বরিশালে খেয়াঘাটের ইজারা বাতিলসহ ১৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালের কীর্তনখোলা (বেলতলা) খেয়াঘাটের ইজারা বাতিলসহ ১৮ দফা দাবি জানিয়েছে চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এই দাবিতে রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ইউপি সদস্য মো. মামুন। তিনি জানান, বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু এই ঘাটে ইজারাদারেরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা সাধারণ যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কোনো অভিযোগ করলেও প্রতিকার মিলছে না। বরং ইজারাদারেরা পেশিশক্তি দেখিয়ে নানা অনিয়ম করে যাচ্ছেন এবং জেলা পরিষদের কোনো নিয়ম মানছেন না।

সংবাদ সম্মেলনে ঘোষিত ১৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো:

  • খেয়াঘাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ঘোষণা
  • ইজারা বাতিল না হওয়া পর্যন্ত যাত্রী ভাড়া নির্ধারণ:
    • জনপ্রতি ৩ টাকা
    • মোটরসাইকেল ১০ টাকা
    • তিনচাকার বাহন ১৫ টাকা
    • বাইসাইকেল (চালকসহ) ৭ টাকা
    • গরু-মহিষ ১৫ টাকা
  • ছাত্র, ইমাম, প্রতিবন্ধীদের জন্য ভাড়া মওকুফ
  • অতিরিক্ত ভাড়া আদায়ে আইনি ব্যবস্থা
  • প্রতি ৫ মিনিট পরপর ট্রলার ছাড়ার ব্যবস্থা
  • পৃথকভাবে মানুষ ও পশু পরিবহনের নিয়ম
  • যাত্রী ছাউনি, বিশুদ্ধ পানি, নারী-সুলভ টয়লেট এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ

সংবাদ সম্মেলনে সৈয়দ মো. মাসুম বিল্লাহ, আবু হানিফ, খন্দকার রাকিব, সাহবুদ্দিন হাওলাদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন বলেন, “ঘাটটি নিয়মিতভাবে ইজারা দেওয়া হয়ে থাকে। তবে ইজারাদারের কোনো অনিয়ম ধরা পড়লে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পায়রা সেতুর পাশে ‘ম্যাজিক চা’ এখন ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য

পটুয়াখালীর লেবুখালীর পায়রা সেতুর পাশে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক পর্যটন কেন্দ্র— ‘পায়রা পয়েন্ট মার্কেট’। ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশেই এই এলাকায় গড়ে উঠেছে ‘ম্যাজিক চা’ নামের এক ব্যতিক্রমধর্মী চায়ের আসর, যা এখন পর্যটকদের ক্লান্তি ভুলিয়ে নতুন আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। এখানে চায়ের সঙ্গে পরিবেশিত হচ্ছে বাহারি মশলাদার পান, যার মধ্যে রয়েছে পাহাড়ি পান ও আগুন পান। বিশেষ স্বাদের এই পান ও চায়ের কারণে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন এখানে।

বিশেষ মালাই চায়ের দাম ৫০ টাকা, রেগুলার ও মিনি চায়ের দাম ২০ টাকা করে। পাহাড়ি পান মিলছে ৩০ টাকায় এবং ব্যতিক্রমী স্বাদের আগুন পান বিক্রি হচ্ছে ১০০ টাকায়। তবে এই স্বাদের মূল আকর্ষণ দামে নয়, বরং পরিবেশ, উপস্থাপনা এবং এর পেছনের গল্পেই। নদী আর সেতুর সৌন্দর্য ঘেরা এই পয়েন্ট যেন একপ্রকার মিশরের কায়রোর মতো মানুষের আনাগোনায় সরগরম। দিন কিংবা রাত—চলছে চা-পান আর আড্ডা।

দোকানিরা বলছেন, প্রতিটি কাপে তারা শুধু চা নয়, পরিবেশন করছেন এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা। কেউ উপভোগ করছেন ঘন দুধে তৈরি মালাই চা, কেউ আবার আকৃষ্ট হচ্ছেন বিশেষ মশলা চায়ে—যার নামই ‘ম্যাজিক চা’। অভিনব উপায়ে সাজানো এই চায়ের দোকানগুলো পর্যটকদের মন জয় করে নিচ্ছে খুব সহজেই।

ঢাকা, বরিশাল, খুলনা এমনকি দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা এখন শুধু পায়রা সেতুর সৌন্দর্য দেখতে নয়, বরং ম্যাজিক চায়ের স্বাদ নিতে ছুটে আসছেন পায়রা পয়েন্টে। নদীর ধারে বসে প্রকৃতির মাঝে চায়ের স্বাদ গ্রহণ করতে আসা এক পর্যটক জানান, “পায়রা সেতু দেখতে এসে এখানে ম্যাজিক চায়ের স্বাদ পেলাম, এমন স্বাদ আগে কখনও পাইনি—এটা সত্যিই অন্যরকম অনুভূতি।”

এই ক্ষুদ্র উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে এক নতুন আশা। ব্যবসায়ীরা মনে করছেন, এ ধরনের ব্যতিক্রমী ভাবনা ও উপস্থাপনা পর্যটন শিল্পকে যেমন উন্নত করবে, তেমনি স্থানীয় অর্থনীতিতেও আনবে বড় পরিবর্তন। যেমনভাবে পায়রা সেতু যাত্রীদের যাত্রাপথ সহজ করেছে, তেমনি তার পাশে গড়ে ওঠা এই ক্ষুদ্র ‘ম্যাজিক চা বাজার’ হয়ে উঠেছে এক অনন্য ভ্রমণ গন্তব্য—যেখানে প্রতিটি চুমুকেই আছে গল্প, স্বাদ আর স্মৃতি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বৈচিত্র্যের মাঝেও আমরা এক পরিবার: প্রধান উপদেষ্টা ইউনূস

নানা ধর্ম, মত ও সংস্কৃতির ভিন্নতার মধ্যেও বাংলাদেশের মানুষ এক পরিবার—এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ি ও সমতলের জনগোষ্ঠী—সবাই মিলে গড়ে তুলেছে এক অনন্য সাংস্কৃতিক ঐক্য।”

রোববার (১৩ এপ্রিল) সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলা নববর্ষ আমাদের সম্প্রীতির প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ রীতিতে এ উৎসব পালন করেন। এটাই আমাদের সংস্কৃতির সৌন্দর্য।”

অনুষ্ঠানে তিনি বলেন, “আন্তর্জাতিক বৌদ্ধ বিহার শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটি সমাজে জনকল্যাণমূলক কাজেও ভূমিকা রাখছে। ‘সম্প্রীতি ভবন’ এই ঐতিহ্যেরই একটি নতুন অধ্যায় হবে।”

তিনি গৌতম বুদ্ধ, অতীশ দীপঙ্কর ও বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর গুরুত্ব তুলে ধরে বলেন, “বৌদ্ধধর্ম সব প্রাণীর মঙ্গলের কথা বলে। শান্তি, সহমর্মিতা ও সহাবস্থানের বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।”

তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক ঐক্যের প্রতীক হয়ে উঠবে এবং বিশ্ববাসীর কাছেও দেশের সৌহার্দ্যপূর্ণ ভাবমূর্তি তুলে ধরবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালে বাড়ছে অপরাধ, পুলিশের নিরবতায় জনমনে উদ্বেগ

বরিশাল বিভাগের ছয় জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধ। চুরি, ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ ও জমি-সংক্রান্ত সহিংসতা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এসব অপরাধ বৃদ্ধির পেছনে পুলিশের নিরবতা ও মাঠপর্যায়ে কার্যকর তৎপরতার অভাবকে দায়ী করছেন সচেতন নাগরিকরা।

বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় জেলায় মোট ৪৮০টি অপরাধ সংগঠিত হয়। কিন্তু আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৮০টিতে। এর মধ্যে রয়েছে ৮১টি হত্যাকাণ্ড, ১৪৬টি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা, ১৪টি অপহরণ, ২৬টি ডাকাতি, ২১টি দস্যুতা এবং ২৯২টি চুরির ঘটনা।

নগরীর কাশীপুর এলাকার ইছাকাঠী থেকে উদ্ধার হওয়া এক নারীর মরদেহের সাতটি অংশ আজও অজ্ঞাত রয়েছে। উজিরপুরে ঘাট ইজারাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন, ঝালকাঠিতে ব্যবসায়ী সুদেব হত্যাকাণ্ড, গৌরনদীতে জমি বিরোধে ভাসুর নিহত, হোসনাবাদে শিশুকে খুন এবং স্কুলছাত্রী ধর্ষণের মতো একের পর এক ভয়াবহ ঘটনার তদন্তে ধীরগতি ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

মানবাধিকার কর্মী দীপু হাফিজুর রহমান বলেন, “৫ আগস্টের পর দেশে কার্যকর সরকার না থাকায় পুলিশের মনোবল ভেঙে পড়ে। সেই সুযোগে বাড়তে থাকে অপরাধ।” তিনি পুলিশের পাশে দাঁড়িয়ে মনোবল ফিরিয়ে আনার আহ্বান জানান।

টিআইবি-সংশ্লিষ্ট সংগঠন ‘সুজন’-এর বরিশাল জেলা সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “খুন, নারী নির্যাতন, চাঁদাবাজি যেভাবে বেড়েছে, তা নিয়ন্ত্রণে প্রশাসনের আন্তরিকতা ও জনগণের সচেতন অংশগ্রহণ জরুরি।”

সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন বলেন, “পুলিশ যদি নিরপেক্ষ না হয়, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তাদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।”

অন্যদিকে, বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম জানান, “৫ আগস্টের পর কিছুটা ধীরতা ছিল, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অপরাধী যতই প্রভাবশালী হোক, ছাড় দেওয়া হবে না।”

জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় এবং জবাবদিহিমূলক ভূমিকাই এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




শিল্পখাতে গ্যাসের নতুন মূল্যহার, বাড়ল ১০-১২ টাকা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। নতুন শিল্প গ্রাহক ও অনুমোদিত লোডের চেয়ে অতিরিক্ত গ্যাস ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে প্রতি ঘনমিটার গ্যাসের জন্য গুণতে হবে ৪০ টাকা, যা আগে ছিল ৩০ টাকা। ক্যাপটিভ বিদ্যুৎ প্লান্টে এই হার আরও বেশি—৩১.৭৫ টাকা থেকে বেড়ে এখন হয়েছে ৪২ টাকা।

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ গ্যাসদর ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।

নতুন শিল্পপ্রতিষ্ঠান বা যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করেন, তাদেরকে এখন ৩০ টাকার বদলে ৪০ টাকা প্রতি ঘনমিটারে গ্যাস বিল পরিশোধ করতে হবে। এই নতুন মূল্যহার চলতি এপ্রিল মাস থেকেই কার্যকর হবে।

ক্যাপটিভ বিদ্যুৎ প্লান্টের জন্যও বাড়ানো হয়েছে গ্যাসের দাম। এখন প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য ৪২ টাকা, যা পূর্বে ছিল ৩১.৭৫ টাকা। তবে অনুমোদিত লোডের ৫০ শতাংশের কম গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের জন্য আগের দামই বহাল থাকবে, অর্থাৎ প্রতি ঘনমিটার ৩১.৫০ টাকা।

যেসব পুরাতন শিল্প গ্রাহক অনুমোদিত লোডের ৫০ শতাংশের বেশি গ্যাস ব্যবহার করবেন, তাদের ক্ষেত্রেও নতুন মূল্যহার প্রযোজ্য হবে—ঘনমিটারপ্রতি ৪০ টাকা। তবে ৫০ শতাংশের কম ব্যবহার করলে তারা আগের মতোই ৩০ টাকা হারে বিল পরিশোধ করবেন।

মাঝারি শিল্প খাতে গ্যাসের দামও ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে ১০ টাকা বেশি বিল গুনতে হবে।

এই মূল্যবৃদ্ধি শিল্পখাতে ব্যয় বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার বলছে, বাজার সমন্বয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ফিলিস্তিন সংকটে সক্রিয় পদক্ষেপ চায় জনগণ: রহমাতুল্লাহ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নৃশংসতা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে স্বাধীনতা ফোরাম বরিশাল শাখা আয়োজিত এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ফিলিস্তিনে যে বর্বরোচিত হামলা চলছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। এই মুহূর্তে বাংলাদেশের জনগণ সরকারের কাছ থেকে শুধুমাত্র বিবৃতি নয়, বরং আন্তর্জাতিক পরিসরে সাহসী ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে।”

তিনি বলেন, “বিএনপি সংঘাত নয়, শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী একটি দল। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি চাই।”

মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবসময় নিপীড়িত মানুষের পাশে থেকেছে। বর্তমান সরকার অন্তর্বর্তী হলেও, এই সংকটে নৈতিক ও কূটনৈতিকভাবে সরাসরি ভূমিকা রাখা উচিত।

বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদ হোসেন, জাহিদুর রহমান রিপন, স্বাধীনতা ফোরামের মহানগর শাখার সদস্য সচিব নাজমুস সাকিব, ছাত্রদল নেতা ওবায়দুর ইসলাম উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন টিটু, তারিক সুলাইমান, এবং ছাত্রদল নেতা আসিফ আল মামুন।

সমাবেশ থেকে মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সমাজকে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামার আহ্বান জানানো হয়।


“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গৌরনদীতে জমি বিরোধে ভাসুর নিহত, অভিযুক্ত ছোট ভাইয়ের স্ত্রী

বরিশালের গৌরনদী উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় দেলোয়ার হোসেন ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ফকির ওই গ্রামের মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতের ছেলে ফরসাল ফকির জানান, তার ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তার ছোট কাকি সুরমা আক্তার সাথী ও চাচাতো ভাই জাহিদ হোসেন মিলে দেলোয়ার ফকিরের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান বলে দাবি করেন তিনি।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, “এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর হোসেন ফকির। তিনি বলেন, “বাগবিতণ্ডার একপর্যায়ে দেলোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।”

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, বাড়ছে শঙ্কা

দেশজুড়ে আবারও উদ্বেগজনক হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুইজন। মৃতরা বরগুনা জেলার বাসিন্দা, একজন নারী (৩৬) ও অপরজন পুরুষ (৪০)।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এর মধ্যে বরিশাল বিভাগেই সর্বোচ্চ ১০ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৬ জন, জেলা পর্যায়ে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন।

চলতি বছর (২০২৫) এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৬ জন। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং এপ্রিলে এ পর্যন্ত মারা গেছেন ৩ জন। একই সময়ে দেশে মোট ২,০৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১,৯৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

পূর্বের বছরগুলোর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়। সে বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১,৭০৫ জনের। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন।

বরিশাল বিভাগে সংক্রমণ বাড়ার পেছনে উল্লেখযোগ্য কারণ হিসেবে জানানো হয় স্থানীয়ভাবে এডিস মশার বিস্তার। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “২০২১ সালে বরিশালে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। সে সময় আক্রান্তদের বেশিরভাগই বাইরে থেকে ভ্রমণ করে এসেছিলেন। কিন্তু এখন প্রায় সবাই স্থানীয়ভাবে সংক্রমিত হচ্ছেন। অর্থাৎ এডিস মশা এখন বরিশাল অঞ্চলে স্থায়ীভাবে ছড়িয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্য বিভাগের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য দরকার সমন্বিত সরকারি-বেসরকারি উদ্যোগ এবং সর্বস্তরের জনসচেতনতা।”
বর্তমানে আক্রান্তদের অধিকাংশই গ্রামীণ অঞ্চলের বাসিন্দা বলে জানান তিনি।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পহেলা বৈশাখ ঘিরে বাউফলের পাল পাড়ায় মৃৎশিল্পীদের প্রাণচাঞ্চল্য

পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী পাল পাড়ায় পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শত বছরের পুরনো এই শিল্পপল্লীতে এখন চলছে দিনরাত কর্মযজ্ঞ। কারো হাতে মাটি, কারো হাতে রঙ, আবার কেউ আগুনে পোড়াচ্ছেন তৈরি সামগ্রী—চিত্রটা যেন এক বিশুদ্ধ শিল্পমেলায় রূপ নিয়েছে।

এই এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে মৃৎশিল্পের চর্চা। মাটির তৈরি ডিনার সেট, হাঁড়ি-পাতিল, খেলনা, দেব-দেবীর মূর্তি ছাড়াও এখন তৈরি হচ্ছে আধুনিক ঘরানার প্লেট, বাটি, গ্লাস, মগ ও বিভিন্ন শোপিস। বৈশাখ এলে এসব পণ্যের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়, ফলে স্থানীয় হাট-বাজার ও মেলাগুলোতে সরবরাহের জন্য ব্যস্ত সময় কাটাতে হয় শিল্পীদের।

মৃৎশিল্প শ্রমিক মো. নিজাম মোল্লা জানান, “প্রায় ১৫ বছর ধরে এ পেশায় কাজ করছি। বৈশাখ এলেই অর্ডারের চাপ বেড়ে যায়। এখন প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হচ্ছে।”

তরুণ উদ্যোক্তা হৃদয় রায় বলেন, “পহেলা বৈশাখ এবার ঈদের পরে হওয়ায় আমাদের প্রস্তুতির সময় পেয়েছি। তাই অনলাইন এবং অফলাইনে ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিন প্রায় ১০০টিরও বেশি কার্টন ডেলিভারি যাচ্ছে, বিশেষ করে ঢাকার গুলশান, চট্টগ্রাম ও সিলেটে আমাদের পণ্যের চাহিদা বেশি।”

বরুণ মৃৎশিল্পের কর্ণধার বরুণ পাল জানান, “চার দশক ধরে এই পেশার সঙ্গে আছি। বৈশাখ এলেই টার্গেট অনুযায়ী প্রস্তুতি শুরু করি। এবারও সারাদেশ থেকে পাইকাররা এসে পণ্য নিচ্ছেন। আমরা কয়েকটি মেলাতেও অংশ নেব।”

বাউফলের পাল পাড়ার এই মৃৎশিল্প শুধু গ্রাম নয়, ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। বৈশাখ তাদের জন্য যেমন উৎসব, তেমনি উপার্জনের সুবর্ণ সময়ও।

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গৌরনদীতে কবি হারিস মিজানকে ঘিরে সাহিত্যিকদের ব্যতিক্রমী মিলনমেলা

বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে এক ব্যতিক্রমী সাহিত্য আড্ডায় মিলিত হয়েছেন বরিশালের কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা। জেলার গৌরনদী উপজেলায় চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ এবং বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এ সাহিত্য আড্ডা হয়ে উঠেছিল এক প্রাণবন্ত সাহিত্যিক মিলনমেলায়।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সাহিত্য আয়োজন। সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান কবি ও সাহিত্যিক ড. তপংকর চক্রবর্তী। প্রধান আলোচক হিসেবে অংশ নেন কবি রত্ন শিকদার রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক মহাদেব বসু, ড. বিনয় ভূষণ, ড. চিন্ময় হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল সরকার, অধ্যাপক আব্দুল হাকিম, মনতোষ দাস এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি ডা. মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক মাসুদ করিম, দীনেশ জয়ধর, মুক্তা মিজানসহ অনেকে।

আলোচনা সভার পর শুরু হয় মূল সাহিত্য আড্ডা। এ পর্বে স্বরচিত কবিতা আবৃত্তি, গল্প পাঠ এবং সাহিত্যের নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন কবি ফাতেমা জান্নাত চাঁদনী, ঝর্ণা দাস লাবনী, চায়না দেবনাথ, শেখ খলিলুর রহমান, আব্দুর রহিম, রুবেল হোসেন, শাহ আলম প্রমুখ।

আয়োজকরা জানান, সাহিত্যিক হারিস মিজানের সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের জন্য একটি প্রেরণার উৎস। তাঁর সাহিত্যকর্মকে উপজীব্য করে এমন আড্ডা সাহিত্যচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা আশাবাদী।