ভোলায় সর্জান পদ্ধতির চাষ: বাণিজ্যিক কৃষির নতুন দিগন্ত

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা ‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’ হিসেবে পরিচিত। এখানকার কৃষির চিত্র দ্রুত বদলে যাচ্ছে। এক সময় জলাবদ্ধ ও যোগাযোগ সমস্যা আর্থিক উন্নয়নে বাধা ছিল। এখন সর্জান পদ্ধতিতে নিচু জমি পুনরুজ্জীবিত হয়ে গাছ আলুসহ বিভিন্ন ফসল এবং মাছ চাষে সমৃদ্ধ হচ্ছে।

ভোলা জেলা মূলত সমতল ভূমি যেখানে নদী ও সমুদ্রের জোয়ার-ভাটায় প্রায় অর্ধবছর নিচু এলাকা পানিতে তলিয়ে থাকে। ফলে অধিকাংশ জমিতে বছরে মাত্র একটি ফসল ফলানো যেত। সেক্ষেত্রে ফসল সংগ্রহের পর ক্ষতিও প্রায় ৩৫-৪০ শতাংশ পর্যন্ত হতো, কারণ দ্রুত বাজারজাতকরণে সীমাবদ্ধতা ছিল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভোলা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ জানান, সর্জান পদ্ধতিতে জমির অংশ উঁচু করে বেড তৈরি করা হয় যেখানে সবজি ও ফলের চাষ হয় এবং নীচু নালায় মাছ চাষ করা হয়। এতে একই জমি থেকে দ্বিগুণ উৎপাদন সম্ভব হয়েছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন।

চরফ্যাসনের আসলামপুরের কৃষক মো. হেলাল সর্জান পদ্ধতিতে গত বছর ৩২ শতাংশ জমিতে গাছ আলু, মরিচ, শিম, বেগুন ও পেঁপে চাষ করেছেন। নালায় তেলাপিয়া ও সরপুঁটি মাছ চাষের মাধ্যমে তিনি প্রায় ৩০ হাজার টাকা আয় করেছেন। গাছ আলু বিক্রি থেকে লাভ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। মোট আয় দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ টাকা।

ড. শামীম আরও জানান, গাছ আলু একটি লতানো উদ্ভিদ, যা মাটির নিচে বড় আলু ও কাণ্ডের গায়ে ছোট আলু উৎপন্ন করে। বাজারে এর চাহিদা ভালো। ভোলায় সর্জান পদ্ধতিতে গাছ আলুর ব্যাপক চাষ হচ্ছে, যা জেলার শস্যবিন্যাসকে ২৫৮ শতাংশে উন্নীত করেছে। তিন ফসলি জমি ৭০৪ হেক্টর থেকে বেড়ে ১,০৫৪ হেক্টরে পৌঁছেছে। চর অঞ্চলে শস্য নিবিড়তা বেড়ে ১৯৮ শতাংশে উন্নীত হয়েছে।

ভোলার সাফল্যের পেছনে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল উন্নয়ন প্রকল্প এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম। তবে উৎপাদিত পণ্য পরিবহন ও বাজার ব্যবস্থার উন্নতি হলে ভোলা দ্রুত রপ্তানিমুখী কৃষি জেলা হিসেবে আবির্ভূত হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, ভোলার সর্জান পদ্ধতি বাংলাদেশের চরাঞ্চলের কৃষিতে এক নতুন দৃষ্টান্ত। একই জমিতে মাছ ও ফসল চাষে কৃষকের আয় বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। উন্নত বাজার লিংকেজ ও পরিবহন ব্যবস্থা থাকলে ভোলা হতে পারে দেশের প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও রপ্তানিমুখী জেলা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




রাশিয়ায় আবারও ভূমিকম্পের আঘাত

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ৮.৭ মাত্রার ভূমিকম্পের কয়েকদিন পর আবারও রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা ৩ মিনিট) মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল।

সাম্প্রতিক এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কয়েকদিন আগে রাশিয়ার কামচাটকা অঞ্চলে ৮.৮ মাত্রার ভূমিকম্পে বিস্তৃত এলাকা কেঁপে ওঠে এবং একাধিক আগ্নেয়গিরি জেগে ওঠে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ভোলায় বাক প্রতিবন্ধী দিনমজুর কবির হোসেনকে হত্যা, পরিবারের ওপর চিরকুট পাঠিয়ে হুমকির অভিযোগ

ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের লামছি গ্রামের বাক প্রতিবন্ধী দিনমজুর কবির হোসেন (৩৫) হত্যার পর তার পরিবারকে চিঠি পাঠিয়ে হুমকির অভিযোগ পাওয়া গেছে। জমির মালিকানা নিয়ে তার চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানান।

২৯ জুলাই বিকেলে হঠাৎ নিখোঁজ হওয়ার তিন দিন পর, ১ আগস্ট বাড়ির পাশের পুকুর থেকে কবিরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন থাকার কারণে স্থানীয়রা এ ঘটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছেন।

পরিবারের অভিযোগ, জমির বিরোধের জের ধরে কবিরকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। নিহতের স্ত্রী সুমা বেগম বলেন, “আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, এরপরও আমরা চিরকুট দিয়ে হুমকি পাচ্ছি।”

স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে প্রভাবশালী মহলের লোকজন রয়েছেন। এতে পুলিশ তদন্তে ধীরগতি দেখা দেয়ারও অভিযোগ উঠেছে। তারা সতর্ক করেন, যথাসময়ে ব্যবস্থা না নিলে প্রমাণ নষ্ট হতে পারে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহাব্বত খান জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জনগণ, মানবাধিকারকর্মী ও নিহতের পরিবার দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়ে অনড় রয়েছেন। ন্যায়বিচার না হলে এই ঘটনা এলাকায় আরও বড় আন্দোলনের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরে দৈনিক প্রতিদিনের সংবাদকর্মী মো. আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশে আয়োজিত এ কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান যেমন ‘সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই’, ‘গণমাধ্যমের স্বাধীনতা চাই’, ‘অপরাধীর বিচার চাই’, ‘WE DEMAND JUSTICE, WE DEMAND SAFETY, JUSTICE FOR TUHIN’ লিখিত প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।

দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক মানবজমিনের বরিশাল প্রতিনিধি আরিফ হোসাইন বলেন, “৭ আগস্ট গাজীপুরে সাহসী সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা শুধু ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, পুরো সাংবাদিক সমাজের জন্য শোক ও হুমকি স্বরূপ। একজন সাংবাদিককে হত্যা মানে সত্যের কণ্ঠরোধ করা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার দাবি থাকলেও তা বাস্তবে নেই। সাগর–রুনী হত্যার দশ বছর পার হলেও বিচার হয়নি। অনেক সাংবাদিক হামলার শিকার হলেও বিচার হয়নি। আমরা তুহিন হত্যার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

দৈনিক সংগ্রাম পত্রিকার বরিশাল প্রতিনিধি আবু উবাইদা বলেন, “৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের আশা ছিল গণমাধ্যম স্বাধীন হবে, কিন্তু সেখান থেকে আমরা বিচলিত। তুহিন হত্যার মাধ্যমে সকল সাংবাদিকের প্রতি হুমকি দেওয়া হয়েছে। ইন্টেরিম সরকারের কাছে জানাই, দ্রুত বিচার না হলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




উত্তরবঙ্গে রাজশাহী ও দক্ষিণে বরিশাল কিংবা খুলনায় বিপিএলের ম্যাচ আয়োজনের উদ্যোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশের তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ও বিপিএল অনুষ্ঠিত হয়। এই খেলাগুলো বিকেন্দ্রীকরণের জন্য উত্তরবঙ্গে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণাঞ্চলে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে বিপিএল ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি বলেন, ইতোমধ্যে বিসিবির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা রাজশাহী স্টেডিয়াম পরিদর্শন করেছেন। সেখানে কী ধরনের সংস্কার প্রয়োজন তা মূল্যায়ন করা হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার শেষে রাজশাহীতে বেশ কয়েকটি বিপিএল ম্যাচ আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে তিনি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নীলার অভিযোগের জবাব দিলেন সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষার সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের স্বামীর নামের জায়গায় নিজের নাম বসানোর অভিযোগের জবাব দিয়েছেন।

শনিবার (৯ আগস্ট) ফেসবুকে প্রকাশিত এক বার্তায় সারোয়ার তুষার জানান, নীলা মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাদের অফিসে এসেছিলেন। পুলিশ ও মানবাধিকার কর্মী লেনিন ভাইকে ডেকে, পুলিশের উপস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি ফরমটি ইন্টার্ন ডাক্তাররা পূরণ করেছেন এবং তিনি সেটি দেখে বুঝতে পারেননি।

সারোয়ার তুষার আরও বলেন, “হাসপাতালের ভর্তি ফরমে নারীর ক্ষেত্রে স্বামী বা পিতার নাম কিংবা যিনি নিয়ে এসেছেন তার নাম লেখা হয়। সেখানে ‘care of’ অর্থে C/O লেখা ছিল, যা লাল দাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমার নামে লেখার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি যুক্তি দেন, “রোড অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে যখন অজানা লোক হাসপাতালে ভর্তি করে দেয়, তখন C/O হিসেবে যে ব্যক্তি ভর্তি করে তার নাম লেখা হয়। এটি হাসপাতালের একটি প্রচলিত রীতি। স্বামী বা পিতার নামে টিক চিহ্ন দেওয়া হয়।”

স্মরণযোগ্য, নীলা ইসরাফিল গতকালের এক পোস্টে অভিযোগ করেন, স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষার নিজের নাম বসিয়েছেন এবং এটি আইনগত জালিয়াতির সামিল।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিরোজপুরের স্বরূপকাঠী বাস টার্মিনালের করুণ অবস্থা, যাত্রীদের দুর্ভোগ চরমে

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার একমাত্র বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। টার্মিনালে জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়া এবং খাঁদাখন্দের কারণে যাত্রী, চালক ও শ্রমিকরা ব্যাপক কষ্টে পড়েছেন।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই টার্মিনাল এলাকা জলমগ্ন হয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্গন্ধযুক্ত পানি জমে থাকা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে। বসার জায়গা ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাব বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের জন্য বিপদজনক।

বাস চালক আব্দুর রহিম বলেন, “রাস্তার অবস্থা খুবই খারাপ, যাত্রী উঠানামা করানো কঠিন। ময়লার দুর্গন্ধ অসহনীয়।” নারী যাত্রী হুরে জান্নাত জানান, “নারীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশের অভাব রয়েছে, যাতায়াত কঠিন।”

বাস কাউন্টার পরিচালনাকারী মো. আব্দুল হাকিম জানিয়েছেন, “টার্মিনালের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, দ্রুত সংস্কার প্রয়োজন।” কাউন্টার মাস্টার মো. সাইদুর রহমান বলেন, “আগে কিছু সংস্কার হয়েছিল, কিন্তু তা স্থায়ী হয়নি। এখন পুরো টার্মিনাল পানিতে ও কাদায় ডুবেছে।”

স্বরূপকাঠী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান জানান, “বিভিন্নবার টার্মিনাল সংস্কারের প্রস্তাব দিয়েছি, বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু হয়নি। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, “বর্ষায় পানি ও কাদা জমার সমস্যা দূর করতে দ্রুত আরসিসি ঢালাইসহ উন্নয়ন কাজ করা হবে। পাশাপাশি যাত্রীদের জন্য ছাউনির ব্যবস্থা করাও চলছে।”

সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কার না করলে স্থানীয় জনগণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় মাইকিং করে কম দামে বিক্রি হচ্ছে ইলিশ, ক্রেতাদের ভিড়

বরগুনা পৌর শহরের মাছ বাজারে মাইকিং করে কম দামে ইলিশ বিক্রি করা হচ্ছে। ছোট সাইজের ইলিশ প্রতি কেজি মাত্র ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে, যা আগের দাম ১০০০ থেকে ১২০০ টাকার চেয়ে অনেক কম। মাইকিংয়ের মাধ্যমে দাম কম হওয়ার খবর পেয়ে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই ইলিশ বেচাকেনা চলে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা গেছে, বরগুনার বিভিন্ন স্থান থেকে মাইকিং করে ক্রেতাদের আকৃষ্ট করছেন বিক্রেতারা। এ কারণে মাছ বাজারে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

মেহেদী হাসান নামের এক ক্রেতা জানান, “অনেকদিন ইলিশ কিনতে পারিনি, দাম বেশি ছিল। আজ প্রথমবার কম দামে পাচ্ছি, তাই ৩ কেজি ইলিশ কিনেছি।”

মতিয়ার রহমান নামের আরেক ক্রেতা বলেন, “মাইকিং শুনে বাজারে এসেছি। ইলিশের দাম বেশি থাকায় আগে কখনও কেনার সাহস করিনি, তবে আজ কম দামে পাচ্ছি বলে কিনে নিলাম।”

ইলিশ বিক্রেতা সহিদুল ইসলাম জানালেন, “পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা ও মহিপুর থেকে আজ বিকেলে বরগুনার বাজারে মাছ নিয়ে এসেছি। মহিপুরে মাছের দাম কিছুটা কম হওয়ায় সেখান থেকে আনা হয়েছে। আমরা কম দামে বিক্রি করছি, তাই ক্রেতারা ভিড় করছেন।”

মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, “অনেকদিন ইলিশ বাজারে ছিল না। আজ সকালে মহিপুর ও আলিপুর থেকে ছোট ট্রলারগুলো মাছ নিয়ে এসেছে। জেলেদের থেকে মাছ কিনে বাজারে বিক্রি করছি।”

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মহসিন জানান, “অবরোধ ও খারাপ আবহাওয়ার কারণে আগে জেলেরা গভীর সাগরে যেতে পারেনি। গত দুই দিনে আবার ট্রলার সাগরে যাওয়া শুরু করেছে। বরগুনায় যেসব ইলিশ আসছে তা মহিপুর ও আলিপুরের জেলেদের জালে ধরা পড়েছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত এই সমাবেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিএমএসএফ’র উপজেলা শাখার সভাপতি এসএম মিজান এবং সঞ্চালক ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জামিল মাহমুদ।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, উপজেলা শাখার সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি তারেক মাহমুদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রনি মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজহার রুবেল, নির্বাহী সদস্য বিনয় কৃষ্ণ শিয়ালী, সাংবাদিক সোলায়মান তুহিন, আতাউর রহমান চঞ্চল, পঙ্কজ কুন্ডু ও সাকিব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরে তুহিনের হত্যাকাণ্ড এবং এর পূর্বদিন একই এলাকায় সাংবাদিক চাঁদাবাজির সংবাদ প্রকাশের কারণে পুলিশের সামনে এক সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা এই নিরাপত্তাহীনতার প্রমাণ। তারা দ্রুত ঘটনাকবলিতদের গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের উপর জোর দেন। এছাড়া, গণঅভ্যুত্থানের সময় নিহত সাংবাদিকদের পরিবারদের জন্য জুলাই যোদ্ধাদের ন্যায় রাষ্ট্রীয় পূর্ণবাসনের দাবিও জানান। একই সভায় বিএমএসএফ’র গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েলকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানানো হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কাঁঠালিয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ স্বেচ্ছাশ্রমে মেরামত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ আউরা খালের ওপর অবস্থিত দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া ব্রিজটি এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করেছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় স্থানীয়রা নিজ উদ্যোগে ব্রিজটি মেরামত করেন।

১৯৬১ সালে ঝালকাঠি জেলা পরিষদ কাঁঠালিয়া উপজেলা সদরে এই লোহার ব্রিজ নির্মাণ করে। তবে ৬৫ বছরের পুরনো এই ব্রিজটির তেমন কোনো সংস্কার করা হয়নি। ব্রিজটি এতটাই নাজুক যে, একজন মানুষ পারাপারের সময় এটি হেলে দুলে পড়ে। ব্রিজটির পাশে অবস্থিত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, ভূমি অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, বিআরডিবি, মহিলা বিষয়ক অধিদফতর, উপজেলা পরিষদ, স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ব্রিজটি পার হতে হচ্ছে সবাইকে।

এলাকাবাসী জানান, ব্রিজ পারাপারে একাধিক শিক্ষার্থী খালে পড়ে গুরুতর আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে উপজেলা ও জেলা পরিষদে ধরনা দেয়ার পরও সমাধান না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে ব্রিজটি মেরামত করেছেন।

তারা দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজ ভেঙ্গে একটি কংক্রিট ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম জানান, জেলা পরিষদ থেকে ব্রিজ সংস্কারের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ পেয়েছে উপজেলা প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫