শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তির দাবি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চের সামনে তিনি সাক্ষ্য দেন।

নাহিদ ইসলাম জানান, আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের গ্রেফতার করে চাপ দেওয়া হতো এবং জীবিত ফেরত চাইলে আন্দোলন প্রত্যাহারের হুমকি দেওয়া হতো। ২০২৪ সালের ১৬ জুলাই থেকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ ও আন্দোলনকারীদের কর্মসূচি প্রচার বন্ধ রাখা হয়েছিল।

তিনি আরও বর্ণনা দেন, ২০ জুলাই রাতে তাকে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে ডিবি অফিসে নেয়া হয়। সেখানে জানানো হয়—আন্দোলন প্রত্যাহার না করলে মুক্তি নেই। ২৪ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ২৬ জুলাই জোরপূর্বক লিখিতভাবে আন্দোলন প্রত্যাহারের জন্য বক্তব্য দিতে বাধ্য করা হয়, যা মোবাইলে ধারণ করে মিডিয়ায় প্রচার করা হয়।

নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে আরও জানান, ১ আগস্ট আন্দোলনকারীরা সরকার পতনের ডাক দেন এবং ৪ আগস্ট ড. ইউনূসকে উপদেষ্টা করার বিষয়ে আলোচনা করেন।

শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলাম প্রসিকিউশনের শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেবেন এবং এরপর যুক্তি-তর্কের মাধ্যমে মামলা এগোবে। এ পর্যন্ত ৪৭ জনের জবানবন্দি নেওয়া হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নির্বাচিত সরকার না থাকায় দেশে দায়িত্বশীলতার অভাব: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় জবাবদিহিতা ও দায়িত্বশীলতার অভাব দেখা দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে পরাজিত শক্তির দ্বার উন্মোচিত হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকায় হাসপাতাল থেকে ফেরা গণঅধিকার পরিষদের সভাপতি আহত নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি। নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তাকে রাজনৈতিকভাবে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।

বিএনপি নেতা আমীর খসরু উল্লেখ করেন, নির্বাচনে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি প্রয়োগ করতে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলো নিজেদের ভাবনা নিয়ে সরাসরি সাধারণ মানুষের কাছে যেতে পারে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাবুগঞ্জের অসহায় শাহিনুর বেগমের পাশে দাঁড়ালেন ইউএনও

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী শাহিনুর বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদ। দীর্ঘদিন অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করা এই নারী তার মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন।

শাহিনুর বেগমের একমাত্র সন্তান মোঃ রাহাত হাওলাদার (১২) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। তার নিয়মিত চিকিৎসা, ওষুধ ও যত্নের জন্য অর্থ প্রয়োজন, কিন্তু মায়ের কোনো আয়ের উৎস না থাকার কারণে তা সম্ভব হচ্ছিল না।

বিষয়টি জানার পর ইউএনও মোঃ ফারুক আহমেদ শাহিনুর বেগমকে নিজ কার্যালয়ে ডেকে তার জীবনসংগ্রামের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

ইউএনও বলেন, “আমরা চেষ্টা করছি সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এমন অসহায় মানুষদের অন্তর্ভুক্ত করতে। শাহিনুর বেগমের অসহায়ত্ব আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। যতটুকু সম্ভব আমরা পাশে থাকব।”

স্থানীয়রা ইউএনও’র মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন এবং বলেন, এ ধরনের সহানুভূতিশীল প্রশাসন থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা আশার আলো দেখতে পায়।

অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল রহিম, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু হানিফ প্রমুখ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ছাত্রদলকে কঠোর ভূমিকা নিতে হবে : ইঞ্জিনিয়ার সোবহান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, দেশের ইতিহাসে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদলের সৃজনশীল নেতৃত্বের কারণে স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছিল। একইভাবে ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছাত্রদল গুরুত্বপূর্ণ ও কঠোর ভূমিকা রেখেছিল। বর্তমান সময়েও দেশ ছাত্রদলের দিকে তাকিয়ে আছে।

নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার সোবহান। তিনি বলেন, এবারও ছাত্রদলের নেতাকর্মীদের সততা, ন্যায়পরায়ণতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাঠে থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, “অতীতের মতো বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ছাত্রদল নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল-১ আসনের ছাত্রদল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সোবহান আরও বলেন, ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত স্বপ্নের ৩১ দফা বাস্তবায়নে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আস্থা অর্জন করতে হবে। তিনি স্পষ্ট করে জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজসহ কোন অপরাধীর স্থান ছাত্রদলে হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলার রত্নপুরের কৃতি সন্তান সৈয়দ নাজমুল ইসলাম বাহার। এসময় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বছর তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে হালনাগাদ কার্যক্রম এখনো চলছে। সবকিছু শেষ করে নির্ধারিত তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আখতার আহমেদ বলেন, “৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা আসন্ন নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন।”

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

নির্বাচন কমিশন আশা করছে, নতুন ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে আগামীর নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুষ্ঠু হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার পর গত ১১ দিন ধরে তাদের পরিবারের সদস্যরা চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটালেও অবশেষে বুধবার (১৭ সেপ্টেম্বর) ইতালি প্রবাসী জাকির হোসেন মোল্লার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরিবার সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বার্থী ও খাঞ্জাপুর ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের এই যুবকরা ওমরা হজের ভিসায় সৌদি আরব গিয়ে দালাল চক্রের মাধ্যমে চোরাই পথে লিবিয়ায় প্রবেশ করেন। সেখান থেকে গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে বেনগাজী উপকূল থেকে গেমিং বোর্ডে চেপে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। কিন্তু যাত্রাপথেই লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী নৌকাটি আটক করে।

এরপর থেকে পরিবারের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে স্বজনরা ধরে নেন, তারা হয়তো আর জীবিত নেই। কিন্তু বুধবার দুপুরে জাকির হোসেন দালাল সিন্ডিকেটের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন—৩৮ যুবকই লিবিয়ার কারাগারে আটক আছেন। এ খবর জানার পর স্বজনদের মধ্যে স্বস্তি ফিরলেও শঙ্কা কাটেনি।

এদিকে আটকদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন—বার্থী গ্রামের আমিনুল ইসলাম, রহিম হাওলাদার, অহিদুল হাওলাদার, সুজন খান, সবুজ মোল্লা, বড় দুলালী গ্রামের রাহুল সরদার, শাহ আলী বয়াতী, বাবুল বেপারী, তানভির হোসেন হৃদয়, মাসুদ তালুকদার, রাব্বী সরদার, রিয়াজুল বেপারী, বিপুল সরকার, শাহাদাত সিকদার, রিমন মীর, তৌহিদ হাসান হৃদয়সহ আরও অনেকে।

জানা গেছে, ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর এই যুবকেরা দালাল সিন্ডিকেটকে গড়ে ১৫ লাখ টাকা করে দিয়েছেন। সহায়-সম্পদ বিক্রি, ঋণ ও ধার করে তারা অর্থ জোগাড় করেছিলেন। কিন্তু ইউরোপের স্বপ্ন ভেঙে এখন তারা লিবিয়ার জেলে বন্দি।

একজন আটক যুবকের মা নাজমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে বলেছিল মা, আর কষ্ট করতে হবে না। কিন্তু এখন সে কোথায় আছে, কেমন আছে আমি জানি না। বুকের মানিককে না পেলে আমার আর কিছুই রইল না।”

স্থানীয়রা জানান, এ ধরনের প্রতারণা ও দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আ’লীগ ইসলাম বিলুপ্তের চেষ্টা করেছিল: মেজর (অব.) হাফিজ

ভোলার লালমোহনে আয়োজিত এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমোহন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা নবী করিম (স.) এর আদর্শের অনুসারী হয়েও সঠিকভাবে ইসলামকে মেনে চলি না। ভোগ-বিলাসের পেছনে মানুষ দৌড়াচ্ছে। একটি রাজনৈতিক দল টানা ১৬ বছর ক্ষমতায় থেকে দেশ থেকে ইসলাম মুছে ফেলতে চেয়েছিল। ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার মাধ্যমে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার সঠিক চিত্র এখনো প্রকাশ হয়নি। ভবিষ্যতে সত্য প্রকাশ পাবে এবং দায়ীদের বিচারের আওতায় আনা হবে।”

সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্যাহ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা হোসাইন আহমেদ ও মাওলানা ইমরান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম ও মুসলমানদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে হাসনাত-সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

বরিশালে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন কারিগরি শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এই দুই নেতা তাদের ন্যায্য দাবি পূরণের বিষয়ে বিরূপ অবস্থান নিয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কর্মসূচিতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভের নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বরিশাল জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু। তিনি বলেন, “হাসনাত ও সারজিস কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাই তাদের বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ভবিষ্যতে তারা এলে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

শিক্ষার্থীরা জানান, তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—

  • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরিক্ষেত্রে বৈষম্য দূরীকরণ,
  • চার বছরের ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতকের মর্যাদা দেওয়া,
  • কারিগরি শিক্ষার উন্নয়নে নির্দিষ্ট বাজেট বরাদ্দ,
    এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত রয়েছে।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে এবং তা সারা দেশে ছড়িয়ে পড়বে।

অবরোধ চলাকালে পুলিশ উপস্থিত থাকলেও কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




বরিশালে খাল ও ড্রেন দখলমুক্ত, পয়ঃনিষ্কাশনে স্বস্তি

বরিশাল সিটি করপোরেশন নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দখল ও জঞ্জালমুক্ত অভিযানে নেমেছে। ইতোমধ্যে নগরীর ১১টি খালের প্রায় ৪০ কিলোমিটার অংশ এবং সাড়ে ৩ একর সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। পাশাপাশি নগরীর ড্রেনগুলোও পরিষ্কার করা হয়েছে। ফলে এ বছর ভারী বর্ষণেও নগরবাসীর দুর্ভোগ তুলনামূলকভাবে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল।

অতীতে নগরীর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান খালের পাড় দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। এমনকি ড্রেনের ভেতরেও বহু বছর ধরে দখল চলে আসছিল। বিভাগীয় কমিশনার ও নগর প্রশাসক মো. রায়হান কাওসার দায়িত্ব নেওয়ার পর এসব দখলদারির বিরুদ্ধে অভিযান শুরু হয়। তিনি খাল ও ড্রেনের সীমানা নির্ধারণ করে ধাপে ধাপে অবৈধ দখল উচ্ছেদ করে প্রবাহ সচল করেন।

নগরীর ৬০ বর্গ কিলোমিটার এলাকায় বর্তমানে ৪৬টি খাল এবং সিটি করপোরেশনের প্রায় ৫শ’ কিলোমিটার রাস্তা ও ১৬০ কিলোমিটার ড্রেন রয়েছে। তবে সুষ্ঠু পয়ঃনিষ্কাশনের জন্য আরও অন্তত ৮শ’ কিলোমিটার নতুন পাকা ড্রেন নির্মাণ প্রয়োজন। পাশাপাশি পুরনো ড্রেনগুলোর সংস্কারও জরুরি হয়ে পড়েছে।

বিশেষ করে নবগ্রাম রোডের বটতলা বাজার থেকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ পর্যন্ত আরসিসি ড্রেনটি দীর্ঘদিন ধরে জঞ্জালে ভরাট হয়ে আছে। ফলে সামান্য বৃষ্টিতেই এ এলাকার গুরুত্বপূর্ণ চার লেন সড়ক পানিতে তলিয়ে যায়। যদিও সিটি করপোরেশন ড্রেনটি বারবার পরিষ্কার করছে, তবুও পূর্ণাঙ্গ সমাধান এখনো হয়নি।

এ বছর বর্ষাকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা টিম নিরলসভাবে ড্রেন পরিষ্কার রাখায় বরিশালের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় ভালো ছিল বলে সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে, নগরীর পরিবেশ ও খাল পুনরুদ্ধারে প্রায় ৭০০ কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর ৪৬ খালের মধ্যে ২৯টির উন্নয়ন, প্রায় ৮০ কিলোমিটার খাল খনন ও সংস্কার এবং দু’পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এতে মৃতপ্রায় খালগুলো আবারও জীবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন নগর প্রশাসক মো. রায়হান কাওসার।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মৌসুমের শেষ দিকে ইলিশের দাম আবারও চড়লো

মৌসুমের শেষ প্রান্তে এসে আবারও বাড়ল ইলিশের দাম। বরিশাল ও পাথরঘাটার মোকামগুলোতে পাইকারি ও খুচরা বাজারে এক কেজি ইলিশের দাম কেজিপ্রতি বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। এর প্রধান কারণ হিসেবে ব্যবসায়ীরা উল্লেখ করছেন ভারতে ইলিশ রপ্তানি এবং বাজারে সরবরাহ ঘাটতি।

গতকাল (১৭ সেপ্টেম্বর) বরিশাল নগরীর পোর্ট রোড মোকামে দেখা গেছে, ৬০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ প্রায় পুরোপুরি কিনে নিচ্ছেন রপ্তানিকারকরা। ফলে স্থানীয় বাজারে সরবরাহ হচ্ছে মূলত ৫০০ গ্রামের নিচে ছোট আকারের ইলিশ। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি পাইকারি দর দাঁড়িয়েছে প্রায় ২,০০০ টাকা। এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে কেজিপ্রতি ২,২৫০ টাকায়। অন্যদিকে ছোট ইলিশ (প্রায় তিনটিতে এক কেজি) পাইকারিতে বিক্রি হচ্ছে ১,০৫০ টাকা এবং চারটিতে এক কেজি আকারের ইলিশ মিলছে ৭৫০ টাকায়। খুচরা বাজারে এসবের দাম আরও ১০০-১৫০ টাকা বেশি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রপ্তানির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো তিন-চার দিন ধরেই ইলিশ মজুত শুরু করেছে। বরিশাল মোকামে মাহিমা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ ও এ আর এন্টারপ্রাইজ রপ্তানি অনুমতি পেয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকেও প্রতিনিধিরা ইলিশ কিনে রাখছেন। ফলে বাজারে সংকট আরও প্রকট হচ্ছে।

অন্যদিকে দেশের দ্বিতীয় বৃহৎ মাছের মোকাম বরগুনার পাথরঘাটায় পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখানে গত দুদিনের তুলনায় প্রতিমণ ইলিশের দাম প্রায় ১০ হাজার টাকা কমেছে। কারণ স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে দাম নিয়ন্ত্রণ করছেন। তবে বাজারে ইলিশের সরবরাহ অত্যন্ত সীমিত।

পাবনার সেভেন স্টার ফিশ প্রসেসিং করপোরেশনের প্রতিনিধি কামাল হোসেন স্বীকার করেছেন, আগেভাগেই তারা প্রায় পাঁচ টন ইলিশ কিনে মজুত করেছেন। এর একটি বড় অংশ ইতোমধ্যেই বেনাপোলে পৌঁছেছে এবং রপ্তানির অপেক্ষায় রয়েছে।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক জহিরুল ইসলাম আকন্দ জানান, এ বছর ইলিশ আহরণ স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। সেই কারণেই মৌসুমের শুরু থেকেই দাম অস্বাভাবিক ছিল। তিনি আরও জানান, প্রতিবছরের মতো এবারও মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আশ্বিন মাসে অমাবস্যা ও পূর্ণিমার মাঝামাঝি ২২ দিনের নিষেধাজ্ঞা জারি হবে। সে হিসাবে অক্টোবরের প্রথম সপ্তাহেই ইলিশ ধরার মৌসুম শেষ হয়ে যাবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫