সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরো পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠার সাথে কাজ করার জন্য হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত আরো মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে। ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উপলক্ষ্যে আজ শুক্রবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।’

তিনি বাংলাদেশ নৌবাহিনীসহ দিবসটি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে এবছর দিবসটির প্রতিপাদ্য-‘সিবেড ম্যাপিং: এনাবলিং ওশান এ্যাকশন’- যার মাধ্যমে গভীর সমুদ্রের তলদেশের মানচিত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে বলে প্রফেসর মুহাম্মদ ইউনূস মনে করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতি, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলোও তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বঙ্গোপসাগরের ওপর অনেকাংশে নির্ভরশীল। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে একটি উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সমুদ্র সম্পদকে আরো কার্যকরভাবে ব্যবহারে বিশদ, হালনাগাদ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যের কোনো বিকল্প নেই।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার হাইড্রোগ্রাফিক জরিপ, চার্ট প্রস্তুত, সকল দেশি ও বিদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্য-উপাত্ত বিনিময়ে বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী, আমাদের মহীসোপান অঞ্চল নির্ধারণ এবং সুনীল অর্থনীতি বিকাশে হাইড্রোগ্রাফিক বিভাগের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, আমাদের সামরিক ও নৌ-নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাইড্রোগ্রাফি বিভাগ সমুদ্র বন্দরের উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় আরো সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।




বরিশাল সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিকে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল সদরের গণঅধিকার সভাপতিকে বহিষ্কার

বরিশাল অফিস :: গণঅধিকার পরিষদের বরিশাল সদর উপজেলা শাখার সভাপতি মো. সবুজ হাওলাদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে জেলা কমিটি।

শুক্রবার (২০ জুন) আনুষ্ঠানিকভাবে তাকে এ বিষয়ে অবহিত করে একটি চিঠি প্রদান করা হয়। চিঠিটি গণঅধিকার পরিষদ বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়, বরিশাল সদর উপজেলার সভাপতি মো. সবুজ হাওলাদারকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ থেকে এবং দলের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে বরিশাল জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর বলেন, দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী সবুজ হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত জরুরি ছিল। দলের ভেতরে স্বচ্ছতা ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে গণঅধিকার পরিষদের এই পদক্ষেপকে অনেকেই প্রশংসা করেছেন। তবে এ বিষয়ে সবুজ হাওলাদারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।




দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আমীর খসরু

বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন।

শুক্রবার (২০ জুন) বাদ আসর রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, লন্ডনে গত ১৩ জুন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন, সেটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখানে থেকেই বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন তিনি।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে।




সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।’ ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।




বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সমাবেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০জুন) সন্ধ্যায় দেহেরগতি ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড দক্ষিণ রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। সভাপতিত্ব করেন দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা এরশাদ হোসেন ।

ইউনিয়ন সেক্রেটারি মাওঃ মোঃ ইদ্রিস হাসান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর বাবুগঞ্জ উপজেলার কেদারপুরের ইউনিয়নের সন্তান বরিশাল -৩ (বাবুগঞ্জ – মুলাদি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ   বাবর।

তিনি বলেন, এবার জনগণ চায় পরিবর্তন। দাঁড়িপাল্লা সেই পরিবর্তনের প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার জনগণ ইসলামী শক্তির পক্ষে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওঃ কাওছার হামেদী। বক্তব্য দেন, মাওলানা ইদ্রিস হাসান, মুহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ ইয়াসিন হাওলাদার প্রমূখ।




সাম্রাজ্যবাদের দালালি করার জন্য জুলাই অভ্যুত্থানে শহীদরা জীবন দেয়নি : বাসদ

চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানিকে ইজারা দেয়ার পরিকল্পনা বাতিল ও মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদের গুটি বানাবার চক্রান্ত বন্ধের দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল  অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার সকালে বরিশাল নগরীর সদর রোডে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।

এ সময়ে বক্তারা বলেন, বাংলাদেশের আমদানি ও রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। দেশের মোট আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি হয় এই বন্দর দিয়ে। দেশের মোট কনটেইনার পণ্য ওঠানামার ৫৫ শতাংশই হয় নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দিয়ে। ফলে শুধু চট্টগ্রাম বন্দরই নয়; দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এনসিটি।

বক্তরা আরো বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলো তখন তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইজারা ও সুবিধা দিয়ে ভারতসহ বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশকে খুশি রেখেছে। ঠিক একইপন্থায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দর চুক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তিদের সুবিধা দিতে চাচ্ছে।

দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামের যে বিদেশী কোম্পানিকে নিউমুরিং বন্দর দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার, এই কোম্পানির সাথে আমেরিকান নেভির সরাসরি চুক্তি রয়েছে। এ কোম্পানি আন্তর্জাতিকভাবে যেসব দেশে বন্দর পরিচালনা করে সেখানে আমেরিকান নেভির জাহাজ ভিড়তে পারবে।

দক্ষিন এশিয়াতে আমেরিকান ঘাঁটি না থাকায় চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে ওই এলাকায় আধিপত্য বিস্তার করার পরিকল্পনা উড়িয়ে দেয়া যায়না। আবার মানবিক করিডোরের নামে রাখাইন রাজ্যে আরাকান আর্মিকে সহায়তা করার যে আত্মঘাতী পরিকল্পনা সরকার করছে, সেই পরিকল্পনা মায়ানমারসহ এই অঞ্চলের সাম্রাজ্যবাদী শক্তিদের সাথে আমাদের স্থায়ী দ্বন্দ্বের জন্ম দেবে যা অপ্রয়োজনীয়।

এমনকি জাতিসংঘও বলেছে তারা এই করিডোরের কথা কখনো বলেনি। তবুও অন্তর্বর্তীকালীন সরকার অতিউৎসাহী হয়ে এধরনের আত্মঘাতী পরিকল্পনা করা সাম্রাজ্যবাদী প্রভুদের খুশি করার জন্য কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

বক্তারা আরও বলেন, আমেরিকা যে দেশের বন্ধু হয় তাদের নতুন করে শত্রু প্রয়োজন হয় না। আমেরিকা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এমন কিছু চুক্তির মাধ্যমে প্রবেশ করে পরবর্তীতে সেই দেশকে কাজে লাগিয়ে তাদের স্বার্থসিদ্ধি করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধানের কাজ ছিলো জুলাই গণহত্যার বিচারের ব্যবস্থা করা ও দেশের অভ্যন্তরীণ আইন পরিস্থিতি ঠিক করে দ্রুত নির্বাচন দেওয়া। তারা সেটা না করে তাড়াহুড়ো করে আমেরিকাকে সুবিধা দিতে বিভিন্ন চুক্তি করতে ব্যস্ত। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, বন্দর ইজারা দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। নিউমুরিং বন্দর ইজারা দেওয়া, মানবিক করিডোর দেয়ার পরিকল্পনার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮ জুন বাম, প্রগতিশীল ও দেশপ্রেমিক মানুষের নেতৃত্বে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে রোড মার্চ সফল করার জন্যও বক্তারা আহবান করেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম,  শহিদুল শেখ, সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।




নলছিটিতে গভীর রাতে ছেলেকে গ্রেফতার, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে মারামারির মামলায় সুমন সরদার (৩৫) নামে এক আসামীকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় বুকে ব্যথা অনুভব করেন সুমনের বাবা। এর ঘণ্টাখানেক পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. হাবিব সরদার (৫৮)।

পরিবারের ভাষ্য, গভীর রাতে পুলিশের অভিযানের মধ্যে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম  আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। আদালতের জিআরও এনামুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন।

সুমনের পরিবারের সদস্যরা জানায়, রাত আড়াইটার দিকে নলছিটি থানা পুলিশের একটি দল চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় সুমনের বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেফতার করেন। এ সময় সুমনের বাবা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে বুকে ব্যথার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, মামলার আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পর তার বোন এসে খবর দেয় বাবা স্ট্রোক করেছেন। সকালে খবর আসে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।




উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও, সন্তোষজনক না হলেই বিল বন্ধ

চলমান ও সমাপ্ত উন্নয়ন কাজের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

নলচিড়া ইউনিয়নের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের চলমান ও সমাপ্ত উন্নয়ন প্রকল্প গত ১৯ জুন দিনভর পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রিফাত আরা মৌরি যোগদানের পর থেকেই উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার সকল চলমান ও সমাপ্ত কাজ নিজে পরিদর্শন করে বিল প্রদান করেন। উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল না দিয়ে পুনরায় কাজ করার আদেশ দেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, উপজেলা ও পৌরসভায় বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে বিভিন্ন দপ্তরের প্রধানগণকে, গণমাধ্যম কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে প্রকল্প পরিদর্শন করা হচ্ছে। সবার মতামতে এসব কাজ সন্তোষজনক হলে ঠিকাদার অথবা সিপিসিকে বিল প্রদান করা হবে। তিনি আরও বলেন, প্রতিটি উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল প্রদান বন্ধ রেখে পুনরায় কাজ সঠিকভাবে করার জন্য নির্দেশ প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।




ইন্দুরকানীতে ব্রিজ ভঙে পড়েছে কয়লা বোঝাই ট্রাক, বন্ধ যান চলাচল

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লা বোঝাই একটি ট্রাকের ভারে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ। এতে কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এ দূর্ঘটনার ট্রাকে থাকা কারো কোন ক্ষতি না হলেও বন্ধ রয়েছে যান চলাচল।বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকায় খালের ওপর নির্মিত ব্রিজটি ধসে পড়ে।

জানা যায়, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হতে গেলে ভার বহন করতে না পেরে স্টিলের বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। ট্রাকটি ব্রিজসহ খালের পানিতে পড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইন্দুরকানির মালবাড়ির এই সেতুটি ছিল ঝুঁকিপূর্ণ। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছিল না। অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাকটি সেতুতে ওঠার পরই সেটি ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। বর্তমানে ট্রাকটিও খালের মধ্যে পড়ে রয়েছে, আর যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ।

বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




বাবুগঞ্জে গভীর রাতে বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের একটি হিন্দু পরিবারের বসতঘরে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী উত্তম হালদার জানান, আগুনে রান্নাঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। উত্তম হালদারের অভিযোগ, প্রতিবেশী দীনেশ, সুদেব, শিশির, প্রদীপ, বিপুল, রাজীব ও সঞ্জীব ঘরামীর সঙ্গে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। সম্প্রতি একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জের ধরে তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্তরা পাল্টা দাবি করে বলেন, তারা নিজেরাই ঘরে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। দীনেশ ও সুদেব ঘরামী জানান, ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করছে এবং মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। তারা আগুনের ঘটনাকে একটি ‘নাটক’ বলে দাবি করেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি জানান।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও পদক্ষেপের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।