বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে, হটস্পট থেকে মুক্তি

দীর্ঘ নয় মাস পর অবশেষে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামেছে। রোববার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন কোনো ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়নি। তবে পূর্বে আক্রান্তদের মধ্যে এখনও ১৫ জন চিকিৎসাধীন আছেন।
চলতি বছরের এপ্রিল থেকে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগ বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করে।
জেলায় ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে ৯ হাজার ৭৪২ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৬০ জন। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরগুনা সদর উপজেলায়, যেখানে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৩০ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “বরগুনায় মার্চ মাসে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়। বরিশাল বিভাগের আক্রান্ত রোগীর মধ্যে ৪৬ শতাংশই বরগুনা জেলায় আক্রান্ত হয়েছিল। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে সচেতনতা বৃদ্ধি এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে জেলায় পরিস্থিতি স্বস্তিদায়ক।”
ডা. ফাত্তাহ আরও জানান, “জেলায় প্রায় ১০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুর ঘটনা মাত্র ১৫টি ঘটেছে। স্বাস্থ্যবিধি অনুসরণ ও জনসচেতনতা বৃদ্ধির ফলে এখন বরগুনা ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








