গভীর সমুদ্রে নিখোঁজ পটুয়াখালীর পাঁচ জেলে, ৭ দিনেও সন্ধান মেলেনি

পটুয়াখালীর মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সাত দিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজরা হলেন — মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ভোরে নতুনপাড়া জেলেঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেন। সর্বশেষ ১ অক্টোবর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়। এরপর থেকে তাদের কারও সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস বলেন, “আমার ভাইসহ আরও চারজন জেলে মাছ ধরতে সমুদ্রে যায়। সাধারণত দুই দিন পরপর ফিরে আসে তারা। কিন্তু এবার ৭ দিন কেটে গেলেও কোনো খবর নেই তাদের। হয়তো নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে ভেসে আছে কোথাও।”
স্থানীয় মহাজন সগীর বুড়া জানান, “নৌকাটিতে আমার কিছু দাদনের টাকা বিনিয়োগ ছিল। তাদের কোনো খোঁজ না মেলায় আমিও চিন্তায় আছি। পরিবারগুলোর অবস্থা এখন খুবই করুণ।”
অন্যদিকে স্থানীয় জেলে জাকির বলেন, “নিখোঁজদের খোঁজে আশপাশের নৌকাগুলোকে সমুদ্রে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি কোস্টগার্ড ও প্রশাসনকে জানানো হয়েছে।”
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, “গত ২৮ সেপ্টেম্বর পাঁচ জেলে সমুদ্রে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের পরিবার মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং কোস্টগার্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”
এদিকে, সমুদ্রে নিম্নচাপ ও মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের নিখোঁজ হওয়ার ঘটনায় নতুনপাড়া ও আশপাশের জেলে গ্রামগুলোতে শোক ও উদ্বেগ নেমে এসেছে। পরিবারগুলো প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় প্রতিদিন ঘাটে অপেক্ষা করছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








