ঘন কুয়াশায় ঢাকা–চাঁদপুর–বরিশাল নৌপথে লঞ্চ চলাচল স্থগিত

ঘন কুয়াশার কারণে ঢাকা–চাঁদপুর–বরিশাল নৌরুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য জানান, হঠাৎ করে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃষ্টিসীমা অত্যন্ত কমে গেছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শুধু ঢাকা–চাঁদপুর–বরিশাল রুট নয়, একই সঙ্গে ভোলা–বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌরুটেও যাত্রীবাহী লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। চলাচলরত লঞ্চগুলোকে যে যেখানে রয়েছে, সেখানেই নিরাপদ স্থানে নোঙর করে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, কুয়াশার কারণে রাতের বেলায় নদীতে নৌযান পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে বড় নদী ও মোহনায় দৃষ্টিসীমা কম থাকায় নৌদুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুয়াশা কেটে গেলে এবং নৌপথে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হওয়ায় বিভিন্ন লঞ্চঘাটে যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




হাদির কবর জিয়ারতে তারেক রহমান, আজিজ মার্কেটের সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের

শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে তিনি কবর জিয়ারতের উদ্দেশে রওনা হন।

তারেক রহমানের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, হাদির কবর জিয়ারত উপলক্ষে তারা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে।

শনিবার সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি চলবে।’

পোস্টে আরও বলা হয়, হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে শাহবাগের শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকেই ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। কনকনে শীত উপেক্ষা করেও রাতভর তারা সেখানে অবস্থান চালিয়ে যায়।

এদিকে তারেক রহমানের কবর জিয়ারত ও শাহবাগ এলাকায় চলমান অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




১০ লাখ টাকা দাবি, ৩ জন ভুয়া ডিবিকে গনপিটুনি

চন্দ্রদ্বীপ নিউজ : ভুয়া  ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় ৩ জনকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডেমরার বাঁশের পুল এলাকার এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—মো. মাহমুদুল হাসান খান, মো. রাজিব হোসেন ও মো. মনির হোসেন। এ বিষয়ে ভুক্তভোগী সোহাগ মিয়া বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারে ৪ জনের একটি দল বাঁশেরপুল এলাকার জনৈক সোহাগ মিয়ার নিজ বাসায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলো বলে জোরপূর্বক গাড়িতে উঠানোর চেষ্টা করে এবং ১০ লক্ষ টাকা টাকা দাবি করে।

এ সময়ে স্থানীয় জনতা তাদের পরিচয় জানতে চাইলে কৌশলে কয়েক জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৩ জনকে আটক করে পিটুনি দিয়ে থানা পুলিশের কাছে তুলে দেয় স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়াকিটকি ও ওয়াকির চার্জার উদ্ধার করা হয়।

 




তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা হাড়কাপানো শীতে কাপছে দেশ

চন্দ্রদ্বীপ নিউজ : প্রবাদ আছে মাঘের শীত বাঘের গায়ে ও লাগে তবে এবার মাঘ মাস  নয় পৌষের তীব্র শীতেই কাপিয়ে দিচেছ দেশ ।  দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

বর্তমানে দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলার মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, যশোর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী। শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বশেষ আজ শনিবার সকালে যশোরে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, হালকা থেকে ঘন কুয়াশার প্রকোপ আরও অন্তত পাঁচ দিন অব্যাহত থাকবে। এর ফলে নৌ, সড়ক ও বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে। একই সঙ্গে জানুয়ারির শুরু থেকে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মধ্যরাত থেকে সকাল সময়জুড়ে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোনো কোনো এলাকায় এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। পাশাপাশি সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কিছু এলাকায় অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, কুয়াশার এই প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে এবং জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, দেশের অভ্যন্তরের জলাধার, বিল ও হাওর থেকে উৎপন্ন কুয়াশা, বিকিরণজনিত কুয়াশা, পাহাড়ি এলাকায় সৃষ্ট কুয়াশা এবং ভারতের উত্তর–পশ্চিম দিক থেকে বায়ুতাড়িত কুয়াশা প্রবেশ করায় সামগ্রিকভাবে কুয়াশার ঘনত্ব বেড়েছে। এই কুয়াশা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বায়ুমণ্ডলে অবস্থান করায় সূর্যের আলো বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ঠান্ডার অনুভূতিও আরও তীব্র হয়ে উঠছে।




সেন্টমার্টিনগামী পর্যটন জাহাজে আগুন

চন্দ্রদ্বীপ নিউজ :   কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী ” দি আটলান্টিক কুরুজ “একটি বিলাসবহুল পর্যটকবাহী জাহাজ ।  সেন্টমার্টিনগামী  এ  পর্যটন জাহাজে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যাত্রী উঠানোর জন্য জাহাজটি ভিড়ানোর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। যাত্রী বোর্ডিং শুরুর আগেই আগুনের সূত্রপাত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।

এ বিষয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, যাত্রী ওঠানোর আগেই আগুন লাগায় কোনো যাত্রী হতাহত হননি। ওই জাহাজে থাকা প্রায় ১৮০ জন যাত্রীকে নিরাপদে অন্যান্য জাহাজে স্থানান্তর করা হয়েছে।




চরমোনাই পীর-মামুনুলের দল জামায়াত জোট থেকে আলাদা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আসন সমঝোতা নিয়ে জামায়াত ও ইসলামী দলগুলোর মধ্যে জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের বেশি আসনের চাহিদার কারণে তারা জামায়াতের সঙ্গে সমঝোতা না করে আলাদা প্ল্যাটফর্মে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে।

সূত্র জানায়, চরমোনাই পীরের দল শতাধিক আসন ও খেলাফত মজলিসের দল ২৫-৩০ আসনের দাবি করেছে। এই চাহিদা পূরণ করলে জামায়াতের আসন সংখ্যা অনেক কমে যাবে, যা জোটের মধ্যে জটিলতা সৃষ্টি করছে। অন্যদিকে জামায়াত অন্তত দুইশ আসনে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও আট দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও চলছে। “জামায়াতের কাছে কোনো আসন নেই, আসন সবার। আট দলের সবাই ছাড় দিবে এবং মিলেই নির্বাচনে যাবে। এনসিপির সঙ্গেও আলোচনা হচ্ছে। আরও কিছু দল আসন চাওয়ার জন্য যোগাযোগ করছে,” তিনি বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, “যেহেতু কোনো জোট চূড়ান্ত হয়নি, এখানে পাওয়া-না-পাওয়ার বিষয় নেই। আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে কার কোথায় আসন দেওয়া হবে। সব কিছু সমঝোতার ভিত্তিতেই হচ্ছে।”

খেলাফত মজলিসের শীর্ষ নেতা জানান, তারা সম্মানজনক আসন না পেলে বিকল্প প্ল্যাটফর্মে ভোটে অংশ নেবে। তবে সব দলই চায় আসন সমঝোতা ও ঐক্য অটুট রাখার। বর্তমানে দলের কাঙ্খিত আসনের প্রায় ৬০ শতাংশ সমাধান হয়েছে এবং অন্তত ৮০ শতাংশ পূর্ণ হলে তা সম্মানজনক হবে।

জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও কিছু জটিলতা আছে, তবুও দলগুলো ঐক্য বজায় রাখতে আগ্রহী এবং বৃহত্তর সহযোগিতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সদরঘাটে ফিরতি নেতাকর্মীদের ঢল

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবার বেড়েছে বিএনপির নেতাকর্মীদের ঘরমুখী স্রোত। ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি বরণ করার আনন্দে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা নেতাকর্মীরা এখন নিজ নিজ এলাকায় ফেরার পথে উত্তেজনা ও আবেগের মিলন ঘটাচ্ছেন।

বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা থেকে আগত লঞ্চগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল উপচে পড়ার মতো। দিনের কর্মসূচি শেষে ক্লান্ত শরীরে তারা সদরঘাটে পৌঁছে শান্ত মনে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

সদরঘাট লঞ্চ টার্মিনালের প্রবেশপথ ও পন্টুন সংলগ্ন এলাকায় বিশেষভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দূর-দূরান্ত থেকে আসা ক্লান্ত নেতাকর্মীদের পানি, শুকনো খাবার এবং প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। এছাড়া স্বেচ্ছাসেবকরা লঞ্চ ও ট্রাফিক ব্যবস্থাপনাতেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয় বিএনপির নেতা ইশরাক হোসেন জানান, দক্ষিণবঙ্গের তৃণমূল নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর নেতার ফেরার অপেক্ষায় ছিলেন। আজ সেই দীর্ঘ প্রতীক্ষার দিন শেষ হয়েছে। ভোরের তুলনায় সন্ধ্যায় লঞ্চঘাটে ভিড় কিছুটা কমলেও নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ঘরে ফেরার পথে রয়েছেন।

একজন নেতাকর্মী আব্দুল মালেক জানান, “কষ্ট যা হওয়ার হইছে, কিন্তু নেতাকে দেখতে পারলাম। এই ১৭ বছরের অপেক্ষার জন্যই আজকের দিনটা স্মরণীয়।” অন্য একজন বরিশালের ব্যবসায়ী রিয়াজ জানান, “আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। নেতাকে দেখার আনন্দে মনে শান্তি পেয়েছি।”

দেশের প্রধান নদী বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৮টার পর থেকে লঞ্চগুলো ধাপে ধাপে ছাড়তে শুরু করবে। নিরাপত্তা বজায় রাখতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




ভুয়া সিল-স্বাক্ষরে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন, নেত্রকোণায় যুবক আটক

নেত্রকোণার মোহনগঞ্জে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ভুয়া সিল-স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্ম নিবন্ধন তৈরির অভিযোগে মওদুদ আহমেদ শাওন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মোহনগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থিত একটি দোকান থেকে শাওনকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাওন মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন অনলাইন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাওনের স্ত্রী ঝর্ণা আক্তার গাগলাজুর ইউনিয়ন পরিষদের একজন উদ্যোক্তা। সেই সুবাদে স্ত্রীর পরিচয়ে শাওন ইউনিয়নের জন্মনিবন্ধনসহ একাধিক অনলাইন কার্যক্রম পরিচালনা করতেন। একপর্যায়ে তিনি ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি ওয়েবসাইটের ইউজার আইডি ও পাসওয়ার্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় চার থেকে পাঁচ বছর আগে শাওন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি টেকনিক্যাল পদে আবেদন করেছিলেন। চাকরি না পেলেও পরে তিনি অনানুষ্ঠানিকভাবে আইসিটি সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পালন করতে শুরু করেন। ধীরে ধীরে টিসিবি কার্ড যাচাই-বাছাই, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ একাধিক ইউনিয়নের অনলাইন কার্যক্রমে প্রভাব বিস্তার করেন।

অভিযোগ রয়েছে, চেয়ারম্যান ও মেম্বারদের সিল ও স্বাক্ষর নকল করে ভুয়া জন্মনিবন্ধন তৈরির মাধ্যমে তিনি অবৈধ বাণিজ্য চালাতেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই বিপুল অর্থের মালিক বনে যান শাওন। স্থানীয়দের দাবি, এই অর্থ দিয়ে তিনি কৃষি যন্ত্রপাতি ক্রয় ও বিভিন্ন স্থানে জমি কিনেছেন।

এ ঘটনায় গাগলাজুর ইউনিয়ন পরিষদের সচিব রাজিব মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় শাওনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয় পাল জানান, শাওনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, দায়িত্ব গ্রহণের পর শাওনের কাছ থেকে সকল সরকারি ওয়েবসাইটের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। ভুয়া জন্ম নিবন্ধনের বিষয়টি জানতে পেরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এমন অনিয়ম যেন জেলার আর কোথাও না ঘটে সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রাখবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তারেক রহমান এভারকেয়ারে পৌঁছে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছে তাঁর মায়ের স্বাস্থ্য পরীক্ষা ও খোঁজখবর নেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে বিকেল ৪টা ১৮ মিনিটে রাজধানীর পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চ থেকে ১৫ মিনিটের বক্তব্য শেষে তিনি হাসপাতালের দিকে যাত্রা করেন। সরেজমিনে থাকা প্রতিবেদকরা জানিয়েছেন, নিরাপত্তার কারণে তিনি বুলেটপ্রুফ গাড়িতে রাস্তায় ছিলেন।

সংবর্ধনা মঞ্চে বক্তৃতা চলাকালীন তারেক রহমান বলেন, “সবার সঙ্গে মিলে এমন একটি বাংলাদেশ গড়ব, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে এবং ঘরে ফিরে আসতে পারে।”

তিনি আরও বলেন, “আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে কোনো নারী, পুরুষ বা শিশু যেন নিরাপদে বাইরে বের হতে পারে এবং ঘরে ফিরে আসতে পারে।”

বক্তৃতার শেষে তারেক রহমান জানান, “সবাই মিলে কাজ করব, গড়ব আমাদের বাংলাদেশ। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




‘মহানবী (সা.)-এর দেখানো পথে দেশ পরিচালনা করব’: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে বলেন, “আল্লাহর দয়া ও মানুষের সমর্থন থাকলে আমরা প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সক্ষম হব। আগামী দিনে মহানবী (সা.)-এর দেখানো পথে দেশ পরিচালনা করব।”

তিনি আরও বলেন, “আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। পাহাড়-সমতল, হিন্দু-বৌদ্ধ-মুসলিম সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তরুণ নারী-পুরুষ ও কৃষকের প্রত্যাশা পূরণ করতে হলে ঐক্য অপরিহার্য।”

তারেক রহমান ১৯৭১ সালের স্বাধীনতা, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা ও ১৯৯০ সালের গণতন্ত্র ফিরিয়ে আনার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫