বরগুনায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১২ তরুণ-তরুণী

মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে বরগুনায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। মাত্র ১২০ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া এ নিয়োগ প্রক্রিয়ায় জেলার ১২ জন তরুণ-তরুণী পুলিশে চাকরির সুযোগ পেলেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরগুনা পুলিশ লাইন্স ড্রিল শেডে এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আল-মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার আগে উপস্থিত প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তুলে জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আইজিপি বাহারুল আলম বিপিএম মহোদয়ের নির্দেশনায় এবারও শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ সম্পন্ন হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি সুষ্ঠু নিয়োগের—আজ সেটি বাস্তবায়িত হলো।”
তিনি নবনিযুক্তদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা। আপনারা ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করবেন।”
ফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার। লিখিত পরীক্ষায় ২৪ জন উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্তভাবে ১২ জন নির্বাচিত হয়েছেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








