দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পেলো জামায়াতে ইসলামী

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৮ সালের ৫ নভেম্বর নির্বাচন কমিশনের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জামায়াতকে নিবন্ধন দেওয়া হয়েছিল (নিবন্ধন নম্বর: ০১৪)। কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী ২০১৮ সালের ২৮ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নিবন্ধন বাতিল করা হয়।
পরবর্তীতে আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে দেন। ফলে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। কোরবানির ঈদের আগে ৪ জুন অনুষ্ঠিত কমিশন সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী এখন জামায়াতের প্রতিনিধিদল নিবন্ধন ও প্রতীক গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীক অন্তর্ভুক্ত নেই, তবে বিধিমালা সংশোধনের মাধ্যমে প্রতীকটি পুনরায় যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।
ইসি সূত্রে আরও জানা গেছে:
- বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫০টি।
- সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত ৬৯টি প্রতীক রয়েছে।
- আরও ১১৫টি প্রতীকের প্রস্তাবনা কমিশনের বিবেচনায় রয়েছে।
- এসব প্রতীক নিয়ে কমিশন খুব শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের পর দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্টের রায়ে দলটি ফের বৈধতা পায়। এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।








