পায়রা বন্দর নিয়ে ষড়যন্ত্র, উন্নয়ন বৈষম্যে বঞ্চিত বরিশালবাসী

জাতীয় একনেকে অনুমোদিত ১৬টি উন্নয়ন প্রকল্পের মধ্যে বরিশালের জন্য কোনো প্রকল্প না থাকায় এ অঞ্চলের মানুষদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে সম্ভাবনাময় পায়রা সমুদ্র বন্দর নিয়ে সরকারের এক উপদেষ্টার বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।
গত ২০ এপ্রিল একনেক বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ পায়রা বন্দরকে “খাল বন্দর” বলে মন্তব্য করেন। অন্যদিকে চট্টগ্রামের উন্নয়নে একনেকে ১৩ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ থাকলেও, বরিশাল বিভাগ পুরোপুরি উপেক্ষিত হয়েছে। এতে বরিশালবাসীর মনে সরকারের প্রতি অসন্তোষ আরও বাড়ছে।
পায়রা বন্দরের জন্য জমি হারানো ব্যবসায়ী রেহান উদ্দিন বলেন, “আমরা আমাদের ভিটেমাটি হারিয়েছি। এখন যদি বন্দর নিয়ে ষড়যন্ত্র চলে, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে।”
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “যদি এই বন্দর খাল হয়ে থাকে, তাহলে সেখানে কিভাবে মাদার ভেসেল সরাসরি ভিড়ে? উপদেষ্টার উচিত এখানে এসে বাস্তবতা দেখা।” তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদের ঘোষণা দেন।
উন্নয়ন চাহিদা:
বরিশালবাসী চায়—
- ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত করা,
- পায়রা বন্দরকে আরও আধুনিক ও গতিশীল করা,
- ভোলার গ্যাস পাইপলাইন বরিশালে সরবরাহ নিশ্চিত করা,
- বরিশাল বিমানবন্দর আধুনিকীকরণ,
- এবং চীনের প্রস্তাবিত তিন হাসপাতালের একটি বরিশালে স্থাপন।
বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জি এম আতায়ের রাব্বি বলেন, “উন্নয়নের বৈষম্য নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভুগছি। বরিশালের উন্নয়ন নিশ্চিত করতে এখনই সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন।”
পায়রা বন্দরের অগ্রগতি:
২০১৩ সালে যাত্রা শুরু করা পায়রা সমুদ্র বন্দরে ২০১৬ সালে প্রথম বিদেশি জাহাজ পণ্য খালাস করে। ইতোমধ্যে ৫০০টির বেশি মাদার ভেসেল এখানে পণ্য পরিবহন করেছে। প্রথম টার্মিনালের কাজ প্রায় শেষ পর্যায়ে, এবং ৬ লেন সংযোগ সড়কের নির্মাণকাজ দ্রুত এগোচ্ছে। প্রায় ১,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছে বলেও জানা গেছে।
পায়রা বন্দরের এক কর্মকর্তা জানান, “শুরু থেকেই এই বন্দর নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তবে বরিশালের জনগণ তা সফল হতে দেবে না।”
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”








