সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছরের সীমা কাটল, বিশেষ সুবিধা থাকছে কারা?

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ৩২ বছরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত জটিলতা দূর করতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। এর ফলে আগের অধ্যাদেশে সীমাবদ্ধতার কারণে যে অসুবিধা সৃষ্টি হয়েছিল, তা আর প্রযোজ্য হবে না।

সংশোধিত অধ্যাদেশের নাম—‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। এটি রাষ্ট্রপতির অনুমোদনে সোমবার জারি হয়েছে।

গত বছরের ১৮ নভেম্বর জারি হওয়া পূর্ববর্তী অধ্যাদেশে সব সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। এতে মুক্তিযোদ্ধাদের সন্তান, চিকিৎসক, প্রতিবন্ধী ব্যক্তি এবং কিছু বিশেষায়িত পদের প্রার্থীদের বয়সসুবিধা বাতিল হয়ে যায়। এছাড়া কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট পদগুলোর নির্ধারিত বেশি বয়সসীমাও কার্যকর থাকেনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব ও চাকরিপ্রার্থীদের দাবি মোতাবেক নতুন অধ্যাদেশে ধারা-৩(ক) সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে বলা হয়েছে—যেখানে কোনো পদে আগেই নির্ধারিত বয়সসীমা ৩২ বছরের বেশি, সেখানে সেই সীমা বহাল থাকবে। অর্থাৎ, বিশেষ কারণে পূর্বে নির্ধারিত বয়সসীমা বজায় থাকবে, ৩২ বছরের বাধ্যতামূলক সীমা প্রযোজ্য হবে না।

উদাহরণ হিসেবে, ‘সরকারি অফিসের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুযায়ী—

  • পরিচালক, মহাব্যবস্থাপক, উপপরিচালক, সিস্টেম ম্যানেজার, সিনিয়র সিস্টেম এনালিস্ট ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪৫ বছর।
  • সিস্টেম এনালিস্ট, সিনিয়র প্রোগ্রামার ও অপারেশন ম্যানেজারের জন্য বয়সসীমা ৪০ বছর।
  • সহকারী সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার ও কম্পিউটার সুপারভাইজারের জন্য বয়সসীমা ৩৫ বছর নির্ধারিত ছিল।

নতুন সংশোধনের মাধ্যমে এসব সুবিধা পুনরায় কার্যকর হলো। ফলে বিশেষায়িত ও কারিগরি পদের চাকরিপ্রার্থীরা আগের নির্ধারিত বয়সসীমার সুবিধা পাবেন, যা তাদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা যাচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

 




ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের অন্তর্ভুক্ত সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের চান্দুরা-বুধন্তি এলাকার একাংশের মানুষের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক রয়েছে রুমিন ফারহানার। নিজ জন্মস্থান বিজয়নগরসহ পুরো এলাকায় তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয়তা এবং কর্মী-সমর্থকদের সক্রিয় উপস্থিতি রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রাজনৈতিক অঙ্গনে এই আসনটি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। গত সপ্তাহেই ব্যারিস্টার রুমিন ফারহানা প্রকাশ্যে ঘোষণা দেন যে, তিনি সরাইল-আশুগঞ্জ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন। মঙ্গলবারও তিনি গণমাধ্যমকে মোবাইল ফোনে একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

নির্বাচন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করি, জনগণই ভোটের মাধ্যমে তাদের মতামত জানাবে। বিজয়ের বিষয়ে আমি আশাবাদী।”

অন্যদিকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এই আসনে প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল-হাবীবকে চূড়ান্ত করেছে। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদী।

আসন্ন নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ত্রিমুখী নয়, বরং বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাংলাদেশ–পাকিস্তান ইস্যুতে নীরব থাকবেন না মোদি: বিজেপি নেতা

বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ থাকবেন না বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক শীর্ষ নেতা। তাঁর দাবি, আন্তর্জাতিক অঙ্গনে মোদির প্রভাব এতটাই শক্তিশালী যে চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরাও তাঁকে ভয় পায়।

ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার এলাকায় একটি হিন্দু সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সনাতন ধর্ম সেবার প্রেসিডেন্ট মোহন্ত রাম সারন দাস আচার্য্যের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ‘বন্ধ’ ঘোষণা করা হলে স্থানীয় কিছু ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ রেখে সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নিয়ে জম্মু–কাশ্মীর বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা সুনীল শর্মা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গে নরেন্দ্র মোদি কোনোভাবেই নীরব থাকবেন না। তাঁর মতে, মোদি বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের কাছে, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য, এক আশার প্রতীক।

সুনীল শর্মা আরও দাবি করেন, ২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিকভাবে একটি সুপারপাওয়ারে পরিণত হওয়ার পথে রয়েছে। এই অগ্রযাত্রা থামাতে কিছু দেশ ইচ্ছাকৃতভাবে ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপি নেতার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও চীনের মতো শক্তিশালী দেশগুলোও নরেন্দ্র মোদির প্রভাবকে ভয় পায়। তিনি বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে বিদেশি উসকানির ফল হিসেবে উল্লেখ করে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন বিলম্বিত করতেই এসব পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

ইকোনোমিক টাইমসের সূত্র উল্লেখ করে সুনীল শর্মা দৃঢ়তার সঙ্গে বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানে সৃষ্ট পরিস্থিতি নিয়ে মোদিজি অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রামগতিতে ধরা পড়ল ২৪০ কেজির বিরল শাপলা পাতা মাছ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৪০ কেজি ওজনের বিরল ও বিশাল আকৃতির শাপলা পাতা মাছ, যা স্থানীয়ভাবে ‘হাউস মাছ’ নামে পরিচিত। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বড়খেরী মাছঘাট বাজারে নিলামে মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কীর্তন মাঝি ও তাঁর সহযোদ্ধা জেলেরা প্রতিদিনের মতো রামগতির দক্ষিণে মেঘনা নদীর মোহনার কাছে মাছ ধরছিলেন। ভোরের দিকে জাল তুলতে গিয়ে তাঁরা অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে নিজেদের ট্রলারের ১২ জন জেলে এবং পাশের আরেকটি ট্রলারের জেলেদের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে বিশাল আকৃতির মাছটি ট্রলারে তুলতে সক্ষম হন।

বাঁশ ও দড়ির সাহায্যে প্রায় ছয়জন জেলে মাছটি ডাঙায় তোলেন। মাছটির বৃত্তাকার প্রস্থ প্রায় সাড়ে ১১ ফুট এবং লেজসহ দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট বলে জানা গেছে। পরে মাছটি রামগতির বড়খেরী মাছঘাটে নিয়ে আসা হয়।

বিকেলে মোতালেব বেপারীর আড়তে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারি ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ বিক্রেতা কীর্তন মাঝি বলেন, “দীর্ঘদিন ধরে মাছ ধরতে গিয়ে লোকসান হচ্ছিল। ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। এত বড় মাছ পেয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। তবে ভালো ক্রেতা না থাকায় তুলনামূলক কম দামে বিক্রি করতে হয়েছে।”

স্থানীয় মাছ ব্যবসায়ী মুসা আহমেদ হিমু ও শাকিল জানান, বর্তমানে এ ধরনের শাপলা পাতা মাছ খুবই বিরল। এমন বড় মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী—সবার মধ্যেই আনন্দের অনুভূতি কাজ করে।

এদিকে বিশাল আকৃতির এই মাছটি দেখতে বড়খেরী মাছঘাটে স্থানীয় মানুষের ভিড় জমে। অনেকেই স্মৃতিচিহ্ন হিসেবে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গণমাধ্যম সহ্য করতে না পারলে জনগণের প্রতিনিধি হওয়া যায় না: জহির উদ্দিন স্বপন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্য সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। যিনি গণমাধ্যমকে সহ্য করতে পারেন না বা গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেন, তিনি কখনোই জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারেন না।

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশাল উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, “যে ক্ষমতাবান ব্যক্তি গণমাধ্যমকে সুযোগ দেয় না কিংবা সমালোচনা সহ্য করতে পারে না, তাকে বুঝতে হবে—সে নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক—জনগণের প্রতিনিধিত্ব করে না।”

তিনি আরও বলেন, জবাবদিহিতার সংস্কৃতিই একটি সভ্য রাষ্ট্র ও সমাজের মূল ভিত্তি। গণমাধ্যমই রাষ্ট্র ও সমাজকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। তাই গণমাধ্যম ছাড়া কোনো সভ্য সমাজ কল্পনা করা যায় না।

গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, মো. হানিফ সরদারসহ অন্যান্য বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের ধানের শীষ প্রতীকের লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




১১৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

জাতীয় পার্টি (একাংশ) ও জাতীয় পার্টি (জেপি)-এর নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (একাংশ)-এর চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

শীর্ষ ও হেভিওয়েট প্রার্থীরা

ঘোষিত তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—
আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২), এবিএম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ (ঢাকা-১০), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৩), শেখ শহিদুল ইসলাম (মাদারীপুর-৩), গোলাম সারোয়ার মিলন (মানিকগঞ্জ-২), শাহ মোহাম্মদ আবু জাফর (ফরিদপুর-২) এবং নাসরিন জাহান রতনা (বরিশাল-৬)।

এছাড়াও বিভিন্ন আসনে সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের প্রার্থী করা হয়েছে।

একাধিক প্রার্থী দেওয়া আসন

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১টি আসনে একাধিক প্রার্থী দিয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮।

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক ও রাজনৈতিক নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




তারেক রহমান কে স্বাগত জানাতে দেশজুড়ে ঢাকামুখী মানুষের ঢল

চন্দ্রদ্বীপ নিউজ :  দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাষিত জীবনের পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। দলটির নেতাদের মতে, ২৫ ডিসেম্বর শুধু একজন নেতার দেশে ফেরা নয় এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এ উপলক্ষে রাজধানী ঢাকায় ইতিহাসের অন্যতম বৃহৎ সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ২৫ ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক ঢাকায় সমবেত হবেন। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগসহ বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বরিশাল বিভাগের ছয় জেলা থেকে লক্ষাধিক মানুষ ঢাকায় যাবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বিভাগজুড়ে লঞ্চ, বাসসহ বিভিন্ন যানবাহন আগাম ভাড়া করা হলেও চাহিদার তুলনায় যানবাহন সংকট দেখা দিয়েছে। এ কারণে অনেক নেতাকর্মী ২৪ ডিসেম্বরের আগেই ঢাকায় অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, তারেক রহমানের দেশে ফেরা দলের জন্য নতুন অধ্যায় তৈরি করবে এবং সংগঠনের ভেতরে শৃঙ্খলা ফিরে আসবে। মহানগর বিএনপির নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটবে ২৫ ডিসেম্বর। জেলা দক্ষিণ বিএনপির পক্ষ থেকেই প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানান, ভোলা থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থককে ঢাকায় নিতে ১০টি লঞ্চ ভাড়া করা হয়েছে, যা একাধিক ট্রিপে চলবে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থকও ঢাকায় যেতে আগ্রহী। তবে যানবাহন সংকটের কারণে অনেকেই আগেভাগেই রাজধানীতে রওনা হয়েছেন।




হাদির হত্যাকারী দেশে বা বিদেশে থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী দেশের ভেতরেও থাকতে পারে, আবার দেশের বাইরেও অবস্থান করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাদি হত্যাকাণ্ডের মূল আসামির অবস্থান সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা যদি নিশ্চিতভাবে জানতে পারতাম সে কোথায় আছে, তাহলে ইতোমধ্যেই তাকে গ্রেপ্তার করা হতো। সে দেশেও থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে।”

তিনি আরও জানান, যদি ওই আসামি বিদেশে গিয়ে থাকে, তবে তা বৈধ পথে নয়। তবে সে অবৈধ পথে বিদেশে গেছে কি না—সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই ঘটনায় জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি জানান, এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযানে পুলিশ, র‍্যাব ও বিজিবির মাধ্যমে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের মূলহোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, তার মা-বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে বলেন, “পদত্যাগ করলে তো আর এখানে বসে কথা বলতাম না।”

তিনি আরও জানান, দেশে নিরাপত্তা ঝুঁকিতে থাকা অন্তত ২০ জন রাজনীতিবিদকে একজন করে গানম্যান দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনেকে গানম্যান নিতে আগ্রহ দেখাননি বলেও জানান তিনি।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “নিরাপত্তার সব বিষয় প্রকাশ করা সম্ভব নয়, তবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




পিরোজপুরে ৪০ লাখ টাকার বিশেষ বরাদ্দ লোপাট ও ফাইল গায়েবের অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকার ফাইল গায়েব এবং অর্থ লোপাটের অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (সিএ) মো. ইয়াসির আরাফাতের বিরুদ্ধে। স্থানীয় পর্যায়ে এই ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

সূত্রে জানা গেছে, তিনটি প্রকল্পের মাধ্যমে এই অর্থ লোপাট করা হয়েছে:

  1. উপজেলা ডরমেটরি ভবন সংস্কারের জন্য বরাদ্দ করা ১০ লাখ টাকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের প্রতিষ্ঠান ‘শফিক এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে নামমাত্র কাজের আড়ালে ব্যবহার করা হয়েছে।

  2. উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনের রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা ২০ লাখ টাকা সদর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোজাম খানের প্রতিষ্ঠান ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে লোপাটের অভিযোগ।

  3. ইউএনও অফিস সংস্কারের নামে বরাদ্দ করা ১০ লাখ টাকা পার্শ্ববর্তী কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমনের প্রতিষ্ঠান ‘মেসার্স আল মাহমুদ এন্টারপ্রাইজ’-এর নামে ব্যবহার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ইয়াসির আরাফাত তার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিতদের লাইসেন্স ব্যবহার করে লোক দেখানো দরপত্রের মাধ্যমে কাজগুলো নিয়ন্ত্রণ করেন এবং নামমাত্র কাজের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন।

তৎকালীন উপজেলা প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেছেন, “আমি এই কাজ বা বরাদ্দ সম্পর্কে কিছুই জানি না।”
অডিটে দেখা গেছে, সংশ্লিষ্ট কাজের কোনো ফাইল দেখানো যায়নি। অডিটর নূরে আলম জানান, তদন্তে ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে, বিশেষ করে নাজিরপুর সদরের পাকমঞ্জীল মাদরাসা এবং বৈরাগী এলাকার প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের সত্যতা পাওয়া গেছে। তিনি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে জমা দিয়েছেন।

তৎকালীন ইউএনও মো. ফজলে রাব্বি বলেন, “অফিস থেকে ফাইল গায়েব হওয়ার কথা নয়। ইঞ্জিনিয়ারের স্বাক্ষর ছাড়া কোনো ফাইলে সই করিনি। কাজ শেষ হওয়ার আগে বিল উত্তোলনের বিষয়টি খোঁজ নিয়ে জানাব।”
মূল অভিযুক্ত সিএ মো. ইয়াসির আরাফাত নিজেকে মানসিকভাবে অসুস্থ দাবি করে বলেন, “এসব বিষয়ে এখন কোনো কথা বলব না, অফিসে আসেন।”
বর্তমান ইউএনও শাজিয়া শাহনাজ তমা জানান, তিনি নতুন যোগদান করেছেন, তাই আগের কাজের বিষয়ে বিস্তারিত জানেন না।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




তারেক রহমানের প্রত্যাবর্তন: বরিশাল থেকে ঢাকায় যাত্রা পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বরিশাল বিভাগের নেতারা জানিয়েছেন, এই যাত্রায় প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় উপস্থিত হবেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

প্রস্তুতি সভায় বরিশাল বিভাগের বিএনপি ও তার অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান উপস্থিত ছিলেন। সভায় এম জহির উদ্দিন স্বপন বলেন,

“১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে আসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের বরিশাল বিভাগ থেকে পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাত্রা করবেন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫