বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ, বরিশাল-ঢাকা সড়ক বন্ধ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসাসেবা আধুনিকায়ন এবং স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার (৯ আগস্ট) বরিশালে মহাসড়ক অবরোধে নামে।

বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া এই কর্মসূচির কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলার সঙ্গে বরিশালের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ১৪ দিন ধরে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে। শনিবারের এই অবরোধ ছিল তাদের মহাসড়ক অবরোধের তৃতীয় দিন। এর আগে শুক্রবার তারা প্রায় সাড়ে ৭ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, রোগী হয়রানি এবং সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ন্যূন্যমাত্রা চিকিৎসা পাচ্ছে না। ছাত্র নেতা সাব্বির হোসেন বলেন, সরকারি হাসপাতালে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, ডাক্তাররা তাদের নিজেদের ক্লিনিকে পাঠানোর জন্য প্রেসক্রিপশনে স্লিপ দিয়ে থাকেন। হাসপাতালের অনেক সরঞ্জাম অকেজো অবস্থায় রাখা হয়েছে এবং অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায় না, অথচ হাসপাতাল পরিচালিত হচ্ছে জনগণের টাকায়।

সংগঠক মহিউদ্দিন রণি জানান, “শুধু আশ্বাসে হবে না, স্বাস্থ্য উপদেষ্টার নিজে এসে সমস্যার সমাধান করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সড়ক থেকে নামব না।”

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত বাস ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। এতে হাজারো যাত্রী বিপাকে পড়েন এবং অনেকে বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন। পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও কুয়াকাটা সহ দক্ষিণাঞ্চলের জেলা গুলো বরিশালের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, নথুল্লাবাদ এলাকায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং আন্দোলনকারীদের জনদুর্ভোগ বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও কনটেন্ট ক্রিয়েটররা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে পাঁচ সমঝোতা স্মারক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী সোমবার (১১ আগস্ট) দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন। এই দ্বিপাক্ষিক সফরে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা-কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে জটিলতা, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

বৈঠকের পর পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি ‘জয়েন্ট বিজনেস কাউন্সিল’ উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “সর্বোচ্চ পর্যায়ে একটি সফর হচ্ছে এবং দুই দেশের সরকার প্রধানের মধ্যে ভালো রসায়ন রয়েছে, যা কাজে লাগানো হবে।”

সম্ভাব্য স্বাক্ষরিত এমওইউগুলোর মধ্যে রয়েছে:

  • প্রতিরক্ষা সহযোগিতা
  • জ্বালানি খাত
  • বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)
  • বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মিমোস (মালয়েশিয়ান কোম্পানি)
  • ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইসিসিআই)

নোট বিনিময়ের বিষয়ে রয়েছে:

  • হালাল খাদ্য ব্যবস্থাপনা
  • ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশানস (আইডিএফআর) এর মধ্যে সহযোগিতা
  • উচ্চশিক্ষা খাত

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ১৩ আগস্ট ঢাকায় ফিরে আসবেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন: সিইসি

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। শনিবার (৯ আগস্ট) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

সিইসি বলেন, তফসিল ঘোষণার প্রায় দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে এবং স্বল্প সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনে বিশৃঙ্খলা করা যাবেনা এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ থাকবে। কোনো ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ভোট বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও কমিশন নির্বাচনে কারা কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করছে এবং সময়ের সাথে বিষয়টি স্পষ্ট হবে বলেও উল্লেখ করেন সিইসি।

শনিবার সকালে রংপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতি উন্নত হবে। তিনি বলেন, যখন রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়, তখন সবকিছু ধসে পড়ে এবং মানুষের ভোটব্যবস্থায় আস্থা কমে যায়। এজন্য মানুষকে ভোটকেন্দ্রে আনা এখন বড় চ্যালেঞ্জ।

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টির প্রসঙ্গে সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবিলায় কমিশন কাজ করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




জুলাই যোদ্ধাদের মূল্যায়নে সরকার ব্যর্থ: আবু নাসের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিসহ যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের যথাযথ মূল্যায়নে ব্যর্থ হয়েছে। এছাড়া, হতাহতের সুষ্ঠু ও প্রকৃত তালিকা তৈরি করতেও সরকার অপারগতা প্রকাশ করেছে।

শনিবার (৯ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সংবর্ধনা দেওয়া হয়।

আবু নাসের আরও জানান, অনেক আহত জুলাই যোদ্ধা অর্থের অভাবে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন, যা দুঃখজনক ও নিন্দনীয় বিষয়। অভিজ্ঞতার অভাবে বর্তমান সরকার এই কাজ সম্পন্ন করতে পারেনি। পাশাপাশি বিভিন্ন গোষ্ঠীর কুপরামর্শ এবং অনৈতিক চাপে জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, যারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন উৎসর্গ করেছে, তাদের যথাযোগ্য সম্মান না দিলে ভবিষ্যতে কেউ গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রাখবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা এস. এম রহমাতুল্লাহ সরদার (সভাপতি), বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সর্দার গণি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ইশতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ এবং বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন প্রমুখ।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

আগামী রোববার (১০ আগস্ট) বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা এই তালিকা সংশ্লিষ্ট স্থানে টানিয়ে দেবেন। এবারের তালিকায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এই খসড়া সম্পূরক তালিকা প্রকাশের পর ভোটাররা তাদের নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তরসহ সংশোধন করার জন্য ২১ আগস্ট পর্যন্ত দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) দাখিল করতে পারবেন।

দাখিলকৃত দরখাস্তসমূহ উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। এরপর প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম শেষে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এছাড়াও যেসব নাগরিক ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে ১৮ বছর পূর্ণ করবেন, তারাও এই জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া সিগারেটসহ তিনজন আটক

ভোলা থেকে বাংলাদেশের নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেট জব্দ করেছে। শনিবার (৯ আগস্ট) ভোলা সদরস্থ মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে কল্যাণী ডিস্ট্রিবিউশন-এর মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজ কোম্পানির জাল বা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে ছিলো ব্ল্যাক কিং ১১,৩২০ শলাকা, ওসাকা ৮,৮৮০ শলাকা, টি-২০ ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১,৩৯,৬১০ শলাকা। এসব সিগারেটের আনুমানিক বাজার মূল্য সাত লাখ ত্রিশ হাজারের বেশি।

অপরাধের সঙ্গে জড়িত তিনজনকে অবৈধ সিগারেট মজুদ এবং বাজারজাতকরণের অভিযোগে আটক করা হয়েছে। বোরহানউদ্দিনে আটক ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা নৌবাহিনীর এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি জাতীয় রাজস্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, মাদকসহ অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল-৬ আসনে নির্বাচনী হাওয়া, শীর্ষে বিএনপির আলোচনায় একাধিক প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির রমজানের আগেই অনুষ্ঠিত হবে—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই ঘোষণার পর থেকেই বরিশাল-৬ আসন, অর্থাৎ বাকেরগঞ্জজুড়ে শুরু হয়েছে তুমুল নির্বাচনী প্রস্তুতি।

এ আসনে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির মনোনয়ন দৌড়ে ইতোমধ্যে একাধিক প্রার্থীর নাম সামনে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রার্থী ঘোষণার প্রস্তুতিতে রয়েছে। জাতীয় পার্টির পক্ষ থেকেও প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে।

বর্তমানে ১২৪ নম্বর আসন হিসেবে পরিচিত বরিশাল-৬ আসনে ১৯৭৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১২টি নির্বাচনে বিএনপি জয় পেয়েছে ৫ বার, জাতীয় পার্টি ৪ বার ও আওয়ামী লীগ ৩ বার। তবে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত হওয়া তিনটি নির্বাচন নিয়ে নানা বিতর্ক রয়েছে।

প্রায় তিন লাখ ভোটারের এই আসনে সাবেক সাংসদ ও জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান আবারও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন চাইবেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন, যিনি দীর্ঘদিন পরে দেশে ফিরে প্রথমবারের মতো মনোনয়ন প্রত্যাশী হয়েছেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, কেন্দ্রীয় যুবদলের সদস্য কামরুজ্জামান নান্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ সিকদার এবং প্রবাসী নেতা সোলায়মান সেরনিয়াবাত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী এ আসনে অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারকে প্রার্থী ঘোষণা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও কোনো জোটে না গেলে আলাদা প্রার্থী দেবে বলে জানা গেছে। জাতীয় পার্টির প্রার্থী হতে পারেন রুহুল আমিন হাওলাদার বা তার স্ত্রী নাসরিন জাহান রত্না।

স্থানীয় তরুণ ভোটাররা বলছেন, দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা থাকায় এবারের ভোট হবে উৎসবমুখর। তবে বিজয়ের জন্য প্রার্থীদের এখন থেকেই ভোটারদের মন জয় করতে হবে।

আবুল হোসেন খান বলেন, “বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে। এখন জনগণ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আছে এবং বিএনপি গোটা দেশেই জয়লাভ করবে।” অন্যদিকে জামায়াতের প্রার্থী মাহমুদুন্নবী তালুকদারও শতভাগ আশাবাদী যে এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে সুন্দর ও নিরপেক্ষ হবে।

নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির শক্ত প্রার্থী ছাড়া অন্য বড় দলগুলোও জননন্দিত প্রার্থী দিলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে। তবে বিদ্রোহী প্রার্থী থাকলে ভোটের হিসাব বদলে যেতে পারে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, বরিশাল-৬ আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে, যেখানে আওয়ামী লীগের মোকিম হোসাইন হাওলাদার বিজয়ী হন। এরপর বিভিন্ন সময়ে বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীরা পালাক্রমে জয় পেয়েছেন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক নির্বাচিত হন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সারাদেশে বৃষ্টি বাড়ছে, তাপমাত্রা কমার সম্ভাবনা

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশেই দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (৯ আগস্ট) থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস রয়েছে।

রোববার (১০ আগস্ট)সোমবার (১১ আগস্ট) পর্যন্ত বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী পাঁচদিনের শেষের দিকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

এদিকে এ ধরনের আবহাওয়া কৃষিজমি ও শহরাঞ্চলে জলাবদ্ধতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে

সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ছে। আগামী পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে দিন ও রাতের তাপমাত্রায় কিছুটা ওঠানামার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই সময়ের মধ্যে বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী তিনদিনেও একই রকম পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

  • শুক্রবার (৮ আগস্ট): একই পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

  • শনিবার (৯ আগস্ট): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা।

  • রোববার (১০ আগস্ট): একই চার বিভাগে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষভাগে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা, নদীভাঙন কিংবা ক্ষয়ক্ষতির ঝুঁকি থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




লাওসকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের শুরুটা হয়েছে স্বপ্নময়। শক্তিশালী পারফরম্যান্সে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে অনুষ্ঠিত ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় পিটার জেমস বাটলারের দল।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মেয়েরা নিয়ন্ত্রণে নেয় খেলার লাগাম। প্রথমার্ধে বারবার আক্রমণ শানালেও শুরুতে গোলের দেখা মিলছিল না। ম্যাচের ১৪ মিনিটে তৃষ্ণা রানী সহজ একটি সুযোগ হাতছাড়া করেন। তবে হতাশা কাটে ৩৬তম মিনিটে। কর্নার কিক থেকে দুর্দান্ত এক হেডে দলকে লিড এনে দেন সাগরিকা। লাওসের গোলরক্ষক কিছুই করার ছিল না সেই হেড ঠেকাতে। প্রথমার্ধের বাকি সময়টায় আর গোল না হলেও ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ৫৮তম মিনিটে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠিয়ে ২-০ করেন তরুণ এই ফরোয়ার্ড। ম্যাচের এই পর্যায়ে এসে একচেটিয়া আধিপত্য বজায় রাখে বাংলাদেশ।

তবে গোল ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও ভাগ্য সহায় ছিল না। শিখার একটি দুরপাল্লার শট এবং সাগরিকার হেড ফিরে আসে ক্রসবারে লেগে। ঠিক এমন সময়ে, ৮৫তম মিনিটে ম্যাচে ফিরতে চায় লাওস। আন্না কেও ওনসির এক গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডল বল ধরতে এগিয়ে এসে বিপদে পড়েন এবং বলটি জালে প্রবেশ করে।

লাওস যখন সমতায় ফেরার মরিয়া চেষ্টা করছে, তখন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও দৃশ্যপটে সাগরিকা। সতীর্থের ছোট পাসে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত ফিনিশিং করেন তিনি। ম্যাচ শেষ হয় ৩-১ ব্যবধানে বাংলাদেশের জয় দিয়ে।

এই জয়ের মাধ্যমে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। গ্রুপের পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তিমুর লেস্তে, যারা প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছে। ফলে আত্মবিশ্বাসের দিক থেকে অনেক এগিয়ে থাকছে বাংলাদেশের মেয়েরা।

দলের এমন দুর্দান্ত পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মাঝে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। সামনের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম