এআর রহমানের গিটারিস্ট হয়ে বিশ্বজয় করলেন বরিশালের নীলাঞ্জনা!

সংগীতজগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন কলকাতার জনপ্রিয় বেজ গিটারিস্ট নীলাঞ্জনা ঘোষ দস্তিদার। জন্ম কলকাতায় হলেও তার শেকড় বাংলাদেশে, বিশেষ করে ঢাকা ও বরিশালে। বর্তমানে তিনি অস্কারজয়ী সুরকার এআর রহমানের ব্যান্ডে বেজ গিটার বাজাচ্ছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সংগীতজীবনের গল্প শেয়ার করেছেন নীলাঞ্জনা। তিনি জানান, প্রথমে বিভিন্ন গান কভার করে ফেসবুকে আপলোড করতেন। এতে ভালো সাড়া পান। এরপর এআর রহমানের ড্রামার রঞ্জিতের এক ছাত্রের সঙ্গে পরিচয় হয় তার।
২০২১ সালের ডিসেম্বরে, রঞ্জিতের মাধ্যমে নীলাঞ্জনাকে এআর রহমানের ব্যান্ডে কাজের প্রস্তাব দেওয়া হয়। এতে তিনি বেশ অবাক হলেও সুযোগটি লুফে নেন।
প্রথম দিকে বেশ নার্ভাস থাকলেও, ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেন তিনি। একদিন প্র্যাকটিস চলাকালীন প্রায় ৪০টি গান বাজানোর পর ক্লান্ত হয়ে পড়েন। তখন এআর রহমান নিজে এসে তাকে অভ্যর্থনা জানিয়ে বলেন, ‘ওয়েলকাম টু দ্য টিম’!
নীলাঞ্জনা বলেন, “তিনি শুধু একজন সুরকার নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান”। রহমান নতুন প্রজন্মের কাজগুলো বিশ্লেষণ করেন ও বোঝার চেষ্টা করেন। তার মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার।
পরিবারের পরিচয় দিতে গিয়ে নীলাঞ্জনা জানান, “আসলে আমি বাংলাদেশের মেয়ে”। তার বাবা-মা ঢাকা ও বরিশালের মানুষ। শাশুড়ির বাড়িও কুমিল্লায়। তাই বাংলাদেশ তার কাছে অন্যরকম আবেগের জায়গা।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








