বরিশালে শহর রক্ষা বাঁধের ব্লক লুট, আটক এক

সিলেটের সাদা পাথর লুটের ঘটনার রেশ না কাটতেই এবার আলোচনায় এসেছে বরিশালের শহর রক্ষা বাঁধের ব্লক লুট। কীর্তনখোলা নদীতীরের সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ (উলালঘুনী) এলাকায় বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ লুটের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ইঞ্জিনচালিত একটি ট্রলারসহ একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে ওই এলাকায় রাতের আঁধারে ট্রলারযোগে ব্লক চুরি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মিলনসহ কিছু প্রভাবশালী ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। তবে প্রভাবশালীদের ভয়ে এতদিন মুখ খুলতে সাহস পাননি কেউ।

ঘটনার রাতে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিক সংবাদকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লুটের সময় ট্রলারসহ চালক শাহে আলম হাওলাদারকে আটক করেন। পরে তাকে কাউনিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক শাহে আলম জানান, তিনি রাজিব নামের এক ব্যক্তির ট্রলারের চালক। সোহাগ ও কবির গাজী নামের দু’জন ব্যক্তি তাকে ভাড়ায় নিয়েছিলেন এবং দাবি করেছিলেন, ঠিকাদারের নির্দেশে ব্লকগুলো নেওয়া হচ্ছে। তবে ব্লকের গন্তব্য নিয়ে চালক ও অপর এক ব্যক্তির বক্তব্যে বিরোধ দেখা দেওয়ায় সন্দেহ তৈরি হয়।

স্থানীয়দের মতে, লুট হওয়া ব্লকগুলো ভেঙে পাথর বানিয়ে বিক্রি করা হচ্ছে। এতে শুধু রাষ্ট্রীয় সম্পদ নষ্টই হচ্ছে না, বরং শহর রক্ষা বাঁধ দুর্বল হয়ে নগরবাসীর মধ্যে নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।

কাউনিয়া থানার ওসি মো. নাজমুল নিশাত জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলছে। অন্য যারা এ চক্রের সঙ্গে জড়িত তাদেরও শিগগির আইনের আওতায় আনা হবে।

খেলাফত মজলিস, ছাত্রদলসহ বিভিন্ন মহলের অভিযোগ—এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় প্রায়শই অন্য রাজনৈতিক দলের ওপর চাপিয়ে প্রকৃত অপরাধীরা আড়াল হয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, কীর্তনখোলা নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যে বাঁধের বিভিন্ন অংশ ধসে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়। এর মধ্যেই ব্লক লুটের ঘটনা নগরবাসীর সেই উদ্বেগকে চরম আতঙ্কে রূপ দিয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




বরিশালে খেলাফত মজলিসের ৫ দফা দাবি ঘোষণা

আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্রবিরোধী দলগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ও সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরে দলটির নেতারা। সভায় জেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের গালিব সভাপতিত্ব করেন।

নেতৃবৃন্দ জানান, দেশের সার্বিক সংকট সমাধান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে খেলাফত মজলিস দৃঢ় প্রতিজ্ঞ। তারা মনে করেন, দাবিগুলো কার্যকর না হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

খেলাফত মজলিসের ৫ দফা দাবি হলো—
১. অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন।
২. আওয়ামী লীগসহ গণতন্ত্রবিরোধী রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
৩. আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি।
৪. জুলাই গণহত্যার বিচার কার্যকর ও দৃশ্যমান করা।
৫. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।

এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল অঞ্চলে দলের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। তারা হলেন—

  • বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): মাওলানা ফজলুল ইসলাম
  • বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর): মাওলানা আনিসুর রহমান
  • বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী): মাওলানা সাইফুল হোসেন
  • বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ): মাওলানা জুবায়ের গালিব
  • বরিশাল-৫ (সদর-দক্ষিণ): মাওলানা ফজলুল হক
  • বরিশাল-৬ (বাকেরগঞ্জ): মাওলানা মাহমুদুর রহমান

নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধার ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠার জন্য এই দাবিগুলো বাস্তবায়ন এখন সময়ের দাবি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




১৭ বিয়ে কান্ডের সেই বন কর্মকর্তাকে আটক, অতঃপর

সাময়িক বরখাস্তের পর রাতের আঁধারে কোয়ার্টার থেকে পিকআপযোগে নিজস্ব ও সরকারি মালামাল সরানোর সময় ১৭ বিয়ে কান্ডের সেই বরখাস্তকৃত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে আটক করেছে স্থানীয়রা।

খবর পেয়ে বরিশাল বিমানবন্দর থানা পুলিশ জনরোষ থেকে তাকে (কবির) বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান। পরবর্তীতে বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পুলিশ রাতেই তাকে ছেড়ে দিয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন-১৭ বিয়ে কান্ডের ঘটনায় সাময়িক বরখাস্তের পর ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত নয়টার দিকে কোয়ার্টার থেকে পিকআপযোগে নিজস্ব ও সরকারি মালামাল নিয়ে কবির হোসেন পালানোর চেষ্টা করছিলেন। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

বরিশাল সদর উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, দায়িত্বে থাকাবস্থায় বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বিভিন্ন সময় ধার বাবদ আমার কাছ থেকে ছয় লাখ ৯৬ হাজার টাকা নিয়েছেন। এছাড়া স্থানীয়দের কাছ থেকেও সে বিভিন্ন সময় টাকা নিয়ে আর পরিশোধ করেনি। হঠাৎ করেই বুধবার দিবাগত রাতে সরকারি বাংলো থেকে মালামাল নিয়ে তিনি চলে যাচ্ছিলেন। খবর পেয়ে আমিসহ অন্য পাওনাদাররা এসে তাকে আটক করেছি। তাছাড়া তিনি পিকআপযোগে যে মালামাল নিচ্ছিলেন তার মধ্যে সরকারি কিছু মালামালও রয়েছে। সেগুলো আমি নামিয়ে রেখেছি।

বরিশাল বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলা বন কর্মকর্তা অভিযোগ করেছেন বাংলো থেকে সরকারি মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছেন বরখাস্তকৃত বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী। এছাড়া তিনি ওই কর্মকর্তার কাছে টাকা পাবেন। এলাকার বেশ কিছু মানুষও তার কাছে টাকা পাবে বলে আটকে রেখেছেন।

সূত্রে আরও জানা গেছে, উল্লেখিত অভিযোগের ভিত্তিত্বে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই বন কর্মকর্তাকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে থানা হেফাজতে আনেন।

তবে পালিয়ে যাবার অভিযোগ অস্বীকার করেছেন সাময়িক বরখাস্তকৃত বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী। এ বিষয়ে তিনি বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করে উল্টো সাংবাদিকদের অভিশাপ এবং হুমকি দেন।

বরিশাল বিমানবন্দর থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম বলেন-বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে রাতেই তাকে (কবির) ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে নানা প্রলোভনে ১৭ বিয়ে করে দেশব্যাপী আলোচনার সৃষ্টি করা বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে ১৬ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, চলতি বছরের ৯ এপ্রিল বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি এবং নির্যাতনের অভিযোগ এনে বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন খুলনা জেলার সোনাডাঙা এলাকার বাসিন্দা খাদিজা আকতার।

তার আগে ২০১৯ সালে কবির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন তার (কবির) আরেক স্ত্রী বাগেরহাটের মোংলা এলাকার নাসরিন আকতার দোলন। সেই মামলা এখনো বিচারাধীন রয়েছে।

সবশেষ গত ৯ এপ্রিল দেয়া স্ত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠণ করা হয়। ১১ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান বরিশালে সরেজমিন তদন্তে আসেন। নগরীর কাশিপুরে কোস্টাল সার্কেলে বসে অভিযোগকারী দুই স্ত্রী, তাদের স্বজন এবং বন কর্মকর্তাদের লিখিত বক্তব্য গ্রহণ করেন।

ওই দিনই বিয়েপাগল বন কর্মকর্তার বিচার দাবিতে বন বিভাগের কোস্টাল সার্কেল অফিসের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী স্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় বন কর্মকর্তাকে প্রাথমিক শাস্তির অংশ হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়।

সূত্রমতে, চাঁদপুর জেলার তুষপুর গ্রামের মোশাররফ হোসেন পাটোয়ারীর ছেলে কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। বন বিভাগের উচ্চ পদ ব্যবহার করে ফাঁদে ফেলেন অনেক নারীকে। এ কারণে একই অভিযোগে পূর্বে আরও দুইবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন বন কর্মকর্তা কবির হোসেন। তবে পতিত আওয়ামী সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী দীপু মনির সুপারিশে তিনি চাকরিতে পুনর্বহাল হন।

অপরদিকে সাময়িক বরখাস্ত হওয়া ছাড়াও ১৬ সেপ্টেম্বর বরিশাল মহানগর আদালতে কবির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু। আদালতের বিচারক মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন ।

এস এল টি তুহিন / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / 




বালুখেকো ফ্যাসিস আ.লীগ নেতাকে জরিমানা ও মালামাল জব্দ

চন্দ্রদ্বীপ নিউজ: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি জীবন রহমান সবুজ অবৈধভাবে গাইবান্ধার সাঘাটায় মুন্সিরহাট এলাকায় যমুনা নদীতে বলগেট বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্ব) বিকালে সাঘাটা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন তামিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে  বালু ব্যবসায়ী সবুজ ও তার সহযোগীকে আটক করা হয়।

সাঘাটা সরকারি কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) গাজী মুইদুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ব্যবসায়ী সবুজকে ৫ লক্ষ টাকা নগদ অর্থ জরিমানা, ১টি বলগেট, ২টি চার সিলিন্ডার মেশিন, ১টি স্যালো পাম মেশিন, ২টি ট্রাক্টর কাকড়া গাড়ি ও ১টি ট্রলি  জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত বালু ব্যবসায়ী সবুজ ও তার সহযোগীকে ছেড়ে দেয়।

গাজী মুইদুর রহমান বলেন, ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




শুক্রবার ২৫৬ কেন্দ্রে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ)।

এ পরীক্ষা ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে।

বিপিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে। এরপর গেট বন্ধ হয়ে যাবে এবং কোনোভাবেই দেরিতে প্রবেশ করা যাবে না। আসন বিন্যাস, সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd)। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

প্রশ্নপত্রে থাকবে মোট ২০০টি এমসিকিউ। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। চারটি সেটে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে—১, ২, ৩ ও ৪। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, সেই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে।

পরীক্ষার হলে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। এসব সামগ্রী নিয়ে হলে প্রবেশ করলে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক দেওয়া হবে এবং তারা প্রতি ঘণ্টায় ১০ মিনিট করে অতিরিক্ত সময় পাবেন। অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময় থাকবে প্রতি ঘণ্টায় ৫ মিনিট। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করতে হবে।

যেসব পরীক্ষার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন, তাদের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্র ছাপানো হয়েছে। সেক্ষেত্রে ভার্সন পরিবর্তনের কোনো সুযোগ নেই।

বিপিএসসি আরও জানিয়েছে, পরীক্ষায় অনিয়ম, গরমিল বা অসদাচরণ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তিস্তায় ফের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা চরাঞ্চলের অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে

 

চন্দ্রদ্বীপ ‍নিউজ: অতিবৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় পানি আবারও বেড়ে জনজীবনে দূর্ভোগ বাড়িয়ে ‍দিয়েছে। গতকাল সোমবার সকাল ৬টায় হাতীবান্ধা উপজেলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা ৬টায় তা কমে বিপৎসীমার নিচে নেমে যায়। পানির প্রবাহ বাড়তে থাকায় তিস্তা ব্যারাজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করে। তলিয়ে যায় আমন ধানসহ অন্যান্য ফসলের ক্ষেত। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাসিন্দারা জানান, রোববার গভীর রাত থেকে তিস্তায় পানি বাড়তে থাকে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় পানি উঠে যায়। গোবর্ধন এলাকার আব্দুর রাজ্জাক বলেন, ‘বাহে, চলতি বছরে চারবার বন্যা হইল। ঘরবাড়ি তলে যাচ্ছে।’ নদীপারের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি থাকার আশঙ্কা থাকায় নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমাত্রার বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়ছে। পানি ওঠানামার কারণে কোথাও কোনো ভাঙন দেখা দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান হালদার জানান, পানি সাময়িক বাড়লেও শঙ্কা নেই। বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে।




ডেঙ্গুতে থামছেই না প্রাণহানি: একদিনে আরও ৫ মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৫৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৬৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১ জন
  • বরিশাল বিভাগ: ২ জন

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা

  • ঢাকা ও বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৩১ জন করে মোট ২৬২ জন ভর্তি।
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১০৫ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৯৭ জন
  • চট্টগ্রাম বিভাগ: ৯২ জন
  • রাজশাহী বিভাগ: ৩৪ জন
  • খুলনা বিভাগ: ২৯ জন
  • রংপুর বিভাগ: ৭ জন
  • ময়মনসিংহ বিভাগ: ৬ জন
  • সিলেট বিভাগ: ৪ জন

মোট মৃত্যুর বর্ণনা (১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত)

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭৮ জন
  • চট্টগ্রাম ও বরিশাল বিভাগ: ২১ জন করে মোট ৪২ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৭ জন
  • রাজশাহী বিভাগ: ৭ জন
  • খুলনা বিভাগ: ৫ জন
  • ময়মনসিংহ বিভাগ: ৪ জন
  • ঢাকা বিভাগ: ২ জন

স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করেছে, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জল জমতে দেবেন না এবং মশার প্রজননস্থল নির্মূল করতে হবে। রোগীর ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিতে হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কারাবন্দিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত সরকারের

দণ্ডপ্রাপ্ত কারাবন্দিদের সাজার মেয়াদ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে দীর্ঘদিন ধরে কারাভোগ করা নারী ও বয়স্ক বন্দিদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নারী বন্দিদের ক্ষেত্রে যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে ২০ বছর করার সিদ্ধান্ত হয়েছে। পুরুষ বন্দিদের ক্ষেত্রেও সাজার মেয়াদ কমানো হবে, তবে তা কত বছর হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

তিনি আরও বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে মানবিক দিক বিবেচনা করে দীর্ঘদিন ধরে কারাভোগরত আসামিদের পুনর্বাসনের সুযোগ তৈরি হবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ ও পর্যাপ্ত নির্দেশনা দেওয়া হচ্ছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রাস্তা অবরোধকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “রাস্তা অবরোধ করে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকের মধ্যেই যদি এ সমস্যা সমাধান না হয়, তাহলে আইন প্রয়োগ করতে আমরা বাধ্য হব।”

তিনি আরও জানান, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, ছিনতাই, চুরি-ডাকাতি এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে উদ্ভূত সমস্যাও আলোচনায় উঠে এসেছে।

ফরিদপুরের ইউনিয়নভিত্তিক আসন পরিবর্তন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের নয়। নির্বাচন কমিশন জনগণের যুক্তি-তর্ক শোনার পর এ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “মাত্র দুটি ইউনিয়নের বিষয় নিয়ে লাখ লাখ মানুষকে জিম্মি করা হচ্ছে। যদি ক্ষোভ থাকে তবে তা যথাযথ চ্যানেলের মাধ্যমে জানানো উচিত ছিল। কিন্তু জনস্বার্থ বিরোধী কর্মসূচি গ্রহণ করা কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




জগন্নাথপুরের রানীগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদ আল ফালাহ এর শুভ উদ্বোধন

চন্দ্রদ্বীপ ‍নিউজ:যুক্তরাজ্য প্রবাসী আমিরুন নেছা খাতুনের অর্থায়ন এবং সিডস অফ সাদাকাহ ইউকের সার্বিক ব্যবস্থাপনায় ওয়ামীর তত্ত্বাবধানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন মসজিদ আল ফালাহ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বেলুন উড়িয়ে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক সমাজসেবক, ওয়ামির কান্ট্রি ডিরেক্টর ডা. রেদওয়ানুর রহমান।

স্থানীয়রা জানান, কুশিয়ারা নদী ভাঙনের কবলে পড়ে বালিশ্রী গ্রামের পূর্বের মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। পরে নতুনভাবেমসজিদ আল ফালাহনাম দিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে তোলা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডস অফ সাদাকাহ ইউকে প্রেসিডেন্ট রুহেল আহমদ, মাজলিসুল মোফাচ্ছিরিন সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আমির মাওলানা লুৎফুর রহমান, আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার ওয়ামি।