১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ

বৈধ আয়ের সাথে সঙ্গতিহীন সন্দেহে ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈধ আয়ের সাথে সঙ্গতিহীন সন্দেহে ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ‌্যও দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

সোমবার (৩০ ডিসেম্বর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব তলব করা সাংবা‌দিকরা হ‌লেন— সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-প্রদান বার্তা সম্পাদক মো. ওমর ফারুক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজিদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবাইদুল কবীর মোল্লা, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, ফ্রিল্যান্সার সাংবাদিক অজয় দাস গুপ্ত এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশ‌তিয়াক রেজা।




আজ চালু হচ্ছে বিটিভির স্বতন্ত্র নিউজ চ্যানেল

চন্দ্রদ্বীপ নিউজ : অবশেষে ২৪ ঘন্টার নিউজ চালু করতে যাচ্ছে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে উৎসর্গ করে এ বছরই ‘বিটিভি নিউজ’ নামের স্বতন্ত্র নিউজ চ্যানেল চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আজ সন্ধ্যা সাতটায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এই চ্যানেলের উদ্বোধন করবেন।

বিটিভি ওয়ার্ল্ডকে স্বতন্ত্র নিউজ চ্যানেল হিসেবে চালুর প্রশাসনিক অনুমোদন দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় গত ২৯ ডিসেম্বর।




 রিয়াদ-ফাহিমের বিধ্বংসী ইনিংসে বরিশালের রোমাঞ্চকর জয়

বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী মুখোমুখি হয়েছিল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহী ১৯৭ রানের বড় সংগ্রহ গড়ে। ইয়াসির রাব্বীর মারকুটে ইনিংসের সুবাদে তারা এই বিশাল সংগ্রহ অর্জন করে। তবে এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপর্যয়ের মুখে পড়ে বরিশাল। ৬১ রানে ৫ উইকেট হারিয়ে তারা হারের শঙ্কায় পড়ে যায়।

এ সময় মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের বিধ্বংসী ইনিংসের সুবাদে বিপর্যয় কাটিয়ে ওঠে বরিশাল। রিয়াদ প্রথম থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলে দলকে চড়ে দাঁড়াতে সাহায্য করেন। তার সঙ্গী হিসেবে ফাহিম আশরাফ ক্রিজে এসে অসাধারণ ব্যাটিং করেন।

দলের ১১২ রানে শাহিন শাহ আফ্রিদি সাজঘরে ফিরলে ক্রিজে আসেন ফাহিম, যিনি রিয়াদের সাথে যোগসাজশ করে বরিশালের জয় নিশ্চিত করেন। এই রোমাঞ্চকর জয় তাদের উদ্বোধনী ম্যাচে দুর্দান্তভাবে মাঠে নেমে বড় লক্ষ্য ছুঁতে সাহায্য করেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আজহারীর মাহফিল ২৫ জানুয়ারি পটুয়াখালীতে

দেশের জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালীতে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মাহফিলটি অনুষ্ঠিত হবে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে। এই আয়োজনের মূল উদ্যোক্তা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শায়েখ মিজানুর রহমান আজহারী এবার দেশে মাত্র ৮টি প্রোগ্রামের কথা বলেছেন। এর মধ্যে পটুয়াখালীতে একটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত করা ফাউন্ডেশনের জন্য গর্বের বিষয়। ইতোমধ্যে আজহারীর ব্যক্তিগত সহকারী প্রফেসর মোশাররফ হোসেন স্যার পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেছেন।

আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, “এটি আমাদের জন্য বিরাট সম্মান, কারণ দেশের প্রখ্যাত ইসলামি বক্তা আজহারী পটুয়াখালীবাসীর জন্য সময় রেখেছেন। এই মাহফিল পটুয়াখালীর ধর্মপ্রাণ মানুষের মধ্যে নতুন উৎসাহ জাগাবে।”

এদিকে, এর আগে গত শুক্রবার কক্সবাজারের পেকুয়া এলাকার গুলদি তাফসীর ময়দানে বক্তব্য প্রদান করে ধর্মপ্রাণ মানুষের মন জয় করেছিলেন শায়েখ আজহারী। পটুয়াখালীতে তার উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে প্রেমিকার বিয়ের দাবিতে অনশন, প্রেমিক পলাতক

পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা অনশনে বসেছেন। রোববার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার লেবুখালী ইউনিয়নের লেবুখালী গ্রামে হারুন শিকদারের ছেলে প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে এই অনশন শুরু করেন।

চাঁদনী, ওই তরুণী জানান, গত চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল এবং সম্পর্কের কারণে নিয়মিত দেখা-সাক্ষাৎ হত। একপর্যায়ে প্রেমিক সাজিন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। কয়েক বছর বিয়ের আশ্বাস দিলেও গত পাঁচ মাস ধরে সাজিন তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন।

সম্প্রতি চাঁদনী জানতে পারেন যে, সাজিনের সঙ্গে অন্য একটি মেয়ের বিয়ের আলোচনা চলছে। তখন তিনি সাজিনের বাড়িতে আসেন। চাঁদনী বলেন, “আমি যখন বাড়িতে আসি, সাজিন আমাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর আমি সাজিনের ঘরের সামনে দাঁড়িয়ে থাকলে, সাজিনের মা, ফুফু ও বোন মিলে আমাকে মারধর করেন এবং আমার মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে গণমাধ্যম কর্মীরা এসে ঘটনাস্থলে উপস্থিত হলে তারা মোবাইল ফোনটি ফিরিয়ে দেন।”

চাঁদনীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং ভুক্তভোগী তরুণী আরও জানান, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা তাকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। এমন পরিস্থিতিতে তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন।

অভিযুক্ত প্রেমিক হাসান মাহমুদ সাজিন তার বক্তব্যে বলেন, “চাঁদনীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি আমার ছোট বোনের বান্ধবী, সেই সুবাদে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। এর বাইরে কিছুই নয়।”

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “চাঁদনী আক্তারের মা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্তে তাদের মধ্যে সম্পর্কের সত্যতা পেয়েছে। প্রেমিক বর্তমানে পলাতক রয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, শিল্পপতি সাইদুর রহমান রিন্টুকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।

সাইদুর রহমান রিন্টু, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন, তাকে রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রিন্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে বরিশাল জেলায় অন্যান্য মামলা রয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, সোমবার (৩০ ডিসেম্বর) রিন্টুকে আদালতে পাঠানো হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




 টেংরাগিরি ইকোপার্ক: অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল অবস্থা

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন, বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে। প্রায় ২০১০-১১ এবং ২০১১-১২ অর্থবছরে প্রায় দুই কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই অভয়ারণ্যটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত।

বনে প্রবেশের জন্য টেংরাগিরি সেতুর নির্মাণ কাজ তিন বছর ধরে বন্ধ রয়েছে, যার ফলে দর্শনার্থীদের সংখ্যা কমে গেছে। সেতুর উচ্চতা সংক্রান্ত জটিলতা, সীমানা প্রাচীরের অবস্থা, চলাচলের রাস্তা ও সেতু সবকিছুই নাজুক হয়ে পড়েছে। বন বিভাগ এবং জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে যে দ্রুত সমস্যাগুলোর সমাধান করা হবে।

টেংরাগিরি ইকোপার্কের মধ্যে দর্শনার্থীদের সুবিধার্থে নির্মিত সড়ক, সেতু ও বিশ্রামাগারের বেশিরভাগই ভেঙে গেছে। ইটের রাস্তা থেকে উঠে গেছে ইট, ছোট ছোট সেতুর কাঠ ও সিমেন্টের পাটাতন সরে গেছে, যার ফলে দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। দর্শনার্থীরা বর্তমানে ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পারাপার করছেন। এছাড়া বনের ভিতরে বিভিন্ন প্রাণীর নিরাপত্তার জন্য নির্মিত বেষ্টনীগুলি ভেঙে গেছে, এবং কিছু স্থানে বন্যপ্রাণী দেখা না যাওয়ার কারণে পর্যটকরা হতাশ হচ্ছেন।

বরগুনা থেকে আসা পর্যটকরা এই ইকোপার্কের বেহাল অবস্থার কথা জানিয়ে বলেন, ‘সবকিছু ভাঙাচোরা হয়ে গেছে। রাস্তা, সেতু এবং বন্যপ্রাণী দেখার জন্য স্থাপনা সবই পরিত্যক্ত।’ তারা আরও বলেন, ‘যতদিন পর্যন্ত এসব সমস্যা সমাধান না হবে, ততদিন পর্যটকরা আসতে চাইবেন না।’

বন বিভাগের তালতলী রেঞ্জ অফিসার মো. মতিউর রহমান জানান, সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হলে পর্যটকদের আসার সুবিধা হবে। তবে সেগুলোর সংস্কার এবং পুনরায় নির্মাণের জন্য বরাদ্দের অপেক্ষায় রয়েছেন।

বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, পর্যটন কেন্দ্রটি বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষ দ্রুত সমস্যাগুলোর সমাধানে ব্যবস্থা নিবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আজ থেকে শুরু হচ্ছে বিপিএল, মাঠে নামবে বরিশাল-রাজশাহী

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আসরটি সাফল্যমণ্ডিত করার জন্য ব্যাপক পরিকল্পনা করেছে। প্রথম দিনেই মাঠে নামছে গত বছরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং শক্তিশালী রাজশাহী। মিরপুর শেরে বাংলায় দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা সন্ধ্যা ৭টায় শুরু হবে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

বিপিএলের প্রথম আসরটি ২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং তা ব্যাপক সাড়া ফেলেছিল। তবে সময়ের সাথে সাথে এই টুর্নামেন্টের গুণগত মান কিছুটা কমে গেছে। এবার, ১১তম আসরটি নতুনভাবে শুরু হচ্ছে, যাতে নতুন উদ্দীপনা এবং আকর্ষণ থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও শুরুর দিনগুলোতে কিছু দলের অধিনায়ক ও বিদেশি খেলোয়াড়রা এখনও দলের সঙ্গে যুক্ত হয়নি, তবুও বিপিএল শুরু হতে যাচ্ছে নানা প্রতিযোগিতার মাঝে।

এই আসরে অংশগ্রহণ করছে ৭টি দল এবং মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার মুখোমুখি হবে, যার পর সেরা ৪টি দল খেলবে প্লে-অফে। প্লে-অফের তিনটি ম্যাচ হবে: কোয়ালিফায়ার-১, এলিমিনেটর এবং কোয়ালিফায়ার-২। শেষ পর্যন্ত ৭ ফেব্রুয়ারি শেরে বাংলায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

সাত দলের স্কোয়াড:

ঢাকা ক্যাপিটালস
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন ও আলাউদ্দিন বাবু।
বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।

চিটাগং কিংস
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।
বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।

দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
বিদেশি: মোহাম্মদ হারিস, বিলাল খান, সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

খুলনা টাইগার্স
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।
বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।

রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, আজিজুল হক তামিম ও তৌফিক খান।
বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।

সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও ইকবাল হোসেন ইমন।
বিদেশি: ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ

 

বরিশাল নগরীর ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের চিকিৎসক শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে এক তরুণী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বান্দ রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণীর দাবি, পেটের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে তিনি তার পেটে হাত দেন। এ সময় অভিযুক্ত চিকিৎসক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেন। তরুণী বলেন, “আমি চিৎকার দিলে তিনি আমার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। চিৎকার শুনে ল্যাবের অন্যান্য লোকজন চেম্বারে এলে তিনি পালিয়ে যান।”

তরুণী আরও অভিযোগ করেন, ঘটনার পর ডায়াগনস্টিক ল্যাব কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

অভিযুক্ত চিকিৎসক শফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এটিকে রোগীর সঙ্গে একটি ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন। তিনি বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

এ বিষয়ে ডিজিটাল ল্যাব কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, “এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

ঘটনাটি নগরীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। জনমনে প্রশ্ন উঠেছে, তদন্ত না হলে কীভাবে এমন অভিযোগের সত্যতা জানা যাবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সচিবালয়ে চলাচল সীমিত: ক্রাইম সিন রক্ষার জন্য নেয়া হলো এই সিদ্ধান্ত

বাংলাদেশ সচিবালয়ে গতকাল (২৮ ডিসেম্বর) আগুনের ঘটনা ঘটার পর প্রশাসন সেখানকার চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি নেওয়া হয়েছে মূলত ক্রাইম সিন রক্ষার জন্য, যাতে তদন্ত প্রক্রিয়া সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে চলতে পারে এবং আলামত নষ্ট না হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “এটা তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত।”

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দেন যে, সচিবালয়ে ঘটনার পর তদন্ত কমিটি আগামীকাল, সোমবার, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। এছাড়া কিছু আলামত পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং এসব আলামত বিদেশেও পাঠানো হতে পারে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আবুল কালাম আজাদ মজুমদার জানান, “জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই; এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল।”

এর আগে, শনিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার লিখেন, বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাটবাজার বানানো হয়েছিল। তিনি আরও বলেন, “এটা একটা দ্বিচারিতা বন্ধ হওয়া জরুরি।” সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার বিষয়ে তিনি জানান, এটি সাময়িক একটি ব্যবস্থা।

তিনি আরও বলেন, “কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়নি, কেবল সচিবালয়ে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।” তিনি জানান, যে কোনো প্রয়োজনে অস্থায়ী পাস ইস্যু করা হবে। শিগগিরই বিদ্যমান সব প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড পর্যালোচনা করে নতুন কার্ড ইস্যু করার জন্য সমস্ত সংবাদ মাধ্যম থেকে আবেদন চাওয়া হবে।

এসএলটি, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম