আওয়ামী লীগ-বিএনপি একই ধারার দল: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলই একই চরিত্র বহন করে। শাসক পরিবর্তন হলেও দেশের জুলুমের চিত্র অপরিবর্তিত রয়ে গেছে।
রোববার লালমনিরহাটের কালেক্টর মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আওয়ামী লীগ দোষী হলে, একই অপরাধে বিএনপিও দোষী হবে। শপথ ছাড়াই ক্ষমতা দখল, বিচার বিভাগে হস্তক্ষেপ সবই চলমান। শুধু শাসকের মুখ বদলেছে, পদ্ধতির কোনো পরিবর্তন হয়নি।”
তিনি বলেন, পুঁজিবাদ ধনীকে আরও ধনী করে, গরীবকে আরও গরীব করে। অথচ ইসলাম ধনীদের মধ্যে ভারসাম্য আনে এবং গরীবদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করে। গত ১৬ বছরে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার দায় সাধারণ জনগণকে বহন করতে হচ্ছে কৃষক, শ্রমিক, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ঘামে গড়া এই টাকাই লুট হয়েছে।
ফয়জুল করীম বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ মানুষ, অথচ এই জনশক্তিকে কাজে লাগানো হয়নি। বরং তাদের মধ্যে মাদক, হিংসা, হানাহানি ঢুকিয়ে দেওয়া হয়েছে। একজন সরকারি কর্মকর্তার চেয়ে একজন ওয়ার্ড নেতার আয় বেশি—এটাই দেশের বাস্তব চিত্র। ৫ আগস্টের পর অনেকেই রাতারাতি ধনী হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ আজও নিঃস্ব।
তিনি বলেন, ইসলামী আন্দোলন ইসলামি হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ইসলাম কাউকে জোর করে কিছু করবে না বরং অপরাধের পরিবেশই থাকবে না। তিনি বলেন,
“হাতপাখা প্রতীক বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, শান্তি পৌঁছাবে ঘরে ঘরে।”
সমাবেশে লালমনিরহাটের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়:
- লালমনিরহাট-১: মুফতি ফজলুল করীম শাহরিয়ার
- লালমনিরহাট-২: মুফতি মাহমুদুর রহমান
- লালমনিরহাট-৩: আলহাজ্ব মোকসেদুল ইসলাম
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মানসুর।
“এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /”








