখল, এবং চন্দ্রা-নবীনগর সড়কে শ্রমিকদের আন্দোলনের কথা। এর জবাবে মেহের আফরোজ শাওন বলেন, “যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় কি যেন নাই!”

এদিকে, আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থান এবং ছাত্রদের মিছিলের কারণে যানজট চরম আকার ধারণ করেছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ অভিমুখে লাঠি হাতে লংমার্চ করেছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় মুখোমুখি অবস্থান নেয়া শিক্ষার্থীদের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

  1. মো: আল-আমিন
    স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



খালেদের বোলিংয়ে ১৪২ রানে অলআউট বরিশাল

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিন শেষে বরিশালের বিপর্যয় মুখী ব্যাটিংয়ে ১৪২ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে সিলেটের বিপক্ষে ৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করা বরিশালকে বোলিং তোপে শেষ করে দেয় স্বাগতিক সিলেট। বরিশালের মাত্র ১৪২ রানে অলআউট হওয়ার পর সিলেটকে ১০৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে সিলেটের ব্যাটসম্যানরা ভালো পারফরম্যান্স দেখায়। তিন হাফ সেঞ্চুরিয়ান অমিত হাসান (৫৬), মুবিন আহমেদ (৫৩) এবং নাসুম আহমেদ (৫৩) রানের পর, সোমবার তোফায়েল আহমেদের ৬৪ এবং রেজাউর রহমান রাজার ৩৫ রানের ইনিংসে ভর করে সিলেট ৩৪২ রানের সংগ্রহ করে। এর ফলে তারা ৩৮ রানের লিড পায়।

বরিশালের বোলারদের মধ্যে রুয়েল মিয়া সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। সোহাগ গাজী দুটি উইকেট নেন। এরপর, দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বরিশাল দ্রুতই বিপদে পড়ে। সিলেটের বোলিং তোপে খালেদ আহমেদ ও তোফায়েল আহমেদ স্বাগতিক দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন এবং বরিশালকে ১৪২ রানে অলআউট করেন।

বরিশালের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন সোহাগ গাজী, তবে তার ব্যাটিং ছিল দলের জন্য যথেষ্ট নয়। মঈন খান ৩২ রান করেন, কিন্তু অন্য ব্যাটসম্যানরা আশা জাগাতে পারেননি।

জাতীয় দলের পেসার খালেদ আহমেদ ৪টি উইকেট নেন, আর তোফায়েল আহমেদ নেন ৩টি উইকেট। নাসুম আহমেদ দুটি এবং এবাদত হোসেন একটি উইকেট নেন।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশাল প্রথম ইনিংসে ৩০৪ রান সংগ্রহ করেছিল। আব্দুল মজিদ সর্বোচ্চ ৭৮ রান করেন। সিলেটের বোলারদের মধ্যে রেজাউর রহমান রাজা ৫টি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন।

এদিকে, কক্সবাজার একাডেমি মাঠে ঢাকা মেট্রো ৪৭৫ রান সংগ্রহ করে, যার মধ্যে নাঈম শেখের ১৮০ রান ছিল তার ক্যারিয়ার সেরা। রংপুর ২৫৩ রানে অলআউট হয়ে ঢাকা মেট্রোর ২২২ রানে পিছিয়ে রয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঝালকাঠি সদর হাসপাতালে গলায় দড়ি বাঁধা নবজাতকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি সদর হাসপাতালের ড্রেনে গলায় দড়ি বাঁধা এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে এ হৃদয়বিদারক দৃশ্যটি উদ্ধার হয়। ঘটনাটি হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাইনি ওয়ার্ডের পেছনের ড্রেনের দিকে চোখ পড়তেই তারা থমকে যান। ড্রেনের ময়লা আবর্জনার মধ্যে গলায় দড়ি বাঁধা অবস্থায় ভাসতে দেখা যায় একটি নবজাতক শিশুর মরদেহ। এ দৃশ্যটি সকলকে স্তম্ভিত করে দেয় এবং তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।

হাসপাতালে আসা নূরজাহান নামে এক রোগীর স্বজন বলেন, “এ ধরনের পৈশাচিক ঘটনা আগে কখনো দেখিনি। নবজাতক শিশুর গলায় দড়ি বাঁধা এমন ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এটিএম মেহেদী হাসান সানি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া নবজাতকটি একটি ছেলে শিশু। তবে এখনো শিশুটির পরিচয় এবং কে বা কারা তাকে এমনভাবে ফেলে রেখে গেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম