চর বিজয়ে ৪০ হাজার ঝাউ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর বিজয়ে শুরু হয়েছে বিশাল আকারের বনায়ন কর্মসূচি। বন বিভাগ, মহিপুর রেঞ্জের উদ্যোগে ‘সুফল প্রকল্প’-এর আওতায় প্রায় ৪০ হাজার ঝাউ গাছ রোপণের এ উদ্যোগের উদ্বোধন করা হয় আজ সোমবার।

উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ধাপে ৮ হাজার ঝাউ চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান, গঙ্গামতি ও ইকোপার্ক বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসিন সাদেক বলেন, “চর বিজয়ে ইতোমধ্যে ঝাউ, ধানশী, সুন্দরী ও কেওড়া গাছ রোপণ করা হয়েছে। এর পাশাপাশি প্রাকৃতিক ঘাসের বিস্তৃত আচ্ছাদন চরটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিক বনায়ন কার্যক্রম অব্যাহত থাকলে চর বিজয় ভবিষ্যতে একটি প্রাকৃতিক বনভূমি ও অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে।

অন্যদিকে, বনায়ন কার্যক্রম চলাকালে বন বিভাগের কর্মকর্তারা একটি আহত সিগাল পাখি উদ্ধার করেন। পরে পাখিটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্য বায়েজিদ মুন্সীর তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা মনে করছেন, ঝাউ ও অন্যান্য গাছের লাগানো বনায়ন চর বিজয়ের মাটি রক্ষা, পরিবেশ ভারসাম্য ও পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




১৬ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। ইতোমধ্যে ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর ১৬ অক্টোবর সকাল ১০টায় ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—
ফলাফল জানা যাবে বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্রমোবাইল এসএমএস–এর মাধ্যমে।

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
এছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
👉 HSCBoardRollYear
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

দেশের ১১টি বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ হবে—
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফলাফল শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্র অফিস থেকে সরাসরি পাওয়া যাবে না।
ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd-এ গিয়ে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তামিম ফিরছেন বিপিএলে, বরিশালের জার্সিতেই মাঠে নামার সম্ভাবনা

আগামী ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরকে ঘিরে শুরু হয়েছে দল গঠন ও প্রস্তুতি কার্যক্রম। তবে ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এবার কাটতে শুরু করেছে।

দলটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন, বরিশাল বিপিএলে অংশ নিলে তামিম ইকবালই মাঠে নামবেন তাদের হয়ে। তিনি বলেন, “আমি মনে করি না তামিম বিপিএলে খেলবেন না। তিনি যে ক্রিকেট বয়কটের কথা বলেছেন, সেটা সম্ভবত সাধারণ ম্যাচের প্রসঙ্গে। বিপিএল হলে আমি ব্যক্তিগতভাবে তাকে খেলতে অনুরোধ করব। আমার বিশ্বাস, বরিশাল অংশ নিলে তামিম অবশ্যই খেলবেন।”

উল্লেখ্য, সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর থেকেই গুঞ্জন ওঠে তিনি হয়তো বিপিএলেও অংশ নেবেন না। তবে মালিকপক্ষের মন্তব্যে ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

অন্যদিকে, ফরচুন বরিশাল জানিয়েছে, সময়ের স্বল্পতার কারণে দল গঠন ও প্রস্তুতি নিতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা। এজন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে টুর্নামেন্টের সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ করেছে দলটি।

গভর্নিং কাউন্সিলের ঘোষণায় বলা হয়েছে, এবারের বিপিএলে মোট পাঁচটি দল অংশ নেবে এবং টুর্নামেন্টটি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। বরিশালের দাবি, টুর্নামেন্টের তারিখ কিছুটা পিছিয়ে দিলে দলগুলো পূর্ণ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারবে, যা বিপিএলের মান ও প্রতিযোগিতা উভয়কেই আরও সমৃদ্ধ করবে।

এদিকে ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন—তামিম কি সত্যিই বিপিএলে মাঠে নামবেন, নাকি এবারও তাকে দেখা যাবে না বরিশালের রঙে!

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ টিম সকাল ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা

আটক ব্যক্তির নাম মো. শুভ, তিনি সদর উপজেলার আমানত পাড়া এলাকার বাসিন্দা। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।”

মাদকবিরোধী এই ধারাবাহিক অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে প্রথমবার জাতীয়ভাবে উদযাপিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে সারা দেশের সঙ্গে বরিশালেও প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। উপকূলীয় এই জেলাকে কেন্দ্র করেই সরকারের এ বছরের মূল আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউস চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মাঠ মহড়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার

বীর প্রতীক ফারুক-ই-আজম বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। আগাম সতর্কতা, প্রস্তুতি ও পুনর্বাসন সবক্ষেত্রে আমরা আন্তর্জাতিকভাবে দৃষ্টান্ত স্থাপন করেছি।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক বিবেচনায় পূর্বে কিছু স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণে অনিয়ম হয়েছিল, যা সরকারি অর্থ অপচয়ের কারণ হয়েছে। এসব অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেওয়ানুর রহমান, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপির কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ও পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন

বরিশাল উপকূলীয় অঞ্চল হওয়ায় সিডর, রেমাল, মোখা, সিত্রাংসহ একাধিক ঘূর্ণিঝড়ে এ অঞ্চলের মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে ক্ষতি কমাতে সরকার ইতোমধ্যে শতাধিক আশ্রয়কেন্দ্র, ব্রিজ-কালভার্ট, ও উচ্চভূমি সংযোগ সড়ক নির্মাণ করেছে। এছাড়া প্রায় ৮০ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দুর্যোগ মোকাবেলায় কাজ করছে, যা উপকূলীয় সুরক্ষায় বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

দুর্যোগ মোকাবেলায় সরকারের এসব উদ্যোগ ও সাফল্য তুলে ধরতেই এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস জাতীয়ভাবে বরিশালে আয়োজন করা হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাউফলে নৌ পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, দর্জি রাসেল এখনো নিখোঁজ

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নৌ পুলিশের ধাওয়ার মুখে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩৫) নামে এক যুবক। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (১৩ অক্টোবর) পর্যন্ত টানা ৪২ ঘণ্টা পার হলেও তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি এবং স্থানীয় বড়ডালিমা ব্রিজ সংলগ্ন এলাকায় তার সেলাইয়ের দোকান ছিল। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সময়ের মধ্যে কম দামে ইলিশ কেনার জন্য শনিবার সন্ধ্যায় রাসেল তার তিন বন্ধু—রাকিব, হাসান ও মাহবুবকে নিয়ে একটি ছোট ট্রলারে তেঁতুলিয়া নদীতে যান। এ সময় মা ইলিশ রক্ষায় টহলে থাকা নৌ পুলিশের একটি স্পিডবোট তাদের দিকে এগিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয় পেয়ে নদীতে ঝাঁপ দেন রাসেল খান। এরপর থেকে তিনি আর উপরে ওঠেননি।

ঘটনার পর থেকেই স্থানীয় জেলেরা, ডুবুরি দল ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর তীব্র স্রোতের কারণে অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধার কাজে অংশ নেওয়া ডুবুরি আব্দুল্লাহ ও ইমরান জানান, “সাধারণত এক কিলোমিটারের মধ্যে লাশ ভেসে ওঠে। কিন্তু তেঁতুলিয়া নদীর স্রোত খুব বেশি, তাই তিন থেকে চার কিলোমিটারের মধ্যেও থাকতে পারে। আমরা এখনো অনুসন্ধান চালাচ্ছি।”

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন বলেন, “রাসেল খানকে এখনো পাওয়া যায়নি। আশপাশের সব ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে। নদীতে আমাদের টিম টহলে রয়েছে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও আত্মীয়স্বজনের মাধ্যমে খোঁজ চলছে।”

এদিকে নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা নদীর তীরে বসে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা বলছেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়ন জরুরি হলেও, এমন মানবিক দুর্ঘটনা রোধে আরও সচেতন ও সতর্ক অভিযান পরিচালনা প্রয়োজন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশাল নগরীতে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরু জবাই, ঝুঁকিতে জনস্বাস্থ্য

বরিশাল নগরীতে গরু জবাইয়ের আগে কোনো ধরনের ভেটেরিনারি পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মাংস বিক্রি হচ্ছে— এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। ফলে নগরবাসী পড়েছেন সরাসরি জনস্বাস্থ্য ঝুঁকিতে

জানা গেছে, নগরীতে নির্দিষ্ট কোনো কসাইখানা নেই। ফলে বাজারের রাস্তায়, খোলা জায়গায় কিংবা সড়কের ধারে গরু জবাই দিয়ে মাংস বিক্রি হচ্ছে। কসাইরা নিজেরাই ইচ্ছেমতো পশু জবাই করছেন, কোনো সরকারি অনুমোদন বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই।

সম্প্রতি রংপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী ও অসুস্থ গরুর মাংসে অ্যানথ্রাক্স শনাক্তের পর বরিশালের মানুষদের মধ্যেও দেখা দিয়েছে আতঙ্ক। স্থানীয়দের প্রশ্ন— “গরু জবাইয়ের আগে পশুচিকিৎসক কেন পরীক্ষা করেন না? কোনো দুর্ঘটনা ঘটলেই তখন কেন সচেতনতার কথা বলা হয়?”

কসাইদের বক্তব্য:
পোর্ট রোড বাজারের প্রবীণ কসাই মো. জালাল বলেন, “৫০ বছর ধরে কসাইয়ের কাজ করছি। আগে গরু জবাইয়ের আগে ভেটেরিনারি সার্জনরা শরীরে সিল দিতেন। এখন অনেক বছর হলো কেউ আসে না।”
তিনি আরও জানান, “আগে নগরীতে একটি কসাইখানা ছিল, এখন সেটিও বন্ধ। প্রতিদিন ২০-২২টি গরু জবাই দেওয়া হয়, কিন্তু কোনো পরীক্ষার ব্যবস্থা নেই।”

স্বাস্থ্য বিভাগের অবহেলা:
বরিশাল সিটি করপোরেশনের সাবেক এক স্বাস্থ্য পরিদর্শক জানান, “নতুন বাজার এলাকায় একটি স্লটার হাউস আছে, তবে সেটি ব্যবহার অনুপযোগী। ভেটেরিনারি সার্জন আছেন ঠিকই, কিন্তু তিনি কখনো জবাইয়ের আগে বা পরে বাজার পরিদর্শনে যান কিনা সন্দেহ রয়েছে।”
তিনি আরও বলেন, “নথুল্লাবাদ, নতুন বাজার, পোর্ট রোড, বটতলা, সাগরদীসহ বিভিন্ন বাজারে প্রতিদিন গরু জবাই হয়। অধিকাংশ স্থানে পরিবেশ একেবারেই অস্বাস্থ্যকর।”

স্থানীয়দের অভিযোগ:
নগরবাসী জাকির হোসেন ও গোলাম রাব্বানী বলেন, “আমরা জানিই না গরু রোগাক্রান্ত কিনা, না মহিষ জবাই দেওয়া হয়েছে কিনা। কসাইয়ের কথায় ভরসা করে মাংস কিনতে হয়।”

সিটি করপোরেশনের স্বীকারোক্তি:
বরিশাল সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম বলেন, “নগরীতে কোনো কসাইখানা নেই, তাই জবাইয়ের আগে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি আগের মেয়র ও বর্তমান প্রশাসককেও জানিয়েছি। কসাইখানা নির্মাণ অত্যন্ত জরুরি, কিন্তু বাজেট না থাকায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, স্যালমোনেলাসহ প্রাণীজ রোগের সংক্রমণ ঠেকাতে গরু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে পশু পরীক্ষা করা প্রয়োজন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




রাজধানীতে গ্রেপ্তার পটুয়াখালীর ছাত্রলীগ নেতা মিরাজ খান

রাজধানী ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা মো. মিরাজ খান (২৮)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)

রোববার (১২ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিসি তালেবুর রহমান জানান, সিটি-আরঅ্যান্ডডি বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের নেতা ও আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ খান-কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে ইনকিলাব ভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে অংশ নেন মিরাজ খান এবং পরবর্তীতে তিনি মিছিলের ভিডিও রিল আকারে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জননিরাপত্তা সংক্রান্ত বিধি ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে সিটিটিসি ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ খান ফেসবুকে ভিডিও প্রকাশের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

এদিকে তার গ্রেপ্তারের খবরে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রলীগের একটি অংশ বলছে, সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডের দায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে অন্য একটি অংশ দাবি করছে, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে।

গ্রেপ্তারের পর মিরাজ খানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




লোহালিয়ায় বিএনপি নেতা মফিজুল মৃধার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালীর লোহালিয়ায় ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মফিজুল মৃধার ওপর সোহাগ মাঝি গংয়ের সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে পালপাড়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন—
ভিকটিম মফিজুল মৃধার মা আকলিমা বেগম, বোন সোনিয়া আক্তার এবং লোহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম জুলকার
বক্তারা হামলাকারী ধর্ষণ ও একাধিক মামলার আসামি সোহাগ মাঝি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল বের করে পালপাড়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাতে পালপাড়া বাজারে দুধর্ষ সন্ত্রাসী সোহাগ মাঝি ও তার অনুসারীরা ধারালো অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে বিএনপি নেতা মফিজুল মৃধার ওপর সশস্ত্র হামলা চালায়
হত্যার উদ্দেশ্যে চালানো এ হামলায় মফিজুল মৃধা গুরুতর আহত হন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানার বিট অফিসার এসআই রাসেল, এএসআই জহিরুল ইসলাম ও এএসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালিয়ে চারজন পুলিশকে আহত করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর আহত এসআই রাসেল মাহমুদ বাদী হয়ে সোহাগ মাঝিকে ১ নম্বর আসামি করে ২৬ জনকে চিহ্নিত করে মামলা দায়ের করেন।
অন্যদিকে, মফিজুল মৃধার মা আকলিমা বেগম বাদী হয়ে সোহাগ মাঝিকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

আল-আমিন



পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা

পটুয়াখালীর দুমকিতে মাইলিশ শিকার রোধে মৎস্য বিভাগের বিশেষ অভিযান চলাকালীন শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার আলগি এলাকায় পায়রা নদীতে অভিযান চলাকালীন কিছু জেলে ও তাদের স্বজনরা ট্রলারের ওপর লাঠি, ইট-পাটকেল নিক্ষেপ করে।

স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছিল। অভিযানের সময় কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করা হলে জেলেরা হঠাৎ সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলার কারণে অভিযান পরিচালিত ট্রলারটি নদীর আলগি চরে সরে গিয়ে নিরাপদ অবস্থান নেয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে অভিযান টিমকে উদ্ধার করে। উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে গেলে হঠাৎ জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পটুয়াখালী জেলায় মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের বিশেষ অভিযান চলমান। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধ ও হামলার কারণে অভিযানে ঝুঁকি দেখা দিচ্ছে। মৎস্য বিভাগ সতর্ক করে জানিয়েছে, কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম