পিরোজপুরে ১৮৫টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, শিশুরা পড়াশোনায় ঝুঁকির মুখে

পিরোজপুর জেলার ৯৮৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৮৫টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব জরাজীর্ণ ভবনে শিশু শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলার কারণে শিক্ষার মান এবং শিশুর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জেলার সদর উপজেলার ৭৭ নম্বর করিমুন্নেছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাইয়ান আহমেদের অভিভাবক জানান, “শহরের প্রাণকেন্দ্রে থাকা একটি মডেল বিদ্যালয় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শ্রেণিকক্ষে পলেস্তারা খসে পড়ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয়।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী মণ্ডল বলেন, “বিদ্যালয়টি পুরনো হওয়ায় বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। শ্রেণিকক্ষ এবং লাইব্রেরির পলেস্তারা খসে পড়ছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সবাই ঝুঁকি এবং আতঙ্ক নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টিতে সমস্যার সমাধান হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান জানান, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ এর মাধ্যমে এসব বিদ্যালয় মেরামত বা নতুন ভবন নির্মাণের আশা করা হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলায় শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা প্রভাব পড়ছে।

পিরোজপুরের ৯৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে মোট এক লাখ ১১ হাজার ৫১ শিক্ষার্থী পড়াশোনা করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কলকাতায় বসে বরিশালের ইলিশ মোকামের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন আ.লীগ নেতা

কলকাতায় বসে বরিশালের ইলিশ মোকামের ব্যবসা পরিচালনা করছেন আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল। তার নামে সরকারের অনুমোদিত চারটি রপ্তানি লাইসেন্সের মাধ্যমে ইতোমধ্যেই ভারতীয় বাজারে পৌঁছেছে প্রায় দুই হাজার কেজি ইলিশ।

বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের আড়ত মালিক হিসাবে টুটুলের ব্যবসা চলার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার। তিনি জানান, মোকামের নিয়ম অনুযায়ী টুটুলের ব্যবসা চলছে। ২০১৯ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু করেন টুটুল। এ বছর সরকার অনুমোদিত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি লাইসেন্স তার নামে রয়েছে।

টুটুলের প্রতিষ্ঠানগুলো হলো:

  • মাহিমা এন্টারপ্রাইজ
  • তানিসা এন্টারপ্রাইজ
  • নাহিয়ান এন্টারপ্রাইজ
  • এআর এন্টারপ্রাইজ

তানিসা এন্টারপ্রাইজ ইতোমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১,৩৬০ কেজি ইলিশ রপ্তানি করেছে। বরিশালের ইলিশ বাজার এখনও টুটুলের প্রভাবাধীন এবং তার লোকজন মোকাম থেকে মাছ সংগ্রহ করছেন।

কয়েকজন আড়তদারের মতে, “বর্তমানে যারা মোকাম নিয়ন্ত্রণ করছেন, তারাই মূলত টুটুলের ব্যবসা টিকিয়ে রেখেছেন। রপ্তানি ব্যবসাও চলছে তাদের সহযোগিতায়।”

কলকাতায় অবস্থানরত নিরব হোসেন টুটুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, “মোকাম আমার একার নয়। এখানে বিএনপি-আওয়ামী লীগসহ সব দলের লোকজন আছে। আমি চাইলে কারও ব্যবসা বন্ধ করতে পারি না। টুটুল নেই, কিন্তু তার লোকজন ব্যবসা চালাচ্ছে। এছাড়া ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার, আমি বাধা দিতে পারি না।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




শারদীয় দুর্গাপূজায় ভারতে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুঁড়া সুগন্ধি চাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের জন্য উপহার হিসেবে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চাল ভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এগুলো ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।

বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠানো হয়েছে। এই চাল ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেওয়া হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে সব প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়করণ করা হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে এবারও ভরতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া দুই দেশের মধ্যে প্রতি বছর বিভিন্ন পণ্য উপহার হিসেবে বিনিময় করা হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত, নির্বাচনে বাধা নেই

হাইকোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির জেলা ও বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন সংক্রান্ত চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন। তবে আদালতের এ আদেশের ফলে আগামী ৬ অক্টোবর নির্ধারিত বিসিবি নির্বাচনে কোনো বাধা সৃষ্টি হবে না বলে আইনজীবীরা জানিয়েছেন।

হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (২২ সেপ্টেম্বর) এই আদেশ দেন।

এর আগে চার জন ব্যক্তি বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটকারীরা হলেন: রাজবাড়ীর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী এবং টাঙ্গাইলের আলী ইমাম। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।

বিসিবি নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনীত কাউন্সিলররা নির্ধারিত সময়ে ফরম জমা দিয়েছেন। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের মনোনয়ন দেয়নি, সেগুলো বাতিল করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরে নিজে সই করে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন, যা নিয়ে গত দুই দিন ধরে বিতর্ক তৈরি হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ঘোষিত অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর না দেওয়ায় বিতর্ক আরও বেড়ে যায়। বিসিবি সভাপতির এমন পদক্ষেপ গঠনতন্ত্রের ১২ এর ৭ ধারা অনুযায়ী সম্ভব নয়।

বিসিবি সভাপতি বুলবুলের চিঠি স্থগিত হওয়ায় নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা থাকছে না। নির্বাচনে মনোনীত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা যথাসময়ে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ট্যাক্স দিলেও সেবা না পেলে মানুষ ‘গোসা’ করবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে মানুষ বেশি ট্যাক্স দিলেও সেবা পায়, কিন্তু আমাদের দেশে ট্যাক্স দিয়ে সেবা না পেলে মানুষ স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবে। তিনি বলেন, “ট্যাক্স দিলাম, আর সেবা পেলাম না। তাই মানুষ একটু গোসা করবেই।”

তিনি এই মন্তব্য করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের যৌথ আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক সেমিনারে।

অর্থ উপদেষ্টা বলেন, আমাদের দেশে সমস্যা হলো অর্থায়নের অভাব। সরকারি কর্মকর্তারা ভাবেন সবকিছু দেওয়া যাবে, কিন্তু বাস্তবে অর্থের পরিমাণ যথাযথভাবে পাওয়া যায় না। তিনি আরও উল্লেখ করেন, ট্যাক্স, নন-ট্যাক্স রেভিনিউ যথেষ্ট নয়, তাই প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট ব্যাংকের ওপর নির্ভরশীলতা বেশি।

তিনি বলেন, “বড় বড় প্রজেক্ট করা হয়, কিন্তু সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যখাত ও শিক্ষার জন্য অর্থায়ন করতে পারছি না। আমাদের ট্যাক্স-জিডিপি রেশিও ৭.২%, যেখানে ব্রাজিলে ২৬%।”
তিনি মন্তব্য করেন, সঠিক সেবা প্রদান করলে মানুষ বেশি ট্যাক্স দিতে উৎসাহী হবে। সেবা ভালো না দিলে ট্যাক্স বৃদ্ধির আশা করা যায় না।

সেমিনারে তিনি পুঁজিবাজারকে শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন এবং সুকুক বন্ড সম্প্রসারণের প্রয়োজনীয়তা জানান। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রকল্পগুলোর ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো সম্ভব হবে। তিনি বলেন, “মানুষকে বোঝাতে হবে যে বন্ড, ডিবেঞ্চার ও সিকিউরিটিজে ঝুঁকি জড়িত। এটি কোনো চিরস্থায়ী আয়ের উৎস নয়।”

ড. সালেহউদ্দিন আরও বলেন, দেশের ২৪ হাজার কোটি টাকার সুকুক আছে, কিন্তু প্রায় সব সরকারি প্রকল্পে ব্যবহৃত হচ্ছে। বেসরকারি খাতও এটি অবকাঠামো ও ব্যবসায়িক উদ্যোগে ব্যবহার করতে পারে। বড় প্রকল্প যেমন এমআরটি ব্যবস্থায় সিকিউরিটাইজেশন প্রয়োজন।

তিনি বিমা খাতের দুর্বলতাও তুলে ধরেন এবং বলছেন, “এটি সংস্কারের অপেক্ষায় আছে। একটি গতিশীল আর্থিক খাতে শুধু ব্যাংক নয়, শক্তিশালী পুঁজিবাজার, বিমা খাত ও বিশেষ ট্যাক্স ইনস্ট্রুমেন্টও অন্তর্ভুক্ত করতে হবে।”

অর্থ উপদেষ্টা জনগণ ও সরকারের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “মানুষ ট্যাক্স দেয় এবং বিনিময়ে সেবা পায়। এটাই ভালো শাসনের চূড়ান্ত পরীক্ষা।”

সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের অধ্যাপক এম কবীর হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রাজাপুরে কর্দমাক্ত রাস্তায় প্রতিবাদ, ধানের চারা রোপণ

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি এলাকার রাস্তার বেহাল দশা জনদূর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে কর্দমাক্ত ও অপ্রয়োজনীয় খানাখন্দে ভরা এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়ছেন।

স্থানীয়রা ব্যতিক্রমি প্রতিবাদের মাধ্যমে সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। যুবক আয়ান আহমেদ রাজু ক্ষোভ প্রকাশ করে রাস্তার কর্দমাক্ত অংশে ধানের চারা রোপণ করেছেন। তিনি বলেন, “রাস্তা চলাচলের উপযোগী নয়, বরং জমির মতো। তাই ধানের চারা রোপণ করে বোঝাতে চেয়েছি আমাদের দুর্ভোগ কতটা।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষার সময়ে খানাখন্দ ও কাদা পানিতে রাস্তাটি আরও দুর্ভোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।

তারা স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বড় কৈবর্তখালির রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




চেয়ার ছেড়ে ফ্লোরে বসে মতবিনিময় করলেন বিএনপি নেতা আবদুস সোবহান

বরিশালের আগৈলঝাড়ায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। তবে সেখানে উপস্থিতদের নজর কাড়ে তার ভিন্নধর্মী আচরণ।

অনুষ্ঠানে অতিথিদের জন্য চেয়ার-টেবিলের ব্যবস্থা থাকলেও তিনি সেগুলো ব্যবহার না করে দর্শকদের সাথে মন্দির প্রাঙ্গণের ফ্লোরে বসেন। তার এই সরলতা ও আন্তরিকতায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা ব্যাপকভাবে প্রশংসা করেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রী। এসময় উপজেলার ১৫৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দুই লাখ টাকা অনুদান প্রদান করেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে।

মতবিনিময়কালে আবদুস সোবহান বলেন, তারেক রহমান সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান। দুর্গাপূজার উৎসব কেউ নষ্ট করার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সর্বদা পাশে থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন,আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহাবুবুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ হালদার, সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘটক, বাকাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাপ্পী পান্ডে, হিন্দু সম্প্রদায়ের নেতা কার্তিক বেপারী, অমিয় কর, প্রফুল্ল হালদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য “১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২৫”-এ যোগ দেবেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনাপ্রধান ঢাকায় থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে আয়োজিত এই সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের স্থলবাহিনীর প্রধানরা অংশগ্রহণ করবেন। সেখানে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা উন্মোচিত হবে।

সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বছর পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অতীতের চেয়ে আরও দৃঢ় হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবারের শারদীয় দুর্গাপূজায় ৩৩ হাজার পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সাতজন ভলেন্টিয়ার থাকবে, পাশাপাশি আনসারের আটজন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জসহ সারাদেশেই দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। বরং এ বছর পূজা হবে উৎসবমুখর পরিবেশে। তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে, এ বছর তা আরও জোরদার হয়েছে।

পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আয়ারল্যান্ড, যুদ্ধবিরতির আহ্বান

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী ঘোষণায় গাজা থেকে সব ধরনের দখলদার শক্তি প্রত্যাহারের আহ্বান জানান এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ওপর জোর দেন।

এই স্বীকৃতি এসেছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই। সম্প্রতি দেশগুলোও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরুর আগে বিষয়টি ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা ঘোষণা করেছে, তারাও জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে, এই স্বীকৃতি ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বৈশ্বিক ঐক্যের নতুন দিক উন্মোচন করছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

ট্যাগ

#ফিলিস্তিন #আয়ারল্যান্ড #যুদ্ধবিরতি #জাতিসংঘ #আন্তর্জাতিকসমর্থন
#Palestine #Ireland #Ceasefire #UNGeneralAssembly #GlobalSupport