দেশ ছাড়িয়ে উপমহাদেশেও জনপ্রিয় বরিশালের টক-মিষ্টি আমড়া

টক-মিষ্টি অনন্য স্বাদের জন্য বরিশালের আমড়া এখন শুধুই স্থানীয় পণ্যে সীমাবদ্ধ নয়—দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে উপমহাদেশের বিভিন্ন প্রান্তেও। ভারতের আগরতলা, কলকাতা, আসাম ও মেঘালয়ের বাজারে এখন বরিশালের আমড়ার উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। সম্প্রতি সরকার এই আমড়াকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বরিশালের কৃষিকে এনে দিয়েছে নতুন মর্যাদা ও বাণিজ্যিক সম্ভাবনা।

বরিশাল অঞ্চলে বর্তমানে প্রায় ২,৫০০ হেক্টর জমিতে প্রতি মৌসুমে ২৫,০০০ টন আমড়া উৎপাদিত হয়। কৃষিবিদদের মতে, আবাদ বাড়িয়ে এটি যদি ১০,০০০ হেক্টরে সম্প্রসারণ করা যায়, তাহলে উৎপাদন লাখ টন ছাড়াতে পারে। স্থানীয় নার্সারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন উন্নতমানের আমড়া চারা উৎপাদন ও সরবরাহ করছে, যা কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে।

বরিশালের আমড়া শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ও আয়রন, যা রক্তস্বল্পতা দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এছাড়া এটি জ্বর, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, দাঁতের স্বাস্থ্য রক্ষা, ব্রেন স্ট্রোক ও হৃদরোগ নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখে।

স্থানীয় কৃষিবিদদের মতে, আমড়া চাষে বরিশালের আবহাওয়া অনুকূল। এ অঞ্চলের কৃষকরা এখন আমড়াকে আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে দেখছেন। প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুললে আমড়া থেকে জুস, জেলি ও আচার তৈরি করে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রফতানির সম্ভাবনা উজ্জ্বল।

ডিএই’র বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার বলেন, “আমড়ার আবাদ সম্প্রসারণে আমরা ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে আবাদ আরও বাড়ানো এবং রফতানি সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।”

বরিশালের এই বিশেষ জাতের আমড়া এখন শুধু ফল নয়—এটি হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের কৃষি-অর্থনীতির এক নতুন সম্ভাবনার প্রতীক।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে উদীয়মান তরুণদের অনুপ্রেরণা ও সাফল্যের গল্প তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক আলোচনা সভা। নারীপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ও নারীপক্ষের প্রতিষ্ঠাতা সভানেত্রী শিরীন পারভিন হক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাইউদ্দিন তালুকদার

অনুষ্ঠানের শুরুতে তরুণদের সাফল্যের বিভিন্ন দিক নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে অতিথিরা তরুণদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা মনোভাব ও সমাজ পরিবর্তনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি। তাদের সাফল্যের গল্প সমাজে নতুন প্রেরণা জোগাবে এবং অন্যদেরও ইতিবাচক পরিবর্তনের পথে উদ্বুদ্ধ করবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংসদের ভিপি নির্বাচিত ইমন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহশিক্ষা সংগঠন ‘ইতিহাস সংসদ’-এর ২০২৫ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানজিদ শাহ জালাল ইমন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইতিহাস বিভাগ নির্বাচন কমিশনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় মনোনয়নপ্রাপ্ত সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের প্রধান ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার, আর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মো. ইলিয়াস হোসেনমো. কবির হাসান

ঘোষিত ফলাফলে অন্যান্য নির্বাচিতরা হলেন,

  • প্রচার ও দপ্তর সম্পাদক: সাহেদুল ইসলাম
  • সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: উম্মিয়া আক্তার
  • ক্রীড়া বিষয়ক সম্পাদক: জহির উদ্দীন মোহাম্মদ বাবর
  • সদস্য: রাফিউ রহমান, মাফুজুর রহমান কাওসার, তৈয়েবুর রহমান
  • সংরক্ষিত কার্যনির্বাহী সদস্য: তামান্না তাসমিয়া ও ফারহানা কবির বর্ণালী

ইতিহাস বিভাগের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে ইতিহাস সংসদ শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষে চিকিৎসা সেবা বন্ধ, এক রোগীর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালকদের দুই গ্রুপের সংঘর্ষে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে সাতজন আহত হন এবং চিকিৎসা সেবা বন্ধ থাকায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে স্থানীয় দুই অ্যাম্বুলেন্স মালিক—জাবেদ সেলিম ও জামাল সিকদারের মধ্যে পার্কিং নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে হাসপাতাল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় আধা ঘণ্টা চিকিৎসা সেবা বন্ধ থাকে।

এ সময় চিকিৎসা নিতে আসা রোগী হাফিজুর রহমান (৬০) মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার দিয়াশুর গ্রামের নুর মোহাম্মদ আকনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, চিকিৎসা বন্ধ থাকায় তার মৃত্যু হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, হাফিজুর রহমানকে আনার আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইসিজি পরীক্ষার মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুলেন্স মালিক জাবেদ সেলিম, তার ভাই সালাম বেপারী, ইলিয়াস সরদারসহ অন্তত সাতজন। তাদের মধ্যে গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহিন বলেন, “হাসপাতালের অভ্যন্তরে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। রোগীদের সেবা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাম্বুলেন্স পার্কিংয়ের অনিয়ম ও জায়গা দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঝালকাঠিতে কমিউনিটি ক্লিনিকে সাত বিষধর সাপের আতঙ্ক

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি বিষধর সাপ পাওয়া গেছে। বুধবার (৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

ক্লিনিকটিতে দায়িত্বরত হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম জানান, “সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো আমি ক্লিনিকে যাই। কিছুক্ষণ পর হঠাৎ ফ্লোরে সাপের নড়াচড়া লক্ষ্য করি। ভয় পেয়ে চিৎকার দিলে স্থানীয় কয়েকজন দ্রুত এগিয়ে আসেন। পরে তারা ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে মোট সাতটি বিষধর সাপ ধরে মেরে ফেলেন।”

তিনি আরও জানান, ক্লিনিক ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মেঝের ইট ও গাঁথুনি ভেঙে গর্ত তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ঐ গর্তেই সাপগুলো বাসা বেঁধেছিল।

ঘটনার পর থেকে ক্লিনিকের স্টাফ ও আশপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ক্লিনিক ভবনটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণায় ‘University Entrepreneur Award & Expo 2025’ দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত

বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দেশের শীর্ষ তরুণ-নির্ভর প্রতিষ্ঠান Lynovexa Limited আয়োজন করতে যাচ্ছে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ — “University Entrepreneur Award & Expo 2025”।

এই আয়োজনের মূল উদ্যোক্তা ও প্রবর্তক Lynovexa Limited-এর ম্যানেজিং ডিরেক্টর এবং University Entrepreneur Award-এর ফাউন্ডার সাদাত শাহ আল মুইজ।

তিনি জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান এবং উদ্যোক্তা-নেটওয়ার্ক তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে।

সাদাত শাহ আল মুইজ বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করে। বিদেশে কর্মসংস্থান, সরকারি-বেসরকারি চাকরি এবং অপ্রাতিষ্ঠানিক খাতে যুক্ত হওয়ার পরও প্রায় ১০ লাখ তরুণ শোভন কর্মসংস্থানের সুযোগ পায় না। যদি এই তরুণদের মাত্র ১০ শতাংশকেও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, তবে তারা নিজেরাই বাকিদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারবে। University Entrepreneur Award & Expo 2025 তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

ইভেন্টের Organizing Board Advisor হিসেবে যুক্ত হয়েছেন ইউএস-বাংলা গ্রুপের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এবং রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট গভর্নেন্স ও প্রসেস ডিজিটালাইজেশন বিভাগের জেনারেল ম্যানেজার আহমাদ জাওয়াদ।

তারা দুজনই তরুণ উদ্যোক্তাদের সহায়তা, দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে আয়োজনের কাঠামো ও পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

কামরুল ইসলাম বলেন, এই আয়োজন তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। আজকের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই আগামী দিনের সফল উদ্যোক্তা ও দেশের অগ্রযাত্রার পথপ্রদর্শক হবে।

আহমাদ জাওয়াদ বলেন,বর্তমানে তরুণরা সীমাবদ্ধতায় আবদ্ধ থাকতে চায় না। তারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায় গণ্ডি পেরিয়ে। University Entrepreneur Award & Expo 2025 হবে সেই স্বপ্নকে বাস্তবায়নের অনন্য এক প্ল্যাটফর্ম।”*

১৪ অক্টোবর ২০২৫ শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, ঢাকা আয়োজক:Lynovexa Limited ফাউন্ডার ও কনসেপ্ট ইনিশিয়েটর: সাদাত শাহ আল মুইজ, ম্যানেজিং ডিরেক্টর, Lynovexa Limited ইভেন্ট পার্টনার: Bangladesh & Powered by Sales Machine সহযোগী প্রতিষ্ঠান: ইউএস-বাংলা গ্রুপ, পোলার আইসক্রিমসহ অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠান ।

প্রথম ধাপে দেশের ৪টি বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা পরবর্তীতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শুধু উদ্যোক্তা ধারণার সঙ্গে পরিচিত হবেন না, বরং নিজেরা স্টার্টআপ উদ্যোগ তৈরি ও বাস্তবায়নেরও সুযোগ পাবেন।




পটুয়াখালীর লোহালিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৬ জন আহত, আটক ৩

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নে মামলা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়, এতে পুলিশসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার এলাকায়। আহতদের উদ্ধার করে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”

আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই আবদুর রহমান, এএসআই জহির উদ্দিন, কনস্টেবল সাইফুল ইসলাম, কনস্টেবল মো. মহিবুল্লাহ ও কনস্টেবল রানা। এছাড়া স্থানীয় মফিজুল মৃধা ওরফে মাসুদ মৃধা (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে উত্তেজিত পক্ষের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন, আর চারজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন—

উত্তর লোহালিয়া গ্রামের মৃত মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আমিনুল হক চৌধুরী (৪৮)

পাজাখালী গ্রামের রমজান আলীর ছেলে পলাশ হাওলাদার (২৩)

মৃত আমজেদ আলীর ছেলে রমজান আলী (৫৫)

ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, “সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পেছনে থাকা মূল কারণ ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

 

আল-আমিন



পটুয়াখালীতে ব্যাটারিচালিত রিকশার ঝুঁকিপূর্ণ রাজত্ব

পটুয়াখালী পৌর শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত ব্যাটারিচালিত রিকশার সংখ্যা গত এক বছরে কয়েকগুণ বেড়ে গেছে। শহরের মূল সড়কগুলো যেমন ফৌজদারীপুল, জেলা স্কুল মোড়, পুরান বাজার, নতুন বাজার, সবুজবাগ—সব জায়গাতেই প্রতিদিন শত শত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।

শহরের ট্রাফিক পুলিশ জানায়, এই রিকশার চালকরা প্রায়ই ট্রাফিক সিগন্যাল অমান্য করে, দ্রুত গতিতে চলাচল করেন। এর ফলে ব্যস্ত মোড়ে যানজট সৃষ্টি হচ্ছে এবং ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এক ট্রাফিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এদের কেউ কোনো নিয়ম মানে না। গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।”

পটুয়াখালী সদর হাসপাতালের নার্স লক্ষী রানী জানিয়েছেন, বিপর্যয়জনকভাবে বাড়ছে আহত রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে। তিনি বলেন, “গত কয়েক মাসে অনেক রোগী পেয়েছি যাদের দুর্ঘটনার কারণ ছিল ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চালনা।”

অন্যদিকে, বেকারত্বের কারণে অনেকেই এই পেশায় যুক্ত হচ্ছেন। ২৮ বছর বয়সী কামরুল হাসান বলেন, “আগে দোকানে কাজ করতাম, এখন ব্যাটারিচালিত রিকশা চালাই। দিনে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় হয়। এটি প্যাডেল রিকশার চেয়ে সহজ।”

শহরের বিভিন্ন ওয়ার্ডে দেখা গেছে, পুরনো প্যাডেল রিকশাগুলোর অনেকটিতেও এখন ব্যাটারি বসানো হয়েছে। এসব রিকশার ব্রেক সিস্টেম দুর্বল, অনেকের বৈদ্যুতিক তারের সংযোগ এলোমেলো, ফলে অগ্নিকাণ্ডের আশঙ্কা বাড়ছে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, একটি ব্যাটারিচালিত রিকশা ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার গতিতে চলতে পারে, যা সরু শহুরে সড়কের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলছেন, রিকশার নকশা এমনভাবে করা উচিত যাতে সর্বোচ্চ গতি ২০ কিলোমিটারের বেশি না হয়

পটুয়াখালী পৌরসভা প্রশাসক জুয়েল রানা বলেন, “আমরা ইতোমধ্যেই ব্যাটারিচালিত রিকশার তথ্য সংগ্রহ করছি। খুব শিগগিরই নিবন্ধন ও ফিটনেস সনদ বাধ্যতামূলক করা হবে। নিবন্ধন ছাড়া কেউ ভবিষ্যতে সড়কে চলতে পারবে না। ধীরে ধীরে অবৈধ রিকশা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে, পাশাপাশি রিকশা চালকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

পৌরসভা সূত্রে জানা গেছে, ‘ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানেজমেন্ট গাইডলাইনস ২০২৫’ বাস্তবায়ন হলে শহরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে আসবে। তবে ততদিন পর্যন্ত নাগরিকদের দুর্ঘটনার ঝুঁকি ও ভোগান্তি থেকে রেহাই পাওয়া কঠিন হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বেল্লাল মাদবরের মৃত্যুর বিচার দাবিতে মরিচবুনিয়ায় মানববন্ধন

পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে চতুর্থ শ্রেণির কর্মচারী বেল্লাল মাদবরের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সামনে এই মানববন্ধনে অংশ নেন এলাকার শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা মাদ্রাসা চত্বর ঘুরে প্রধান সড়কে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে নিহত বেল্লাল মাদবরের স্ত্রী কোলে ছয় মাসের শিশু নিয়ে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি জানান। তিনি বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”

নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, বেল্লালের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়; এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দাবি করেন, ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে বেল্লাল মাদবরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও, পরিবার ও এলাকাবাসী শুরু থেকেই হত্যার অভিযোগ করে আসছেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




 হিজলায় মা ইলিশ অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা, আটক ৭

বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর জেলেদের অস্ত্রধারী হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৭ জন জেলে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় মূল মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় জেলেরা অবৈধ কারেন্ট জাল ফেলে মাছ ধরছিল। খবর পেয়ে যৌথ দল অভিযান চালালে জেলেরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কর্মকর্তারা আহত হন এবং মৎস্য বিভাগের একটি স্পিডবোট ভাঙচুর করা হয়।

অভিযান শেষে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আটকরা হলেন— জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ ঘরামী, সাদম মাঝি, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন বেপারী। এদের মধ্যে রায়হান পাটোয়ারীকে হামলার মূল নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিত করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “অবৈধ মাছ ধরার খবর পেয়ে অভিযান চালাই। জেলেরা হামলা চালালেও আমরা অভিযান চালিয়ে যাই। মা ইলিশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, “হামলায় কয়েকজন আহত হলেও অভিযান চলবে। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০সরকারি কাজে বাধা দেওয়ার ধারায় মামলা হচ্ছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫