ডেঙ্গুতে আক্রান্ত আরও ২১৯

চন্দ্রদ্বীপ নিউজ: হেলথ ইমার্জেন্সি স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয় যে , গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ( সিটি কর্পোরেশন বর্হিভুত ) ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশন বর্হিভুত) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৩৯ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশন বর্হিভুত) ২৩ জন রয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৪৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত  ৪৪ হাজার ৬৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।




১০৪ ঘণ্টা পর উদ্ধার নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মাওলানা মামুন

রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের পর অবশেষে পূর্বাচল থেকে জীবিত অবস্থায় ফিরে এলেন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদ। নিখোঁজের ১০৪ ঘণ্টা পর শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর পূর্বাচল ১ নম্বর মসজিদে তাকে পাওয়া যায়।

জানা গেছে, গত রবিবার ভোরে তুরাগের হানিফ আলী মোড়ের নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি মাওলানা মামুন। তার খোঁজ না মেলায় পরিবারের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী খাদিজা বেগম।

মাওলানা মামুনুর রশীদ তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরার রাজপথে তিনি সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশ নেন এবং নিজেকে একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত করে তোলেন। আন্দোলনে অংশ নেওয়ার পর থেকেই তাকে ঘিরে নানা আলোচনা চলছিল।

অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর হঠাৎ পূর্বাচলের একটি মসজিদে তার উপস্থিতি অনেককে বিস্মিত করেছে। স্থানীয় মুসল্লিরাও ঘটনাটি নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করছেন। তবে কীভাবে এবং কোথায় এতদিন ছিলেন মাওলানা মামুন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

পরিবারের সদস্যরা তার ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, দীর্ঘ ৪ দিনের দুশ্চিন্তা শেষে মামুনকে ফিরে পাওয়ায় তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন।

এ ঘটনায় রাজনৈতিক মহল ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টিকে নিখোঁজ হওয়া কর্মীদের নিরাপত্তার প্রশ্নের সঙ্গে তুলনা করছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাউফলে কোটি টাকার সড়ক নির্মাণের চার মাসেই ভাঙন

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা-বাহেরচর জিসি সড়ক প্রশস্তকরণ ও পুনর্নির্মাণের কাজ শেষ হয়েছে মাত্র চার মাস আগে। কিন্তু এরই মধ্যে সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে, উঠে গেছে কার্পেটিং, ধসে পড়েছে সৌন্দর্যবর্ধনের পিলার, আর দুই পাশের মাটিও ভেঙে পড়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের কাজ করা হয়। কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন করেন ইউনুস ব্রাদার্স, খাইরুল কবির ও রানা গুপ্ত নামে তিন ঠিকাদার। তবে বাস্তবে কাজটি করেছেন স্থানীয় সাব ঠিকাদার কবির হোসেন ও জামাল হোসেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ছাড়াও যেসব জায়গায় টেকসই গাইডওয়াল দেওয়ার কথা ছিল, সেখানে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী পাইলিং করে দায়সারা কাজ করা হয়েছে। ফলে বর্ষার পানির চাপে সড়কের অন্তত ১০টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে কুম্ভখালী, আয়লা, ব্রিজ বাজার, ডানিডা, শহীদ জালাল ও দেওপাশা উল্লেখযোগ্য।

স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, “সড়কের ধসে যাওয়া অংশগুলো দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে জানতে চাইলে বাউফল উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, “অতিবৃষ্টি ও বন্যার কারণে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কুয়াকাটায় জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির রাজ কাঁকড়া

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন তিন নদীর মোহনা এলাকায় জেলেদের জালে আটকা পড়েছে বিরল প্রজাতির রাজ কাঁকড়া। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় জেলেদের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় কাঁকড়াটি উদ্ধার করে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্যরা। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুপুর আড়াইটায় লেম্বুর বন সংলগ্ন সমুদ্রসৈকতে এটিকে অবমুক্ত করা হয়।

উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু জানান, “সকালে আমাদের সদস্যরা কাঁকড়াটি উদ্ধার করেন। চিকিৎসা বিজ্ঞানে এটি অত্যন্ত মূল্যবান সম্পদ। এর বৈজ্ঞানিক নাম কার্টিনোকরপস রোটাংডিকরোডা। প্রায় ৪৫ কোটি বছর আগে এরা বিবর্তিত হয়ে আজও প্রায় অপরিবর্তিত রূপে টিকে আছে। তাই এদের জীবন্ত জীবাষ্ম বলা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এদের রক্ত নীল রঙের।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বাংলাদেশে এই কাঁকড়ার ব্যবহার নেই। তবে আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রজাতিটি ইতোমধ্যেই বিলুপ্তির ঝুঁকিতে আছে। তাই সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।”

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান বলেন, “বিরল প্রজাতির প্রাণী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। জেলেদের সচেতন করতে একাধিকবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা এ ধরনের প্রাণী শিকার থেকে বিরত থাকেন।”

এ ঘটনায় পরিবেশবাদীরা জানিয়েছেন, বিরল প্রজাতির প্রাণী বাঁচিয়ে রাখা শুধু পরিবেশের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক মহামূল্যবান দায়িত্ব। স্থানীয় জেলেদের আরও সচেতন করার পাশাপাশি নিয়মিত নজরদারির আহ্বান জানান তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে। তবে শত্রুরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা সবাইকে মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।”

জনগণের মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে যে আস্থা সংকট রয়েছে, সে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “অবশ্যই নির্বাচন হবে। তবে মানুষের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে, তা দূর করে সবার মধ্যে বিশ্বাস সৃষ্টির জন্য কাজ করতে হবে।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্বাচনের পক্ষে এবং বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে দৃঢ় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলও জানে যে নির্বাচন আসন্ন।

নির্বাচন নিয়ে এনসিপি ও জামায়াতের দাবিসমূহ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল সবসময় দরকষাকষির মাধ্যমে কিছু অর্জন করতে চায়। তবে সব দাবি সহজে পূরণযোগ্য নয় এবং আলোচনার মাধ্যমে সমাধান করার সুযোগ রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিআর পদ্ধতিতে ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার গঠিত হতে পারে, যা দেশের স্থায়ী অস্থিতিশীলতার কারণ হবে।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি বলেন, “পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি আসন পাওয়া। অন্য একটি উদ্দেশ্য হলো দেশে অনৈক্য এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। কম জনপ্রিয় রাজনৈতিক দলের জন্য পিআর লাভজনক।”

তিনি আরও উল্লেখ করেন, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। সংবিধান অনুসারে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত। এ বিষয়ে জামায়াতকে সংবিধান খতিয়ে দেখতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার সাংবিধানিক ধারাবাহিকতার ভিত্তিতে কাজ করছে। প্রধান উপদেষ্টা নিজেও বহুবার এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তাই ভবিষ্যতে রাষ্ট্রকে আইনশৃঙ্খলার মধ্যে পরিচালনা করতে হলে সংবিধান মেনে আইনের শাসন নিশ্চিত করতে হবে।

তিনি আরও সতর্ক করেছেন যে কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক বা অবৈধ দাবিকে মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না।

জরিপের প্রসঙ্গে তিনি বলেন, তা থেকে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি ঠিকভাবে বোঝে না। কিন্তু জামায়াত ইসলামী দাবি করছে যে ৭০ শতাংশ মানুষ পিআর চায়। “এ ধরনের তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না,” বলেন তিনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ঠেকানো বড় চ্যালেঞ্জ: জামায়াত আমির

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ রোধ করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মগবাজারে দলীয় কার্যালয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন—আমির ডা. শফিকুর রহমান প্রতিনিধি দলকে জানিয়েছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করা হবে।

চীনা প্রতিনিধি দলের প্রধান ঝো পিংজিয়ানের সঙ্গে আলোচনায় জামায়াতের আমির আরও জানান, ভবিষ্যতে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে।

বৈঠকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর, অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুই দেশের পার্টি টু পার্টি সম্পর্ক, সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও অবহিত করেন জামায়াত নেতারা।

এ সময় চীনের ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পদ্মার দুই ইলিশ বিক্রি ১৭ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া দুটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ১৭ হাজার টাকায়। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে মাছ দুটি কেনেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

প্রথমে তিনি মাছ দুটি প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে কিনে নেন, যার মোট দাম দাঁড়ায় ১৫ হাজার ৯৬০ টাকা। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ক্রেতার কাছে মাছ দুটি পুনরায় বিক্রি করেন তিনি। এ সময় প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা দরে মাছ দুটি বিক্রি হয়, যার মোট মূল্য দাঁড়ায় ১৭ হাজার ৬৪০ টাকা।

মাছ দুটির মধ্যে একটি ওজন ছিল ২ কেজি ২০০ গ্রাম এবং অন্যটির ওজন ২ কেজি।

ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, “নিলামে মাছ দুটি কেনার কিছুক্ষণ পরই প্রবাসী একজন ক্রেতা আগ্রহ প্রকাশ করেন। পরে তার কাছে আমি মাছ দুটি ১৭ হাজার ৬৪০ টাকায় বিক্রি করি।”

স্থানীয় বাজারে এমন উচ্চমূল্যে ইলিশ বিক্রি হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের পাশাপাশি আলোচনা চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কুয়াকাটায় কৃষি আধুনিকায়নের জন্য BAMIS মোবাইল অ্যাপ প্রশিক্ষণ

পটুয়াখালীর কুয়াকাটায় কৃষি খাতের আধুনিকায়নে BAMIS মোবাইল অ্যাপ ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা হোটেল ডি-মোর ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি একশন প্রকল্পের অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রকল্পের সার্বিক সহযোগিতা প্রদান করে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ। কারিগরি সহায়তা ছিল রাইমসের, আর অর্থায়ন করেছে জার্মান ফেডারেশন ফরেন অফিস। বর্তমানে এই প্রকল্পটি পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়নে কার্যক্রম চালাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. আব্দুল মুহিত। প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আমানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল ইসলাম মজুমদার এবং কলাপাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান।

প্রশিক্ষণের সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেইভ দ্য চিলড্রেনের অফিসার সঞ্জিতা হালদার, রাইমসের সিনিয়র অফিসার আবহাওয়াবিদ মোঃ তানজিলুর রহমান এবং অ্যাপস ডেভলপার মোঃ খায়রুল ইসলাম অন্তর।

দিনব্যাপী কর্মশালায় পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার মোট ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার। সঞ্চালনার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস, মিল অফিসার মারিয়া আক্তার জিন্তু, হিসাব ও মানবসম্পদ কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী প্রকল্প কর্মকর্তাগণ, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী অংশগ্রহণকারীদের পাশাপাশি সাংবাদিকরা।

সভাপতির প্রাণবন্ত ফ্যাসিলিটেশনে এবং অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে প্রশিক্ষণটি উৎসবমুখর ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়। প্রশিক্ষণের মাধ্যমে কৃষি কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি সম্প্রসারণ কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। দেশ ইতোমধ্যেই পূর্ণ প্রস্তুতি নিয়েছে।”

বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল,

  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক
  • দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও সার্ক পুনরুজ্জীবন
  • রোহিঙ্গা সংকট
  • ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের মোকাবিলা

সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থনের আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা জানান, কক্সবাজারে অবস্থানরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে মার্কিন দূত বলেন, জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

বৈঠকে ড. ইউনূস বলেন, এক দশকেরও বেশি সময় ধরে সার্ক শীর্ষ সম্মেলন না হওয়ায় বাংলাদেশ এর পুনরুজ্জীবনে জোর দিচ্ছে। পাশাপাশি তিনি জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে যোগসূত্র স্থাপন বাংলাদেশের প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নেবে। এজন্য বাংলাদেশ আসিয়ানে যোগ দিতে আগ্রহী

এছাড়া তিনি নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, “ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে পারি।”

এ সময় তিনি সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম