আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন

চন্দ্রদ্বীপ নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের  তফসিল ঘোষণা করার পর সকল সংসদীয় আসনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ  স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭ এর দফা (১) ও (২) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৫ অনুযায়ী গণভোট অনুষ্ঠানের উদ্দেশ্যে  নির্বাচনি এলাকাসমূহের জন্য বর্ণিত কর্মকর্তাগণকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করিতেছে।’

প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিনজন নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তাসহ (আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা) মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।




আজ মেডিকেল ভর্তি পরীক্ষা সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে থাকার নির্দেশ, ভুল উত্তরে নম্বর কর্তন

চন্দ্রদ্বীপ নিউজ :  দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে আজ শুক্রবার সকাল ১০টায়  ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হবে।

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কেন্দ্রের প্রবেশ পথ বন্ধ হয়ে যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে।

এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। এবারের নতুন যোগ হওয়া মানবিক গুণাবলি বিষয়ের কারণে ১৫ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী, ঘড়িসহ অন্য কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সকাল সাড়ে ৯টায় পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথ বন্ধ হয়ে যাবে।

এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) প্রতিটি ১ নম্বর করে মোট ১০০ নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫।

পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। এ ছাড়া, এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে।

আর লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এই দুইয়ের যোগফলেই মেধাতালিকা চূড়ান্ত হবে।

এ বছর সরকারি ও বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিক্যাল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৬ হাজার ১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। অর্থাৎ এমবিবিএস কোর্সে মোট ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি আসন রয়েছে।




শীতের সবজির বাজারে স্বস্তি বাড়তি পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম

চন্দ্রদ্বীপ নিউজ : নিত্য প্রয়োজনীয় পণ্য যখন ক্রেতার নাগালের বাহিরে তখন  শীতের সবজির সরবারহ বাড়ায় বাজারে  কিছুটা স্বস্তি এসেছে  ।

পাঁচ দিন আগে বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম বেড়েছে। এখন নতুন দরেই সব দোকানে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। তেলের সঙ্গে বাড়তি রয়েছে পুরোনো পেঁয়াজের দামও। তবে বাজারে দাম কমেছে ডিমের। সেই সঙ্গে বেশির ভাগ সবজির দাম এখন কমতির দিকে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, শীত মৌসুমের বিভিন্ন সবজির সরবরাহ বেড়েছে। এ কারণে এসব সবজির দাম কমেছে। চলতি মাসের শেষ দিকে সবজির দাম আরও কমবে বলে জানান বিক্রেতারা।

কয়েক দফা চেষ্টার পরে ৭ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়েছে ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো, তাতে সয়াবিন তেলের এক লিটারের বোতলের দাম ১৯৫ টাকায় উঠেছে। ৫ লিটারের বোতলের দাম এখন ৯৫৫ টাকা করা হয়েছে। গতকাল বাজারে গিয়ে দেখা যায়, সব দোকানেই নতুন এই দরেই সয়াবিন বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে।

বাজারে পেঁয়াজের দামও এখন বাড়তি। যদিও নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। মুড়িকাটা পেঁয়াজের কেজি ১০০–১১০ টাকা। পুরানো পেঁয়াজের দাম আরও বেশি, কেজি ১৩০–১৪০ টাকা। বিক্রেতারা জানান, নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।

মৌসুমের আরেক নতুন পণ্য আলু। তবে পণ্যটির দাম তুলনামূলক বেশি। বাজারে প্রতি কেজি নতুন সাদা আলু বিক্রি হচ্ছে ৪০–৫০ টাকা। আর নতুন লাল আলুর কেজি ৭০ টাকার আশাপাশে। কয়েক দিন আগে নতুন আলুর দাম এক শ টাকার ওপরে ছিল। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে। তবে পুরোনো আলুর দাম কম। কেজি ২০–২৫ টাকা।

গত দুই সপ্তাহ ধরে ডিমের দাম কম রয়েছে। ফার্মের মুরগির এক ডজন ডিমের দাম এখন ১২০ টাকা। আগে এটি ১৪০ টাকা ছিল। এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৭০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

সরবরাহ বাড়ায় বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার বাজারে প্রতি পিস ফুলকপি ও বাধাকপি ৪০–৫০ টাকা, লাউ ৫০–৬০ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৬০–১০০ টাকা, মুলা ৩০–৪০ টাকা, শালগম ৪০–৬০ টাকা, শিম ৪০–৫০ টাকা ও দেশি টমেটো ১১০–১২০ টাকায় বিক্রি হয়েছে।




৩২ ঘণ্টা পর তানোরে গভীর নলকূপের গর্ত থেকে শিশু স্বাধীন উদ্ধার

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু স্বাধীনকে দীর্ঘ ৩২ ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার শেষে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের বিশেষায়িত রেসকিউ টিম কয়েক দফা জটিল অভিযান শেষে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক

ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে। পরিবারের বাড়ির পাশের বহুদিনের অকেজো গভীর নলকূপটির মুখ খোলা ছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত সেখানে পড়ে যায় শিশু স্বাধীন। তার বাবার নাম রাকিব। নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের

ফায়ার সার্ভিস জানিয়েছে, মূল গর্তের পাশ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে উদ্ধারকারী দল ৪৫ ফুট পর্যন্ত খনন করেও তাকে খুঁজে না পেলেও অভিযান থামানো হয়নি। সন্ধ্যা পর্যন্ত বিরামহীনভাবে উদ্ধার কাজ চালানো হয় এবং শেষ পর্যন্ত শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়া যায়।

মানবিক এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে, তবে খোলা থাকা গভীর নলকূপের কারণে এমন দুর্ঘটনা ভবিষ্যতে রোধে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এক ভাষণের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ জানিয়ে দেন। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ–২০২৫-এর ওপর গণভোটও অনুষ্ঠিত হবে, যা এই নির্বাচনের গুরুত্ব ও পরিধিকে আরও বাড়িয়ে তুলেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর। বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করার শেষ দিন ১১ জানুয়ারি, আর এসব আপিল নিষ্পত্তির সময়সীমা রাখা হয়েছে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত, এরপর নীরবতা পর্ব কার্যকর হবে।

এর আগে বুধবার নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করা হয়, যা আজ প্রচারিত হয়। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আসন বিন্যাস, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ, মোবাইল কোর্ট পরিচালনা, আইনশৃঙ্খলা সেল গঠনসহ অন্তত ২০টি পরিপত্র জারি করার প্রস্তুতি নিয়েছে ইসি। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রজ্ঞাপনসহ সমস্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ছয়বার, বিএনপি চারবার এবং জাতীয় পার্টি দুইবার সরকার গঠন করেছে। তবে রাজনৈতিক অস্থিরতা, সাংবিধানিক পরিবর্তনসহ নানা কারণে বেশ কয়েকটি সংসদ তাদের পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদই কেবল পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন ইতোমধ্যে সরব হয়ে উঠেছে। মনোনয়ন, প্রচারণা, জোট রাজনীতি, মাঠপর্যায়ে সমর্থন—সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে একটি উত্তপ্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে বিশ্লেষকদের মত।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মধ্যরাতে সিলেট অঞ্চলে টানা দুই ভূমিকম্প

সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা এলাকায় গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে টানা দুই দফায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট থেকে ২টা ৫৫ মিনিট—মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই বার এই ভূমিকম্পে এলাকার মানুষের মাঝে দুশ্চিন্তা তৈরি হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র নিশ্চিত করেছে, এটি হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নিয়মিত ঘটে থাকা স্বল্পমাত্রার ভূমিকম্পের অংশ, যা বড় কোনো ঝুঁকি সৃষ্টি করে না।

রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সিলেটের বিয়ানীবাজার এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উৎস ছিল অঞ্চলটির স্থানীয় ভূ-পৃষ্ঠের নিচে সঞ্চিত চাপ। এরপর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয় মৌলভীবাজারের বড়লেখায়। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩, যা তুলনামূলকভাবে দুর্বল হলেও বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র জানিয়েছে, অঞ্চলের ভূ-রাজনৈতিক অবস্থান এবং টেকটোনিক প্লেটের গতিশীলতার কারণে সিলেট, আসাম, ত্রিপুরা ও মায়ানমার সীমান্তবর্তী এই এলাকাগুলোতে এমন হালকা ভূমিকম্প প্রায় সময়ই ঘটে থাকে। এসব কম্পন সাধারণত ভূ-চাপ নিরসনে ভূমিকা রাখে এবং বড় কোনো ধ্বংসাত্মক ভূমিকম্পে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম।

পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, মৃদু ভূমিকম্পের ফলে কোনো ধরনের ঝুঁকি বা ভয় পাওয়ার প্রয়োজন নেই। এটি স্বাভাবিক ভূ-কম্পন কার্যক্রমেরই অংশ। তবুও ভূমিকম্প প্রবণ এলাকায় বসবাসকারীদের ঘরবাড়ি নির্মাণে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

মধ্যরাতে হওয়া এই দুই দফার কম্পনে স্থানীয়রা আতঙ্কিত হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




তফসিল ঘোষণা আজ

চন্দ্রদ্বীপ নিউজ : দরজায় কড়া নাড়ছে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট। সারাদেশে বইছে নির্বাচনের হাওয়া । এবারের ভোটেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশের ভবিষৎ।

আজ বৃহস্পতি বার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের  তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বিকেল চারটার দিকে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।

সরকার বারবার বলে আসছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। ইসিও সে লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নেয়। এর মধ্যে গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ দুটি ভোটের দিনক্ষণ জানাবেন সিইসি।

সময় ব্যবস্থাপনার জন্য এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ ছাড়া ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে।

অন্যদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে সরকার জানিয়েছে, তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয়, সে লক্ষ্যে কাজ করবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।




ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে নিজ এলাকায় ঝাড়ু মিছিল

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এলাকাবাসীর ব্যানারে এই প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলে অংশ নেওয়া স্থানীয়রা জানান, মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যারিস্টার ফুয়াদ বাবুগঞ্জবাসীদের ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করেন। পরে ৮ ডিসেম্বর বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি পুনরায় স্থানীয়দের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন। এসব মন্তব্যে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ঝাড়ু মিছিলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানায়।

স্থানীয় বাসিন্দা কালাম হোসেন বলেন, ‘ব্যারিস্টার ফুয়াদ বলেছেন বাবুগঞ্জের মানুষ নাকি বোমা তৈরি করে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র থাকে—এ ধরনের মিথ্যা অভিযোগ আমরা কখনো মেনে নেব না।’

মীরগঞ্জ ঘাটের ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া বলেন, ‘বাবুগঞ্জের সম্মান ও অধিকার রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। সাধারণ মানুষকে অপমান করার দায়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

স্থানীয়দের দাবি, জনসাধারণকে অপমান করার বিষয়টি তারা সহজভাবে নেবে না এবং পুরো এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূর্ঘটনা নিহত ২

চন্দ্রদ্বীপ নিউজ :  দেশের মহাসড়ক গুলোতে সড়ক দূর্ঘটনা দিন দিন বেড়েই যাচ্ছে  মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক সহ দুইজন নিহত হয়েছেন।  এতে আহত একজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

নিহতরা হলেন—শেরপুরের শ্রীবরদী উপজেলার ট্রাকচালক সোহেল (৩৫) এবং ট্রাকে থাকা টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা গ্রামের মৃত মালেক ভূইয়ার ছেলে ব্যবসায়ী আমিনুর ভূইয়া (৬৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (যাতে চাল, মুরগি ও হাঁস ছিল) সামনে থাকা কাভার্ড ভ্যনকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।




আজ নির্বাচনের সকল প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক

চন্দ্রদ্বীপ নিউজ : আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষন।

এই বৈঠকে জাতীয় নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতিও পর্যালোচনা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বলছেন, নির্বাচনের কিছু প্রস্তুতি নিতে হয় তফসিলের আগে। আর কিছু প্রস্তুতি নিতে হয় তফসিল ঘোষণার পরে। তফসিল ঘোষণার আগে যেসব প্রস্তুতি দরকার, সেগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে আগামী বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি।

সাধারণত তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এটি একধরনের রেওয়াজ। এরপরই তফসিল ঘোষণা করা হয়। সে হিসাবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আজকের বৈঠকে তফসিল ঘোষণার তারিখ ঠিক করা হতে পারে।

এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। দুটি ভোট একসঙ্গে করতে ভোটকেন্দ্র ও সময় ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভোটকেন্দ্রে গোপন কক্ষ বাড়ানো, ভোট গ্রহণের সময় বাড়ানোর বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

ইসি সূত্র জানায়, আজকের বৈঠকের আলোচ্যসূচিতে নয়টি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল–উত্তর কার্যক্রম, গণভোট আয়োজনসসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা এবং ভোটকেন্দ্র ব্যবস্থানা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি।

ইসি সূত্র জানায়, তফসিলের আগে গুরুত্বপূর্ণ ও বড় প্রস্তুতিমূলক কাজগুলোর মধ্যে আছে ভোটার তালিকা চূড়ান্ত করা, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস, আইনবিধি সংস্কার, অংশীজনদের সঙ্গে সংলাপ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ইত্যাদি। এ কাজগুলো ইতিমধ্যে শেষ হয়েছে।

নির্বাচনের প্রয়োজনীয় কেনাকাটা শেষ হয়েছে। প্রার্থীদের জন্য মনোনয়নপত্র মুদ্রণ এবং নির্বাচনী এলাকাভিত্তিক ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রস্তুতের কাজও শেষ পর্যায়ে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে, এটি ভোটের আগপর্যন্ত চলবে। নির্বাচন সামনে রেখে ৮২টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিতে নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এটি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

গতকাল ইসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্টাল ব্যালটে ভোট দিতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) বিস্তারিত জানা যাবে।

ইসি আগামী নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করেছে। এটি ঠিক করা হয়েছিল শুধু সংসদ নির্বাচনের জন্য। কিন্তু এখন সংসদ নির্বাচনের সঙ্গে একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। একজন ভোটারকে দুটি করে ভোট দিতে হবে। এতে ভোট দিতে সময় বেশি লাগবে। এ জন্য ভোটকেন্দ্র বা ভোটকক্ষ বাড়াতে হবে কি না, তা বুঝতে রাজধানীর একটি ভোটকেন্দ্রে ‘মক ভোটিং’ (ভোটের মহড়া) এর আয়োজন করেছিল ইসি। ওই ‘মক’ ভোটের প্রাথমিক তথ্য পর্যালোচনায় ইসি বলেছে, প্রতিটি ভোটকক্ষে একটির জায়গায় দুটি করে গোপন কক্ষ (যেখানে গিয়ে ভোটার ব্যালট পেপারে সিল দেন) স্থাপন করা হলে ভোটকেন্দ্রের সংখ্যা আর বাড়াতে হবে না ।