সমুদ্রপথে ইতালি যাওয়া অভিবাসীদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

চলতি বছর সমুদ্রপথে ইতালি পাড়ি দেওয়া অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১৬ হাজার ৫৫২ জন, যা অন্য সব দেশের তুলনায় সর্বাধিক।
সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস বাংলা এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭ অক্টোবর পর্যন্ত ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা গেছে—সমুদ্রপথে ইতালি প্রবেশকারীদের মধ্যে বাংলাদেশের অবস্থান এক নম্বরে।
ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর, যেখান থেকে এসেছে ৭ হাজার ৬৯০ জন। তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া, যাদের সংখ্যা ৬ হাজার ৮৮৭।
এরপর রয়েছে পাকিস্তান (৩,৭২৬), সুদান (৩,৩৪৭), সোমালিয়া (২,৫৬৬), ইথিওপিয়া (২,০৩৭), টিউনিসিয়া (১,৫২৪), ইরান (১,৪৯৩), সিরিয়া (১,২৪৫), গিনি (১,২১৮), আলজেরিয়া (১,১১৫), নাইজেরিয়া (৮০১), মালি (৭৫৩) এবং আফগানিস্তান (৬১২)। এছাড়া অন্যান্য দেশের অভিবাসীদের সংখ্যা মিলিয়ে মোট দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮২ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আফ্রিকার দেশগুলো থেকে সমুদ্রপথে আগমন কিছুটা কমলেও দক্ষিণ এশীয় দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ থেকে অভিবাসনের প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইতালির উপকূলে পৌঁছানো বাংলাদেশিদের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) বিশ্লেষণে বলা হয়েছে, অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের অভাব এবং ইউরোপে উন্নত জীবনের প্রত্যাশাই অনেক বাংলাদেশিকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় প্ররোচিত করছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








