দুর্গাপূজা: ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: জাহাঙ্গীর আলম

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর। এবারের পূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। উপদেষ্টা বলেন, “পূর্ণিমার উৎসব হওয়ায় সকলকে সতর্ক থাকতে হবে। এখন পর্যন্ত প্রতিমা ভাঙার ঘটনা তুলনামূলকভাবে কম। যেসব এলাকায় ক্ষতি হয়েছে, তা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।”
এছাড়া, মাদক নিয়ন্ত্রণ বিষয়েও তিনি বলেন, দেশের বিভিন্ন রুটে মাদক প্রবেশ করছে, তবে এর পরিবর্তে চাল, সার ও ওষুধ পাচার হচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রামের নৌ রুট নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র সংলগ্ন নৌ রুটেও এ ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে। বর্তমানে মাদক অনেক পরিমাণে ধরা পড়ায় তার দাম বেড়েছে।
অপরদিকে, কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়া নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, “দেশে আলুর দাম যথাযথভাবে পাওয়া যাচ্ছে না। যদি কৃষকরা আগামীতে আলু চাষ কমান, তবে আলুর বাজারমূল্য আরও বৃদ্ধি পাবে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








