মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার গঠনমূলক ফোনালাপ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রায় ১৫ মিনিটব্যাপী ফোনালাপটি ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। তিনি বলেন, এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক প্রতিফলন ঘটেছে।
যদিও আলোচনার বিস্তারিত বিষয়বস্তু এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে কূটনৈতিক সূত্রে ধারণা করা হচ্ছে, এই ফোনালাপে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সরাসরি কথা বলেন।
এই ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার পথ প্রশস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








