৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরি

ভোলার লালমোহনে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত লালমোহন পাবলিক লাইব্রেরি দীর্ঘ ৩৩ বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। তৎকালীন সময়ে ভোলা জেলা পরিষদের উদ্যোগে নির্মিত হয় এই লাইব্রেরি কাম অডিটোরিয়াম ভবন। উদ্বোধনের পর নিয়মিত পাঠাগার কার্যক্রম চালু হলেও মাত্র তিন বছরের মধ্যেই তা বন্ধ হয়ে যায়।

সূত্র জানায়, ১৯৯৩ সালে ভবনটিতে লালমোহন মহিলা কলেজের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে লাইব্রেরিটি কার্যত অকার্যকর হয়ে পড়ে। তবে লাইব্রেরিয়ান নিয়মিত বেতন ভোগ করলেও বই-পত্র পড়া এবং সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

২০১৮ সালে মহিলা কলেজটি নিজস্ব ভবনে চলে যাওয়ার পর লাইব্রেরি ভবন সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটির ভেতরে ও আশপাশে আবর্জনার স্তূপ জমে গেছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমে প্রতিবেদন করলেও প্রশাসনের তেমন উদ্যোগ দেখা যায়নি।

সম্প্রতি একটি সামাজিক সংগঠন উদ্যোগ নিয়ে ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে। তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। তবে এখনো লাইব্রেরি পুনরায় চালু হয়নি।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, জেলা পরিষদ থেকে লাইব্রেরির জন্য ইতোমধ্যে ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ অর্থ দিয়ে বই, টেবিল-চেয়ার কেনা ও ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের চাহিদা অনুযায়ী বই কেনার জন্যও পরামর্শ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এখন প্রশ্ন উঠেছে, তিন দশক ধরে বন্ধ থাকা এই পাঠাগার আবার কবে বইপ্রেমীদের জন্য উন্মুক্ত হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে যুবলীগ নেতা মাসুমসহ দুইজন গ্রেপ্তার

বরিশাল নগরীতে পৃথক রাজনৈতিক সহিংসতার মামলায় যুবলীগ নেতা মাসুম খানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নগরীর সাগরদী ও ভাটারখাল সিটি মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খান এবং একই এলাকার বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আউয়াল খান।

পুলিশ জানায়, বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে মাসুম ও আউয়ালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, যুবলীগ নেতা মাসুম খানও হামলার সময় দেশীয় অস্ত্র হাতে ছিলেন। এ ধরনের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আমরা নিঃস্ব হয়ে গেলাম এককাপড়ে বের হয়েছিলাম এখনো সেভাবে আছি

পোড়া বাড়ির সমানে বসে আছেন চিয়া প্রু মারমা (২১) আধা  পাকা ঘরটি আগুনে পুড়ে পুরোটা ছাই । সেখানে পড়ে আছে পোড়া নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। জানালা পুড়ে কয়লা। দেয়ালে পোড়া চিহ্ন। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে।

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করে পাহাড়ি সংগঠন ‘জুম্ম-ছাত্র জনতা’। এই কর্মসূচিকে কেন্দ্র করে গত রোরবার গুইমারার রামেসু বাজারে বিক্ষোভ ও সহিংসতা  ও ব্যপক  প্রান হানির ঘটনা ঘটে।

বসতবাড়ি হারিয়ে মা, বাবা ও বোনদের নিয়ে অসহায় অবস্থায় বাড়ির সামনে বসে ছিলেন চিয়া প্রু মারমা। পুড়ে যাওয়া বাড়ি দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন নার্সিং কলেজপড়ুয়া এই ছাত্রী। তিনি বলেন, ‘অবরোধে আমাদের পাড়ার কেউ অংশ নেননি। আমরা কিছুই করিনি। এরপরও বাইরে থেকে এসে লোকজন তাঁদের ঘর পুড়িয়ে দিয়েছে। ঘরের কিছুই রাখেননি। এমনকি বই, কলম খাতাও পুড়িয়ে ফেলছে। একটা জিনিস পর্যন্ত নেই। এককাপড়ে যেভাবে বের হয়ে গিয়েছিলাম, সেভাবেই আছি এখনো।’

কারা আগুন জ্বালিয়েছে, তা বলতে পারবেন না বলে জানান চিয়া প্রু মারমা। তবে মানুষের কাছ থেকে শুনেছেন স্থানীয় বাঙালিরা তাঁদের বাড়িতে আগুন দিয়েছেন বলে অভিযোগ করেন।

সহিংসতার সময় গোলাগুলির শব্দ শুনে সবাই ঘরে দরজা লাগিয়ে বসেছিলেন বলে জানান তিনি। এরপর একপর্যায়ে ঘর থেকে মা–বাবা বোনদের নিয়ে ভয়ে চলে যান। এরপর এসে দেখেন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁদের বসতবাড়ি।

চিয়া প্রু মারমার বাবা মূলত কৃষক। এর পাশাপাশি দোকানও রয়েছে। তাঁদের বাড়িটি আধা পাকা। সামনে প্রশস্ত উঠান। বাড়ির আঙিনাজুড়ে গাছের সারি। নানা ধরনের বৃক্ষরাজিতে ভরা বাড়ির প্রাঙ্গণ। আম, লিচু, সুপারি, নারিকেলগাছের সমাহার। আগুনের লেলিহান শিখার উত্তাপ ছুয়ে গেছে নিরীহ বৃক্ষরাজির ওপর। আগুনে পোড়া গাছগুলো মানুষের নির্মমতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

 




আজ মহাসপ্তমী

চন্দ্রদ্বীপ নিউজ: মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে গতকাল রবিবার মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সবের সূচনা হয়েছে। আজ সোমবার মহাসপ্তমী পূজা। এদিন সকালে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা হবে।

সনাতনী শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হবে। এ ছাড়া চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করবেন। সকাল ৭টা ২৯ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে দেবীর মহাসপ্তমী পূজা শেষ করতে হবে। আগামীকাল মঙ্গলবার মহাষ্টমী ও কুমারী পূজা।

আগামী বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোত্সবের সমাপ্তি ঘটবে।




অশান্ত পাহাড়ি জনপদ গুলিতে নিহত ৩ গুইমারায় থমথমে পরিস্থিতি

চন্দ্রদ্বীপ নিউজ:   পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে গতকাল রোববার  খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার গুইমারা উপজেলায় এ ঘটনায় ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হওয়ার কথা জানানো হয়। এই বিবৃতিতে মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হওয়ার খবর জানিয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় আশ্বস্ত করে বলেছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাবের গতকাল প্রথম আলোকে বলেন, গুইমারা থেকে তিনজন পুরুষের লাশ এসেছে খাগড়াছড়ি জেলা হাসপাতালে। তাঁদের লাশ মর্গে রাখা হয়েছে। সোমবার (আজ) সকালে ময়নাতদন্ত করা হবে।

জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন বিকাশ ত্রিপুরা (২৬), চিংকেউ মারমা (২৬) ও উগ্য মারমা (২২)।

চিংকেউ মারমার বাঁ পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে।

সড়ক অবরোধ, বিক্ষোভ

পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে গত শনিবার ভোর পাঁচটা থেকে অবরোধ কর্মসূচি চলছে। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

গত মঙ্গলবার রাত নয়টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

অবরোধ চলাকালে গতকাল বেলা একটায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে আগুন দেওয়া হয়। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে।




শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে কমিশন গঠনের প্রস্তাব পাঠিয়েছে।

রোববার ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম আরও জানান, তথ্য অধিকার আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। জনপ্রশাসন সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আইনের কিছু ধারা সংশোধন করা হচ্ছে। সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়া হচ্ছে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। তিনি পরিবেশগত তথ্য জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে জনগণকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার গুরুত্ব তুলে ধরেন এবং তথ্য প্রাপ্তিতে প্রযুক্তিগত বৈষম্য হ্রাসকরণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এক বছরের মধ্যে তথ্য কমিশন গঠিত না হওয়ায় অনেক তথ্য আপিল নিষ্পত্তি করা যাচ্ছে না। তিনি স্বল্প সময়ের মধ্যে কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হক, এবং বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম শাহীন গ্রেপ্তার

বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম শাহীনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে তাকে আটক করে।

৩২ বছর ধরে যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা শাহীনকে বিএনপির অফিসে অগ্নিসংযোগ, বিস্ফোরক আইন লঙ্ঘন এবং মহানগর বিএনপির সদস্য সচিবকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শাহীনকে জুলাই আন্দোলন পরবর্তী দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ফজলুল করীম শাহীন ১৯৯৩ সাল থেকে বরিশাল জেলা যুবলীগের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ২০১৬ সাল থেকে বরিশাল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালি ও বিনামূল্যে টিকা প্রদান

বরিশালের গৌরনদীতে “জলাতঙ্ক নির্মূলে—কাজ করি সবাই মিলে” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করা হয়।

র‌্যালি শেষে হাসপাতালের হলরুমে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহামুদুল হাসান ফরিদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, প্রাণী পালনকারী মারিয়া ইসলাম নিশা, আঞ্জুমান আরা রিমুসসহ অন্যান্য অতিথিরা। বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে প্রায় দেড় শতাধিক পোষা কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে দুর্গাপূজায় যানজট রোধে চার দিনের ট্রাফিক সপ্তাহ শুরু

বরিশাল নগরীতে দুর্গাপূজা উপলক্ষে চার দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) আয়োজিত র‌্যালি ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম

কমিশনার জানান, নগরীতে দুর্গা পূজার সময় বিভিন্ন পূজা মন্ডপে ভিড় বেশি থাকে। এজন্য উৎসবকালীন যানজট ও ভোগান্তি এড়াতে বিশেষ নজরদারি এবং সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে। ট্রাফিক সপ্তাহের মূল উদ্দেশ্য হলো ফিটনেসহীন, লাইসেন্সবিহীন বা অপ্রয়োজনীয় যানবাহন নগরীতে প্রবেশ থেকে বিরত রাখা

তিনি আরও উল্লেখ করেন, ট্রাফিক পুলিশ সারাবছরই সতর্ক থাকে, কিন্তু উৎসবের সময় আরও বেশি সতর্কতা অবলম্বন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে কমিশনার শফিকুল ইসলাম নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ট্রাফিক সপ্তাহ চলবে ২ অক্টোবর পর্যন্ত।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঝালকাঠিতে ময়লা ফেলার স্থান না থাকায় নদী দূষণে উদ্বেগ

ঝালকাঠি পৌর এলাকার বাসিন্দারা প্রতিদিনের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় সুগন্ধা ও বাসন্ডা নদীতে বর্জ্য ফেলতে বাধ্য হচ্ছেন। ফলে এই নদী দুটি দূষণের কবলে পড়েছে এবং পানিতে রোগজীবাণু ছড়িয়ে জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি হচ্ছে।

শহরের দক্ষিণে বহমান সুগন্ধা নদী এবং পশ্চিমে প্রবাহিত বাসন্ডা নদী যুগ যুগ ধরে মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা সত্ত্বেও বর্তমানে দূষণের সঙ্গে লড়ছে। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ময়লার গাড়ি ভর্তি বর্জ্য নদীতে ফেলে দিচ্ছেন। এতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর ওপর বিরূপ প্রভাব পড়ছে।

উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশবিদরা। নদী-খাল রক্ষা কমিটির সদস্য মু. আল-আমীন বাকলাই বলেন, “ঝালকাঠি পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদায় থাকলেও বাস্তবে মনে হচ্ছে কোনো শ্রেণিতেই নেই। বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুরক্ষিত স্থান না থাকা এবং যত্রতত্র আবর্জনা ফেলা, পুরো দায় পৌরসভাকেই নিতে হবে।”

উন্নয়নকর্মী মাহাবুব হোসেন সৈকত জানান, নদীতে ছড়িয়ে পড়া প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা মাছ খাচ্ছে। এর ফলে বিষক্রিয়া মানুষের শরীরে প্রবেশ করছে। আগে সুগন্ধার মাছের স্বাদ এখন আর নেই।

ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন জানান, ডাম্পিং স্টেশনের জন্য জমি নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে, যা সমস্যার সমাধান করবে।

ঝালকাঠি পৌরসভা ব্রিটিশ আমলে ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। ১৬.৮ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় বর্তমানে প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫