বাকেরগঞ্জে দুই সড়ক এখন মরণ ফাঁদ, চরম দুর্ভোগে দুই গ্রামের মানুষ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ সড়ক এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাগুলোর ইটসোলিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় দুই গ্রামের হাজারো মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরাদি ইউনিয়নের রানীরহাট বাজার থেকে পশ্চিম চরাদি গ্রামের হয়ে রাজাখালী খেয়াঘাট হয়ে দবদপিয়া-ঢাকা-বরিশাল মহাসড়ক পর্যন্ত একটি সড়ক এবং হলতা বাজার থেকে মধ্য চরাদি হয়ে বরিশাল-দুমকি আঞ্চলিক সড়ক পর্যন্ত অপর সড়কটি বছরের পর বছর সংস্কারবিহীন পড়ে আছে। এর মধ্যে হলতা বাজার সড়কটিতে প্রায় পাঁচ বছর ধরে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

রানীরহাট বাজার সড়কটির করুণ অবস্থার কারণে প্রায়ই মোটরসাইকেল, অটোরিকশা ও সাইকেল দুর্ঘটনা ঘটছে। এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন।

মধ্য চরাদি গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “এই রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর হয়ে গেছে। স্কুলগামী শিক্ষার্থীদের পায়ে হেঁটে যাওয়া এখন দুর্ভোগের নামান্তর।”

অন্যদিকে স্থানীয় কৃষক বারেক হাওলাদার জানান, “হলতা বাজার সড়কে এত গর্ত যে আমরা বাশ ও কাঠ দিয়ে নিজেরাই সাঁকো বানিয়ে চলাচল করি। কৃষিপণ্য মাথায় করে বাজারে নিতে হয়। পাঁচ বছর ধরে কোনো উন্নয়ন হয়নি।”

সরেজমিনে দেখা গেছে, হলতা বাজার সড়কটির ইটসোলিং উঠে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া চরাদি খালের ভাঙনে একাধিক স্থানে বড় গর্ত তৈরি হয়েছে। আর রানীরহাট বাজার সড়কটি প্রায় ৩ কিলোমিটারজুড়ে ভাঙাচোরা ও কাদা-পানিতে ভরা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, চরাদি ইউনিয়ন পরিষদ ও এলজিইডি কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

চরাদি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, “দুই সড়কের বিষয়ে এলজিইডিকে বারবার অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

এ বিষয়ে উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. হাসনাইন আহমেদ বলেন, “সড়ক দুটির বিষয়টি জানা আছে। পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত এই দুই সড়ক সংস্কার করে যাতায়াতের উপযোগী করা না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর স্বর্ণলংকার ছিনতাই ও মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও স্বর্ণলংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় যুবক এনাম তালুকদার ও তার সহযোগীরা ওই নারীর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বর্তমানে আহত ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে গৌরনদীর খাঞ্জাপুর গ্রামে। শুক্রবার সকালে ভুক্তভোগী নারী গৌরনদী মডেল থানায় এনাম তালুকদারসহ আরও তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযুক্ত এনাম তালুকদার বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী জানান, “সেদিন আমি আমার দুই সন্তানকে নিয়ে কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় যাওয়ার জন্য রওনা দিই। পথিমধ্যে এনাম তালুকদারের বাড়ির সামনে পৌঁছালে সে আমার গতিরোধ করে। একপর্যায়ে সে ও তার সহযোগীরা টানাহেঁচড়া করে আমাকে কিল-ঘুষি মারে। আমি চিৎকার করলে তারা আমার পরনের স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”

এ ঘটনায় এনাম তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এ অপপ্রচার চালানো হচ্ছে। আমি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “একজন প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে ঘটনার সত্যতা উদঘাটন ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




অপরিকল্পিত স্পিড ব্রেকারে ফাটল ধরা ব্রিজ আরও ঝুঁকিপূর্ণ, বন্ধ হতে পারে ঢাকা-বরিশাল মহাসড়ক

খোকন আহম্মেদ হীরা ;:ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ডের পুরোনো ব্রিজে ফাটল ধরা পড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের দুই প্রান্তে অপরিকল্পিতভাবে নির্মিত স্পিড ব্রেকারের কারণে দূরপাল্লার বাস ও ভারী ট্রাকের ধাক্কায় সেতুটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ব্রিজটির নিচের দক্ষিণাংশে ফাটল দেখা দেওয়ার পর ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে ফাটল ধরার পর বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে (সওজ) জানানো হয়। পরে কর্মকর্তারা জরুরি ভিত্তিতে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণ করে কিছুটা ঝুঁকি কমানোর চেষ্টা করেন।

তবে স্থানীয়রা বলছেন, ফাটলের মূল কারণ হলো ব্রিজের দুই পাশে ব্রিজের গা ঘেঁষে তৈরি করা দুটি স্পিড ব্রেকার। এতে দ্রুতগতির যানবাহন ব্রিজের ওপর উঠতেই ধাক্কা খেয়ে তীব্র কম্পন সৃষ্টি করছে, যা পুরোনো কাঠামোটির ওপর চাপ বাড়াচ্ছে। ফলে ব্রিজটি এখন আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

একজন মোটরসাইকেল চালক মো. নাসির উদ্দিন বলেন, “ব্রিজের আশেপাশে কোনো বিকল্প সড়ক নেই, তাই সবাই ঝুঁকি নিয়েই এই ব্রিজ দিয়ে যাতায়াত করছে। স্পিড ব্রেকারগুলো দ্রুত সরিয়ে না ফেললে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সওজ সাইনবোর্ড টানালেও তা কেউ মানছে না। ফলে ভারী ট্রাক ও বাসের চাপেই ব্রিজের ক্ষতি বাড়ছে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, “ব্রিজে ফাটল ধরার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছি। সওজ কর্মকর্তারা জরুরি ভিত্তিতে বালুর বস্তা দিয়ে গার্ডার তৈরি করে কিছুটা ঝুঁকি কমিয়েছেন। স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে।”

এ সময় স্থানীয় ব্যবসায়ীরা স্পিড ব্রেকার সমস্যার কথা তুললে ইউএনও বিষয়টি সওজ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিন খান বলেন, “বর্তমানে ব্রিজটি আপাতত ঝুঁকিমুক্ত করা হয়েছে। তবে স্থানীয়দের দাবির ভিত্তিতেই স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছিল। এখন যদি সেটি সমস্যা সৃষ্টি করে, তাহলে তা সরানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।”

স্থানীয় পরিবহন চালক ও বাসিন্দারা আশঙ্কা করছেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঢাকা-বরিশাল রুটে আবারও চালু হচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’

বাংলাদেশের নৌযান ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক ‘পি এস মাহসুদ’ আবারও ফিরছে নদীপথে। ঢাকা–বরিশাল নৌরুটে শতবর্ষী এই প্যাডেল স্টিমারটি আধুনিক রূপে চালু করতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর সদরঘাট থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে ঐতিহাসিক স্টিমারটি। এতে অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, “পি এস মাহসুদ শুধু একটি নৌযান নয়, এটি বাংলাদেশের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। বহু বছর পর এটি আবারও মানুষকে নদীর সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার সুযোগ করে দেবে।”

তিনি আরও জানান, আগামী ১৫ নভেম্বর জমকালো উদ্বোধনের মাধ্যমে স্টিমারটি আনুষ্ঠানিকভাবে ঢাকা–বরিশাল রুটে নিয়মিত পর্যটন সার্ভিস হিসেবে চলাচল শুরু করবে।

দীর্ঘদিন সংরক্ষণের পর এই ঐতিহ্যবাহী জলযানকে আধুনিকায়ন করা হয়েছে। সংস্কারকাজে মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে ইঞ্জিন, ফায়ার সেফটি, নেভিগেশন সিস্টেম এবং যাত্রী নিরাপত্তা সরঞ্জাম সম্পূর্ণ নবায়ন করা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে আধুনিক কেবিন, পর্যটক-বান্ধব ডেক, ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা, জিপিএস, এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং শনিবার বরিশাল থেকে ঢাকা পর্যন্ত চলবে পি এস মাহসুদ। যাত্রীরা এই ভ্রমণে উপভোগ করতে পারবেন নদীর সৌন্দর্য, ঐতিহ্য ও ইতিহাসের এক অনন্য অভিজ্ঞতা।

উপদেষ্টা আরও জানান, ‘পি এস মাহসুদ’-এর পাশাপাশি আরও তিনটি পুরনো স্টিমার—পি.এস অস্ট্রিচ, পি.এস লেপচা ও পি.এস টার্ন—সংস্কারের পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য নদীপথের ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটন শিল্পের সম্ভাবনাকে আরও বিস্তৃত করা।

স্টিমার পরিচালনায় থাকবেন ২৫ জন প্রশিক্ষিত কর্মকর্তা ও নাবিক। পরিবেশবান্ধব নতুন ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করায় এটি নদীপথে দূষণ কমাবে বলেও জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ারা বেগম, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) দীর্ঘ ২৪ বছর পর ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কলেজে শিক্ষার্থীদের নানা সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। তাঁরা বলেন, “আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই। যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নির্বাচনের দাবিতে গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও প্রশাসন তা আমলে নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে আজ তাঁরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।

একজন আন্দোলনকারী ছাত্র বলেন, “৩২ হাজার শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে কোনো প্রতিনিধিত্ব নেই। ছাত্র সংসদ থাকলে শিক্ষার্থীদের পক্ষে দাবি আদায় ও সমস্যার সমাধান করা যেত। কিন্তু এত বছরেও নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা বঞ্চিত।”

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে নির্যাতিতা সালমা আক্তারের মাথা গোঁজার ঠাঁই

বরিশালের জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে মাথা গোঁজার ঠাঁই পেলেন নির্যাতিতা সালমা আক্তার। দীর্ঘ দুই দশকের সংগ্রাম ও অনিশ্চয়তার পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত ঘরটি সালমার হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিমানবন্দর সংলগ্ন রহমতপুর এলাকায় ঘরটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মহিলা বিষয়ক কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

২০০২ সালে মাত্র ১৩ বছর বয়সে নিজের চাচাতো ভাইয়ের হাতে নির্যাতনের শিকার হন সালমা আক্তার। এ ঘটনার পর পরিবারসহ সমাজচ্যুত হন তিনি। মামলার পর ২০১১ সালে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল অভিযুক্ত চাচাতো ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সালমার গর্ভজাত সন্তানকে ২১ বছর পর্যন্ত রাষ্ট্রীয় ভরণপোষণের নির্দেশ দেন।

কিন্তু সেই অর্থের বেশিরভাগই পরিবারের অন্য সদস্যদের পেছনে ব্যয় হয়ে যায়। বর্তমানে সালমার সন্তান স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়ন করছে।

জেলা প্রশাসক বিষয়টি জানতে পেরে সালমার জন্য প্রথমে জমি কিনে দেন এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে একটি আধা-পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন। বৃহস্পতিবার ঘরটি সালমার হাতে তুলে দেওয়ার সময় আবেগে কেঁদে ফেলেন তিনি।

ঘর পেয়ে সালমা বলেন,এখন আমার ও আমার সন্তানের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। আমি শান্তিতে বাঁচতে পারব। এজন্য আমি জেলা প্রশাসকসহ সরকারের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও অনুরোধ জানান, সমাজ যেন তার মতো আর কোনো নারীর জীবনে এমন দুর্ভাগ্যের পুনরাবৃত্তি না ঘটতে দেয়।




না ভোট চালু ও প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক

চন্দ্রদ্বীপ নিউজ:  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে  গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন   করেছে উপদেষ্টা পরিষদ।

আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে-ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।

বৃহস্পতিবারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হলো-ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিধান বাতিল করা। পাশাপাশি ‘না ভোট’ পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো নির্বাচনী আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান।

তিনি আরো বলেন, ২০১৪ সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিধান আনা হয়েছে। একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি তাকে পছন্দ না করেন, ‘না ভোট’ দিতে পারবেন। তখন সেই আসনে পুনরায় নির্বাচন হবে।

নতুন সংশোধনীতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জেলাভিত্তিক নির্বাচন অফিসগুলোতে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্পত্তির বিবরণ হলফনামায় দিতে হবে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্তভাবে প্রকাশ করা হবে।

আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীর দেশি-বিদেশি আয় ও সম্পত্তির পূর্ণ বিবরণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জনগণ যেন সহজেই জানতে পারেন তাদের প্রার্থীর আর্থিক অবস্থা কী।

সংশোধনীর মধ্যে আরো রয়েছে, নির্বাচনী জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। রাজনৈতিক দলকে ৫০০ টাকার বেশি অনুদান বা চাঁদা দিতে হলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক এবং অনুদানদাতার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা ডাক ভোটে ভোট দিতে পারবেন। ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কোনো নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম হলে পুরো এলাকার ভোট বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা জানান, জোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা আনতে বিধান যোগ করা হয়েছে, যাতে ভোটাররা সহজেই বুঝতে পারেন-কোন দল থেকে প্রার্থী হচ্ছেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল সংঘর্ষ: চার শিক্ষার্থী বহিষ্কার, ২১ শিক্ষার্থীকে মুচলেকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ২১ শিক্ষার্থীকে মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত আদেশে জানা যায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন:

  • তরিকুল ইসলাম নয়ন (অ্যাকাউন্টিং, ২০২২-২৩)
  • শাহারিয়ার শাওন (মার্কেটিং, ২০২০-২১)
  • মো. শাওন শেখ (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ২০২২-২৩)
  • সাজ্জাদ হোসেন (২০২৩-২৪)

নয়নকে ছয় মাসের বহিষ্কারাদেশ অথবা ৪০ হাজার টাকা জরিমানা, শাহারিয়ার শাওনকে বহিষ্কারাদেশ অথবা ২০ হাজার টাকা জরিমানা। শাওন শেখ ও সাজ্জাদ হোসেনকে ছয় মাস বা এক সেমিস্টারের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

মার্কেটিং বিভাগের ১০ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ শিক্ষার্থীকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের অভিভাবকসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনে মুচলেকা দিতে হবে।

ঘটনার পটভূমি:
১২ সেপ্টেম্বর, বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিটাক ভবনের বালুর মাঠে সংঘর্ষ ঘটে। এতে উপাচার্যসহ ১৪ শিক্ষার্থী আহত হন। তদন্ত কমিটির প্রতিবেদন ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে শাস্তি আরোপ করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




এমকে নারী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেকআপ ট্রেনিং অনুষ্ঠিত

নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে এমকে নারী কল্যাণ সোসাইটি। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। আজকের প্রশিক্ষণ সেশনটি ছিলো মেকআপ কোর্স বিষয়ক, যেখানে অংশগ্রহণকারীরা সৌন্দর্যচর্চা ও পেশাগত মেকআপ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতা করেছে জাতীয় যুব শক্তি ও ব্যাক। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণী ও নারী সমাজকে দক্ষ করে তোলা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা।

এমকে নারী কল্যাণ সোসাইটির কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক নারীকে আত্মনির্ভরশীল ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের আড়িয়াল খাঁ নদীতে উদ্ধার হলো বিশালাকৃতির নোঙর

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় আড়িয়াল খাঁ নদীর তলদেশ থেকে বিশালাকৃতির একটি নোঙর উদ্ধার করা হয়েছে। নোঙরটি উদ্ধারে স্থানীয় জেলেরা দুই দিনের প্রচেষ্টা চালিয়ে ডুবুরিদের সহায়তায় নদ থেকে তুলে আনেন।

হবিনগর গ্রামের স্থানীয় জেলে জসিম উদ্দিন জানান, তিনি পাঙাশ মাছ ধরার জন্য জাল ফেলছিলেন। কিছুক্ষণ পর জালটি কোনো কিছুর সঙ্গে আটকে যায়। প্রথমে মনে হয়েছিল কোনো গাছের মূল আটকে গেছে, পরে দেখা যায় এটি একটি লোহার নোঙর।

স্থানীয়রা নোঙরটির পুরনো হওয়ায় ধারণা করছেন, এটি ব্রিটিশ বা পাকিস্তান আমলে ব্যবহৃত বড় জাহাজ থেকে নদে পড়ে থাকতে পারে। নোঙরের দৈর্ঘ্য প্রায় সাত ফুট এবং স্থানীয় অনুমান অনুযায়ী ওজন দেড় থেকে দুই টনের মধ্যে। নোঙরের সঙ্গে লোহার মোটা শিকলও পাওয়া গেছে।

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘নোঙরটি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচ্য। বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় প্রবীণ জেলে জামাল পঞ্চায়েত ও বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এত বড় নোঙর কীভাবে নদে এল, তা এখনও অজানা এবং বিষয়টি তদন্তাধীন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫