পটুয়াখালীতে ফানুস উড়িয়ে শেষ হলো প্রবারণা উৎসব

পটুয়াখালী জুড়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (৬ অক্টোবর) রাতে কলাপাড়ার নতুনপাড়া বৌদ্ধ বিহারে ফানুস উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এই উৎসবের মূল পর্ব।

রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন রাখাইনপল্লী উৎসবের সাজে সেজে ওঠে। কুয়াকাটার রাখাইনপাড়া, মৎস্য বন্দর মহিপুরের কালাচানপাড়া, অমখোলাপাড়া, মিস্রিপাড়া ও নয়াপাড়াসহ পটুয়াখালী জেলার মোট ৩১টি রাখাইন গ্রামে একযোগে শত শত ফানুস উড়িয়ে প্রবারণার সমাপ্তি ঘোষণা করা হয়।

রাতভর চলা এই উৎসবে অংশ নেন রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা। আকাশজুড়ে উড়ন্ত ফানুসের আলোয় উৎসবস্থল রূপ নেয় এক মনোমুগ্ধকর দৃশ্যে। উৎসবের আগে গৌতম বুদ্ধকে স্মরণে প্রজ্জ্বলন করা হয় হাজারো প্রদীপ, যা বৌদ্ধ বিহারজুড়ে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।

উৎসব উপলক্ষে প্রতিটি বৌদ্ধবিহারে ছিল বর্ণিল আলোকসজ্জা, সাজসজ্জা ও ধর্মীয় আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকসহ প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে, প্রবারণা উৎসবের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার থেকে শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আরেক গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার কঠিন চিবরদান উৎসব, যা এক মাসব্যাপী চলে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালে মেধাবী ক্ষুদে ক্রিকেটার রিয়ানের পাশে জেলা প্রশাসক

বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ক্ষুদে ক্রিকেটার রিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন। গত ৫ অক্টোবর নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত “প্রতিদিন ১০ কিলোমিটার হেটে অনুশীলনে যায় রিয়ান” শিরোনামের সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসে।

সোমবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে রিয়ানের জন্য নতুন বাইসাইকেল এবং ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, নয়া দিগন্ত পত্রিকার প্রতিবেদক খালিদ সাইফুল্লাহ ও রিয়ানের ক্রিকেট কোচ এজাজ মাহমুদ সুজন

রিয়ান খানের গল্পটি অনুপ্রেরণামূলক। তিনি বরিশাল শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রতিদিন ১০ কিলোমিটার পায়ে হেঁটে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করতে যায়। ছেঁড়া জুতো, ভাঙা ব্যাট ও সীমিত খরচের মধ্যেও সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনছেন। তার মা মিনজু বেগম সেলাইয়ের কাজ করে সংসারের খরচ চালান। এক বছর আগে তার বাবা মো. খোকনের ঢাকায় থাকা সিএনজি গাড়ি ছিনতাই হওয়ায় পরিবারের খোঁজ-খবরও কম।

রিয়ান ফাস্ট ফুডের দোকানে দেড় মাস কাজ করে অর্জিত অর্থে কিছু ক্রিকেট সামগ্রী সংগ্রহ করেছেন। বর্তমানে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ গ্রুপে কোচিং নিচ্ছেন এবং নিয়মিত ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

উপহার পেয়ে রিয়ান বলেন, “নয়া দিগন্ত পত্রিকার সংবাদ প্রকাশের ফলে জেলা প্রশাসক বরিশালের সহযোগিতায় আজ আমার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আশা করি, এমন মানবিক সংবাদ দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিভাবানদের পাশে দাঁড়াবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




 বরিশালে কাঁচামরিচ ৫০০, সবজি-মাছেও ক্রেতারা হতাশ

গত এক সপ্তাহ ধরে বরিশালে কাঁচামরিচের দাম ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছেছে। একই সঙ্গে অন্যান্য সবজি ও মাছের দামও বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা হতাশ।

সোমবার (৬ অক্টোবর) শহরের পোর্ট রোড, বাংলাবাজার, সাগরদী সহ বিভিন্ন পাইকারি সবজির বাজারে দেখা গেছে, বেগুন (লম্বা) ৩৫-৪০ টাকা, বেগুন (গোল) ৫৫-৬০ টাকা, শসা ২৫-৩০ টাকা, বরবটি ৪৫-৫০ টাকা, করলা ৫০-৫৫ টাকা, টমেটো ইন্ডিয়ান ১২০ টাকা, গাজর ইন্ডিয়ান ১০০ টাকা, পটল ৫০-৬০ টাকা এবং লাউ ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এগুলোর দাম ২০-৩০ টাকা বেশি।

মাছ ও মাংসের বাজারেও দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে। রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ ২০০-২৮০ টাকা, চিংড়ি ৫৫০-৮৫০ টাকা এবং ভেটকি ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা এবং গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

স্থানীয় ক্রেতারা জানান, “এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে এখন পাঁচ জনের সংসারের একদিনের বাজার করা দায়। দুই ধরনের সবজি কিনতেও ৩০০-৩৫০ টাকা খরচ হয়।”

বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের প্রোপাইটর মো. আমিন শুভ জানান, পূজার ছুটির কারণে সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে বাজার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে খুচরা বাজারে পাইকারি বাজারের তুলনায় দাম বেশি থাকায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আবারও বিসিবি সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ২৫ পরিচালক সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করেন। সহ-সভাপতি হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও বরিশাল বিভাগের সাখাওয়াত হোসেন।

এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বুলবুল। এর আগে এনএসসি মনোনীত সভাপতি হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার পূর্ণ মেয়াদে চার বছরের জন্য দায়িত্ব পেলেন সাবেক এই ক্রিকেটার।

নির্বাচনে ১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দেন, যা মোট ভোটের ৭৩.৭১ শতাংশ।

পরিচালক নির্বাচিত হয়েছেন যারা :
চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলী খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন—ইশতিয়াক সাদেক, আদনান রহমান দিপন, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিন, মকসেদুল কামাল, ফয়াজুর রহমান, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম, মেহরাব আলম চৌধুরী ও ইফতেখার রহমান মিঠু।

এছাড়া ক্যাটাগরি ‘সি’ থেকে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হয়েছেন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়য়াল আশিক।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঝালকাঠিতে মোটরসাইকেল বাসের নিচে, মুহূর্তে আগুনে পুড়ল যানটি

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসে আগুন লেগে যায়।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল সাকুরা পরিবহনের বাসটি। প্রতাপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায়। মুহূর্তেই আগুন ধরে পুরো বাসে ছড়িয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো যায়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের জেলা কর্মকর্তা শ্রীভাস বলেন, “দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। সৌভাগ্যবশত বাসের সব যাত্রী নিরাপদে আছেন।”

গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় এখনো জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




 ঢাকা-বরিশাল রুটে আবারও ফিরছে ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহসুদ’

নদীমাতৃক বাংলাদেশের একসময়ের ঐতিহ্যবাহী নৌযান প্যাডেল স্টিমার আবারও ফিরছে ঢাকার আকাশচুম্বী ব্যস্ততা থেকে শান্ত নদীপথে। দীর্ঘ তিন বছর পর ঢাকা-বরিশাল নৌপথে পুনরায় চালু হতে যাচ্ছে ঐতিহাসিক পিএস মাহসুদ স্টিমারটি। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে এর যাত্রা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষ হয়েছে। আপাতত সপ্তাহে দুই দিন চলবে স্টিমারটি, যার গতি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল।

ইনল্যান্ড মাস্টার অফিসার সালাউদ্দিন আহমেদ বলেন, “তিন বছর পর আবার চালু হচ্ছে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার মাহসুদ। সংস্কারের পর এটি এখন পুরোপুরি যাত্রার উপযোগী।”

জুনিয়র ইঞ্জিন অফিসার সাইফুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিকভাবে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত স্টিমারটি নির্ধারিত রুটে নিয়মিত চলবে।

উপ-বাণিজ্য ব্যবস্থাপক খন্দকার মুহম্মদ তানভীর হোসেন বলেন, “পিএস মাহসুদ প্রায় ১০০ বছরের পুরনো। ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে এটি নির্মিত হয়। সংস্কারের সময় স্টিমারের ঐতিহ্যবাহী রূপ অক্ষুণ্ণ রাখা হয়েছে, যাতে যাত্রীরা পুরনো দিনের নৌভ্রমণের স্বাদ পায়।”

জানা গেছে, গত মে মাসে নৌপরিবহন মন্ত্রণালয় স্টিমার সার্ভিস পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। সার্ভে, ফিটনেস রিপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলেই যেকোনো দিন যাত্রা শুরু করবে এই ঐতিহাসিক স্টিমার।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে একসাথে পাঁচ নবজাতকের জন্ম

অবিশ্বাস্য হলেও সত্য—বরিশালে একসাথে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মেদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালে এই বিরল ঘটনাটি ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে। জন্মের পরপরই মা ও সন্তানরা সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, “একসাথে পাঁচ নবজাতকের জন্ম খুবই বিরল ঘটনা। তবে পুরো প্রসব প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।”

লামিয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় ও হাসপাতালে উৎসুক জনতার ভিড় দেখা দেয়। স্থানীয়রা ঘটনাটিকে অলৌকিক বলে অভিহিত করেছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তিস্তা নদীতে বিপৎসীমার ওপরে পানি, প্লাবিত চার উপজেলা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিশাল অংশ প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্লাড বাইপাস, সড়ক ও ঘরবাড়ি। রাত গভীর হলে এসব এলাকায় আরও পানি ঢুকে দুর্ভোগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে। আর রাত ৯টায় পানি বেড়ে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উজানের ঢল আরও তীব্র হতে পারে, ফলে তিস্তা ও আশপাশের নদীগুলোতে বিপৎসীমার ওপরে পানি প্রবাহ অব্যাহত থাকবে।

পানি বৃদ্ধি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পাউবো। এতে ভাটির নিম্নাঞ্চলে হঠাৎ পানি ঢুকে পড়ায় ঘরবাড়ি, রাস্তা ও ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই গবাদিপশু ও শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন।

তিস্তা তীরবর্তী বাসিন্দা শহিদুল ইসলাম জানান, “আমার বাড়ি পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। আজকে চুলা জ্বালাতে পারিনি। বাচ্চাদের খাবার নিয়েও চিন্তায় আছি। এখন সরকার ও প্রশাসনের সহায়তা সবচেয়ে বেশি দরকার।”

গড্ডিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, “তিস্তা ব্যারেজের পাশে হওয়ায় আমাদের ইউনিয়নে পানির চাপ সবচেয়ে বেশি। প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শুকনো খাবার ও ত্রাণ সহায়তা এখন খুবই জরুরি।”

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, “উজান থেকে আসা ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ক্ষয়ক্ষতি কমাতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং স্থানীয়দের আগেই সতর্ক করা হয়েছে।”

এদিকে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শায়খুল আরিফিন বলেন, “বর্তমানে তিস্তা তীরবর্তী অঞ্চলে রোপা আমন, চিনাবাদাম ও শাকসবজির চাষ হচ্ছে। পানি যদি তিন থেকে চার দিন স্থায়ী হয়, তবে কৃষকদের ব্যাপক ক্ষতি হতে পারে। তবে এক-দুই দিনের মধ্যে পানি নেমে গেলে বড় ক্ষতি হবে না। আমরা চেষ্টা করছি কৃষকদের ক্ষতি যেন ন্যূনতম হয়।”

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ৫ থেকে ৬ অক্টোবরের মধ্যে উজান ও দেশের অভ্যন্তরে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে নতুন বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিস্তা নদী পাড়ের মানুষ এখন দিনরাত আতঙ্কে সময় কাটাচ্ছে। অনেকের ঘরবাড়ি, ফসল ও গবাদিপশু পানিতে তলিয়ে গেছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কুয়াকাটায় অস্বাস্থ্যকর খাবারে ৪ হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই হোটেল পরিচালনার অভিযোগে চারটি হোটেলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট ও চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।

অভিযানকালে ‘মায়ের দোয়া’, ‘গাজী রেস্তোরাঁ’ ও ‘হোটেল বৈশাখী’-তে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বৈধ কাগজপত্র না থাকায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে ‘হোটেল আপনজন’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক জানান, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “কুয়াকাটায় আগত দেশি-বিদেশি পর্যটকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এসব হোটেল ও রেস্তোরাঁ তদারকি করা হচ্ছে। ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কুয়াকাটা একটি আন্তর্জাতিকমানের পর্যটনকেন্দ্র। তাই এখানে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক।”

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে মাওলানা আলমগীর হোসেনের ইন্তেকালে শোকের ছায়া

পটুয়াখালীর দুমকি উপজেলায় জামলা আ. গনি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা মো. আলমগীর হোসেনের ইন্তেকালে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। রোববার সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও স্থানীয় রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। শিক্ষার বিস্তারে তিনি ভূমিকা রাখার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও ছিলেন অগ্রণী। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় জামলা আ. গনি দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আলমগীর হোসেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালে তিনি শ্রীরামপুর ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এলাকার মানুষের আস্থা অর্জন করেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম