বরিশালের গৌরনদীতে ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকায় রবিবার সকাল ১০টার দিকে একটি বিকাশ ও কনফেকশনারির দোকানে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। তবে পার্শ্ববর্তী দোকানদারদের তৎপরতায় জনতা অভিযুক্ত যুবককে আটক করতে সক্ষম হয়।

ভুক্তভোগী দোকানদার জুয়েল সরদার জানান, একজন ব্যক্তি তার দোকানে প্রবেশ করে বিকাশে ১০,২০০ টাকা পাঠানোর কথা বলেন। নগদ অর্থ দাবি করলে ব্যাগ থেকে অস্ত্র বের করে কোমরে ঠেকিয়ে বলেন, “৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।” জুয়েল চিৎকার করলে আশেপাশের দোকানদাররা এগিয়ে এসে ছিনতাইকারীকে আটক করেন।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশসেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। জনতা প্রাথমিকভাবে অভিযুক্তকে মারধর করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ছিনতাইকারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত যুবক বর্তমানে থানার ও সেনা ক্যাম্পের হেফাজতে রয়েছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে তরমুজ খেত নিয়ে বিরোধ, যুবককে ‘ডেকে নিয়ে’ পিটিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামের এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার চর কবাই এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।

নিহত সোহেল ওই এলাকার নুর ইসলাম খানের ছেলে। তার স্ত্রী সাজেদা বেগম জানান, কয়েক দিন আগে স্থানীয় শাহিন হাওলাদার, তাঁর ভাই ফিরোজ হাওলাদারসহ কয়েকজন সোহেলের কাছে তরমুজ চাষের জন্য জমি চেয়েছিলেন। সোহেল তা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাঁকে রাতে ফোন করে ডেকে আনা হয়। এরপর গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে মসজিদের মাইকে মাইকিং করে তাকে ডাকাত বলে প্রচার করা হয়।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, “আমার বাবার কী দোষ ছিল? বাড়ি থেকে ডেকে নিয়ে ডাকাতির অভিযোগ তুলে পিটিয়ে মেরেছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।” সোহেলের মা নিলুফা বেগমও দাবি করেন, “আমার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি তার ন্যায়বিচার চাই।”

স্থানীয় বাসিন্দাদের মতে, শনিবার রাতে মসজিদের মাইকে সোহেলকে ডাকাত হিসেবে প্রচার করা হয়। পরে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। নিহত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি আরও জানান, তরমুজ খেত নিয়ে পূর্বশত্রুতার জেরে হত্যার অভিযোগ তুলেছে পরিবারের পক্ষ। তবে নিহত সোহেলের বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে, যা জামিনে ছিল।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি

ভোলার গরম দুপুরে শহরের মানুষ একটু স্বস্তি খুঁজে পেতে ব্যস্ত রাস্তায় হাঁসফাঁস করলেও তাদের কাছে স্বস্তি এনে দেয় ভোলার বিখ্যাত বৈষা দধি। দুপুরের আগেই শহরের দইয়ের দোকানগুলোয় হাঁড়ি ফাঁকা হয়ে যায়।

ভোলার বৈষা দধির বিশেষত্ব হলো এটি মহিষের কাঁচা দুধ দিয়ে তৈরি হয়। সাধারণ দই গরুর দুধ জ্বালিয়ে বানানো হয়, কিন্তু বৈষা দধি তৈরি হয় সম্পূর্ণ কাঁচা মহিষের দুধ থেকে। ভোলার চারপাশের নদী ও সমুদ্রবেষ্টিত চরাঞ্চলে প্রায় দুই লাখের কাছাকাছি মহিষ ঘুরে বেড়ায়, যার দুধই বৈষা দধির প্রাণ।

প্রায় দুই শতাব্দী ধরে বৈষা দধি ভোলার মানুষের দৈনন্দিন খাদ্য ও অতিথি আপ্যায়নের অপরিহার্য অংশ। এটি ভাতের সঙ্গে খাওয়া হয়, চিড়া-মুড়ির সঙ্গে মিশিয়ে মুখরোচক তৈরি হয়, গরমের দিনে দই, পানি ও চিনি মিশিয়ে ঘোল বানানো হয়। শীতকালে হাঁসের মাংসের সঙ্গে দই ও খেজুরের গুড়ের সংমিশ্রণ ভোজনরসিকদের কাছে জনপ্রিয়।

ভোলার শহরের দই বিক্রেতারা প্রতিদিন মণকে মণ বৈষা দধি তৈরি করেন। প্রতি কেজি বিক্রি হয় ২০০ টাকায়, ঈদের সময় চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ে। আবদুস ছত্তার প্রায় ৪০ বছর ধরে মহিষের দুধ দিয়ে দই তৈরি করছেন। তিনি জানান, বর্ষা মৌসুমে দুধের সরবরাহ কমে যায়, ফলে সবসময় চাহিদা পূরণ করা সম্ভব হয় না।

এছাড়া ভোলা লঞ্চঘাটে মহিষের দুধ সংগ্রহ করে শহরের বাজারে সরবরাহ করেন আজমল হোসেন। তিনি ৩০ বছর ধরে এ কাজ করছেন।

ভোলার মানুষদের কাছে মহিষের দই মানে শৈশবের উৎসব, ঈদের মিষ্টি, শীতের সন্ধ্যায় খেজুরের গুড়ের সঙ্গে স্বাদ মিশে যাওয়া স্মৃতি, ইতিহাস ও আবেগের এক অমূল্য অংশ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে হানিফ মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।

মৃত নারী কৈতুরী পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের মোহাম্মদ মজিবুর রহমানের মেয়ে। অভিযুক্ত হানিফ কালমেঘা ইউনিয়নের কালীবাড়ী এলাকার চান মিয়ার ছেলে এবং পেশায় এক চা বিক্রেতা। তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গার্মেন্টসে চাকরির সুবাদে কৈতুরী ও হানিফের পরিচয় ঘটে এবং পরে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। প্রথম দিকে সংসার ভালোই চললেও কন্যাসন্তানের জন্মের পর হানিফ অনলাইন জুয়ার নেশায় ডুবে যান। টাকার জন্য তিনি স্ত্রীর কাছে নিয়মিত যৌতুক দাবি করতেন। পরিবার থেকে সাড়া না পেলে কৈতুরীকে শারীরিকভাবে নির্যাতন করতেন তিনি।

গত ১১ সেপ্টেম্বর রাতেও একই কারণে নির্যাতনের শিকার হন কৈতুরী। এক প্রতিবেশী সেই দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করেন, যেখানে দেখা যায় হানিফ স্ত্রীকে অমানবিকভাবে মারধর করছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কৈতুরীকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই হানিফ পালিয়ে যায়।

পরে জানা যায়, হানিফ এর আগে আরও সাতবার বিয়ে করেছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি মেহেদী হাসান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় হানিফকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে দ্রুত আদালতে হাজির করা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, এক মাসে রোগী দ্বিগুণ

ভোলায় হঠাৎ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার সাতটি উপজেলার হাসপাতালগুলোতে গত এক মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এতে জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড সংকট তৈরি হয়েছে। অনেকে মশারি ছাড়াই মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন, যা নতুন সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, জুলাই থেকে ডেঙ্গু সংক্রমণ বাড়তে শুরু করে। বর্তমানে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। রোগীর চাপ সামলাতে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য দুটি পৃথক ইউনিট খোলা হয়েছে। তবে সেখানেও জায়গা সংকুলান না হওয়ায় রোগীদের ফ্লোরে রাখতে হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী—

  • মে মাসে ডেঙ্গু রোগী ছিলেন ৮ জন
  • জুনে বেড়ে ৪১ জন
  • জুলাইয়ে ৭০ জন
  • আগস্টে ৭৬ জন
  • চলতি সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ৩৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধু গত এক সপ্তাহেই ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন ডেঙ্গু রোগী

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। অপর্যাপ্ত জনবল থাকায় অনেক রোগীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন— “ডেঙ্গুর জন্য নির্ধারিত ওয়ার্ডে জায়গার অভাব থাকায় কিছু রোগীকে ফ্লোরে রাখতে হচ্ছে। তারপরও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার।”

তিনি সবাইকে সচেতন থাকার পাশাপাশি আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখা ও মশারি ব্যবহারের পরামর্শ দেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আবাসিক সংকটে জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়

২০১১ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১২ সালে শিক্ষা কার্যক্রম শুরু করে দেশের ৩৪তম পাবলিক বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বয়স ১৫ বছর পার হলেও এখনো পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারেনি বরিশাল বিভাগের একমাত্র সাধারণ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় ১০ হাজার ৫০০ জন। কিন্তু আবাসিক সুবিধা পাচ্ছেন মাত্র ২ হাজার ৩১ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন সংকটে ভুগতে হচ্ছে। বর্তমানে চারটি হল রয়েছে—দুটি ছাত্র ও দুটি ছাত্রী হল। তবে প্রতিটি হলে ধারণক্ষমতার অন্তত দ্বিগুণ শিক্ষার্থী অবস্থান করছেন।

প্রতিটি হল মূলত ২৮০ জন শিক্ষার্থীর জন্য নির্মিত হলেও বাস্তবে একেক রুমে চারজনের বদলে আটজন পর্যন্ত থাকতে হচ্ছে। ফলে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে, পর্যাপ্ত টেবিল-চেয়ার ও আলমারির অভাবে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

হলগুলোর অবস্থা:

  • বিজয় ২৪ হল: ৫৪৪ আসন, তবে দ্বিগুণ শিক্ষার্থী থাকেন।
  • শেরে বাংলা হল: মোট ৫৩৬ আসন।
  • তাপসী রাবেয়া বসরী হল: ৪৫০ আসন।
  • কবি সুফিয়া কামাল হল: ৫৩০ আসন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সিট বরাদ্দে বৈষম্য ও রাজনৈতিক প্রভাব রয়েছে। অনেক স্বচ্ছল পরিবারের শিক্ষার্থী কিংবা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের পরিচয়ে সিট পাওয়া সহজ হলেও প্রকৃত দরিদ্র শিক্ষার্থীরা সিট পান না।

একজন শিক্ষার্থী নোমান হোসেন বলেন— “আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ছি। কয়েকবার আবেদন করেও সিট পাইনি। অথচ অনেকে জুনিয়র হয়েও রাজনৈতিক প্রভাব বা শিক্ষকদের রেফারেন্সে সিট পাচ্ছে। এমনকি মাস্টার্স শেষ করেও সিট বরাদ্দ পাচ্ছেন কেউ কেউ।”

শিক্ষার্থীরা আবাসিক ফি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। আগে দ্বৈত সিটের জন্য দিতে হতো ১৪২৭ টাকা ও একক সিটের জন্য ২৪০০ টাকা। শিক্ষার্থীরা প্রস্তাব করেছিলেন বছরে সর্বোচ্চ ১২০০ টাকা নির্ধারণ করার। তবে সম্প্রতি প্রজ্ঞাপন জারি হয়েছে দ্বৈত সিটের জন্য ২৩৭৫ টাকা নির্ধারণ করে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী ইয়ামিন বলেন— “নতুন ফি কাঠামো শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দাবি না মানা পর্যন্ত আমরা ফি জমা দেব না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম স্বীকার করেছেন যে আবাসিক সংকট প্রকট। তিনি জানান, নতুন কয়েকটি হল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রকল্প পরিচালক নিয়োগ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ফি কাঠামো কমানোর বিষয়টি অর্থ কমিটি ও সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে।

শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন আবাসিক হল দ্রুত নির্মাণ হলে সংকট কিছুটা হলেও কমবে এবং আবাসিক জীবনে বৈষম্য ও ভোগান্তি থেকে মুক্তি মিলবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রাজবাড়ীতে বরিশাল থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মডেল জামে মসজিদ থেকে গত শুক্রবার জুম্মার নামাজের সময় সংঘবদ্ধ চোরচক্র দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ও র‌্যাব যৌথ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর গ্রামের মোঃ আঃ মালেক সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম রনি (৩১)

  • একই উপজেলার রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন চন্দ্র মন্ডল (৩০)

রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর দিকনির্দেশনায় এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বরিশাল জেলার গৌরনদী থানার মাহিলারা বাজার এলাকার খোকন মন্ডলের গ্যারেজ থেকে একটি সাদা ও গোলাপি রঙের SUZUKI GIXXER SF মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো ল-৬৫-৩২৭৩, ইঞ্জিন নম্বর BGA5-192860, চেসিস নম্বর RMBL-ED11F-140130। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা

পাংশা মডেল থানার ওসি সালাউদ্দিন জানান, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং যারা মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি করেছিল তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল বিভাগে বিএনপির মনোনয়ন দৌড়: আলোচনায় প্রবীণ ও তরুণ নেতারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে তৎপর হয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। এ লক্ষ্য সামনে রেখে বরিশাল বিভাগেও মনোনয়ন দৌড় জমে উঠেছে।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় তরুণ নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। তবে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, প্রবীণ নেতাদেরও বাদ দেওয়া হবে না। বরং জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভোট টানার সক্ষমতা আছে—তাদেরই মনোনয়ন দেওয়া হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেন, প্রার্থীদের বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, দুঃসময়ে ভূমিকা এবং আন্দোলনে অংশগ্রহণকে। অপরদিকে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “রাজনীতিতে নবীন-প্রবীণের সংমিশ্রণ ছাড়া চলবে না। তরুণদের গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে প্রবীণদের বাদ দেওয়া হবে না।”

ইতোমধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীরা সরব হয়েছেন নির্বাচনী মাঠে। তাদের মধ্যে রয়েছেন—

  • বরিশাল-১ আসন: জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুসুর রহমান
  • বরিশাল-২ আসন: দুলাল হোসেন, সাইফ মাহমুদ জুয়েল
  • বরিশাল-৪ আসন: রাজীব আহসান
  • বরিশাল-৫ আসন: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ
  • ভোলা-১ আসন: গোলাম নবী আলমগীর, হায়দার আলী লেলিন
  • ভোলা-৪ আসন: নুরুল ইসলাম নয়ন
  • পটুয়াখালী-২ আসন: মুহাম্মদ মুনির হোসেন
  • পটুয়াখালী-৩ আসন: হাসান মামুন
  • পটুয়াখালী-৪ আসন: এবিএম মোশাররফ হোসেন
  • পিরোজপুর-১ আসন: অধ্যক্ষ আলমগীর হোসেন, হাফিজ আল আসাদ (সাঈদ খান)
  • পিরোজপুর-৩ আসন: এআর মামুন খান
  • ঝালকাঠি-২ আসন: মাহবুবুল হক নান্নু

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি এবার বরিশাল বিভাগে প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে প্রার্থী দাঁড় করাতে পারে। এতে একদিকে তরুণ প্রজন্মের ভোট টানার সুযোগ তৈরি হবে, অন্যদিকে অভিজ্ঞ নেতৃত্বও মাঠে সক্রিয় থাকবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সেপ্টেম্বরে ২৭ দিনে দেশে রেমিট্যান্স সাড়ে ২৮ হাজার কোটি টাকা

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সময়ে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে প্রায় ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যার টাকার অঙ্ক দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৭২ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (২৮ সেপ্টেম্বর) এই তথ্য জানান। তিনি জানান, রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার, আর এবার এসেছে ২৩৪ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ ২৪ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ব্যাংকভিত্তিক হিসাব অনুযায়ী,

  • রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার
  • বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার
  • বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৩ কোটি ৬১ লাখ ডলার
  • বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। আগস্টে প্রবাসীরা পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার (২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা)। সেপ্টেম্বরের এই আয় প্রমাণ করে যে প্রবাসীরা নিয়মিতভাবে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে সমৃদ্ধ করছেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে রাজনৈতিক তর্কে প্রতিপক্ষের হামলায় কৃষক দল নেতা নিহত

বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিপক্ষের মারধরে ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুল লতিফ (৫৫) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সৈয়দকাঠি ইউনিয়নের করফাঘর গ্রামে এই ঘটনা ঘটে।

বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল লতিফ ছিলেন সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আছরের নামাজ শেষে আব্দুল লতিফ করফাঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও বর্তমানে জামায়াতে যোগ দেয়া দেলোয়ার ঘরামীর সঙ্গে তার রাজনৈতিক বিষয়ে তর্ক হয়। একপর্যায় দেলোয়ার ঘরামী আব্দুল লতিফকে কানে চড় দেন। এতে তিনি নিচে পড়ে যান। তখন সেখানে থাকা দেলোয়ার ঘরামীর জামাতা তুহিনসহ ৭-৮ জন মারধর চালিয়ে আব্দুল লতিফকে গুরুতর আহত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার বলেন, রাজনৈতিক তর্কের জের ধরে এই মারধরের ঘটনা ঘটেছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫