ঠিকাদারদের বিল নিয়ে তদবির করতে গিয়ে আটক দুই শিক্ষার্থী, ছাড়া পেলেন মুচলেকায়

ঝালকাঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকল্পের চূড়ান্ত বিল তোলার তদবির করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে পুলিশের হেফাজতে নেওয়া হলেও মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।

আটক হওয়া শিক্ষার্থীরা হলেন—বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম (২৪) এবং বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী (২৫)।

জানা গেছে, তারা সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত কম্পিউটার অপারেটর শাওন খানের পক্ষে প্রায় তিন কোটি টাকার সড়ক ও ব্রিজ প্রকল্পের চূড়ান্ত বিল তুলতে গেলে তাদের সঙ্গে এলজিইডির কর্মকর্তাদের কথাকাটাকাটি হয়। এসময় বিএনপি-ঘনিষ্ঠ কিছু ঠিকাদার ও কর্মীদের সঙ্গে হট্টগোল বাঁধে, যা গড়ায় হাতাহাতিতে। পরে পুলিশ এসে দু’জনকেই সদর থানায় নিয়ে যায়।

বিষয়টি সমাধানে স্থানীয় রাজনৈতিক নেতারা ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা থানায় উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে মীমাংসা করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “এলজিইডির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ না থাকায় এবং সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।”

এলজিইডি সূত্র জানায়, কাজ অসম্পূর্ণ থাকায় বিল প্রদানে আপত্তি জানায় প্রকৌশল বিভাগ। কিন্তু বিল আদায়ের জন্য অভিযুক্তরা একাধিকবার চাপ প্রয়োগ করে এবং ঘুষের প্রস্তাবও দেয় বলে দাবি করেন নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর

অন্যদিকে সিরাজুল ইসলাম দাবি করেন, প্রকৌশলীর দুর্নীতির বিষয় তুলে ধরতেই তারা এসেছিলেন এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনেরও ঘোষণা দিয়েছেন তারা।

সিরাজুল ইসলাম ঝালকাঠির দোগলচিড়া গ্রামের ফল ব্যবসায়ী নুরুল বাশারের পুত্র এবং মেহেদী বরিশাল শহরের মুদি দোকানি কালামের ছেলে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





ভোলা সদরে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভোট কেন্দ্রভিত্তিক কমিটির প্রতিনিধি সমাবেশ ২০২৫ সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে ভোলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশে প্রায় ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সমাবেশে উপজেলার আওতাধীন প্রতিটি স্থানীয় ও জাতীয় নির্বাচনী ভোটকেন্দ্রের গঠিত ১০১ ও ৫১ সদস্য বিশিষ্ট কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কামাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার মো. জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন ও ভোলা পৌর আমির মাওলানা মো. জামাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মো. নুরুল ইসলাম।

বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে তৃণমূল প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা, অন্যায় ও জুলুম প্রতিরোধ এবং আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের কেন্দ্রভিত্তিক কর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।

বক্তারা আরও বলেন, কোনও রক্তচক্ষু বা ভয়ভীতির কাছে নত না হয়ে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সংগঠনকে আরও সুসংগঠিত, কার্যকর এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশে ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা, কেন্দ্রভিত্তিক কার্যক্রম এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি সংগঠনের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে অংশগ্রহণকারীরা জানান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আবারও বরিশালের আকাশে উড়বে বিমান, শুরু ৮ আগস্ট

যাত্রীদের দাবির মুখে অবশেষে বরিশালে আবারো উড়তে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর আগামী ৮ আগস্ট থেকে সীমিত পরিসরে বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে দুইদিন ফ্লাইট চালাবে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা।

গত ২৫ জুলাই উড়োজাহাজ সংকটের কারণে বরিশাল সেক্টরের ফ্লাইট স্থগিত করা হয়েছিল। এর আগের দিন ২৪ জুলাই বিকেলে শেষ ফ্লাইট পরিচালিত হয়। এরপরই সাময়িকভাবে বরিশালের সঙ্গে ঢাকা আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে যাত্রী সাধারণের ব্যাপক দাবির প্রেক্ষিতে অবশেষে ফিরছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ আগস্ট থেকে প্রতি শুক্রবার ও রবিবার, বরিশাল-ঢাকা রুটে ৭৪ আসনের ‘ড্যাশ ৮-কিউ৪০০’ মডেলের উড়োজাহাজ চলাচল করবে। যদিও আগের মতো বৃহস্পতিবার বিকেলেও ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা এবং বরিশালের ট্রাভেল এজেন্টরা।

বিমান বাংলাদেশ-এর বরিশাল সেক্টরের একাধিক দায়িত্বশীল সূত্রও জানিয়েছেন, “বৃহস্পতিবার বিকেলের ফ্লাইটটি যাত্রীদের কাছে অনেক বেশি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ছিল। তাই সেটি পুনরায় চালুর দাবি যৌক্তিক।”

বিমান বাংলাদেশ-এর বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক গণমাধ্যমে বলেন, “উড়োজাহাজ সংকটের কারণে শুধু বরিশাল নয়, আরও দুটি রুটে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। তবে বরিশাল সেক্টরে আমরা দ্রুতই ফ্লাইট পুনরায় চালু করছি।”

অন্যদিকে বিমান পরিচালনার দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বরিশালে ফ্লাইট বন্ধের কোনো স্থায়ী পরিকল্পনা নেই। অন্তত দুটি উড়োজাহাজ পরিচালনযোগ্য হলেই আমরা নিয়মিত ফ্লাইট পরিচালনায় ফিরব। যাত্রীদের চাহিদা বিবেচনায় সবকিছুই পর্যালোচনা করা হচ্ছে।”

জানা গেছে, অভ্যন্তরীণ রুটের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা ৫টি ‘ড্যাশ ৮-কিউ৪০০’ মডেলের উড়োজাহাজের মধ্যে বর্তমানে দুটি চলাচল অযোগ্য এবং বাকি তিনটির মধ্যে দুটি মেরামতের জন্য অপেক্ষমান। ফলে উড়োজাহাজের স্বল্পতার কারণেই বরিশাল রুটে ফ্লাইট সীমিত করা হয়েছে।

তবে আশা করা হচ্ছে, ক্রমান্বয়ে ফ্লাইট সংখ্যা ও সময়সূচি আবারও পূর্বের মতো স্বাভাবিক হয়ে উঠবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় সংসদীয় আসন পুনর্বহালের দাবি জোরালো

বরগুনা জেলায় আগের তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্থানীয়দের ক্ষোভ ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের খসড়া তফসিলে এ বিষয়ে কোনো পরিবর্তন না থাকায় হতাশা প্রকাশ করেছেন জেলার প্রায় ১২ লাখ মানুষ।

স্বাধীনতার পর বরগুনা-১ (সদর ও বেতাগী), বরগুনা-২ (পাথরঘাটা ও বামনা), বরগুনা-৩ (আমতলী ও তালতলী) এই তিনটি সংসদীয় আসনে বিভক্ত ছিল উপকূলীয় এই জেলা। কিন্তু ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বরগুনার আসন সংখ্যা তিন থেকে কমিয়ে দুটি করা হয়—বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) ও বরগুনা-২ (পাথরঘাটা, বেতাগী, বামনা)।

এতে করে প্রশাসনিক জটিলতা ও নির্বাচনী সময় পরিবহন সমস্যা বাড়ে। বিশেষ করে পায়রা (বুড়িশ্বর) ও বিষখালী নদীর বিভাজন বরগুনার পূর্ব ও পশ্চিমাঞ্চলে যোগাযোগব্যবস্থাকে করেছে জটিল। ফলে উন্নয়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়েছে আমতলী ও তালতলীর অন্তত চার লাখ মানুষ।

বর্তমানে বরগুনা-১ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৮৭৪ জন এবং বরগুনা-২ আসনে ৩ লাখ ৭০ হাজার ৫৩০ জন। শুধুমাত্র আমতলী ও তালতলীতেই ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৩৩ জন, যা একটি পূর্ণ সংসদীয় আসনের জন্য যথেষ্ট।

এ অবস্থায় জেলার সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতারা নির্বাচন কমিশনের কাছে একাধিকবার আবেদন করলেও খসড়া তফসিলে কোনো পরিবর্তন আসেনি। এ নিয়ে জনগণের মাঝে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম লিটন বলেন, “২০০৮ সালে রাজনৈতিক সুবিধা দিতেই বরগুনা-৩ আসন বিলুপ্ত করা হয়। এবার নির্বাচন কমিশন সংশোধনের সুযোগ পেলেও সেটি গ্রহণ করেনি।”

আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার বলেন, “জনগণের কথা বিবেচনায় নির্বাচন কমিশনের উচিত ছিল তিনটি আসন ফিরিয়ে দেওয়া। কিন্তু তারা তা করেনি।”

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের বলেন, “উন্নয়নের জন্য দরিদ্র জনগোষ্ঠীকে উপেক্ষা করা ঠিক নয়। তিনটি সংসদীয় আসন ছিল বরগুনার জন্য প্রয়োজনীয়।”

বিএনপি ও আইনজীবী নেতারাও নির্বাচন কমিশনের ভূমিকায় হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, প্রশাসনিক কাঠামো ও ভৌগোলিক অবস্থানের দিক বিবেচনায় আসন পুনর্বিন্যাস অত্যন্ত জরুরি ছিল।

বরগুনাবাসী এখন নির্বাচন কমিশনের চূড়ান্ত তফসিলে তিনটি আসন পুনর্বহালের সিদ্ধান্ত প্রত্যাশা করছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




৩ দিন পর ভোলার নৌপথে লঞ্চ চলাচল শুরু, ঘাটে ফিরছে স্বাভাবিকতা

টানা তিনদিন বন্ধ থাকার পর ভোলার অভ্যন্তরীণ নৌরুটে ফের লঞ্চ চলাচল শুরু হয়েছে। সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা সংকেত তুলে নেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে ধীরে ধীরে সচল হতে শুরু করে লঞ্চ সার্ভিস। এতে আটকে পড়া যাত্রীরা গন্তব্যে যাত্রা শুরু করেছেন এবং ঘাটগুলোতে ফিরেছে চেনা কর্মচাঞ্চল্য।

ভোলা নৌবন্দরের সহকারী পরিচালক রিয়াদ হোসেন জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল থেকেই সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে নৌযান কর্তৃপক্ষকে সতর্কতা বজায় রেখে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, টানা বৃষ্টিপাতে উপকূলীয় অঞ্চলসহ ভোলার বিভিন্ন এলাকায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক এলাকায় বসতঘর, রাস্তা ও ফসলি জমি পানির নিচে চলে গেছে। এতে বিপাকে পড়েছেন হাজারো পরিবার।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উপকূলীয় অঞ্চলজুড়ে এখনও বজায় রয়েছে বৈরী আবহাওয়া। বৃষ্টিপাত আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে।

পর্যটক ও স্থানীয় যাত্রীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে লিটন সিকদারকে কুপিয়ে হত্যা

বরিশালে পারিবারিক বিরোধের জেরে পুলিশের উপস্থিতিতেই নির্মম এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সিকদার লিটু (৪২)–কে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় একদল উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার কাশিপুরের বিল্লবাড়ি এলাকায় এ ভয়াবহ ঘটনা ঘটে। নিহত লিটন সিকদার বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এবং বিল্লবাড়ি গ্রামের নজির সিকদারের ছেলে।

এই ঘটনায় নিহতের ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি বেগম (৩৮) গুরুতর আহত হন। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুন্নি বেগম জানান, তার স্বামী জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করায় পারিবারিক কলহ শুরু হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পাল্টাপাল্টি মামলাও চলে। বৃহস্পতিবার আদালত থেকে জামিন নিয়ে পুলিশ প্রহরায় তিনি ও তার ভাই লিটন সিকদার বাড়িতে আসলে স্থানীয় একটি পক্ষ অতর্কিতে হামলা চালায়।

পুলিশের সামনেই হামলাকারীরা ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। লিটনকে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয়, আহত হন তার ভাই ও বোনও।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাবাসী লিটনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল। চাঁদাবাজি, সন্ত্রাসসহ নানা অপরাধের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এমনকি কয়েকদিন আগে বোনজামাই জাকির হোসেনকে মারধর করে তার গোপনাঙ্গে বিদ্যুৎ শক দেয়ার অভিযোগ ওঠে লিটনের বিরুদ্ধে। এতে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় লিটন পুলিশ নিয়ে এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে পড়ে। পুলিশ কিছু সময় পর ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা লিটনকে গণপিটুনি দেয়।

পরে পুলিশ এসে আহত লিটনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় উত্তেজিত জনতা আবারও হামলা চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুপিয়ে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন অংশে ভয়াবহ ক্ষত সৃষ্টি করা হয়।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার সাংবাদিকদের বলেন, “বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে নববধু অপহরণ ও ধর্ষণ : ১৮ দিন পর উদ্ধার, অভিযুক্ত পলাতক

বরিশালের মুলাদী উপজেলায় নববধুকে অপহরণ করে দীর্ঘ ১৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশের তৎপরতায় ওই নববধুকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে থানা পুলিশ।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১৩ জুলাই বিকেলে চরকালেখান মাদ্রাসা বাজার এলাকা থেকে নববধুকে অপহরণ করে শরীফ হোসেন নামে স্থানীয় এক যুবক ও তার সহযোগীরা। অভিযুক্ত শরীফ ওই এলাকার করিম সরদারের ছেলে। এ ঘটনায় ১৪ জুলাই নববধুর মা বাদী হয়ে মুলাদী থানায় অপহরণ মামলা করেন।

নববধুর মায়ের ভাষ্যমতে, বিয়ের আগে থেকেই শরীফ হোসেন তার মেয়েকে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করত। মেয়ের নিরাপত্তার কথা ভেবে পরিবারের সম্মতিতে গত ১০ জুন তার বিয়ে দেন। কিন্তু বিয়ের পরেও শরীফ উত্যক্ত করা বন্ধ করেনি।

১৩ জুলাই নববধু চরকালেখান বাজার থেকে বাড়ি ফেরার পথে শরীফ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক তুলে নেয়। ওই সময় নববধুর সঙ্গে থাকা প্রায় ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয় তারা। পরে শরীফ তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে এবং রাজি না হওয়ায় একাধিক স্থানে আটকে রেখে ধর্ষণ করে।

পরবর্তীতে শরীফ ঘটনাটি আড়াল করতে নববধুকে দিয়ে জোরপূর্বক একটি বিয়ের নাটক সাজিয়ে ভিডিও ধারণ করে। সেই ভিডিও এক যুবকের কাছে পাঠানো হলে তিনি বিষয়টি নববধুর পরিবারকে জানায়। এরপরেই পরিবার পুরো ঘটনা জানতে পারে এবং মামলা দায়ের করে।

মামলার ভিত্তিতে মুলাদী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন বৃহস্পতিবার অভিযান চালিয়ে নববধুকে উদ্ধার করেন। তবে অভিযুক্ত শরীফ, তার বাবা করিম সরদার, মা মেলেনী বেগম ও ভাই আরিফ সরদারসহ অন্যান্য সহযোগীরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নববধুকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরগুনায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বিএনপি আইনজীবীদের গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান

নতুন বাংলাদেশের জয়যাত্রায় শহীদ স্মরণে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো বরগুনাতেও পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি।
বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান মজিবর।
সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জাতীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. রেজবুল কবির, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আহসান হাবিব স্বপন এবং জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. সেলিম হোসেন।

বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষের ভূমিকা অপরিসীম। জুলাই মাসের গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। সেই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। দেশে আজও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।”

সমাবেশটি সঞ্চালনা করেন ফোরামের বরগুনা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল ওয়াসী মতিন।
অনুষ্ঠানে জেলা আইনজীবী ফোরামের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় নিউমোনিয়ার হানা, শিশু ওয়ার্ডে তীব্র সংকট

ভোলায় হঠাৎ করেই বেড়ে গেছে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। বর্ষার সময়কালে তীব্র আবহাওয়ার প্রভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এর ফলে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। দেখা দিয়েছে বেড ও ওষুধের সংকট। অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানদের মেঝেতে রেখেই চিকিৎসা করাচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শিশু ওয়ার্ডের প্রতিটি বেডে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে দুই থেকে তিনজন শিশু। ওয়ার্ডের আশপাশের মেঝেতেও অন্তত অর্ধশতাধিক শিশু চিকিৎসাধীন। এরা বেশিরভাগই নিউমোনিয়া, ঠান্ডা ও জ্বরে আক্রান্ত।

শিশু রোগীর অভিভাবক মো. কামরুল ইসলাম বলেন, “বেড না পেয়ে আমার সন্তানকে একদিন মেঝেতে রেখে চিকিৎসা করাতে হয়েছে। পরদিন একটা বেড পেলেও সেখানে অন্য এক শিশুর সাথেই রাখতে হচ্ছে।”

এমন অভিজ্ঞতা জানিয়ে আরেক অভিভাবক জান্নাত বেগম বলেন, “হাসপাতালে বেড না থাকায় অন্য শিশুর সঙ্গে বেড শেয়ার করতে হচ্ছে। চিকিৎসার এই অবস্থা কষ্টদায়ক।”

রোগীর স্বজন মো. ফরিদ বলেন, “ডাক্তার দিনে একবার আসেন। নার্সদের ডাকলেও পাওয়া যায় না। আমাদেরই গিয়ে ধরে আনতে হয়।”

আরেক শিশু রোগীর মা তানিয়া আক্তার ও বাবা মো. জাকীর হোসেন অভিযোগ করে বলেন, “হাসপাতাল থেকে কোনো ওষুধ, ইনজেকশন বা ক্যানুলা দেওয়া হয়নি। সবকিছু বাইরে থেকে কিনে আনতে হয়েছে।”

এই সংকট নিয়ে কথা বলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম। তিনি জানান, “আবহাওয়াজনিত কারণে নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে। ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় বেড সংকট হচ্ছে। এছাড়া ওষুধ ও চিকিৎসা সামগ্রীর কিছুটা সংকট রয়েছে, যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




লালমোহনে নিষিদ্ধ বিষাক্ত কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার টাকা

ভোলার লালমোহনে কৃষিতে ব্যবহারের জন্য সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিপজ্জনক কীটনাশক কার্বোফিউরান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুরে লালমোহন পৌর শহরের হাফিজ উদ্দিন এভিনিউ এলাকার মেসার্স রেদোয়ান ট্রেডার্স নামের একটি সারের দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযানে ১৪০ কেজি কার্বোফিউরান উদ্ধার করা হয়, যা বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই কীটনাশক রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ

ভ্রাম্যমাণ আদালতের বরাতে জানা গেছে, বুধবার গোপন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপজ্জনক কীটনাশকের অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আহসানউল্যাহ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রকিবুল হাসান লিটন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসনাইন তালুকদার এবং লালমোহন থানা পুলিশের সদস্যরা।

প্রসঙ্গত, কার্বোফিউরান একটি অত্যন্ত বিষাক্ত কীটনাশক, যা মাটি, পানি ও পরিবেশ দূষণ ছাড়াও মানুষ ও প্রাণীর জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সরকারের নির্দেশনা অনুযায়ী এটি আমদানি, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫