ভিটামিনের খাদ্য উৎস ও প্রয়োজনীয়তা

ভিটামিন বা খাদ্যপ্রাণ হলো এমন একটি জৈব উপাদান যা শরীরের পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। ১৯১২ সালে বিজ্ঞানী ক্যাশিমির ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন। বিভিন্ন ভিটামিন শরীরের প্রয়োজন মেটাতে ভূমিকা রাখে। তবে, কোন ভিটামিন কীভাবে কাজ করে এবং কোন খাবারে পাওয়া যায়, তা জানা জরুরি।

ভিটামিন এ

চোখের দৃষ্টিশক্তি উন্নত করা এবং রাতকানা রোগ প্রতিরোধে কার্যকর। এর উৎস: দুধ, ডিম, গাজর, মিষ্টিকুমড়া, পেঁপে, কচুশাক ইত্যাদি।

ভিটামিন সি

দাঁত ও মাড়ি সুস্থ রাখা, রক্তকণিকা তৈরি এবং ক্ষত সারাতে সহায়ক। উৎস: আমড়া, পেয়ারা, লেবু, আনারস, বাঁধাকপি।

ভিটামিন ডি

হাড় মজবুত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উৎস: সূর্যালোক, ডিমের কুসুম, দেশীয় ছোট মাছ।

ভিটামিন ই

দেহকোষ সুরক্ষা ও লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়ক। উৎস: বাদাম, সয়াবিন তেল, সূর্যমুখীর তেল।

ভিটামিন বি-১ থেকে বি-১২

প্রতিটি বি-ভিটামিনের রয়েছে আলাদা ভূমিকা। যেমন: শক্তি উৎপাদন, স্নায়ুতন্ত্র সুস্থ রাখা, ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা। এর উৎস: ফুলকপি, মাশরুম, লাল চাল, শিম, কলা, মাংস, ডিম।

ভিটামিন কে

রক্ত জমাট বাঁধা ও বিপাক প্রক্রিয়ায় সহায়ক। উৎস: সবুজ শাক, সয়াবিন, ফুলকপি।

আয়রন

রক্তস্বল্পতা দূর করে ও রক্তে অক্সিজেন সরবরাহ করে। উৎস: মেথি শাক, শিমের বীজ, খেজুর, ছোলা।

ক্যালসিয়াম

হাড় ও দাঁতের গঠন মজবুত রাখে। উৎস: দুধ, দই, পনির, বাঁধাকপি।

পটাসিয়াম

হৃদযন্ত্র ও মাংসপেশির কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে। উৎস: কলা, ডাব, মিষ্টি আলু।

জিংক

শরীরের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে কার্যকর। উৎস: চিংড়ি, ছোলা, কাজুবাদাম।

আয়োডিন

গলগণ্ড রোগ প্রতিরোধ এবং শরীরের পুষ্টি পরিবহনে ভূমিকা রাখে। উৎস: সামুদ্রিক মাছ, আয়োডিনযুক্ত লবণ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নারী বিশ্বকাপ বাছাইয়ে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশি জেসি-মুকুল

চলতি বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ক্রিকেট বিশ্বকাপ, যার বাছাইপর্ব আগামী ৯-১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে। এই বাছাইপর্বে আম্পায়ারের দায়িত্বে থাকবেন দুই বাংলাদেশি আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের আম্পায়ারিং প্যানেল ঘোষণা করেছে, যেখানে বাংলাদেশি নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি এবং মাসুদুর রহমান মুকুল দায়িত্ব পালন করবেন।

আইসিসি ঘোষিত প্যানেলে মোট ১০ জন আম্পায়ার এবং ৩ জন ম্যাচ রেফারি থাকবেন। এই প্যানেলে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করবেন ফয়সাল খান আফ্রিদি এবং সালিমা ইমতিয়াজ। সালিমা ইমতিয়াজ গত বছর পাকিস্তান থেকে প্রথম নারী হিসেবে আইসিসি আম্পায়ার প্যানেলে যোগ দিয়েছিলেন।

বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে মাসুদুর রহমান মুকুল এবং সাথিরা জাকির জেসি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। এছাড়াও, জিম্বাবুয়ের সারা ডাম্বানেভানা, ডোনোভান কচ (অস্ট্রেলিয়া), ক্যান্ডেস লা বোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ডেডুনু ডে সিলভা (শ্রীলঙ্কা), এবং শন হেইগ (নিউজিল্যান্ড) আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আলি নকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), এবং ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।

আইসিসির সিনিয়র ম্যানেজার শন ইজি জানিয়েছেন, এই টুর্নামেন্টটি তাদের নিয়োগকৃত কর্মকর্তাদের জন্য একটি চমৎকার সুযোগ। তিনি বলেন, “এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি তদারকি করার জন্য আমাদের কর্মকর্তারা অভিজ্ঞ এবং ভালোভাবে প্রস্তুত, এবং আমরা আশা করছি তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করবে।”

আম্পায়ার প্যানেল:

  • বাবস জকুমা (দক্ষিণ আফ্রিকা)
  • ক্যান্ডেস লা বোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
  • ডেডুনু ডে সিলভা (শ্রীলঙ্কা)
  • ডোনোভান কচ (অস্ট্রেলিয়া)
  • ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান)
  • মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ)
  • সালিমা ইমতিয়াজ (পাকিস্তান)
  • সারা ডাম্বানেভানা (জিম্বাবুয়ে)
  • সাথিরা জাকির জেসি (বাংলাদেশ)
  • শন হেইগ (নিউজিল্যান্ড)

ম্যাচ রেফারি প্যানেল:

  • আলি নকভি (পাকিস্তান)
  • শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা)
  • ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)

এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয় যে, তাদের দুই জন আম্পায়ার আন্তর্জাতিক নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দায়িত্ব পালন করছেন।




চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

 

পবিত্র ঈদুল ফিতরের এই মহান দিনে, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম এর সকল পাঠক, দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং তাদের পরিবারকে জানাই রইল ঈদের অন্তরঙ্গ শুভেচ্ছা। ঈদ হোক সুখ, শান্তি, সম্প্রীতি এবং প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার একটি বিশেষ সময়।

ঈদ আমাদের জীবনে সুখ, শান্তি এবং একতার এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই শুভ দিনে, আমরা সকলের জন্য একটি ভালো, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভবিষ্যতের কামনা করি। ঈদ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার এবং একে অপরকে সহানুভূতির সাথে গ্রহণ করার বার্তা দেয়।

আমরা সবাই ঈদের খুশি ও আনন্দে একযোগিতায় থাকি, সবার জীবন সুখে ভরে ওঠুক এবং সকল সমস্যার সমাধান হোক। ঈদের মন্ত্র হচ্ছে, একে অপরকে ভালোবাসা, সহমর্মিতা, এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা।

চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং প্রত্যাশা করি এই ঈদ সবার জীবনে নতুন সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুক।

(ঈদ মোবারক)

শুভেচ্ছান্তে,
“মো. তারিকুল ইসলাম মনির
সম্পাদক ও প্রকাশক, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




বাউফলে মারামারি মামলায় তরুণী সানজানা খান সিঁথি গ্রেপ্তার

পটুয়াখালী জেলার বাউফলে একটি মারামারি মামলায় সানজানা খান সিঁথি (২৪) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়। মামলার বাদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুর রহমান।

এটি একটি মারামারি মামলার ঘটনা হলেও সানজানা খান সিঁথি এজাহারভূক্ত আসামী না হলেও, অজ্ঞাত আসামী হিসেবে তাকে বাউফল থানার পুলিশ শুক্রবার বিকালে পৌর শহরের পাবলিক মাঠ সংলগ্ন তার বাবার বাসা থেকে গ্রেপ্তার করে।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, সানজানা খান সিঁথিকে গ্রেপ্তার করা হয়েছে একটি মারামারি মামলায়। তিনি বাউফল কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগ করেন।

এছাড়া, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিঁথি তার ফেসবুক আইডি ব্যবহার করে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মানহানীকর পোস্ট দিয়ে আসছেন এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শবেকদরের নেয়ামত লাভের উপায়

রমজান মাস পুরোপুরি রহমত ও ক্ষমার মাস। তবে এর মধ্যে রয়েছে বিশেষ এক মহিমান্বিত রজনী, যাকে লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ তাআলা এ রাতের ব্যাপারে বলেন, “কদর রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সেই রজনীতে ফেরেশতাগণ ও রূহ অবতরণ করেন প্রত্যেক কাজে তাদের রবের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, সেই রজনী সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত।” – সূরা কদর: ৩-৫

এ রাতে আল্লাহর দেওয়া মহা নেয়ামত ও পুরস্কার লাভের জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। নবী করিম (সা.) বলেন, “যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস এবং সওয়াব প্রাপ্তির আশায় লাইলাতুল কদরে কিয়াম (নামাজ-ইবাদত-বন্দেগি) করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।” – সহিহ বোখারি: ২০১৪

এ রাত থেকে বঞ্চিত হওয়া বড় বঞ্চনা
আল্লাহ ও তার প্রিয় রাসূল (সা.) থেকে এত বড় খোশখবরী পাওয়ার পরও এ রাতের রহমত ও ক্ষমা লাভের চেষ্টা না করা অনেক বড় বঞ্চনার বিষয়। হজরত আনাস (রা.) বলেন, “রমজান এলে নবীজী (সা.) বলতেন, ‘এই মহিমান্বিত মাস উপস্থিত। তাতে একটি রজনী রয়েছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হলো, সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হল।’” – সুনানে ইবনে মাজাহ: ১৬৪৪

শবেকদর কিভাবে মিলতে পারে?
নবী করিম (সা.) আমাদেরকে শবেকদর লাভের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো।” – সহিহ বোখারি: ২০২০

অন্য এক বর্ণনায় এসেছে, “তোমরা শেষ দশকের বেজোড় রাতগুলোতে কদর অন্বেষণ করো।” – সহিহ বোখারি: ২০১৬

শবেকদরের ন্যূনতম ফজিলত থেকে যেন বঞ্চিত না হই
মুমিনের কর্তব্য হলো, কদর রজনীর পূর্ণ সম্মান ও মূল্যায়ন করা। অন্তত এ রাতে গাফেল না থাকা। রমজান মাসের ফরজ নামাজগুলো জামাতে আদায় করার মাধ্যমে কদর রজনীর ন্যূনতম কদর হতে পারে। হাদিসে এসেছে, “যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করল, সে যেন অর্ধ রজনী কিয়াম করল। আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতে আদায় করল, সে যেন পূর্ণ রাত নামাজ পড়ল।” – সহিহ মুসলিম: ৬৫৬

শবেকদরে কোন দোয়া করবেন
আম্মাজান হজরত আয়েশা (রা.) নবীজীকে জিজ্ঞাসা করেছিলেন, “ইয়া রাসূলাল্লাহ, যদি আমি জানতে পারি, আজ লাইলাতুল কদর, তাহলে আমি কোন দোয়া করতে পারি?” নবী করিম (সা.) তাকে বললেন, “তুমি বলবে- উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া ফা-ফু আন্নি।
অর্থ: “আয় আল্লাহ! আপনি অত্যন্ত ক্ষমাশীল। আপনি ক্ষমা করতেই ভালোবাসেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।” – জামে তিরমিজি: ৩৫১৩

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সিনেমা, ওয়েব সিরিজ ও নাটক ঈদে তিন মাধ্যমেই সরব শিহাব শাহীন

‘দাগি’র পোস্টারে আফরান নিশো, শিহাব শাহীন ও ‘মাইসেলফ অ্যালেন স্বপন ২’র পোস্টারে মিথিলা

রোমান্টিক নির্মাণে তার জুড়ি নেই। শিহাব শাহীন এমন একজন নির্মাতা, যিনি রোমান্স, ড্রামা, থ্রিলার, সায়েন্স ফিকশন, সাইকোলজিক্যাল—সব ধরনের কাজেই সফল। বহু আগেই তিনি নিজেকে সব্যসাচী নির্মাতা হিসেবে প্রমাণ করেছেন।

এই ঈদে শিহাব শাহীন তিন মাধ্যমেই সরব থাকছেন। তার তিনটি কাজ একইসঙ্গে ইউটিউব, ওটিটি এবং বড় পর্দায় মুক্তি পাচ্ছে। তিনি ২০১৫ সালের সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’-এর প্রায় ১০ বছর পর আবার বড় পর্দায় ফিরছেন। সেদিক থেকে এবারের ঈদটি তার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এই ঈদে শিহাব শাহীনের মুক্তি পাচ্ছে তার নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ এর দ্বিতীয় সিজন এবং বড় পর্দায় ‘দাগি’ সিনেমা।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে অভিনয় করেছেন তৌসিফ এবং নিহা। শিহাব শাহীন বলেছেন, তিনি কোনো চাপ অনুভব করছেন না তবে এই অভিজ্ঞতাটি বেশ উপভোগ করছেন। তার মতে, দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা তার প্রতিটি কনটেন্টের ক্ষেত্রে। “গল্পে দর্শকদের এঙ্গেজ করতে পারাটাই আমার মূল চ্যালেঞ্জ,” বলেন তিনি।

এছাড়া, এতগুলো কনটেন্ট একসাথে মুক্তি পাচ্ছে, তবে একটির কারণে অন্যটির উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে শিহাব শাহীন মনে করেন না। তিনি বলেন, “আমার কাছে তা মনে হয় না। ইউটিউব বা ওটিটিতে কাজ দেখার কারণে সিনেমা হলে যাওয়ার ব্যাপারে কোনো বাধা নেই। আমার সিনেমাটি একদম পরিবার নিয়ে দেখার মতো, পরিবার কেন্দ্রিক গল্প, বিনোদনমূলক। দর্শক সিনেমা হলে যে বিনোদন পাওয়ার জন্য যায়, সেটাই আমি দিতে চেয়েছি। আর ওটিটিতে কনটেন্ট বানিয়েছি যেটা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল, বিশেষত এটা ‘সিন্ডিকেট’ ইউনিভার্সের অংশ, তাই বাড়তি আগ্রহ রয়েছে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভুক্তভোগী কলেজছাত্রীকে দেখতে পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই বিপ্লবে নিহত শহীদের মেয়ে, গণধর্ষণের শিকার কলেজপড়ুয়া তরুণীকে দেখতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে যান। তিনি ঢাকা থেকে মাইক্রোবাসে এসে হাসপাতালে ভুক্তভোগীর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে পালাতক আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান।

নাহিদ ইসলামের সফরসঙ্গী ছিলেন—
✅ জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব
✅ যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ
✅ যুগ্ম আহ্বায়ক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন
✅ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা
✅ যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ
✅ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান

এ ঘটনায় দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন,
“অপরাধীদেরকে বিএনপির পরিবারের সদস্য বলে অপপ্রচার চালানো হচ্ছে। অপরাধী যেই হোক, দলীয় ট্যাগ লাগিয়ে তাকে রক্ষা করা যাবে না। দলীয় পরিচয় নয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সকাল ৯টায় হাসপাতালে যান জেলা জামায়াতে ইসলামী নেতারাজামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান মুঠোফোনে ভুক্তভোগীর মায়ের সঙ্গে কথা বলেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি আশ্বাস দেন, জামায়াত পরিবারটির পাশে থাকবে।

গত মঙ্গলবার সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে নিহত বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাচ্ছিলেন কলেজপড়ুয়া ভুক্তভোগী। মুন্সিবাড়ির কাছে পৌঁছালে—

সাকিব মুন্সি (১৯) (মৃত মামুন মুন্সির ছেলে)
সিফাত মুন্সি (২০) (সোহাগ মুন্সির ছেলে)

তাকে জোরপূর্বক সড়কের পাশের একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে, কাউকে কিছু না বলতে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে সাকিব মুন্সিকে পুলিশ গ্রেপ্তার করেছে, তবে সিফাত মুন্সি এখনও পলাতক।

এ ঘটনায় সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মানবাধিকার সংগঠন দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

 

আল-আমিন, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, ‘তুলসি গ্যাবার্ডের মন্তব্য গুরুতর’

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফত নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যকে ‘গুরুতর’ বলে বর্ণনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ওটাই।”

গতকাল (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন উপদেষ্টা তৌহিদ।

তুলসি গ্যাবার্ডের মন্তব্যে বলা হয়েছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ক্যাথলিকসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান নিপীড়ন, হত্যা ও নির্যাতন মার্কিন সরকারের উদ্বেগের একটি প্রধান বিষয়। তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভার আলোচনা শুরু হয়েছে, তবে এটি উদ্বেগের একটি মূল জায়গা হয়ে রয়েছে।”

এর পর, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, “আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে তুলসি গ্যাবার্ডের মন্তব্য লক্ষ্য করেছি। তাঁর বক্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামকে আঘাত করে।”

এতে আরও বলা হয়, তুলসি গ্যাবার্ডের মন্তব্য নির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে করা হয়নি। “বাংলাদেশ সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক সমপ্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ক্রমাগত এই সমস্যাগুলো মোকাবিলা করছে,” বলা হয়েছে বিবৃতিতে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সড়ক দুর্ঘটনায় পঙ্গু দুমকির আলমগীর, মানবেতর জীবনযাপন – সাহায্যের আবেদন

পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্তিকপাশা গ্রামের ভ্যানচালক মো. আলমগীর শরীফ (৫০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। বাঁ পায়ের জটিল অস্ত্রোপচারের পরও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। বর্তমানে তিনি চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।

গত বছরের ২০ জানুয়ারি উপজেলার থানা ব্রিজ সংলগ্ন লেবুখালী-বাউফল মহাসড়কে পেছন থেকে একটি অটোগাড়ির ধাক্কায় আলমগীরের ভ্যান দুর্ঘটনার শিকার হয়। এতে সামনে থাকা একটি টমটমের সঙ্গে সংঘর্ষে তার বাঁ পায়ের হাঁটুর হাড় ২২ টুকরায় ভেঙে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে শ্যামলী ট্রমা সেন্টারে চিকিৎসা নিতে হয়। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তিনি তার শেষ সম্বলটুকু বিক্রি করেছেন। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।

অসুস্থ আলমগীর বলেন, “ভাঙা পা নিয়ে সবসময় শুয়ে থাকতে হয়। কী খাব, কীভাবে চিকিৎসা করাব বুঝতে পারছি না। সমাজের বিত্তবানদের ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানাই।” তিনি সহৃদয় ব্যক্তিদের তার মোবাইল নম্বরে ০১৭৯৪৪০৫০৪৪ (নগদ) ও ০১৩৩৪০৮৩৮১ (বিকাশ) অ্যাকাউন্টে সহায়তা পাঠানোর অনুরোধ করেছেন।

পূর্ব কার্তিকপাশা গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, একসময় আলমগীরের আয়েই তার ছয় সদস্যের পরিবার চলত। কিন্তু দুর্ঘটনার পর থেকে পরিবারটি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রতিবেশীরা যতটা সম্ভব সহায়তা করছেন, তবে আরও বড় পরিসরে সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, “ভ্যানচালক আলমগীর যদি আবেদন করেন, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আলমগীর শরীফের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান মানুষ, দাতব্য সংস্থা ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। তার পাশে দাঁড়ালে একটি পরিবার নতুনভাবে বেঁচে থাকার সুযোগ পাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর

দুর্নীতি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন।

রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে জামিনের আবেদন করা হয়। তাঁর পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন জানালেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এ মামলায় সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখল করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে গত ১৯ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।

এর আগে গত বছরের ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক মামলায় রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। গত ২৯ জানুয়ারি আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম