সংস্কারের অভাবে নাজিরপুর মিনি স্টেডিয়াম এখন গরু-ছাগলের চারণভূমি

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পিরোজপুরের নাজিরপুর মিনি স্টেডিয়াম এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খেলাধুলার মাঠে চলছে গরু-ছাগলের চারণ, গ্যালারিতে ফাটল, ভবনে শেওলা আর ময়লার স্তূপ। ফলে নাজিরপুরের ক্রীড়াঙ্গন আজ ধুঁকছে অবহেলার ভারে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম একসময় নাজিরপুরের তরুণদের ক্রীড়াকেন্দ্র ছিল। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা এ মিনি স্টেডিয়ামে ২০১২ সালের পর থেকে আর কোনো সংস্কার হয়নি। তখন একটি দুই কক্ষবিশিষ্ট ভবন, শৌচাগার ও কয়েকটি বসার বেঞ্চ নির্মাণ করা হয়। এরপর আর কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, সদর রোডের পাশে অবস্থিত এই স্টেডিয়ামটি এখন চারণভূমিতে পরিণত হয়েছে। নেই কোনো নামফলক বা সাইনবোর্ড। মাঠজুড়ে উঁচু ঘাস, জায়গায় জায়গায় গর্ত আর জলাবদ্ধতা। ভবনের দেয়ালে ফাটল, ছাদে শেওলা, ভেতরে আবর্জনার স্তূপ। পথচারীরা ব্যবহার করছেন শৌচাগারটি।

স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবক সাইদুর রহমান বলেন,
“এখানে আগে প্রতিদিন বিকেলে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ নানা খেলা হতো। এখন মাঠে গরু ছাড়া আর কিছু দেখা যায় না। বৃষ্টিতে জল জমে খেলা বন্ধ থাকে মাসের পর মাস।”

খেলোয়াড়রা জানান, মাঠের ঘাস বড় হয়ে যাওয়ায় খেলাধুলা করা কষ্টকর হয়ে পড়েছে। ড্রেনেজ না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, নেই নিরাপত্তাও।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ড বেড়েছে। আনসার-ভিডিপি অফিসের পাশে ও বেড়িবাঁধ এলাকায় নিয়মিতই এ ধরনের কার্যক্রম দেখা যায়। তারা প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

সচেতন মহল বলছে, নাজিরপুরে এটি একমাত্র স্টেডিয়াম। অথচ সংস্কারের অভাবে এর অস্তিত্ব আজ বিলীন হতে বসেছে। সঠিক রক্ষণাবেক্ষণ করা হলে এটি আবারও যুব সমাজের ক্রীড়াকেন্দ্র হিসেবে প্রাণ ফিরে পেতে পারে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান,
“মিনি স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, শৌচাগার ও মাঠ সংস্কারের জন্য আমরা ইতোমধ্যে বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণেরও প্রস্তাব পাঠানো হয়েছে।”

নাজিরপুরবাসীর আশা— দ্রুত উদ্যোগ নেওয়া হলে আবারও খেলাধুলার হাসি ফিরবে এ স্টেডিয়ামে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




মানুষ গড়ার কারিগর শিক্ষিকা রঞ্জিতা রানী, আজ অসহায়তার সঙ্গী

ঝালকাঠির সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রঞ্জিতা রানী পাল (৭৫) আজ দারিদ্র্যের কবলে। দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতার মাধ্যমে তিনি হাজারো ছাত্র-ছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে নিজেই চিকিৎসা ও ওষুধের জন্য প্রয়োজনীয় অর্থ পাচ্ছেন না।

ঝালকাঠি সদর উপজেলার দারখি গ্রামের যোগেন্দ্রনাথ বসুর কন্যা রঞ্জিতা রানী, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিলেন। চামটা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ১৯৭২ সালে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। একই বছর তিনি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কাজ শুরু করেন।

প্রায় ৩৫ বছর শিক্ষকতা শেষে ২০০৭ সালে তিনি অবসর নেন। পেনশন হিসেবে হাতে পান ৭ লাখ টাকা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই চিকিৎসা ও সংসারের খরচের কারণে সেই অর্থ শেষ হয়ে যায়। বর্তমানে শহরের আমতলা রোডের একটি ছোট, জরাজীর্ণ বাড়িতে ছেলে তাপস পাল ও পুত্রবধূর সঙ্গে বসবাস করছেন। স্বামী বিমল কৃষ্ণ পাল গত বছর মৃত্যুবরণ করেছেন। তার এক মেয়ে, সম্পা রানী দাস, বরিশালে সংসার করছেন।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন রঞ্জিতা রানী। নিয়মিত ওষুধের প্রয়োজন থাকলেও তার কাছে তা কেনার সক্ষমতা নেই। শিক্ষকতার সময় তিনি ছিলেন ছাত্রীদের প্রিয়তম শিক্ষকদের একজন। কঠিন পাঠও সহজভাবে বোঝাতেন, পড়াশোনা ছাড়াও চরিত্র গঠনের শিক্ষায় ছাত্রীরা সমৃদ্ধ হতো।

তার গড়া ছাত্রীরা আজ দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তার মধ্যে কেউ প্রশাসনে, কেউ চিকিৎসক, কেউ ব্যাংক কর্মকর্তা। সাবেক ছাত্রী চিকিৎসক বৈশাখী বড়াল বলেন, “আমাদের মানুষ হতে শিখিয়েছে রঞ্জিতা ম্যাডাম। আমি চিকিৎসক হিসেবে কাজ করছি, কিন্তু এর পেছনে তার বিশাল অবদান রয়েছে। এত বড় একজন মানুষ আজ অসহায়ভাবে দিন কাটাচ্ছেন, সমাজ ও রাষ্ট্র তার প্রতি দায়িত্ব নেওয়া উচিত।”

সাবেক ছাত্রী বদরুন্নেছা, বর্তমানে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার, বলেন, “রঞ্জিতা ম্যাডাম ছিলেন আদর্শের এক মূর্ত প্রতীক। তার শিক্ষা ও নৈতিক দিক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলেছে।”

বর্তমান সহকারী শিক্ষক মো. তারিকুল ইসলাম তারিক ও সাবেক সহকর্মী তৌহিদ হোসেন খান উভয়ই রঞ্জিতা রানীকে নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজের জন্য অবদানশীল ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, তার পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।

আজ রঞ্জিতা রানী পালের মতো শিক্ষকদের সঠিক মর্যাদা ও সহায়তা নিশ্চিত করা আমাদের সমাজের দায়িত্ব, যাতে তারা কেবল শ্রদ্ধারূপে স্মৃতিতে না থাকে, বাস্তব সাহায্যেরও দাবিদার হন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরগুনায় ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

বরগুনার তালতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার মালিপাড়া স্লুইজঘাট সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন— পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের সাঈদ হাওলাদারের ছেলে আবু বক্কর (২৮), তালতলী উপজেলার তাঁতিপাড়া গ্রামের আফজাল মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) এবং একই এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে সজল হাওলাদার (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক দিয়ে ফকিরহাট এলাকায় বড় একটি মাদক চালান যাচ্ছে। পরে শহরের স্লুইজঘাট সংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তিন যুবককে আটক করা হয় এবং তাদের বহন করা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, “আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তালতলী ও আশপাশের এলাকায় সরবরাহ করত। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিল ডব্লিউএফপি

বাংলাদেশে অবস্থানরত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)। সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ জানিয়েছেন, রোহিঙ্গা সংকট এখনো তাদের বৈশ্বিক অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে।

রোমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে স্কাউ এই আশ্বাস দেন। বৈঠকে রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ, এবং বৈশ্বিক ক্ষুধা মোকাবিলায় তহবিল সংগ্রহের চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্কাউ অধ্যাপক ইউনূসের নেতৃত্ব ও রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ফিরিয়ে আনার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি জানান, জাতিসংঘের সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠক রোহিঙ্গা সংকটকে আবারও বৈশ্বিক আলোচনায় নিয়ে এসেছে, যা অত্যন্ত ইতিবাচক দিক।

উভয় নেতা রোহিঙ্গাদের সহায়তায় নতুন তহবিল উৎস খোঁজার প্রয়োজনীয়তা তুলে ধরেন। স্কাউ বলেন, “নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেওয়া নতুন মানবিক সহায়তার ঘোষণার ফলে, ডব্লিউএফপি প্রত্যেক রোহিঙ্গা শরণার্থীকে মাসিক ১২ ডলার করে খাদ্য উপবৃত্তি দিতে পারবে।”

ড. ইউনূস ডব্লিউএফপির নেতৃত্বের প্রশংসা করে বলেন, “বাংলাদেশে নতুন স্কুল ফিডিং প্রোগ্রাম চালুর মাধ্যমে ক্ষুধা মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসছে। এটি শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষা—দুই ক্ষেত্রেই অগ্রগতি আনবে।”

বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরগুনায় নিম্নমানের বীজে কৃষকের সর্বনাশ .চারা গাছেই ধান, ক্ষতির মুখে শতাধিক পরিবার

বরগুনার পাথরঘাটা উপজেলায় নিম্নমানের ধানের বীজ রোপণের কারণে শতাধিক কৃষক পড়েছেন চরম বিপর্যয়ে। চারা গাছে আগেভাগেই শীষ আসায় ফলন আসেনি প্রত্যাশিতভাবে। ফলে প্রায় ৯০ একর জমির ধান নষ্ট হয়ে গেছে, ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ লাখ টাকারও বেশি

জানা গেছে, পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের কৃষকরা চলতি মৌসুমে স্থানীয় বীজ ডিলার নাসির উদ্দিন সরদার এর কাছ থেকে ‘সাউথ এশিয়ান সিডস’ কোম্পানির উচ্চ ফলনশীল বি.আর-২২ জাতের বীজ কিনে জমিতে রোপণ করেন। কিন্তু রোপণের মাত্র ১৫-২০ দিনের মধ্যেই বীজতলায় চারা গাছে শীষ দেখা যায়। পরে ক্ষেতজুড়ে আগেই ধান ধরলেও অধিকাংশ শীষেই ছিল চিটা— ফলে কৃষকের মাথায় হাত।

কৃষকরা জানান, প্রতি কুড়া জমিতে তাদের খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা, অথচ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে মাত্র ৫ হাজার টাকা

 

কৃষক সাকিব বলেন, “ডিলার আমাদের উচ্চ ফলনশীল জাতের বীজ দিয়েছে বলে জানিয়েছিলেন। পরে সমস্যা দেখা দিলে তারা ভিডিও করে নিয়ে যায়, পরে মাত্র ৫ হাজার টাকা দিয়ে কাগজে স্বাক্ষর নেয়। আমরা গরিব মানুষ, এখন নিঃস্ব।”

আরেক কৃষক আব্দুল কাদের বলেন, “গতবার যে জমিতে ৪০ মণ ধান পেয়েছিলাম, এবার সেই জমিতে চিটা ছাড়া কিছুই পাইনি। কৃষি অফিসাররা ডিলারের পক্ষ নিয়েছে।”

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. হিমেল আল ইসলাম বলেন, “কৃষকের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। ডিলারকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল, তিনি কিছু ক্ষতিপূরণ দিয়েছেন। কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি করেছেন— কোম্পানি ও ডিলারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কেউই কৃষিতে টিকে থাকতে পারবে না।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টা, দেবরসহ দুইজনের বিরুদ্ধে মামলা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা এবং পিটিয়ে জখম করার অভিযোগে দেবরসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে তালতলী থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, বরগুনার তালতলী উপজেলার আলীরবন্দর গ্রামের আ. বারেকের ছেলে মো. রাসেল (২৭) ও তার সহযোগী মো. সাইফুল (২২)

আদালতের বিশেষ পিপি রনজুয়ারা শিপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসীর স্ত্রী নিজেই আদালতে মামলাটি করেছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী মালয়েশিয়ায় প্রবাসে থাকেন। সেই সুযোগে দেবর রাসেল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করলে রাসেল আরও উত্ত্যক্ত করতে শুরু করে।

গত শনিবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বাথরুমে যাওয়ার পর ফিরে এসে ঘরে প্রবেশ করলে রাসেল তাকে জাপটে ধরে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে সহযোগী সাইফুল এসে তাকে এলোপাতাড়ি পেটায় এবং গলাটিপে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় গৃহবধূ তালতলী উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন এবং আদালতের মাধ্যমে মামলা দায়ের করেন।

এ ঘটনায় তালতলী থানার ওসি বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




মানুষবিহীন দ্বীপে আর আশ্রয় কেন্দ্র নয়: ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক বলেছেন, “এখন থেকে মানুষবিহীন দ্বীপচরে কোনো আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে না। সরকার এমন প্রকল্পই অনুমোদন দেবে, যা সরাসরি জনগণের কাজে আসবে।”

সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেলে ভোলা জেলার বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফারুক-ই আজম বলেন,
“আগে বিচ্ছিন্ন চরাঞ্চলে কোটি কোটি টাকা ব্যয়ে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলোতে মানুষ বসবাস করত না। এখন থেকে প্রতিটি প্রকল্প বাস্তব যাচাইয়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হবে, যাতে কোনো ধরনের দুর্নীতি বা অর্থ অপচয় না ঘটে। মানুষ না থাকলে সেখানে আর আশ্রয় কেন্দ্র তৈরি হবে না।”

তিনি আরও বলেন,
“সরকার অনেক টাকা ব্যয় করে আশ্রয় কেন্দ্র নির্মাণ করে, কিন্তু যদি মানুষের উপকারে না আসে, তবে সেটি রাষ্ট্রের সম্পদের অপচয়। তাই জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে—যে প্রকল্পগুলো জনগণের কাজে আসবে না, সেগুলোর অনুমোদনের আগেই বাতিল করতে।”

এ সময় উপদেষ্টা ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজি এলাকায় ফাতেমা খানম স্কুল মাঠে নির্মিতব্য সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন পরিদর্শন করেন। পরে তিনি বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ত্রাণ প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ উপদেষ্টা জানান, নতুন করে ৯০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ভোলায় ১১টি করা হবে। এসব কেন্দ্র এমনভাবে নির্মাণ করা হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় মানুষ সরাসরি আশ্রয় নিতে পারে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় মোটরসাইকেল চালক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল চালক কালু হত্যা মামলায় আসামি মিন্টিজ ওরফে মো. শাজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এই রায় ঘোষণা করেন। মামলার অপর চার আসামি সাক্ষ্যপ্রমাণের অভাবে খালাস পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল চালক কালু আলাউদ্দিন গাছির মোটরসাইকেল নিয়ে দুলারহাট বাজার থেকে চরফ্যাশন যাচ্ছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

পরদিন সকালে চরফ্যাশনের আলীগাঁও ২ নম্বর ওয়ার্ডের নূরেআলম পাটোয়ারীর বাড়ির পাশে কালুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তে জানা যায়, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে পথরোধ করে মো. মিলন, মো. জামাল, মো. ফিরোজ, মো. শাহাবুদ্দিন ও মো. মিন্টিজ ওরফে শাজাহান—এই পাঁচজন একযোগে গলায় গামছা পেঁচিয়ে কালুকে হত্যা করেন।

পরে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে চার্জশিট দাখিল করে। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন।

রায়ে মিন্টিজ ওরফে শাজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, সাক্ষ্যপ্রমাণের ঘাটতির কারণে মো. মিলন, মো. জামাল, মো. শাহাবুদ্দিন ও মো. ফিরোজকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মো. হযরত আলী হিরণ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট এএইচএম জাবেদ করিম মামলা পরিচালনা করেন।

রায় ঘোষণার পর অতিরিক্ত পিপি হযরত আলী হিরণ বলেন, “ন্যায়ের ভিত্তিতেই আদালত রায় দিয়েছেন। নিহত পরিবারের ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।”

রায় ঘোষণার পর বিচারক মো. শওকত হোসাইনকে স্থানীয় আইনজীবী ও জনসাধারণ ধন্যবাদ জানান। তাদের মতে, দীর্ঘ ১৩ বছর পর আলোচিত এই মামলার সাহসী ও ন্যায্য রায় ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পি.আর. পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বরিশালে ইসলামী আন্দোলনের মানববন্ধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পি.আর. (Proportional Representation) পদ্ধতিতে আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে বরিশাল সদর রোড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীম এবং সঞ্চালনা করেন নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের।

মানববন্ধনে বক্তারা বলেন,
“যারা মাত্র ৩৩ থেকে ৪৮ শতাংশ ভোট পেয়ে শতভাগ ক্ষমতা ভোগ করতে চায়, তারাই পি.আর. পদ্ধতির বিরোধীতা করে। যারা বিগত ৫৪ বছরের ক্ষতিকর রাজনৈতিক বন্দোবস্ত ধরে রাখতে চায়, তারাই অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার বিপক্ষে কথা বলে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও পেশিশক্তির রাজনীতিতে দেশকে জিম্মি করে রেখেছে, তারাই জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বাধা।”

বক্তারা আরও বলেন,
পি.আর. পদ্ধতি হলো দেশের জন্য একটি কার্যকর গণতান্ত্রিক সমাধান। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে হলে অনুপাতিক ভোটব্যবস্থা চালু করতে হবে। এখনই সময়—‘পি.আর. পদ্ধতির পক্ষে জনমত গড়ে তোলার’।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, নগর সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি নাসির উদ্দিন নাইস, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা আবু জাফর সালেহ, জাতীয় শিক্ষক ফোরাম মহানগর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ত্বহা, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মুফতি মুহিবুল্লাহ কাজেমী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করীম ও ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান।

এ সময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে পি.আর. পদ্ধতি বাস্তবায়নের দাবিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মির্জাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, নৈশপ্রহরীর দায়িত্বে অবহেলার অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর অবহেলার কারণে বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী জানান, চোরেরা রাতের আঁধারে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা একটি সাউন্ড বক্স, প্রজেক্টর, প্রিন্টার, ওজন মেশিন, ক্যালকুলেটর ও একটি তোয়ালে নিয়ে যায়। তার দাবি, প্রায় এক লাখ টাকার মালামাল খোয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, নৈশপ্রহরী মো. মেহেদী হাসান মাসকুর খান ঘটনার রাতে দায়িত্বে অনুপস্থিত ছিলেন। তার দায়িত্বে অবহেলার কারণেই এ চুরির ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরী মেহেদী বলেন, “আমি রাতে ঘুমিয়ে ছিলাম। বিষয়টি থানায় জিডি করা হয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া মালামালের মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা হবে।”

স্থানীয় সূত্র জানিয়েছে, চুরির ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। সে কারণে এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি।

দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফারুক মাস্টার বলেন, “আমি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু তদন্তে বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে।”

অন্যদিকে, প্রধান শিক্ষক তুলসী রানী জানিয়েছেন, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, “চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দ্রুত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম