দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় হারানো পাসপোর্ট-ভিসা উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। ফলে স্বস্তি ফিরেছে বরিশাল ভ্রমণে আসা কানাডিয়ান নাগরিক কিম্বারলি জিন ও’শ্যগনেসির মনে।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে কিম্বারলি জিন ও’শ্যগনেসি বরিশাল নগরীর ফলপট্রি এলাকায় অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় চোরচক্র তার পেছনের ব্যাগ থেকে একটি আইফোন, পাসপোর্ট ও ভিসা চুরি করে নিয়ে যায়।
পরে সঙ্গে থাকা স্থানীয় দোভাষী রাসেদুল হাসান খান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় বিষয়টি জানান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৯৪১) করেন।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ চুরি হওয়া সামগ্রী উদ্ধারে দ্রুত অভিযান শুরু করে। একাধিক জায়গায় তল্লাশি ও কৌশলগত অনুসন্ধানের মাধ্যমে চোরচক্রের সদস্যদের শনাক্ত করে পাসপোর্ট ও ভিসা উদ্ধার করা হয়। তবে চুরি হওয়া আইফোনটি এখনো উদ্ধার করা যায়নি, সেটির খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত পাসপোর্ট ও ভিসা আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী কিম্বারলি জিন ও’শ্যগনেসির হাতে তুলে দেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন তদন্তকারী কর্মকর্তা এএসআই সাইদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
ওসি মিজানুর রহমান বলেন, ‘চুরির ঘটনায় আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছি। বিদেশি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সবসময় সতর্ক ও দায়িত্বশীল।’
তিনি আরও বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই আমাদের টিম চোরচক্রকে শনাক্ত করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করেছে। আইফোন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’
ভুক্তভোগী কিম্বারলি জিন ও’শ্যগনেসি বলেন, ‘আমি সত্যিই অভিভূত! পাসপোর্ট ও ভিসা ফিরে পাবো, এটা ভাবিনি। বরিশাল পুলিশের দ্রুত পদক্ষেপ, পেশাদারিত্ব ও আন্তরিকতায় আমি কৃতজ্ঞ। বিশেষ করে এএসআই সাইদুল ইসলাম ও তাঁর টিমকে ধন্যবাদ জানাই।’
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫