ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিরোজপুরের সিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সিয়াম ফেরদৌস ইমন আসন্ন ডাকসুর কেন্দ্রীয় সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপলক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সিয়াম বর্তমানে জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজিতে মাস্টার্স করছেন এবং Yeast Genetics Research Group-এ ক্যান্সার বায়োলজি ও মলিকুলার এইজিং বিষয়ক গবেষণা চালিয়ে যাচ্ছেন। অনার্সে অসাধারণ ফলাফলের জন্য তিনি ৩.৯৩ সিজিপিএ অর্জন করেন এবং ২০২২ সালে জীববিজ্ঞান অনুষদ ডিনস অ্যাওয়ার্ড ও বোর্ড স্কলারশিপ লাভ করেন। এছাড়া ২০২৩ সালে অনার্সে অধ্যয়নকালেই তার একটি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয় এবং আরও তিনটি কনফারেন্স পেপার উপস্থাপিত হয়।
গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বর্তমানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে ভূষিত হয়েছেন। পাশাপাশি লেখক ও সম্পাদক হিসেবে সিয়াম ইতোমধ্যে এইচএসসি ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য চারটি বই প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে HSC Booster Series ও Admission Biology।
শুধু গবেষণা নয়, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। গত দুই বছরে সিয়াম অনলাইন ও অফলাইনে ১০০০-এরও বেশি শিক্ষার্থীর জন্য গবেষণা টুলস বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Animal Genetics and Molecular Biology Club-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রধান অঙ্গীকার
ইশতেহারে সিয়াম গবেষণা বাজেট বাড়ানোকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন,
“বর্তমানে মাত্র ২ শতাংশ গবেষণা বাজেট রয়েছে। নির্বাচিত হলে এটিকে ২০ শতাংশ বা তার বেশি পর্যায়ে উন্নীত করাই হবে আমার প্রধান লক্ষ্য। এক বছরে তা সম্ভব না হলেও কমপক্ষে দ্বিগুণ বা তিনগুণ করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এর পাশাপাশি তিনি যে অঙ্গীকারগুলো করেছেন তার মধ্যে রয়েছে—
একাডেমিক রাইটিং ও গবেষণা সফটওয়্যার (R, SPSS, Python, Excel, GIS, MS Word) বিষয়ক কর্মশালা আয়োজন।
বিভাগভিত্তিক গবেষণা তহবিল ও আন্তর্জাতিক স্কলারশিপ সহায়তার জন্য “রিসার্চ হেল্পডেস্ক” প্রতিষ্ঠা।
শিক্ষার্থীদের জন্য ইনস্টিটিউশনাল মেইল আইডির সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের জার্নালে প্রবেশাধিকার নিশ্চিতকরণ।
ডাকসুর নিজস্ব স্টুডেন্ট জার্নাল প্রকাশ।
প্রতিটি থিসিস ও গবেষণার জন্য ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা।
গবেষণাভিত্তিক স্টুডেন্ট কনফারেন্স, ইয়ুথ কনফারেন্স ও সেমিনার আয়োজন।
স্কলারশিপের সার্টিফিকেট উত্তোলন ও ভেরিফিকেশনের অতিরিক্ত খরচ কমিয়ে আনা।
ঐচ্ছিক কোর্স হিসেবে গবেষণা স্কিল ও প্রকাশনা টুলস প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা।
সিয়াম বিশ্বাস করেন, তার এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখী পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় এগিয়ে যেতে সক্ষম হবে।








