১৫ বছরে প্রকৃত ভোট হয়নি, এবার চাই সত্যিকারের নির্বাচন : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত দেড় দশকে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। ফলে ৩০ বছরের আশপাশের একটি বড় জনগোষ্ঠী কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই শূন্যতা পূরণ করতেই অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে সব রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য— মানুষ যেন নিজের ইচ্ছামতো ভোট দিতে পারে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখতে পায়। এই সরকার কোনো দলের পক্ষে নয়, আমরা নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই।”

তিনি আরও বলেন, মনোনয়ন সংগ্রহের শেষ দিন অচিরেই শেষ হবে। এরপর জনগণ পরিষ্কারভাবে জানতে পারবে, কারা কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে নতুন করে শক্তিশালী করবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, সেই পরিবর্তনের পেছনে তরুণদের আত্মত্যাগ রয়েছে। তাদের দাবির ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকা শতভাগ বাস্তবায়িত না হলেও জনগণের সামনে উন্মুক্তভাবে উপস্থাপন করা হবে, যাতে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারে— তারা কী ধরনের পরিবর্তন চায়।

তিনি জানান, এসব সংস্কার বিষয়ে আলাদাভাবে গণভোট অনুষ্ঠিত হবে। জনগণ যদি তালিকার ৮০-৯০ শতাংশ বিষয়ের সঙ্গে একমত হয়, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে পারবে। আর একমত না হলে ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। জনগণের মতামতের ভিত্তিতেই পরবর্তী নির্বাচিত সরকার এসব পরিবর্তন বাস্তবায়নের দায়িত্ব নেবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশকে আবার স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। যাতে ভবিষ্যতে কেউ জনগণের অধিকার হরণ করতে না পারে। এই দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। কারণ, নির্বাচিত প্রতিনিধিরা আবার ভোটের জন্য জনগণের কাছেই ফিরে আসবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন, ঝিনাইদহ-৪ এ ধানের শীষে নির্বাচন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খাঁন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে তার নতুন রাজনৈতিক পথচলার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নীতিনির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে রাশেদ খাঁনকে প্রার্থী করা হয়েছে। তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে রাশেদ খাঁনের পক্ষে কাজ করতে হবে এবং তাকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

বিএনপিতে যোগদানের আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খাঁন। পদত্যাগপত্রে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে কোনো আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় সংসদ নির্বাচনে কার্যকর ভূমিকা ও বিজয়ের সম্ভাবনা বিবেচনায় রেখেই রাশেদ খাঁন বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্ত ঝিনাইদহের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




বেবিচকের পরিচালক ‘পলাতক’, দেশ ছাড়ার অভিযোগে বিভাগীয় মামলা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস বিভাগের বর্তমান পরিচালক (এয়ারওয়ার্দিনেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তাকে ‘পলাতক’ উল্লেখ করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে বেবিচক।

বেবিচকের দায়িত্বশীল সূত্র জানায়, মোহাম্মদ আবু সাঈদ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সম্প্রতি বেবিচক প্রশাসন বিভাগ তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছে।

সূত্র অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে মোহাম্মদ আবু সাঈদ মালয়েশিয়ায় চাকরিতে যোগদানের অনুমতি চেয়ে বেবিচকে আবেদন করেন। বিষয়টি ২৭ জুলাই ২০২৫ তারিখে প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে মন্ত্রণালয় থেকে অতিরিক্ত তথ্য চাওয়ার পর সেই প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই তিনি কর্মস্থলে অনুপস্থিত হয়ে পড়েন।

বেবিচক সূত্র আরও জানায়, তিনি ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ১০ দিনের ছুটি নেন। ছুটি শেষ হওয়ার পর কোনো ধরনের পূর্বানুমতি বা ব্যাখ্যা ছাড়াই তিনি আর কর্মস্থলে যোগদান করেননি। এরপর দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার অবস্থান নিশ্চিত করা যায়নি।

প্রশাসন বিভাগ জানায়, অভিযুক্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়ে একাধিকবার নোটিশ পাঠানো হয়। তার দাপ্তরিক ও ব্যক্তিগত ই-মেইল, হোয়াটসঅ্যাপ নম্বর এবং অফিসিয়াল ঠিকানায় লিখিত নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব পাওয়া যায়নি। এমনকি তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো চিঠিও ফেরত আসে।

কোনো অনুমতি ছাড়াই টানা ৬০ দিনের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় বেবিচকের কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১ অনুযায়ী তার এই অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে গণ্য করা হয়েছে। একই সঙ্গে এটি গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হওয়ায় শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরে মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে বিভাগীয় মামলা (মামলা নম্বর–১১/২০২৫) দায়ের করা হয়। অভিযোগপত্রে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও সর্বশেষ ২৭ ডিসেম্বর দুপুর পর্যন্ত তিনি কোনোভাবে উপস্থিত হননি।

বেবিচক সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তসহ চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে মোহাম্মদ আবু সাঈদের ব্যবহৃত তিনটি গ্রামীণফোন ও একটি রবি নম্বর বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ নম্বরেও তার কোনো সাড়া মেলেনি।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, চালককে কুপিয়ে গুরুতর জখম

কুষ্টিয়ায় গভীর রাতে মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনায় এক ট্রাকচালককে কুপিয়ে গুরুতর আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। ঘন কুয়াশার সুযোগ নিয়ে সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন শান্তিডাঙ্গা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। আহত ট্রাকচালক আলমগীর হোসেন (৩৫) যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের সাহেব আলী মরলের ছেলে।

আলমগীর হোসেন যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাতের ঘন কুয়াশার কারণে ধীরগতিতে চলছিল ট্রাকগুলো। শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে সামনে কয়েকটি গাড়ি আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকায় সড়কে যান চলাচল সাময়িকভাবে থেমে যায়। এই সুযোগে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটির কাছে এসে চালককে জোরপূর্বক দরজা খুলতে বলে।

চালক দরজা খুলতে অস্বীকৃতি জানালে ডাকাতরা দরজায় ধাক্কাধাক্কি করে ভেতরে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্র দিয়ে আলমগীর হোসেনকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তার কাছ থেকে প্রায় ৮০০ থেকে ৯০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আরও টাকা দাবি করলে চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা দ্রুত কুয়াশার মধ্যে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় আলমগীর হোসেন নিজেই ট্রাক চালিয়ে নিকটবর্তী পুলিশ ডিউটি পয়েন্টে পৌঁছান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত চালক আলমগীর হোসেন বলেন, “রাতে এত কুয়াশা ছিল যে দশ হাত দূরের কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তা বন্ধ থাকায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ মুখ বাঁধা এক লোক দরজায় টানাটানি করে ঢুকে পড়ে। টাকা না দিলে আমাকে হাতে ও ঘাড়ে কোপ মারে। প্রাণে বাঁচতে যা ছিল দিয়ে দেই।”

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়। ঘন কুয়াশার কারণে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে মহাসড়কে রাতে এ ধরনের ডাকাতির ঘটনায় চালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। দ্রুত টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো-এর কবর জিয়ারত করেছেন।

জিয়ারতের আগে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) ভবনে গিয়ে নিজের এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। ইসি সূত্রে জানা গেছে, তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র পাবেন। এদিন তার মেয়ে জায়না জারনাজ রহমানের ভোটার নিবন্ধনও সম্পন্ন হয়েছে।

এর আগে তারেক রহমান জাতীয় কবি কাজি নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি-এর কবরও জিয়ারত করেন।

তিনি শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখার পরিকল্পনা করেছিলেন। তবে হাসপাতালে কোনো আহত জুলাই যোদ্ধা না থাকায় এই প্রোগ্রাম বাতিল করা হয়।

ছোট ভাই কোকোর কবর জিয়ারত ও বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন করে তারেক রহমান পরিবারের প্রতি ও দেশের রাজনীতিতে শান্তি ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহীদ ওসমান হাদির বোন

ঝালকাঠিতে শহীদ শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর রাজনীতি এগিয়ে নেওয়ার লক্ষ্যে তার বোন মাছুমা বিন হাদি ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) নলছিটি পৌর শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, শহীদ ওসমান বিন হাদি ইনসাফভিত্তিক রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার আকস্মিক প্রয়াণের পর এই আদর্শকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পরিবারের কাউকে নিতে হবে। বক্তারা আশা প্রকাশ করেন, মাছুমা বিন হাদির মাধ্যমে শহীদ হাদির অসমাপ্ত রাজনৈতিক সংগ্রাম ও ইনসাফের রাজনীতি চালু রাখা সম্ভব হবে।

মানববন্ধনে বক্তব্য দেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক এবং আবু হানিফসহ অন্যান্যরা। তারা বলেন, মাছুমা বিন হাদি প্রার্থী হলে তিনি ইনসাফের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে শহীদ হাদির স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন।

এ বিষয়ে মাছুমা বিন হাদি সাংবাদিকদের বলেন, “শহীদ ওসমান হাদি সব সময় ইনসাফের কথা বলতেন। তার আদর্শের জন্য জীবন দিয়েছেন। সেই পথ এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার।”

শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন দেশের রাজনীতিতে ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের নির্ভীক কণ্ঠ, যিনি অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করার চেষ্টা করেছিলেন। তার প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার সেই আদর্শকে সাংগঠনিক ও সাংস্কৃতিক রূপ দিয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে ডেভিল হান্ট অভিযানে রাজনৈতিক সাংবাদিক গ্রেপ্তার

বরিশালে ডেভিল হান্ট অভিযান চলাকালীন স্থানীয় এক সাংবাদিক ও উপজেলা রাজনৈতিক নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নুরুল ইসলাম হাওলাদার, যিনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার উজিরপুর প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয় সূত্র এবং উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম নিশ্চিত করেছেন, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নুরুল ইসলাম হাওলাদারকে অভিযানকালে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারির বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, নুরুল ইসলাম হাওলাদার উজিরপুরে সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। এই গ্রেপ্তার স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




সিলেটে হঠাৎ হার্ট অ্যাটাকে প্রয়াত ঢাকা কোচ মাহবুব আলী জাকি

সিলেটে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন।

ঘটনাটি ঘটে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ শুরুর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। খেলোয়াড় এবং কোচিং স্টাফরা অনুশীলনে ব্যস্ত থাকাকালীন তিনি আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিতরা সঙ্গে সঙ্গে সিপিআর দিয়ে চেষ্টা করেন, এরপর দ্রুত তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকের প্রচেষ্টা সত্ত্বেও তিনি বাঁচানো সম্ভব হয়নি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাহবুব আলী জাকি দেশের ক্রিকেটে বিশেষ পরিচিত ছিলেন। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের কোচিং স্টাফ ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক ও খেলোয়াড়রা সহকারী কোচের আকস্মিক মৃত্যুর সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন। বিপিএলের মাঠে খেলোয়াড়রা খেলতে থাকলেও দলের সব সদস্যের মনে শূন্যতা ও বেদনা বিরাজ করছে।

মাহবুব আলী জাকির মৃত্যু সাম্প্রতিক সময়ে ক্রিকেটাঙ্গনে ঘটে যাওয়া অন্য মর্মান্তিক ঘটনার কথাও মনে করিয়ে দিয়েছে। এর আগে জাতীয় ক্রিকেট লিগ চলাকালীন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ মাঠে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন।

ঢাকার প্রথম ম্যাচের আগেই অভিজ্ঞ কোচের আকস্মিক প্রয়াণ পুরো ক্রিকেট পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক শূন্যস্থান হিসেবে মনে রাখা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ভোটার তালিকায় যুক্ত হলেন তারেক রহমান

নির্বাচন কমিশনে সশরীরে উপস্থিত হয়ে বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) কেন্দ্রে ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে তার ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগ সূত্র জানায়, প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে তারেক রহমানের এনআইডি নম্বর সর্বোচ্চ এক দিনের মধ্যেই প্রস্তুত হবে। নিয়ম অনুযায়ী যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি স্মার্ট কার্ডও সংগ্রহ করতে পারবেন।

এর আগে শনিবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

এদিকে তারেক রহমানের কন্যা জায়মা জারনাজ রহমানও ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে উপস্থিত হন। দুপুর ১২টা ২৭ মিনিটে জায়মাকে সঙ্গে নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান তার মা ডা. জুবাইদা রহমান। জানা গেছে, ইটিআই ভবনের ১০৪ নম্বর কক্ষে জায়মার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের পূর্বনির্ধারিত একটি কর্মসূচি অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনের কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত এলাকায় দুই স্তরের ব্যারিকেড বসানো হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও টিএসসি এলাকায় অবস্থান নেন। সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




একই আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান ও তার কন্যা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জায়মা জারনাজ রহমান ভোটার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছেন। বাবা ও মেয়ে—দুজনেই ঢাকা-১৭ আসনের ভোটার হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভোটার হওয়ার জন্য তারা ইতোমধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুর কবীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে সরাসরি উপস্থিত হয়ে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হয়।

তিনি আরও বলেন, বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে যাচাই করবে—আবেদনকারীর তথ্য আগে কারও সঙ্গে মিল রয়েছে কি না। কোনো মিল না থাকলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র নম্বর তৈরি হবে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি এনআইডি বা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী সকল আবেদনকারীর ক্ষেত্রেই একই প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং এতে ব্যক্তিগত হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫